একটি স্বাধীন, গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড হলো তার সিভিল সার্ভিস। বাংলাদেশ সিভিল সার্ভিস নামক একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ও অভিন্ন পরীক্ষার কঠিন বাধা পেরিয়ে মেধাবী তরুণ-তরুণীরা ২৬টি ভিন্ন ভিন্ন ক্যাডারে যোগ দেন। কেউ জনস্বাস্থ্য নিশ্চিতে চিকিৎসকের দায়িত্ব নেন, কেউ অবকাঠামো নির্মাণে প্রকৌশলী হিসেবে যোগ দেন, কেউ শ্রেণিকক্ষে আগামী প্রজন্ম গড়ার কারিগর হন, আবার কেউ আইনশৃঙ্খলা রক্ষা বা মাঠ প্রশাসনের দায়িত্ব পালন করেন। কাজের এই ভিন্নতার স্বার্থে পদের ধরন, কর্মপরিবেশ ও প্রাথমিক দায়িত্বের বিন্যাস আলাদা হওয়াটাই যৌক্তিক ও স্বাভাবিক।
কিন্তু কাঠামোগত অসামঞ্জস্যের সূচনা ঘটে ঠিক তখনই, যখন একই মেধা তালিকা থেকে একই সময়ে কর্মজীবন শুরু করা কর্মকর্তাদের ক্যারিয়ারের গতিপথ কয়েক বছর যেতে না যেতেই সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। কেন নির্দিষ্ট কিছু ক্যাডারের কর্মকর্তাদের জন্য পদোন্নতি ও উচ্চতর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানোর পথ রুদ্ধ বা সংকুচিত থাকবে, আর অন্য দু-একটি ক্যাডারের জন্য সেই পথ হবে ধারাবাহিক ও দ্রুতগামী? এই দুস্তর ব্যবধান কেবল কর্মকর্তাদের ব্যক্তিগত ক্যারিয়ারের অসন্তোষ বা আন্তঃক্যাডার দ্বন্দ্বের বিষয় নয়; বরং এর সুদূরপ্রসারী ও চূড়ান্ত মাশুল প্রতিনিয়ত গুনতে হয় রাষ্ট্রের সাধারণ নাগরিককে।
সমাজবিজ্ঞান ও মানবসম্পদ ব্যবস্থাপনায় কর্মজীবনের উচ্চতর স্তরে পৌঁছানোর পথে অদৃশ্য বা কাঠামোগত বাধাকে বোঝাতে ‘কাচের ছাদ’ (গ্লাস সিলিং) ধারণাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে গবেষক কটার ও তাঁর সহযোগীরা ২০০১ সালে দেখিয়েছেন, পদোন্নতির যেকোনো সাধারণ ধীরগতি বা সাময়িক বিলম্বকে কাচের ছাদ বলা যায় না। কাচের ছাদ ঠিক তখনই তৈরি হয়, যখন ওপরের দিকে ওঠার পথে প্রাতিষ্ঠানিক বাধা ক্রমাগত বাড়তে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা একটি স্থায়ী রূপ লাভ করে। আমাদের সিভিল সার্ভিসের কিছু পেশাগত ও কারিগরি ক্যাডারে, বিশেষ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এই নির্মম চিত্রটি সবচেয়ে প্রকট।
শিক্ষা ক্যাডারে একজন কর্মকর্তার নিয়মিত একাডেমিক পদসোপান শুরু হয় নবম গ্রেডের ‘প্রভাষক’ পদ দিয়ে, যা ষষ্ঠ গ্রেডের ‘সহকারী অধ্যাপক’ এবং পঞ্চম গ্রেডের ‘সহযোগী অধ্যাপক’ হয়ে সর্বোচ্চ চতুর্থ গ্রেডের ‘অধ্যাপক’ পদে গিয়ে আটকে যায়। অথচ প্রশাসন ক্যাডারে তৃতীয়, দ্বিতীয় বা প্রথম গ্রেডে যাওয়ার উন্মুক্ত বা প্রাতিষ্ঠানিক সিঁড়ি রয়েছে। সমান্তরালভাবে অন্য ক্যাডারগুলোর দিকে তাকালেও বৈষম্যের চিত্রটি স্পষ্ট হয়। স্বাস্থ্য ক্যাডারে অধ্যাপক পদটি তৃতীয় গ্রেডের; কৃষি ক্যাডারে পঞ্চম গ্রেডের উপপরিচালক থেকে তৃতীয় গ্রেডের অতিরিক্ত পরিচালক হয়ে দ্বিতীয় গ্রেডের পরিচালক পদে উন্নীত হওয়ার সুনির্দিষ্ট পথ রয়েছে।
এই কাঠামোগত সংকীর্ণ পদসোপানের সঙ্গে যখন নিচের স্তরে বছরের পর বছর ধরে চলা ‘পদোন্নতি-জট’ যুক্ত হয়, তখন কাচের ছাদ আর কেবল তাত্ত্বিক রূপক থাকে না, এটি এক দমবন্ধ করা প্রাতিষ্ঠানিক বাস্তবতায় রূপ নেয়। উদাহরণস্বরূপ, ২০২৫ সালের শেষভাগে শিক্ষা ক্যাডারের ১,৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে এবং পরবর্তী মাসে আরও ২,৭০৬ জন কর্মকর্তাকে উচ্চতর বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়। একঝাঁকে এত বিপুলসংখ্যক পদোন্নতি কোনোভাবেই একটি সুস্থ বা নিয়মিত ডিপিসির রূপ হতে পারে না; বরং এটি দীর্ঘকাল ধরে জমে থাকা এক বিশাল জটকে হালকা করার প্রশাসনিক বাধ্যবাধকতার ইঙ্গিত দেয়। বহু কর্মকর্তা এক দশকের বেশি সময় ধরে কেবল একটি প্রবেশপদেই আটকে থাকেন।
দীর্ঘ অপেক্ষার হতাশা আর ওপরে ওঠার সংকীর্ণ মুখের এই জোড়া চাপে শিক্ষা বা স্বাস্থ্যের মতো পেশাগত ক্যাডারের কর্মকর্তাদের সবচেয়ে উৎপাদনশীল ও ‘কার্যকর সময়’ নষ্ট হয়, যা রাষ্ট্রের এক অপূরণীয় ক্ষতি। অপর দিকে, মুদ্রার উল্টো পিঠে রয়েছে কিছু সুনির্দিষ্ট ক্যাডারের ক্ষেত্রে কর্মজীবনের মসৃণ ও দ্রুতগামী পদসোপান। ক্রিস্টিন উইলিয়ামসের (১৯৯২) বিখ্যাত ‘গ্লাস এসকেলেটর’ বা ‘কাচের চলন্ত সিঁড়ি’ তত্ত্বের আলোকে আমাদের সিভিল সার্ভিসকে ব্যাখ্যা করলে এই চিত্রটি আরও পরিষ্কার হয়। এর অর্থ হলো এমন এক প্রাতিষ্ঠানিক ও অদৃশ্য সুবিধা, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু ক্যাডারের কর্মকর্তার পদোন্নতি, উচ্চতর গ্রেড অর্জন এবং প্রশাসনিক কর্তৃত্ব বা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানোর পথ অন্যদের তুলনায় জাদুকরীভাবে দ্রুত হয়।
২৭তম বিসিএসে ২০০৮ সালে যোগ দেওয়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ২০২১ সালের মধ্যে পঞ্চম গ্রেডের উপসচিব পদে পদোন্নতি পান। একই ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের একটি অংশ তখনও প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং প্রায় ১৩ বছর একই পদে আটকে থাকার তথ্য পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উচ্চ প্রশাসনের কেন্দ্রবিন্দু বা পঞ্চম গ্রেডের উপসচিব (যা পরবর্তীতে যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব হওয়ার প্রবেশদ্বার) পদে পদোন্নতির পরিসংখ্যানে এই কাঠামোগত বৈষম্যটি ফুটে ওঠে। ২০২৩ সালে পদোন্নতিপ্রাপ্ত ২৪০ জন উপসচিব পদের মধ্যে প্রশাসন ক্যাডারের ছিলেন ১৭৮ জন এবং অন্যান্য ২৫টি ক্যাডারের মিলিয়ে ছিলেন মাত্র ৬২ জন। ২০২৫ সালের আগস্টে ২৬৮ জনের মধ্যে ১৯৮ জন প্রশাসন ক্যাডারের।
সর্বশেষ ২০২৬ সালের আগস্টে ২৭৭ জন নতুন উপসচিবের মধ্যে ১৯০ জন ছিলেন প্রশাসন ক্যাডারের। এর পাশাপাশি, যখনই কোনো পদোন্নতি-জট বা শূন্যপদের অভাব দেখা দেয়, তখন রাষ্ট্র বিশেষ বিধিতে সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) ও ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে নির্দিষ্ট দু-একটি ক্যাডারের ‘সময়’ ঠিকই ফিরিয়ে দেয় বা সমন্বয় করে। কিন্তু অন্যান্য পেশাগত ও কারিগরি ক্যাডারের জট নিরসনে এমন উদারতা কদাচিৎ দেখা যায়। এই চরম বৈষম্যমূলক পরিস্থিতিতে পেশাগত ক্যাডারের কর্মকর্তারা যখন প্রতিনিয়ত দেখেন যে, একই ব্যাচের বা এমনকি তাঁদের চেয়ে কনিষ্ঠ ব্যাচের সহকর্মীরা দ্রুত উচ্চতর পদে চলে যাচ্ছেন এবং তাঁদের ওপর খবরদারি করার আইনি ক্ষমতা অর্জন করছেন, আর তাঁরা নিজে বছরের পর বছর একই পদে স্থবির হয়ে আছেন, তখন মনস্তাত্ত্বিক বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে।
অর্থনীতিবিদ অ্যালবার্ট হার্শম্যান ও মাইকেল রথসচাইল্ডের (১৯৭৩) বর্ণিত ‘টানেল ইফেক্ট’ তত্ত্বটি এখানে হুবহু কার্যকর হয়। তত্ত্বটি বলে, যানজটে আটকে থাকা পাশাপাশি দুটি লেনের মধ্যে যখন একটি লেন চলতে শুরু করে, তখন থেমে থাকা লেনের চালক প্রথমে আশাবাদী হন এই ভেবে যে, এবার হয়তো তাঁর লেনটিও চলবে। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও যদি কেবল অন্য লেনটিই হু হু করে এগিয়ে যেতে থাকে এবং তাঁর লেনটি স্থবির থাকে, তবে সেই প্রাথমিক আশা তীব্র বঞ্চনাবোধ, ক্ষোভ ও হতাশায় রূপ নেয়। সিভিল সার্ভিসের ভেতরে এই টানেল ইফেক্ট আন্তঃক্যাডার অনাস্থা তৈরি করে এবং কর্মকর্তাদের পেশাগত নিষ্ঠা ও সৃজনশীলতাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়।
এর পরিণতিতে উপসচিব পদে পদোন্নতির প্রতিযোগিতায় সাধারণ ক্যাডারের নবীন ব্যাচের মুখোমুখি হতে দেখা যায় পেশাগত ক্যাডারের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে। নিজেদের মূল পেশাগত জীবনের স্বাভাবিক সময়রেখা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি নিয়েও তাঁরা প্রশাসনের একটি উপসচিব পদ পাওয়াকেই শেষ পর্যন্ত ক্যারিয়ারের সার্থকতা বলে মনে করতে বাধ্য হন। এই সামগ্রিক সংকটকে তাত্ত্বিকভাবে বোঝার জন্য ‘কার্যকর কর্মজীবনের সময়ের বৈষম্য’ এবং ‘সময়-রাজনৈতিক অর্থনীতি’র ধারণা প্রস্তাব করা যায়। ধরুন, প্রশাসন ও শিক্ষা ক্যাডারের দুজন কর্মকর্তা সমান্তরালভাবে ৩০ বছর চাকরি করলেন। পঞ্জিকার হিসাবে তাঁদের দুজনেরই চাকুরিকাল বা ব্যয়িত সময় একদম সমান।
কিন্তু রাষ্ট্র কি সেই ৩০ বছরকে একইভাবে দক্ষতা, দায়িত্ব, নীতিনির্ধারণী ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সুযোগে রূপান্তর করতে পেরেছে? উত্তর হলো, না। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হয়তো তাঁর চাকরির প্রথম দশকেই সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে পৌঁছে রাষ্ট্রের বহু স্তরের অভিজ্ঞতা ও কর্তৃত্ব অর্জন করেছেন। অন্যদিকে, শিক্ষা বা কৃষি ক্যাডারের কর্মকর্তা নিজের খাতে গভীর বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করলেও কাঠামোগত বাধ্যবাধকতায় আজীবন নীতিনির্ধারণের বাইরে থেকে গেছেন। ফলে ক্যালেন্ডারের সময় সমান হলেও তাঁদের ‘কার্যকর কর্মজীবনের সময়’ সমান থাকে না। এটি রাষ্ট্রের এক ধরনের কাঠামোগত ব্যর্থতা, যেখানে মেধা ও সময়ের চরম অপচয় ঘটে।
জনপ্রশাসনের আধুনিক গবেষণায় স্পষ্ট দেখা যায়, কোনো একক বিষয়ে গভীর জ্ঞান স্বয়ংক্রিয়ভাবে নীতিনির্ধারণী ক্ষমতায় পরিণত হয় না; প্রাতিষ্ঠানিক কাঠামোই নির্ধারণ করে সেই জ্ঞানের প্রয়োগ কোথায় ও কীভাবে হবে (গেইলমার্ড ও প্যাটি, ২০১২; পেজ, ২০১০)। একজন বিশেষজ্ঞ চিকিৎসক, পুরকৌশলী, কৃষিবিদ বা শিক্ষাবিদের গভীর প্রায়োগিক জ্ঞান যখন প্রশাসনিক উচ্চতর কর্তৃত্বের বলয়ের বাইরে থেকে যায়, তখন রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ‘বিষয়ভিত্তিক বিশেষজ্ঞতা’ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলস্বরূপ, স্বাস্থ্য খাতের নীতি প্রণয়ন করেন এমন একজন কর্মকর্তা যিনি জীবনে কখনো হাসপাতালে রোগীর সেবা দেননি, অথবা শিক্ষানীতি এমন কারো হাত দিয়ে চূড়ান্ত হয় যিনি কখনো শ্রেণিকক্ষে দাঁড়িয়ে পাঠদান করেননি।
এই ‘জেনারেলিস্ট বনাম স্পেশালিস্ট’ দ্বন্দ্ব কেবল পদমর্যাদার লড়াই নয়, এটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথে একটি বড় অন্তরায়। সিভিল সার্ভিসের অভ্যন্তরীণ এই টানাপোড়েন ও রাষ্ট্রের ভেতরে সময়ের এই অদক্ষ ব্যবহারের চূড়ান্ত বোঝা দিনশেষে নিঃশব্দে চাপানো হয় সাধারণ মানুষের কাঁধে। সরকারি অফিসে সামান্য একটি কাগজ বা স্বাক্ষরের জন্য বারবার দৌড়াদৌড়ি করা, ছোটখাটো আবেদনের নিষ্পত্তির জন্য দিনের পর দিন অপেক্ষা করা কিংবা আন্তঃদপ্তর সমন্বয়হীনতার কারণে জনসেবায় চরম বিলম্ব ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি কাঠামোগত বৈষম্যেরই সরাসরি উপজাত। আধুনিক পাবলিক পলিসির ভাষায় একে বলা হয় ‘অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন’ বা ‘টাইম ট্যাক্স’।
গবেষণায় প্রতীয়মান হয়েছে যে, প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা ও বিলম্ব হলো নাগরিকের ওপর রাষ্ট্রের চাপিয়ে দেওয়া একটি প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ (রোজ, ২০২১; ভূঁইয়া ও বানিয়ামিন, ২০২৩)। উদাহরণস্বরূপ, একটি সাধারণ জন্মনিবন্ধন বা পাসপোর্টের তথ্য সংশোধনের প্রশাসনিক ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা একজন নাগরিককে মারাত্মক হয়রানি, সময় ও অর্থ-ক্ষতির মুখে ফেলে। আবার, একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা কৃষিবিদের যুগান্তকারী সিদ্ধান্ত যদি আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্যে বা ফাইল চালাচালির ঘর্ষণে আটকে থাকে, তবে প্রান্তিক হাসপাতালে প্রয়োজনীয় শয্যা বা কৃষকের মাঠে নতুন প্রযুক্তি পৌঁছাতে অবধারিতভাবেই দেরি হয়।
সোজা কথায়, সিভিল সার্ভিসের ভেতরের যে অমূল্য সময় অকার্যকরভাবে নষ্ট হয়, তা-ই নাগরিকের দীর্ঘ লাইনে দাঁড়ানোর বাড়তি সময় ও যন্ত্রণা হয়ে ফিরে আসে। এই বহুমাত্রিক সংকট দূর করার উপায় সব ক্যাডারে ঢালাও সমতা আনা নয়; বরং কর্মপরিধি অনুযায়ী ‘কাঠামোগত ন্যায্যতা’ প্রতিষ্ঠা করা। জনপ্রশাসন সংস্কার কমিশন সম্প্রতি উপসচিব পদে প্রশাসন ও অন্যান্য ক্যাডারের মধ্যে ৫০:৫০ অনুপাত এবং পরীক্ষাভিত্তিক মেধা-বাছাইয়ের যে সুপারিশ করেছে, তা কিছুটা হলেও একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু কেবল কোটা বা অনুপাত বদলানোই দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না।
প্রথমত, প্রতিটি ক্যাডারের পদোন্নতির অপেক্ষার সময়কাল, অনুমোদিত পদের বিপরীতে শূন্যপদের অনুপাত ও পদোন্নতির সুস্পষ্ট মানদণ্ড প্রকাশ্যে প্রকাশ করতে হবে, যাতে পদোন্নতি প্রক্রিয়াটি কর্মকর্তাদের কাছে পূর্বানুমানযোগ্য হয়। দ্বিতীয়ত, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য কারিগরি পেশাগত ক্যাডারগুলোর পদসোপানের উচ্চতা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে পুনর্র্নিধারণ করা জরুরি। শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানোর ক্ষেত্রে গ্রেড-৪ এর কৃত্রিম দেয়াল ভাঙতে হবে। তৃতীয়ত, সাধারণ প্রশাসনিক সমন্বয়ের পাশাপাশি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ জ্ঞান যেন সরাসরি জাতীয় নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারে, সেই প্রাতিষ্ঠানিক ও আইনি পথ সুগম করতে হবে। সবশেষে, একটি আধুনিক কল্যাণরাষ্ট্র বিনির্মাণে সরকারি মানবসম্পদ ব্যবস্থাপনায় অবিলম্বে ‘কর্মজীবনের সময় নিরীক্ষা’ চালু করা সময়ের দাবি। রাষ্ট্রকে গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে যে, একজন কর্মকর্তা কেবল কত বছর চাকরিতে কাটালেন তা নয়, বরং তাঁর দীর্ঘদিনের সঞ্চিত অভিজ্ঞতা, মেধা ও সময়কে কতটা কার্যকরভাবে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ ও জনসেবায় রূপান্তর করা গেল। সিভিল সার্ভিসের সফলতা কেবল কে কত দ্রুত পদোন্নতি পেয়ে ক্ষমতার শীর্ষে গেলেন তা দিয়ে মাপা যায় না; বরং এর আসল মানদণ্ড হলো, রাষ্ট্র তার মানবসম্পদ ও মূল্যবান সময়কে কতটা বৈষম্যহীন ও দক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে সাধারণ নাগরিকের জীবনকে স্বস্তিদায়ক, বাধাহীন ও সময়-সাশ্রয়ী করতে পারল। নাগরিকের সময় বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো রাষ্ট্রের সেবকদের সময়ের সঠিক মূল্যায়ন ও সুষম বণ্টন। লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী ই-মেইল: hhafij@yahoo.com
