নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে সুশাসন, ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক আকাঙ্ক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি অথবা জোর-জবরদস্তি নয়; আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার।’ চব্বিশের গণঅভ্যুত্থান রাজনীতির অচলায়তনকে ভাঙার যে সুযোগ এনে দিয়েছে, তারই ধারাবাহিকতা প্রধানমন্ত্রীর বক্তব্য।
আওয়ামী লীগের স্বৈরশাসনে দমবন্ধ পরিস্থিতি তো ছিলই; অন্তর্বর্তী সরকারের আমলেও আইনের শাসন ছিল অনুপস্থিত এবং উগ্রবাদী রাজনীতির ছিল পোয়াবারো। গত ১৮ মাসে মব সন্ত্রাস দেশের ঘাড়ে জেঁকে বসেছিল। প্রধানমন্ত্রী বলেছেন, ‘মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তথা দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার।’
আইনের শাসন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার পর স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও জানিয়েছেন, দেশে আর কোনো মবের ঘটনা সহ্য করা হবে না। তারপরও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, এলাকায় মব সন্ত্রাসের অপচেষ্টা থেমে থাকেনি। বিশেষত নবনির্বাচিত স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা অমর একুশের রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির কর্মীদের হেনস্তার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারেননি। ভিডিও চিত্রে দেখা গেছে, তাঁকে রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে ফুল ছিঁড়ে ফেলা হয়! ভিন্নমতের প্রতি অশ্রদ্ধা ও পীড়ন অঙ্কুরেই বিনষ্ট করতে দৃঢ় পদক্ষেপ নিতে হবে বিএনপিকে। এদিকে গণপিটুনির ঘটনাও থেমে নেই। শুক্রবার গাইবান্ধার সাদুল্লাপুরে দুই ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়।
২. মব সন্ত্রাসের সঙ্গে উগ্রবাসী রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উগ্রবাদ মবের মতোই; যুক্তি মানে না। উগ্রবাদী জনতা নিজের হাতে আইন তুলে নেয়। ভাঙে স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন, বাস্তুভিটা; অনেক সময় কেড়ে নেয় মানুষের সম্মান, কখনও প্রাণ পর্যন্ত। এই মব সন্ত্রাসের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাষা সন্ত্রাসেরও। মাইকে, মিছিলে হিংস্র, নোংরা ও অশালীন ভাষা ব্যবহার করা হয়। কেউ কেউ এসব অরুচিকর উক্তি ও গালিকে ‘গণঅভ্যুত্থানের ভাষা’ আখ্যা দিতেও চান। অথচ পেছনে তাকালে দেখব জুলাই-আগস্টজুড়ে সম্মিলিত মানুষের কণ্ঠে, অগ্নিঝরা মিছিলে কোনো গালি নেই। অরুচিকর শব্দের প্রয়োগ নেই। বরং সেখানে লাখ লাখ মানুষের কণ্ঠে সম্মিলিত সংগীত আমরা শুনেছি– ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা,/ তাহার মাঝে আছে দেশ এক– সকল দেশের সেরা;/ ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;/ এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি...।’
আমরা দেখতে পাই দেয়াল থেকে হারিয়ে যায় অসাম্প্রদায়িক গ্রাফিতি। ‘গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না’ কিংবা মওলানা ভাসানীর অমর সেই উক্তি– ‘এতো যে ধর্ম ধর্ম করো, রাধাচূড়ার নাম কী দেবে, ফাতেমা চূড়া’– দেয়াল থেকে মুছে নিজেদের সুবিধা ও ইচ্ছামাফিক নতুন গ্রাফিতি লেখা হয়। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধ হয়ে ওঠে প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তানি বাহিনীর জায়গায় লেখা হয় হানাদার বাহিনী। অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে উচ্চারিত শব্দের মধ্যে থাকে– নতুন বন্দোবস্ত, সংস্কার, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দোসর, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান। দিকে দিকে বিপুল উৎসাহে উচ্চারিত হতে থাকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান; উচ্চারিত হতে শুরু করে ইনসাফ, জান-জবান, ফয়সালা, আজাদি ইত্যাদি শব্দ।
আমরা সবাই জানি, জীবন্ত ভাষার বৈশিষ্ট্য– প্রয়োজনে নানা ভাষা থেকে শব্দ গ্রহণ করা; শব্দকে নিজের মতো ধারণ করা। যে ভাষা নিতে জানে না, তা সক্রিয় থাকে না। তাই ভাষার সমৃদ্ধির জন্যই ভিন্ন ভাষার শব্দ গ্রহণ জরুরি। সেটি বাংলা ভাষায় চিরকালই হয়ে এসেছে। কিন্তু ভাষার মধ্যে জোর করে শব্দ চাপিয়ে দেওয়ার চেষ্টা, ভাষা সমৃদ্ধির জন্য নয়– সেটাই ভাষিক রাজনীতি। গত ১৮ মাসে সেই রাজনীতি আমরা দেখেছি, এখনও দেখছি। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ– এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিয়েছিল, এগুলো তাদের ভাষা। বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না’ (সমকাল, ২২ ফেব্রুয়ারি, ২৫)।
মন্ত্রীর কথার নেপথ্যে যে রাজনীতির কূটজাল সন্ধানের চেষ্টা রয়েছে, সেটি গুরুত্বপূর্ণ। একুশে ফেব্রুয়ারির অমর স্মৃতিবাহী রাতের প্রথম প্রহরে অমর সংগীত– ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কণ্ঠে না নিয়ে সজোরে ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি তোলা এবং এ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা অবশ্যই উগ্রবাদী রাজনীতির অংশ। চব্বিশের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সব দল-মত-ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত প্রতিবাদ। গণঅভ্যুত্থান সফল করবার কৃতিত্ব কেবল গুটিকয় ছাত্রনেতা কিংবা উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দলের নয়। অথচ চব্বিশের ৫ আগস্টের পর সময় যত এগিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা তত বাড়িয়েছে। আর তাদের কণ্ঠে মেলে ইনকিলাব জিন্দাবাদ বা আজাদির মতো শব্দ।
ইতিহাস বলে, ১৯২১ সালে কংগ্রেস সম্মেলনে খ্যাতনামা উর্দু কবি মওলানা হসরত মোহানী ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি দেন। বামপন্থি বিপ্লবীরা এরপর স্লোগানটি নিজের করে নেয়। ফাঁসির মঞ্চে বিপ্লবী ভগৎ সিং এটি উচ্চারণ করেন। এ দেশের নানা সময়ে এই স্লোগান উঠেছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি যখন এই স্লোগান বেছে নেয়, তখন প্রশ্ন উঠবেই। যারা সমাজে সব মানুষের সমান মর্যাদা মানেন না; সংবিধানে দেওয়া নারী-পুরুষের সমমর্যাদাতেও যাদের আস্থা নেই; তারা কেন বিপ্লবী এই স্লোগান দেন? এই ভাষিক রাজনীতির পেছনে থাকে বাংলা ভাষা ও আবহমান সংস্কৃতির বিরুদ্ধে নেওয়া তাদের অবস্থান।
৩. গণঅভ্যুত্থানের ছদ্মবেশ যেমন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান, তেমনি রাষ্ট্রীয় পীড়ন, বৈষম্য ও অন্যায্যতার চিকিৎসা হিসেবে ধর্মীয় উগ্রবাদ প্রতিষ্ঠার সচেতন ও দীর্ঘ প্রয়াস আমরা এ দেশে দেখতে পাই। গত বছর ডিসেম্বরে কানাডাভিত্তিক গবেষণা সংস্থা সেকডেভ প্রকাশিত ‘শ্যাডোজ ওভার দ্য ব্যালট’সহ কয়েকটি প্রতিবেদনে বাংলাদেশে উগ্রবাদী চর্চার নানা চিত্র উপস্থাপিত হয়েছে। এতে বলা হয়েছে, সহিংস উগ্রবাদী গোষ্ঠী জনঅসন্তোষ, উৎকণ্ঠা, নারী ইস্যু, ভারত-বিরোধিতা, আওয়ামী লীগের অপশাসন, রাষ্ট্র পরিচালনায় ধর্মের ভূমিকা সামনে এনে নতুন ব্যাখ্যা ও বিশ্লেষণ উপস্থাপন করছে।
উগ্রবাদীরা নানাভাবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যাকে ঘনীভূত রেখে এর সমাধানকল্পে ধর্মীয় রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। কর্মসংস্থানের অভাব, নিরাপত্তাহীনতা, প্রতিশোধ বাসনা, পরলোকে সুখের প্রত্যাশা ইত্যাদির মিশেলে উগ্রবাদী রাজনীতি প্রকৃতপক্ষে পরমতসহিষ্ণুতা ও গণতন্ত্রের বিরুদ্ধেই ব্রতী। এর মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিগুলোকে পরমতসহিষ্ণু গণতান্ত্রিক মূল্যবোধের অনুশীলন দীর্ঘ মেয়াদে করতে হবে; একই সঙ্গে সরকারকে আইনের শাসন প্রয়োগ করে সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে।
কর্মমুখর জীবনবাদী জাতি উগ্রবাদে দীক্ষিত হতে পারে না। নবনির্বাচিত সরকারকে দেশে উগ্রবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা নিতে হবে। এর প্রথম পদক্ষেপ হবে মব সন্ত্রাস প্রশ্নে আপসহীন অবস্থান। নিরাপদ, হাস্যমুখর, প্রাণবন্ত বাংলাদেশ তৈরির এই যাত্রা নির্বিঘ্ন ও জয়ী হবে– নতুন সরকারের যাত্রারম্ভে শুভকামনা।
মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com
