একটি আইনের সার্থকতা নির্ভর করে এর কঠোর প্রয়োগের ওপর, সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা ও বিধিবিধান পালনে। কিন্তু দেশের বর্তমান বাজার পরিস্থিতিতে বিশেষ করে ডিমের বাজারে ফাটা ও অস্বাস্থ্যকর ডিম বিক্রির যে মহোৎসব চলছে, তা জনস্বাস্থ্যকে এক চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কে কাগজে দলিলে সীমাবদ্ধ করে তুলেছে!\r\n পাইকারি আড়ত থেকে শুরু করে পাড়া-মহল্লার দোকানগুলোতে দেখা যায় এক ভয়ংকর দৃশ্য। পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত ডিম যখন পরিবহনজনিত কারণে ফেটে বা ভেঙে যায়, তখন তা ফেলে দেওয়ার কথা থাকলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তা উন্মুক্তভাবে বিক্রি করছেন। দামে সস্তা হওয়ায় এসব ডিমের মূল ক্রেতা নিম্নমানের রেস্তোরাঁ, বেকারি এবং রাস্তার ধারের স্ট্রিট ফুড ভেন্ডররা।

চা-নাস্তা, কেক, এমনকি ভর্তার মতো খাবারেও ব্যবহার করা হচ্ছে এই পচা বা দূষিত ডিম। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, এক ডজন অক্ষত ভালো ডিমের তুলনায় এসব ফাটা ডিমের দাম প্রায় ৬০-৭০ টাকা কম। অতিরিক্ত মুনাফার লোভে বিক্রেতারা এবং খরচ কমাতে খাবার ব্যবসায়ীরা জেনেশুনে এই মরণঘাতী ঝুঁকি নিচ্ছেন।\r\nগবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্যমতে, ২০২৩-২০২৪ অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এর ফলে মানুষের ক্রয়ক্ষমতা প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত দুই বছরে প্রায় ৬ হাজার খামার বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন সংকট আরও তীব্র হয়েছে। পেটের দায়ে নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়েই কম দামে এই অস্বাস্থ্যকর ডিম বেছে নিচ্ছে।

কিন্তু সাশ্রয় করতে গিয়ে তারা আসলে জীবনকে হুমকির মুখে ফেলছে।\r\nবিশেষজ্ঞদের মতে ফাটা বা অর্ধভাঙা ডিমে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণ ঘটতে পারে এবং রোগসৃষ্টিকারী ক্ষতিকর অণুজীব মানুষের খাদ্যশৃঙ্খলে ঢুকে পড়তে পারে। ডিম বহনকারী ট্রে বা রেকে অনেক সময় ডিমের সঙ্গে মুরগির মল, বিষ্ঠা লেগে থাকে যা পরিবহনকালীন ডিমের ত্বকে আঘাতপ্রাপ্ত হয়ে ভেতরে প্রবেশ করতে পারে। এভাবে ফাটা বা অর্ধভাঙা ডিমে জীবাণু সহজে বাসা বাঁধতে পারে যা খাদ্য হিসেবে গ্রহণ করলে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাভাবিক তাপমাত্রায় ভালো, অক্ষত খোসাবৃত ডিমের শেলফ লাইফ তিন-পাঁচ সপ্তাহ। কিন্তু ফাটা খোসাযুক্ত ডিমের ক্ষেত্রে তা মাত্র দুই-তিন ঘণ্টা। এরপর সেগুলো নষ্ট হয় বা পচে যায়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) রিপোর্ট অনুযায়ী অর্ধভাঙা বা ফাটা ডিমে স্যালমোনেলা ভাইরাস ও অন্যান্য ব্যাক্টেরিয়া সংক্রমণে বিষক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে, যা মানব স্বাস্থ্যে ডায়রিয়া, পাকস্থলীর প্রদাহ, কিডনি ও লিভারের জটিলতা সৃষ্টি করে। তাই এসব ডিম বিক্রি ও খাওয়া অনুমোদিত নয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এসব ডিমে ভিব্রিও কলেরা ও শিগেলা ভাইরাস সংক্রমণও ঘটতে পারে। \r\n২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৪৫ ধারা অনুযায়ী, ক্ষতিকর খাবার বিক্রি করলে জেল ও জরিমানার বিধান রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও বাজার পরিস্থিতির কোনো স্থায়ী পরিবর্তন হচ্ছে না।

লোক দেখানো জরিমানা আর সাময়িক অভিযানের পর সবকিছু আবার আগের মতোই চলতে থাকে।\r\nজনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, কেবল প্রতীকী অভিযান দিয়ে এই সংকট দূর করা সম্ভব নয়। নিয়মিত বাজার তদারকি, ডিমের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। নিরাপদ খাদ্য পাওয়া যেহেতু মানুষের মৌলিক অধিকার, তাই রাষ্ট্রকে এ বিষয়ে আরও কঠোর ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। সঙ্গে ভোক্তাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উপাদান সরবরাহ নিশ্চিতে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটি শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি একটি জাতির সম্মিলিত নৈতিকতা ও মানবিকতার প্রশ্নে পরিণত হয়েছে। এরূপ খাদ্য নিরাপত্তাহীনতা নাগরিকদের শারীরিক অসুস্থতার নিয়মিত কারণ হয়ে উঠা কোনোভাবে কাম্য নয়। এই অধিকার নিশ্চিত করতে হলে নৈতিকতা, প্রশাসনিক সক্রিয়তা এবং আইনের যথাযথ প্রয়োগ, এই তিনটি ভিত্তিকে দৃঢ় করতে হবে। অন্যথায় জনস্বাস্থ্য হুমকির মুখেই থেকে যাবে- একটি নৈতিক অবক্ষয়ের নিষ্ঠুর শিকার হিসেবে।\r\nলেখক : প্রাবন্ধিক