এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে। প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন প্রথম জানান, শিক্ষার্থীদের একটি বছর নষ্ট না করে তিন থেকে ছয় মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক। অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান সুপারিশ করেছেন, ২০২৭ সাল থেকে তিন মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা স্থায়ীভাবে চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। একই সঙ্গে ১৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা জমা দিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে বলে তিনি জানান।
এ উদ্যোগের গুরুত্ব অনস্বীকার্য। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬২.২৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও ৩৭.৭৫ শতাংশ, অর্থাৎ প্রায় ৬.৯১ লাখ শিক্ষার্থী অকৃতকার্য। প্রতি ১০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় চারজন উত্তীর্ণ হতে না পারার প্রেক্ষাপটে দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষার চাপ কমাতে এবং সাধারণ শিক্ষায় ফিরে যাওয়ার পথ সুগম করতে পারে। তবে প্রশ্ন হলো, পুনঃপরীক্ষার সুযোগ কি শিক্ষার্থীদের সংকটের পূর্ণাঙ্গ সমাধান, নাকি এটি সমস্যার একটি অংশ মোকাবিলার উদ্যোগ?
বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়াকে কেবল পরীক্ষার ফল হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে শিক্ষার্থীদের শিখন অর্জন, শিক্ষাক্রমের কার্যকারিতা, কার্যকর ও অংশগ্রহণমূলক শিখন-শিক্ষণ কার্যক্রম, শিক্ষকতার মান এবং শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও দক্ষতাভিত্তিক চাহিদা কতটা পূরণ করতে পারছে, এসব বিষয়ও জড়িত। পুনঃপরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার আরেকটি সুযোগ পাবে। কিন্তু কেন এতসংখ্যক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারল না– সেই প্রশ্নের উত্তর অনুসন্ধানও সমান জরুরি। বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক, উপবৃত্তি ও বিভিন্ন সরকারি সহায়তার ব্যবস্থা রয়েছে। ফলে শিক্ষা গ্রহণের সুযোগ তুলনামূলক সহজলভ্য হওয়ায় অনেক শিক্ষার্থীর জন্য মাধ্যমিক শিক্ষাই প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের শেষ পর্যায় হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লাখ ৬৭ হাজার কমেছে। এই প্রবণতা শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা এবং ঝরে পড়ার কারণ অনুসন্ধানের প্রয়োজনীয়তা তুলে ধরে। একই সঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া পরবর্তী শিক্ষাবর্ষগুলোতে ঝরে পড়ার ঝুঁকি বাড়াতে পারে। শিক্ষার্থীদের এই সংকটের পেছনে অনেক সময় শুধু দারিদ্র্য, শিশুশ্রম বা বাল্যবিবাহের মতো বিষয়গুলোকে দায়ী করে বিভিন্ন সুপারিশ আনা বা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হলেও এর দ্বারা সমস্যার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে না। শিক্ষাক্রম কি যুগোপযোগী ও বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করছে? শিখন-শেখানো কার্যক্রম কি প্রত্যেক শিক্ষার্থীর কার্যকর শিখন ও বুদ্ধিবৃত্তিক চাহিদা পূরণ করতে পারছে? শিক্ষার্থীরা কি শিক্ষার সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের কার্যকর সংযোগ দেখতে পাচ্ছে? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে হবে। অন্যথায় কিছু শিক্ষার্থী শ্রমবাজারে প্রবেশ, বিদেশে কর্মসংস্থানের চেষ্টা কিংবা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথকে অধিক ফলপ্রসূ মনে করতে পারে। আর্থসামাজিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারের কিশোরীদের দীর্ঘ শিক্ষাবিরতি বাল্যবিবাহের ঝুঁকিও বাড়াতে পারে। যেখানে অপরচুনিটি কস্ট হিসেবে পরিণত হচ্ছে শিক্ষা।
তাই পুনঃপরীক্ষার সিদ্ধান্তকে তাৎক্ষণিক সুযোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি শিক্ষা সংস্কারের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের শিখন-ঘাটতি শনাক্ত করে সহায়তা প্রদান, গবেষণাভিত্তিক শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জন এবং প্রশিক্ষিত, মননশীল ও পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা জরুরি। পাশাপাশি যারা আবার পরীক্ষায় অংশ নেবে না বা সাধারণ শিক্ষায় ফিরতে পারবে না, তাদের জন্য মানসম্মত কারিগরি প্রশিক্ষণ ও পেশাগত দিকনির্দেশনার সুযোগ থাকা প্রয়োজন।
মারিয়া ফারজানা ইতি: শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এডুএনভয়, শিক্ষা অধিকার সংসদ
