বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা খাওয়ার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ও নিছক দুর্ঘটনা নয়। এটি বিমানের দীর্ঘদিনের যাচ্ছেতাই অব্যবস্থাপনা, নৈতিক অবক্ষয় ও জবাবদিহিতা না থাকার নগ্ন প্রকাশ। যে প্রতিষ্ঠানের দেখভাল কিংবা ইঞ্জিন মেরামতেও রাজনৈতিক সিন্ডিকেট, সেখানে বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগা নিছক ‘দুর্ঘটনা’ নয়; এটি একটি প্রাতিষ্ঠানিক রোগের উপসর্গ মাত্র।
সেই রোগের নাম দুর্নীতি ও দায়মুক্তির সংস্কৃতি। \r\nসাম্প্রতিককালে আমরা বিমানের বেশ কিছু অব্যবস্থাপনাজনিত দুর্ঘটনা দেখতে পাই, ২০১৯ সালে চট্টগ্রাম বিমানবন্দরে মিয়ানমারগামী একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়; একই বছর সিলেটে বিমানের আরেকটি ফ্লাইটের দরজা ভেঙে পড়ে যাত্রী আহত হয়। ২০২০ সালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৮৭ বিমানের ডানা ক্রাশ করে র্যাম্পে দাঁড়ানো সরঞ্জামে। ২০২২ সালে লন্ডন ফ্লাইটের আরেকটি বোয়িং-৭৭৭ ইঞ্জিন বিকল হয়ে আকাশে বিপদের মুখে পড়ে। প্রতিবারই একাধিক সদস্যের নেতৃত্বে তদন্ত কমিটি হয়, কিন্তু অষ্টাচার্যের বিষয়, দায়ী কেউ চিহ্নিত হয় না। বায়বীয় ব্যবস্থাপনায় অপরাধীরা হাওয়ায় মিলিয়ে যায় ব্যবস্থা নেওয়া তো অলীক বিষয়।
বিমানের প্রকৌশল বিভাগ, ক্রয় শাখা ও প্রশাসন সবখানেই এক ধরনের ‘অভ্যন্তরীণ দখলদারি সংস্কৃতি’ গড়ে উঠেছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে জন্ম নেওয়া এই দুষ্টচক্রই বিমানের পতনের মূল কারণ। সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বিমানের অভ্যন্তরে শাড়ি কেলেঙ্কারি তথ্য ফাঁস হয়েছে তা এই পচনেরই শক্ত প্রমাণ। ১৭০০ টাকার ভারতীয় পলেস্টার শাড়ি ১৭ হাজার টাকায় কিনে রাষ্ট্রীয় অর্থ লুট করা হচ্ছে বছরের পর বছর ধরে, আর সেই সিন্ডিকেট বিমানের ভেতরেই ফুলেফেঁপে কলা গাছ হয়েছে। একদিকে কেবিন ক্রুরা নিম্নমানের পোশাক পরে শারীরিক কষ্ট, পারিবারিক ও সামাজিক হেনস্তার শিকার হচ্ছেন, অন্যদিকে ইথারে যাত্রীদের জীবন ভাসছে অদক্ষ ও খেয়ালি ব্যবস্থাপনার হাতে। এখন প্রয়োজন কঠোর ও আমূল সংস্কার। অনতিবিলম্বে বিমানকে একটি পূর্ণ স্বাধীন কর্পোরেট সত্তায় রূপ দেওয়া যেখানে নিয়োগ, ক্রয় ও পরিচালনায় কোন ধরনের রাজনৈতিক প্রভাব থাকবে না। বিমান প্রকৌশল ও ফ্লাইট নিরাপত্তা বিভাগে আন্তর্জাতিক মানের পর্যবেক্ষক ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত। আওয়ামী ফ্যাসিবাদি শাসনকালের সাড়ে পনেরো বছরের সব ক্রয় কার্যক্রমের ফরেনসিক তদন্ত করতে হবে, বিশেষ করে দরপত্রে অংশগ্রহণকারী ও তাদের সহযোগীদের জালিয়াতি তদন্ত করে রাষ্ট্রীয় অর্থ ফেরত আনতে হবে। একসময় বিমান ছিল দেশের গর্ব আজ সেটি দুর্নীতিবাজদের আকাশপথের লুটের সাম্রাজ্যে পরিণত হয়েছে। সময় এসেছে রাষ্ট্রের এই পতাকাবাহী প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক ছোবল থেকে মুক্ত রেখে জবাবদিহির কাঠগড়ায় ফিরিয়ে আনা। অন্যথায়, বিমানের পরবর্তী ‘ধাক্কা’ শুধু বোর্ডিং ব্রিজেই নয় লাগবে জাতির মর্যাদার মেরুদণ্ডে, যা আমাদের কারোরই কাম্য নয়।
