আমাদের চারপাশে এমন কিছু দৃশ্য প্রায়ই চোখে পড়ে, যা আমাদের বিবেককে নাড়া দেয়। ভোরের আলো ফুটতে না ফুটতেই একদল ছিন্নমূল শিশু-কিশোরকে দেখা যায় বোতল বা প্লাস্টিক কুড়াতে, যাদের সমাজ অবজ্ঞাভরে ‘টোকাই’ বলে ডাকে। এদের বড় অংশটিই বড় হয় চরম অমানবিক পরিবেশে। প্রায়ই তারা রাস্তাঘাটে ঝগড়া করে, অশালীন ভাষায় গালাগাল দেয়, এমনকি প্রকাশ্যে মাদক গ্রহণ করে। এদের কেউ কেউ জড়িয়ে পড়ে পকেটমারি, ছিনতাই কিংবা গ্যাং কালচারের মতো অপরাধমূলক কর্মকা-ে। সমাজ এদের অপরাধ দেখে ঘৃণা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। সামান্য কারণেও এদের বংশ পরিচয় তুলে গালি দিতে ছাড়ে না অনেকে। কিন্তু আমরা কজন ভেবে দেখি, তাদের বখে যাওয়ার পেছনের ইতিহাসটুকু কী?

যে শিশুটি শৈশব থেকেই আদর, স্নেহ, নিরাপত্তা ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত, যার ঘরে বাবা-মায়ের নিত্যদিনের কলহ আর সহিংসতা নিত্যসঙ্গী; তার কাছ থেকে সভ্য ও মানবিক আচরণ প্রত্যাশা করা কতটা বাস্তবসম্মত? বেঁচে থাকার তাগিদে পেটে ন্যূনতম খাবার জোগাতে তারা বিপথগামী হচ্ছে। তাই প্রতিটি পথশিশুর অন্ধকারের পেছনে একটি ব্যর্থ পরিবার, একটি উদাসীন সমাজ অথবা একটি অকার্যকর ব্যবস্থার দায় লুকিয়ে আছে। শুধু ছিন্নমূল শিশুই নয়, আমাদের তথাকথিত ‘স্বচ্ছল’ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারেও সন্তানদের বেড়ে ওঠার প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। এক শিক্ষক বন্ধুর কাছে এক অভিভাবক অভিযোগ করেছিলেন, তাঁর সন্তান পড়াশোনায় একদম ফাঁকি দেয়।

বন্ধুটি শান্ত গলায় বলেছিলেন, ‘আপনিও হয়তো আপনার ছেলেকে কোনো না কোনোভাবে ফাঁকি দিচ্ছেন!’ খোঁজ নিয়ে জানা গেল, সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত, যা একটি শিশুর পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সেই সময়ে মা রান্না ও সংসারের কাজে ব্যস্ত থাকেন। অথচ এই ব্যস্ততার মাঝেও অন্তত আধঘণ্টা সন্তানের পাশে বসা, নিজে কোনো বই বা পত্রিকা নিয়ে পড়ার টেবিলে কাটানো যে কতটা জরুরি, তা আমরা অনেকেই ভাবি না। শিশুরা উপদেশের চেয়ে অনুকরণ বেশি করে। মা-বাবা নিজেরা যখন পড়ার পরিবেশ তৈরি না করে টিভি বা মোবাইলের স্ক্রিনে মগ্ন থাকেন, তখন সন্তানের মনোযোগ নষ্ট হওয়াই স্বাভাবিক। প্রযুক্তির নিয়ন্ত্রণহীন ব্যবহার ও তদারকির অভাব সন্তানদের বিপথে ঠেলে দিচ্ছে, যার দায় দিনশেষে মা-বাবার ওপরই বর্তায়।

অনেক সময় মা-বাবারা সন্তানের ওপর নিজেদের সিদ্ধান্ত ও ইচ্ছা চাপিয়ে দেন, যা তাদের মানসিক বিকাশকে চিরতরে পঙ্গু করে দেয়। আমার এক প্রতিবেশী তার সাত বছরের সন্তানকে জোর করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করিয়েছিলেন। শিশুটি সেখানে নির্যাতনের শিকার হয়ে বারবার পালিয়ে আসলেও মা তা বিশ্বাস করেননি, উল্টো তাকে ফাঁকিবাজ ভেবে জোর করে পাঠিয়েছেন। ফলস্বরূপ, শিশুটি একপর্যায়ে ঘরছাড়া হয় এবং তার শিক্ষাজীবন চিরতরে ব্যাহত হয়। শিশুর আকুতি ও ভয়ের সংকেতগুলোকে উপেক্ষা করার এই চড়া মূল্য কে দেবে? আরেকটি বড় সমস্যা হলো, শৈশবের মানসিক অবহেলা ও ‘নার্সিসিস্টিক’ মা-বাবার আচরণ।

প্রবাসে থাকা বাবার অনুপস্থিতি, মায়ের অতিরিক্ত নিয়ন্ত্রণ, প্রতিনিয়ত অন্যের সঙ্গে তুলনা, সামান্য ভুলের জন্য প্রচ- তিরস্কার এবং আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও সন্তানের ছোট ছোট শখ পূরণ না করা, একটি শিশুকে ভেতরে ভেতরে কতটা নিঃস্ব করে দেয়, তা আমরা উপলব্ধি করি না। ‘তোর জন্যই সব করছি’, ‘তোর পেছনেই সব টাকা নষ্ট হচ্ছে’Ñ এ ধরনের কথা শিশুর মনে তীব্র হীনমন্যতা ও অপরাধবোধের জন্ম দেয়। শিশুরা তাদের শৈশব ভুলে যায় না; তারা সেই শৈশবের ক্ষত বুকে নিয়েই বড় হয়। আমাদের সমাজের অনেক অভিভাবকই সন্তানের পরীক্ষার ফরম পূরণের টাকা কিংবা খাতা-কলম কিনে দেওয়াকে ‘বোঝা’ মনে করেন। অপরিণত বয়সেই তাদের আয়ের পথে ঠেলে দেওয়া হয়।

অথচ, পরবর্তীতে যখন সেই সন্তানদের মধ্যে মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধ বা আবেগের ঘাটতি দেখা দেয়, তখন সমাজ তাদেরই দোষারোপ করে। কিন্তু প্রশ্ন হলোÑ এই দূরত্বের বিষাক্ত বীজ প্রথমে কে বুনেছিল? আজকের অনেক অভিভাবকই নিজেদের সর্বজ্ঞানী মনে করেন। অথচ নিজেদের সময়জ্ঞানের অভাব, আর্থিক ব্যবস্থাপনার অজ্ঞতা, আত্মসম্মানবোধের ঘাটতি কিংবা সমাজ ও আত্মীয়-স্বজনের সাথে খারাপ সম্পর্কের মতো নিজেদের নিজস্ব ব্যর্থতা ও নেতিবাচক আচরণগুলো তারা অজান্তেই সন্তানের ওপর চাপিয়ে দিচ্ছেন। মুখে ভালো ভালো কথা বললেও আমাদের আচরণে যদি সততা না থাকে, তবে সন্তানরা ভ-ামি শেখে। ভয় বা শাস্তি দেখিয়ে সাময়িকভাবে আচরণ নিয়ন্ত্রণ করা গেলেও, দীর্ঘমেয়াদে তা সন্তানকে মিথ্যাবাদী ও আগ্রাসী করে তোলে। সন্তানের মুখে শুধু খাবার তুলে দেওয়াই মা-বাবার একমাত্র দায়িত্ব নয়। তাদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস গঠন এবং একটি নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজ ও পরিবার যদি তাদের প্রতি উদাসীন থাকে, তবে একটি প্রজন্ম কখনো দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে পারবে না। মুখে যতই স্নেহের বুলি থাকুক, হৃদয়ের টানে যদি সন্তান মা-বাবার থেকে দূরে সরে যায়, তবে কাঠগড়ায় প্রথমে মা-বাবা এবং এই সমাজকেই দাঁড়াতে হবে।

লেখক: প্রাবন্ধিক। tanbirctc1993@gmail.com