আজ নেপালের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারে প্রায় আট লাখ মানুষ প্রথমবারের মতো ভোট দেবেন, যাদের তরুণ বলে চিহ্নিত করা যায়। এই তরুণরাই আন্দোলনের মধ্যদিয়ে অলি সরকারের উৎখাত ঘটিয়েছেন। সরকার সামাজিক মাধ্যম বন্ধ করার ঘোষণা দিলে তরুণরা মাঠে নেমে আসেন এবং এক পর্যায়ে সরকারের পতন ঘটে। এসব পটভূমিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নিজেদের ইশতেহার ঘোষণা করেছেন, যা প্রতিশ্রুতিতে ঠাসা। তরুণদের বিবেচনায় রেখে ইশতেহারগুলো সাজানো হয়েছে, তবে কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এছাড়া প্রতিশ্রুতিগুলো অনেক বেশি কথাসর্বস্ব এবং বাস্তবায়নের জন্য রোডম্যাপ অস্পষ্ট বলে অনেকে মনে করেন। সমালোচকদের অনেকে বলছেন, বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরে তরুণদের ভুলিয়ে ক্ষমতা দখলের পুরোনো তৎপরতা রয়েছে। ফলে নির্বাচন-পরবর্তী দেশের মৌলিক পরিবর্তন নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ ও শ্রীলঙ্কায়ও গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু কোথাও মৌলিক পরিবর্তন ঘটেনি। ক্ষমতা ও নিয়ন্ত্রণ মূল দলগুলোর হাতে রয়ে গেছে। বাংলাদেশের কয়েকজন তরুণ সংসদে গিয়েছেন বটে, ক্ষমতার কেন্দ্রবিন্দু এখনও পুরোনো বলয়ে। ফলে সরকারগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন-পরবর্তীকালে পুরোনো পথে হাঁটার যথেষ্ট আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তৎপরতা নিয়ে বিরোধী দল কয়েকটি উদ্বেগজনক অভিযোগ তুলেছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ।

নেপালে অলি সরকার ক্ষমতাচ্যুত হলেও রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণ কমেনি এবং ইতোমধ্যে তাঁর দলটি স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে। এবারেও দলটি ক্ষমতায় এলে খুব বেশি আশ্চর্য হওয়ার কারণ থাকবে না। তাছাড়া কয়েকজন তরুণ নির্বাচনে প্রার্থী হলেও মূল দলগুলো এখনও সবকিছু নিয়ন্ত্রণ করছে। ফলে গুটিকয়েক তরুণ সংসদে গেলেও মৌলিক কোনো পরিবর্তন ঘটছে না, যেরকম আমরা বাংলাদেশে দেখছি।

নেপালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক তরুণের সাক্ষাৎকার নিয়ে আলজাজিরা এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তরুণদের নানমুখী মত উঠে এসেছে। কেউ কেউ রাজনীতিতে নতুনদের যুক্ততার মধ্যদিয়ে পরিবর্তনের আশা করছেন। আবার কেউ কেউ বলছেন, পুরোনোরা তরুণদের দাবি মেনে নিয়ে রাজনীতির পুনর্গঠন করলে আমাদের কোনো আপত্তি নেই। নেতৃত্বের কেউ কেউ প্রেশার গ্রুপ হিসেবে মাঠের থাকার কথা উঠে এসেছে। সব মিলিয়ে বোঝা যায়, শিগগির বড় কোনো পরিবর্তন ঘটছে না, তবে যারাই সরকার গঠন করুক না কেন, চাপের মধ্যে থাকবে।

ইফতেখারুল ইসলাম : সহসম্পাদক, সমকাল