ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। একটিই জাতি, মানবজাতি। বর্ণ-গোত্র-ভাষা-ধর্ম কোনো কিছুই ভেদাভেদ শুধু নয়; ধর্ম নিয়ে বাড়াবাড়িও না করার নির্দেশ রয়েছে ইসলামে। তারই বাস্তব প্রতিফলন মাইজভান্ডারী দর্শন। ধর্মীয় বদ্ধমত ও সাম্প্রদায়িক গোঁড়ামি সম্পূর্ণরূপে পরিহার করেছে মাইজভান্ডারী দর্শন।

ধর্মের প্রাণহীন আচারসর্বস্বতা ও ধর্মের নিরেট যান্ত্রিকতা থেকে ইসলামের প্রেমধর্মের মর্মবাণী প্রচলিত সংস্কৃতির সঙ্গে স্থাপন করে এ দর্শন যেমন জনগণের নির্ভরতা ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত, তেমনি মানুষের পরম আশ্রয়স্থল বলে প্রতিস্থাপিত। পরোক্ষে দেশজ সংস্কৃতির সঙ্গে ধর্মের বিচ্ছেদ লুপ্ত হয়ে আনন্দপ্রিয় আবহমান বাঙালি গানকেও ধর্মের ভাষা, স্রষ্টার প্রশস্তি ও ভক্তির সহায়ক হিসেবে পেয়েছে। তাই মাইজভান্ডারী সাধন মার্গে মাইজভান্ডারী গান মুরশিদ চরণে ভক্তের মিনতি হয়ে ওঠে। স্রষ্টার কাছে সৃষ্টির আকুতি হয়ে ঝরে; খোদাপ্রাপ্তির পথ খুঁজে ফেরে।

মাইজভান্ডারী দর্শন ইসলামের সর্বজনীন নীতি ও নির্যাসের ওপর প্রতিষ্ঠিত। হজরত গাউসুল আজম শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী কর্তৃক মানবমুক্তির লক্ষ্যে প্রবর্তিত তরিকার নাম ‘মাইজভান্ডারী তরিকা’ তথা মাইজভান্ডারী দর্শন।

সামগ্রিক অর্থে মাইজভান্ডারী দর্শন শিক্ষা দেয় পরমতসহিষ্ণুতা ও বিত্ত-বৈভববিরোধী নির্লোভ, সাদাসিধা জীবন যাপনের। সাম্প্রদায়িক, ভাষা, জাতি, বর্ণ-ধর্মগত সম্প্রীতির শিক্ষা। পঞ্চইন্দ্রিয় শাসন, রিপুর দমন, কাম-লালসামুক্ত হয়ে, সংযমের পরাকাষ্ঠায় অনর্থ পরিহার, পরমুখাপেক্ষিতা বর্জন, স্রষ্টার ইচ্ছাশক্তিতে বিশ্বাসী হয়ে আল্লাহর রাহে নিজেকে প্রতিমুহূর্তে নিয়োজিত রেখে পবিত্র জীবন যাপনে খোদাপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করে এ দর্শন। এক কথায়– দেহ-মন-চিন্তা-চেতনা-আত্মার সর্ববিধ শুদ্ধাচারের মাধ্যমে স্রষ্টার মিলনই মাইজভান্ডারী তরিকা। এই অধ্যাত্ম সাধনার সপ্তপদ্ধতি কায়মনে, একাগ্রচিত্তে, গভীর বিশ্বাস ও প্রত্যয়ে পালন করলে মানুষের অন্তর-বাইরের সমস্ত কালো, মন্দ দিক দূরীভূত হয়ে নিজের মাঝে ঐশী আলোর ঝলকানি টের পাওয়া যাবে। অন্তর আলোকিত হবে। সে আলোয় স্নাত ও শুদ্ধ হবে পরিবার-সমাজ-রাষ্ট্র-বিশ্বচরাচর।

মূলত, মাইজভান্ডার দরবার শরিফ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মহান অবাধ আশ্রয়স্থল। এখানে কারও ধর্ম-আচার-সংস্কৃতি-ঐতিহ্য হারানো, বিসর্জন বা অবহেলিত হওয়ার ভয় নেই। এখানে সবাই আসেন। দেশের কিংবা বিদেশের, ধনী কিংবা নির্ধন, মন্ত্রী আমলা কিংবা মুটে-মজুর, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান, পাহাড়ি জনপদ কিংবা সমতটের সবাই সমান। সমান মর্যাদার। বিশেষ অধিকারী কেউ নয়; সবাই সমঅধিকারী। সবাই আসেন পরম নির্ভরতা, শাস্তি থেকে মুক্তি ও স্বস্তি, আত্মার বিকাশ ও জাগরণের আশায়। ফরিয়াদ করেন দরবারে। দয়া ভিক্ষা করেন কাঙালের মতো। কামনা করেন আল্লাহর রহমত; বিশ্বনবী প্রবর্তিত বিশ্বমানবতার আকরের করুণার ফল্গুধারায় জটিল রোগমুক্তির; নিঃসন্তানের সন্তানপ্রাপ্তির; অভাবীর অভাব মোচন; জটিল-কুটিল সমস্যা সমাধান; ইহকাল ও পরকালের মুক্তি আর স্রষ্টাপ্রাপ্তির অমোঘ বিশ্বাসে।

মানবতার কল্যাণে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টানের বিনীত প্রাপ্তি আজ ইতিহাস। বিশ্ববিবেক ও অসাম্প্রদায়িকতার নজির মেথর, ঝাড়ুদার থেকে সর্বোচ্চ পদের ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছে অবিশ্বাস্য শিক্ষা। তাঁর এই শিক্ষা বা দীক্ষা মহান মাইজভান্ডারী তরিকার শিক্ষা। এ শিক্ষা কর্মময়, ব্যস্ত, সৎ জীবন যাপনের। হালাল খাবার, সৎ উপার্জন, ধর্মনিষ্ঠার। এ শিক্ষা মানুষকে ভালোবাসা, দেশ ও জাতিকে ভালোবাসা, দেশের জন্য কাজ করার। এ শিক্ষা মাইজভান্ডারী তরিকার সপ্ত কর্মপদ্ধতির আলোকে আত্মসংশোধনে অন্তনির্হিত গুণাবলির বিকাশের শিক্ষা।

মাইজভান্ডার দরবারের আলোয় লাখো জনতা– সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই; ভাবে ভাবিত ঝাঁপিয়ে পড়ে নিজেকে পরিশুদ্ধ করে বিশ্বমানবের চেতনায় সমৃদ্ধ হয়ে নিজে সমৃদ্ধ ও আলোকময় হচ্ছে।

অধ্যাপক এ ওয়াই এম জাফর: সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সচিব