আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈষম্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী সরকারের জন্য জিডিপির প্রায় ২ শতাংশ ব্যয়ে ১০ দফা জাতীয় কর্মসূচির রূপরেখা তুলে ধরেছে নাগরিক প্ল্যাটফর্ম। দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য সংকট, অস্থির শ্রমবাজার, কৃষি ও নগর ব্যবস্থাপনার দুর্বলতা এবং সুশাসনের ঘাটতির মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় এসব প্রস্তাব একটি সমন্বিত কল্যাণরাষ্ট্রভিত্তিক নীতিকাঠামো হিসেবে উপস্থাপন করা হয়েছে। বৈষম্য ও দারিদ্র্য হ্রাসে সবচেয়ে বড় প্রস্তাব হলো সর্বজনীন ন্যূনতম আয় বা ‘গ্যারান্টিযুক্ত আয়’ কর্মসূচি। চার সদস্যের একটি পরিবারের ন্যূনতম চাহিদার ২৫ শতাংশ আয় হিসাবে মাসে চার হাজার ৫৪০ টাকা করে নগদ সহায়তার প্রস্তাব করা হয়েছে।

এটি বাস্তবায়িত হবে লক্ষ্যভিত্তিকভাবে। \r\nশিক্ষাক্ষেত্রে বৈষম্য কমাতে সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও এমপিওভুক্ত বিদ্যালয়ের প্রায় এক কোটি ১৮ লাখ শিক্ষার্থী প্রতিদিন এক বেলা পুষ্টিকর খাবার পাবে। স্বাস্থ্য খাতে জাতীয় স্বাস্থ্য কার্ড চালুর প্রস্তাব করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবার বছরে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা, ওষুধ ও বিভিন্ন পরীক্ষার সুযোগ-সুবিধা পাবে। যুবসমাজকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে প্রস্তাব করা হয়েছে যুব ক্রেডিট কার্ডের। ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ বা কর্মসংস্থানে ব্যবহারের উদ্দেশ্যে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সুদ ও জামানতবিহীন ঋণের ব্যবস্থা থাকবে।

প্রতিবছর এক লাখ তরুণ-তরুণী এই সুবিধা পাবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। কৃষি খাতে স্মার্ট কৃষি কার্ড বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে প্রায় এক কোটি ৬৫ লাখ কৃষি পরিবার চাহিদাভিত্তিক কৃষি প্রণোদনা ও ডিজিটাল সম্প্রসারণ সেবা পাবে। একই সঙ্গে দেশের ভেতরে ও বাইরে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রায় সাত কোটি ১৭ লাখ শ্রমশক্তিকে লক্ষ্য করে একটি জাতীয় শ্রমবাজার তথ্যবিনিময় প্ল্যাটফর্ম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। নগরজীবনের ভোগান্তি কমাতে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সমন্বিত গণপরিবহন ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে, যেখানে চালক ও সহকারীরা হবেন বেতনভুক্ত কর্মচারী। রাজস্বব্যবস্থায় স্বচ্ছতা আনতে সমন্বিত করব্যবস্থা, স্বয়ংক্রিয় রিটার্ন দাখিল, ই-পেমেন্ট ও দ্রুত কর ফেরতের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিক সেবার ভিত্তি হিসেবে সুপারিশ করা হয়েছে একটি জাতীয় সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলার।\r\nঅতীত অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে, রাষ্ট্রের উন্নয়নের আকাক্সক্ষা বা নীতিগত ঘোষণা থাকলেও বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্মসূচি ও কার্যকর কাঠামো না থাকায় সেগুলো বাস্তবে রূপ নেয়নি। সম্প্রতি ঘোষিত কল্যাণরাষ্ট্রের রূপরেখা সরাসরি মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে যুক্ত। রাজনৈতিক অঙ্গীকার, দুর্নীতি নিয়ন্ত্রণ, ডিজিটাল রূপান্তর এবং চলমান প্রকল্পগুলোর যৌক্তিক পরিমার্জন নিশ্চিত করা গেলে এই জাতীয় কর্মসূচি বাস্তবায়নযোগ্য ও কার্যকর হতে পারে। এর মধ্য দিয়ে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, গণতান্ত্রিক জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।