একজন ইউএনও এক সাধারণ নাগরিককে বলেছেন, ‘সরি, আমি আপনার আপু না।’ এই একটি বাক্য নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে মিম, ট্রলের ছড়াছড়ি হলেও কোন প্রেক্ষাপটে কথাটি বলা হয়েছিল; আসল ঘটনা কী, সেটি আলোচনায় আসেনি। এটিই ভাইরাল সংস্কৃতির রূপ।
বিটিআরসির তথ্য অনুযায়ী, স্মার্টফোন ও সামাজিক মাধ্যমের বিস্তারে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ১৩ কোটির কাছাকাছি, যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। দেশের মোট জনসংখ্যার বড় এই অংশ কোনো না কোনোভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। ফলে ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রাম কেবল যোগাযোগের মাধ্যমই নয়, বরং হয়ে উঠেছে সামাজিক বাস্তবতা নির্মাণের অন্যতম ক্ষেত্র। দেশের প্রায় প্রতিটি সামাজিক ঘটনা, দুর্ঘটনা, অপমান, সংঘাত, ব্যক্তিগত বিপর্যয় এমনকি মৃত্যুও কয়েক মিনিটের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। দ্রুত ছড়িয়ে পড়ার এই ক্ষমতা একদিকে যেমন তথ্যপ্রবাহকে গণতান্ত্রিক করেছে, অন্যদিকে জন্ম দিয়েছে নতুন প্রবণতার।
ভাইরাল সংস্কৃতিতে ঘটনাটির মানবিক তাৎপর্যের বদলে এর চমক, নাটকীয়তা ও দর্শনযোগ্যতা মুখ্য হয়ে ওঠে। আধেয় কতটা শোকাবহ, আবেগি এবং কত দ্রুত ছড়ানো সম্ভব, এসবের ভিড়ে কার কী হলো, কেন হলো, সেই মানুষটির তখন কী প্রয়োজন– এ প্রশ্নগুলো হারিয়ে যায়।
মনোবিজ্ঞানে বহু দিন ধরেই পরিচিত একটি ধারণা হলো বাইস্ট্যান্ডার প্রভাব। ১৯৬৮ সালে জন ডার্লি ও বিব লাতানে পরিচালিত এক বিখ্যাত গবেষণায় দেখা যায়, কোনো বিপদের সময় আশপাশে মানুষ যত বেশি থাকে, ব্যক্তিগতভাবে সাহায্য করার প্রবণতা তত কমে যায়। কারণ, প্রত্যেকে ধরে নেয় অন্য কেউ নিশ্চয় এগিয়ে আসবে। ডিজিটাল যুগে এই প্রবণতার নাম ‘বাইস্ট্যান্ডার ইফেক্ট ইন দ্য ডিজিটাল এজ’। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষকদের মতে, স্মার্টফোন ক্যামেরা মানুষকে সাহায্যকারী নয়, বরং ‘ডকুমেন্টার’ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। মানুষ মনে করছে, ভিডিও ধারণ করাই যেন তার সামাজিক দায়িত্ব। সড়ক দুর্ঘটনা, গণপিটুনি বা জনসমক্ষে অপমানের ঘটনায় এই প্রবণতা স্পষ্ট। আহত ব্যক্তি রাস্তায় পড়ে থাকে, চারপাশে ভিড় জমে তবে অধিকাংশ হাতেই পানি বা সহায়তার বদলে থাকে মোবাইল ফোন।
এই আচরণের পেছনে ব্যক্তিগত নৈতিকতার পাশাপাশি প্রযুক্তিগত কাঠামোরও বড় ভূমিকা আছে। এমআইটি মিডিয়া ল্যাবের ২০১৮ সালের একটি বহুল আলোচিত গবেষণায় দেখা যায়, নেতিবাচক ও উত্তেজনাপূর্ণ কনটেন্ট ইতিবাচক বা নিরপেক্ষ তথ্যের তুলনায় ছয় গুণ দ্রুত ছড়িয়ে পড়ে। একই ধরনের ফলাফল পাওয়া গেছে ফেসবুক ও ইউটিউবের কনটেন্ট এনগেজমেন্ট বিশ্লেষণেও। অ্যালগরিদম এমন কনটেন্টকে পুরস্কৃত করছে, যেখানে চমক আছে। ফলে সহানুভূতির বদলে চমকদার বিষয় হয়ে উঠছে গ্রহণযোগ্যতার শর্ত। মানুষ ধীরে ধীরে বুঝে যাচ্ছে কষ্ট দেখালে ভিউ বাড়ে। পুরো বিষয়টিতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে ভুক্তভোগী ব্যক্তি।
দুর্ঘটনা বা অপমানজনক ঘটনার ভিডিও যখন বারবার শেয়ার হয়, তখন ভুক্তভোগী সেই ঘটনার মধ্যেই আটকে যায়। তার ঘুরে দাঁড়ানোর সুযোগ ও উপায় নষ্ট হয়। বাংলাদেশে এর আইনি সুরক্ষা দুর্বল হওয়ায় ভুক্তভোগীরা প্রায়ই চুপ থাকতে বাধ্য হন।
এই সংস্কৃতি শুধু ব্যক্তি নয়, সমাজকেও বদলে দিচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, বারবার সহিংস বা কষ্টকর দৃশ্য দেখলে মানুষের আবেগগত প্রতিক্রিয়া ধীরে ধীরে কমে যায়, যাকে ‘অ্যামপ্যাথি ফ্যাটিগ’ বলে। ধীরে ধীরে আমরা অন্যের কষ্ট দেখতে অভ্যস্ত হয়ে উঠছি; অন্যের কষ্ট অনুভবের ক্ষমতা হারাচ্ছি। আরও রূঢ় বাস্তবতা হচ্ছে, কোনো অন্যায়-অবিচার ভাইরাল না হলে বিচার বিভাগ বা কর্তৃপক্ষের দৃষ্টিই পাওয়া যায় না। সামাজিক মাধ্যমের চাপেই অনেক ঘটনা প্রশাসন বা বিচার ব্যবস্থার নজরে আসে। ফলে মানুষ ন্যায়বিচারের আশায় ক্যামেরার দ্বারস্থ হচ্ছে। এতে ন্যায়ের দাবি আর চমকদার কনটেন্টের প্রতিযোগিতা এক হয়ে যায়। এতে সত্য উঠে আসে ঠিকই, কিন্তু অনেক সময় মানবিকতা, প্রেক্ষাপট আর সংশ্লিষ্ট মানুষের মর্যাদা চাপা পড়ে যায়।
শতরূপা দে: যোগাযোগবিদ
