আজকাল কিউএস ও টাইমস হায়ার এডুকেশনের মতো সংস্থাগুলো দিয়ে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশে ব্যাপক ‘মিডিয়া হাইপ’ তৈরি হয়। র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক খ্যাতি, নিয়োগকর্তার খ্যাতি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, প্রত্যেক শিক্ষকের সাইটেশন সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, আন্তর্জাতিক শিক্ষক ও ছাত্র অনুপাত ইত্যাদি বিবেচনা করা হয়। তবে প্রশ্ন রয়েছে, এসব র‌্যাঙ্কিং কি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ‘প্রকৃত চিত্র’ তুলে ধরে? বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ব্যবহৃত প্যারামিটার বা উপাদান কি সুনির্দিষ্ট স্থানীয় চাহিদা বা বাস্তবতার সঙ্গে মেলে?

এই র‍্যাঙ্কিং নিয়ে প্রশ্ন করার পাশাপাশি এ-সংক্রান্ত নয়া উদারনৈতিক মিথ খণ্ডন করতে এর প্রয়োগের সমালোচনামূলক পুনর্মূল্যায়ন প্রয়োজন। টমাস কিলকাউয়ার ও মেগ ইয়ং (যথাক্রমে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্টের শিক্ষক এবং সিডনির একজন হিসাবরক্ষক) ২০২১ সালে ‘একাডেমিয়া: দি অর্গানাইজেশন ইনস্যানিটি অব দ্য মডার্ন ইউনিভার্সিটি’ শীর্ষক একটি প্রবন্ধ লিখেছেন। লেখকরা উচ্চশিক্ষার অবক্ষয় বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, যা উচ্চশিক্ষায়, বিশেষ করে বৈশ্বিক উত্তরে (গ্লোবাল নর্থ) ‘নয়া-উদারনীতিবাদ’ এবং ‘ব্যবস্থাপনাবাদ’-এর উত্থানের সঙ্গে যুক্ত। তারা যুক্তি দিয়েছেন, প্রকাশনার জন্য নিরন্তর চাপ বৃদ্ধি, মানের চেয়ে পরিমাণের ওপর জোর দেওয়া এবং স্থায়ী পদের জন্য সংগ্রাম একাডেমিকদের জন্য একাডেমিক অবক্ষয়, মানসিক চাপ/মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে। নিবন্ধটি বলছে, একাডেমিকদের এবং তাদের কাজের সঙ্গে ব্যবসায়িক বা কর্মক্ষমতাভিত্তিক আচরণের ব্যবস্থাপনাগত আমলতান্ত্রিক পদ্ধতির জন্য নেতিবাচক প্রভাব আরও বেড়ে যায়।

এই প্রবন্ধ অনুসারে ‘একাডেমিয়া’ শব্দটি একাডেমিয়াকে (উচ্চ মাধ্যমিক-পরবর্তী শিক্ষা) ‘ডিমেনশিয়া’র (স্মৃতি, চিন্তাভাবনা ও আচরণের ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রতিবন্ধকতা, যা একজন ব্যক্তির কার্যকারিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে) সঙ্গে মিলায়। সংক্ষেপে ‘একাডেমিয়া’ এমন একটি উন্মাদনা তুলে ধরে, যেখানে শিক্ষকরা আর একাডেমিক বা পণ্ডিত হিসেবে থাকেন না। লেখকদের (টমাস ও মেগ) মতে, একাডেমিয়া একসময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিকদের এক ধরনের অতিরিক্ত চাপযুক্ত কারখানার শ্রমিকের স্তরে নামিয়ে আনে। এভাবে বুদ্ধিবৃত্তিক কাজের প্রতি নিবেদিতপ্রাণ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে আগ্রহ হারিয়ে ফেলেন।

নয়া-উদারনৈতিক ফাঁদ ‘নয়া-উদারনৈতিক ফাঁদ’ বলতে বাজারচালিত অর্থনৈতিক শক্তি, বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের ব্যাপক প্রভাবকে বোঝায়, যা একাডেমিক মূল্যবোধ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং জনকল্যাণকেন্দ্রিক শিক্ষার ধারণার চেয়ে স্বল্পমেয়াদি অর্থনৈতিক লাভ ও করপোরেট স্বার্থকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এ ‘নয়া-উদারনৈতিক ফাঁদে’ আটকা পড়েছে। নব্বই দশক থেকে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে নয়া-উদারনৈতিক নীতি গ্রহণের ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দক্ষতা ও জবাবদিহির ওপর জোর দেওয়া হচ্ছে, সত্য। একই সঙ্গে ব্যবস্থাটি কিছু নির্দিষ্ট উচ্চ প্রভাবশালী জার্নালে (যেমন ‘স্কপাস ইনডেক্সড জার্নাল’, ‘নেচার’, ‘সায়েন্স’ ইত্যাদি) লেখা প্রকাশে বাধ্য করা; ইংরেজি ভাষার প্রকাশনার ওপর জোর দেওয়া; অন্যান্য স্থানীয় ভাষা ও ভৌগোলিক বা স্থানীয় প্রেক্ষাপটে উৎপাদিত গবেষণাকে প্রান্তিক করে জ্ঞানের একটি নয়া-ঔপনিবেশিক শ্রেণিবিন্যাসকে স্থায়ী করে তোলে।

নয়া-উদারনৈতিক মিথের খণ্ডন মিথ ১: উচ্চশিক্ষা মূলত অর্থনৈতিক উন্নয়নের একটি হাতিয়ার। অথচ সমালোচনামূলক চিন্তাভাবনা, বৌদ্ধিক বিকাশ এবং সামাজিক রূপান্তরের একটি ক্ষেত্রও বটে। বাজারভিত্তিক বিষয়গুলোতে (যেমন ব্যবসায় প্রশাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা/প্রকৌশল/প্রযুক্তি বিজ্ঞান) শিক্ষা সীমাবদ্ধ রাখার ফলে সৃজনশীলতা বৃদ্ধি, জ্ঞানের সঙ্গে সমালোচনামূলক সম্পৃক্ততা এবং একটি ন্যায়সংগত গণতান্ত্রিক সমাজ তৈরিতে শিক্ষার ভূমিকা উপেক্ষিত হয়।

মিথ ২: বেসরকারীকরণ এবং বাজার/ব্যবসানির্ভর শিক্ষার মান এবং প্রবেশাধিকার উন্নত করে। বাস্তবে এ পদ্ধতি শিক্ষাকে একটি ব্যয়বহুল পণ্য বানায়। এর ফলে আর্থসামাজিক বৈষম্য আরও বেড়ে যায়। মিথ ৩: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অদক্ষ উপাচার্য ও প্রশাসনের দলীয়করণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং তহবিল হ্রাসের ন্যায্যতা দেয়। কিন্তু এই পদক্ষেপ ঐতিহাসিক এক সত্যকে উপেক্ষা করে– বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং বুদ্ধির মুক্তির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধির অর্থ প্রায়ই বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ (প্রকৃত অর্থে নির্দলীয়করণ নয়) ও স্বায়ত্তশাসনের ঘাটতি, যা একাডেমিক স্বাধীনতাকে ব্যাহত করে।

মিথ ৪: ‘কাস্টমার হিসেবে শিক্ষার্থী’ এবং ‘ব্যবস্থাপক হিসেবে শিক্ষক’ একটি কার্যকর মডেল। তবে মডেলটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে একটি লেনদেনমূলক প্রক্রিয়ায় পরিণত করে। ফলে প্রকৃত বিদ্যা ও সমালোচনামূলক জ্ঞান অনুসন্ধানের পরিবর্তে সবাই ডিগ্রি বা সনদের ওপর বেশি মনোযোগ দেয়। এটি পশ্চিমা জ্ঞান ব্যবস্থা সম্পর্কে একটি ‘অস্বাস্থ্যকর প্রতিযোগিতা’ এবং স্থানীয় জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে এক ধরনের ‘হীনম্মন্যতা’ তৈরি করে, যা প্রায়ই ‘ঔপনিবেশিক মানসিকতা’ এবং বিশ্ববাজার শক্তির কারণে হচ্ছে বলে বিবেচিত হয়। উচ্চশিক্ষায় নয়া-উদারনীতিবাদের সমালোচকরা যুক্তি দেন, প্রচলিত ধারণাগুলো কেবলই মিথ এবং দাবি করেন, বিশ্বজুড়ে মানবিক শিক্ষার অবনতি হচ্ছে। এ মিথগুলোকে চ্যালেঞ্জ করার জন্য উচ্চশিক্ষার বিদ্যমান ধারণাকে প্রশ্নের মুখে ফেলা প্রয়োজন। এ ধারণার পুনরুজ্জীবনও প্রয়োজন– উচ্চশিক্ষা একটি গুরুত্বপূর্ণ ‘জনকল্যাণমূলক ব্যবস্থা’, যা শুধু বাজারের চাহিদা পূরণে সামর্থ্যবান ব্যক্তি, কেরানি বা ভোক্তা তৈরির পরিবর্তে সচেতন এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলে।

বাজারীকরণের চাপের ফলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্তরবিন্যাস বৃদ্ধি পেয়েছে, শিক্ষার পণ্যায়ন হয়েছে এবং উচ্চশিক্ষায় কিছু নির্দিষ্ট গোষ্ঠীর অংশগ্রহণ হ্রাস পেয়েছে। মেট্রিক্স, র‍্যাঙ্কিং ও নিরীক্ষা প্রক্রিয়ার ওপর জোর দেওয়াতে একদিকে প্রশাসনিক স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা এবং পাঠদান/গবেষণার মানের সঙ্গে আপস করা হচ্ছে; অন্যদিকে অব্যাহত তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য উচ্চস্তরের মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়নে আমাদের স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে নতুন ‘প্যারামিটার’ সেট করা এখন সময়ের দাবি।

শেখ নাহিদ নিয়াজী: সহযোগী অধ্যাপক; ইংরেজি বিভাগ; স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ nahidneazy@yahoo.com