বর্তমান বিশ্বে তথ্যই শক্তি। ডিজিটাল প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বিপুল পরিমাণ ডাটা প্রতিদিন উৎপন্ন হচ্ছে এবং তা সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যবহারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ সহজতর হচ্ছে। এইসব কার্যক্রমকে নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আর্কিটেকচার ব্যবহৃত হয়। এগুলোকে ওয়ান-টিয়ার, টু-টিয়ার, থ্রি-টিয়ার বা এন-টিয়ার ইত্যাদি নামে অভিহিত করা হয়। ওয়ান-টিয়ার (এক-স্তরের) আর্কিটেকচার হলো এমন একটি মডেল যেখানে ইন্টারফেস, লজিক এবং ডেটা সবই একই সার্ভারে থাকে/চলে।

এই স্তরে মূলত তিনটি উপাদান থাকে: উপস্থাপনা স্তর (ব্যবহারকারী ইন্টারফেস), ব্যবসায়িক স্তর (ডেটা প্রক্রিয়াকরণ লজিক) এবং ডাটাবেস স্তর (ব্যবহারকারী এবং তাদের বিবরণ সম্পর্কে তথ্য)। টু-টিয়ার আর্কিটেকচারে প্রথম স্তরে থাকে, ক্লায়েন্ট। দ্বিতীয় স্তরে একই সার্ভার মেশিনে থাকে ডাটাবেস সার্ভার এবং ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার। এই স্তরটি ডেটা পরিবেশন করে এবং ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবসায়িক যুক্তি কার্যকর করে। টু-টিয়ার আর্কিটেকচার সীমিত সংখ্যক ব্যবহারকারীসহ ছোট, সহজ এপ্লিকেশনের জন্য উপযুক্ত।

থ্রি-টিয়ার আর্কিটেকচার কোনো অ্যাপ্লিকেশনের কার্যকারিতাকে স্বতন্ত্র স্তরে (উপস্থাপনা, ব্যবসায়িক যুক্তি এবং ডেটা) বিভক্ত করে যাতে সফ্টওয়্যার ডেভেলপমেন্টে স্কেলেবিলিটি, মডুলারিটি এবং নমনীয়তা সক্ষম হয়। এটি বৃহত্তর, আরও জটিল এপ্লিকেশনের জন্য উপযুক্ত, যেখানে অধিক সংখ্যক ব্যবহারকারী থাকে। আর্কিটেকচারের পরবর্তী ধাপ মাল্টি-টিয়ার বা এন-টিয়ার আর্কিটেকচার নামে পরিচিত, যেখানে একটি অ্যাপ্লিকেশনকে একাধিক লজিক্যাল লেবেলে বিভক্ত করা হয়। বর্তমান সময়ে থ্রি-টিয়ার আর্কিটেকচার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। এটি মূলত তিনটি স্তরে ভাগ করা থাকেÑ প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন বা বিজনেস লজিক লেয়ার এবং ডাটা লেয়ার। এই স্তরগুলো একে অপরের সঙ্গে নির্দিষ্ট নিয়মে যোগাযোগ করে। কিন্তু সরাসরি একে অপরের অভ্যন্তরীণ কাঠামোতে প্রবেশাধিকার পায় না। ফলে সিস্টেমটি আরও সংগঠিত, নমনীয় এবং নিরাপদ হয়। আধুনিক ব্যাংকিং সিস্টেম, ই-কমার্স ওয়েবসাইট, সরকারি ডাটাবেস, শিক্ষা ব্যবস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্বাস্থ্যখাতের তথ্য ব্যবস্থাপনায় এই আর্কিটেকচারের ব্যবহার ব্যাপকভাবে দেখা যায়। এর মূল লক্ষ্য শুধু কার্যক্ষমতা বৃদ্ধি নয় বরং ব্যবহারকারীর তথ্যকে অননুমোদিত প্রবেশ, চুরি, বিকৃতি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা। থ্রি-টিয়ার আর্কিটেকচারকে অনেক সময় নিরাপত্তার ‘ডিজিটাল প্রাচীর’ বলা হয়।

কারণ এটি স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, যেখানে এক স্তর ভেঙে গেলেও অন্য স্তরগুলো ডাটাকে সুরক্ষিত রাখতে পারে। এই আর্কিটেকচারের প্রথম স্তর (প্রেজেন্টেশন লেয়ার) মূলত ব্যবহারকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে। এটি হতে পারে একটি ওয়েব ব্রাউজার, মোবাইল অ্যাপ বা ডেস্কটপ সফটওয়্যার ইন্টারফেস। এই স্তরের কাজ হলো ব্যবহারকারীর ইনপুট গ্রহণ করা এবং সিস্টেম থেকে প্রাপ্ত আউটপুটকে এমনভাবে উপস্থাপন করা, যাতে ব্যবহারকারী সহজে বুঝতে পারে। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক যখন অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে লগইন করেন, তখন তার ইউজারনেম ও পাসওয়ার্ড প্রেজেন্টেশন লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠানো হয় যাচাইয়ের জন্য।

দ্বিতীয় স্তর হলো অ্যাপ্লিকেশন বা বিজনেস লজিক লেয়ার, যা সিস্টেমের ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করে। এই স্তরে মূল নিয়ম, গণনা, যাচাই-বাছাই ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। এটি প্রেজেন্টেশন লেয়ার থেকে আসা তথ্য বিশ্লেষণ করে এবং প্রয়োজন অনুযায়ী ডাটা লেয়ারের সঙ্গে যোগাযোগ করে। তৃতীয় স্তর হলো ডাটা লেয়ার, যেখানে প্রকৃত ডাটা সংরক্ষিত থাকে। যেমনÑ ডাটাবেস সার্ভার, ফাইল সিস্টেম বা ক্লাউড স্টোরেজ। এই স্তর সরাসরি ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করে না, সব সময় অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে ডাটা আদান-প্রদান হয়।

এই তিনটি স্তরের মধ্যে স্পষ্ট বিভাজন থাকায়, একটি স্তরে সমস্যা দেখা দিলে অন্য স্তরগুলো তুলনামূলকভাবে নিরাপদ থাকে। উদাহরণস্বরূপ, যদি প্রেজেন্টেশন লেয়ারে কোনো ত্রুটি বা আক্রমণ ঘটে, তবুও সরাসরি ডাটাবেসে প্রবেশ করা সম্ভব হয় না, কারণ অ্যাপ্লিকেশন লেয়ার একটি মধ্যবর্তী নিরাপত্তা প্রাচীর হিসেবে কাজ করে। এই কাঠামোগত বিভাজনই থ্রি-টিয়ার আর্কিটেকচারের মূল শক্তি। থ্রি-টিয়ার আর্কিটেকচারের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, যাকে অনেক সময় ‘ডিফেন্স ইন ডেপথ’ বলা হয়। এই পদ্ধতিতে প্রতিটি স্তরে আলাদা আলাদা নিরাপত্তা নিয়ম ও প্রযুক্তি প্রয়োগ করা হয়, যাতে কোনো এক স্তর ভেঙে গেলেও অন্য স্তরগুলো ডাটাকে রক্ষা করতে পারে। প্রেজেন্টেশন লেয়ারে সাধারণত ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা বায়োমেট্রিক সিস্টেম ব্যবহৃত হয়। পাশাপাশি, এই স্তরে ইনপুট ভ্যালিডেশন করা হয়, যাতে ব্যবহারকারী ভুল বা ক্ষতিকর তথ্য পাঠাতে না পারে। অ্যাপ্লিকেশন লেয়ারে নিরাপত্তা আরও কঠোর হয়। এখানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, রোল-বেসড পারমিশন এবং সেশন ম্যানেজমেন্ট ব্যবহৃত হয়, যাতে কে কোন তথ্য দেখতে বা পরিবর্তন করতে পারবে তা নির্ধারণ করা যায়।

এই স্তরেই সাধারণত এনক্রিপশন ও ডিক্রিপশনের কাজ সম্পন্ন হয়, অর্থাৎ ডাটা পাঠানোর সময় তা গোপন কোডে রূপান্তরিত হয় এবং প্রাপকের কাছে পৌঁছে আবার স্বাভাবিক রূপে ফিরে আসে। ডাটা লেয়ারে সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হয়। যেমনÑ ফায়ারওয়াল, ডাটাবেস এনক্রিপশন, ব্যাকআপ সিস্টেম ও নিয়মিত অডিট। ডাটাবেস সার্ভার সাধারণত ইন্টারনেট থেকে সরাসরি অ্যাক্সেসযোগ্য হয় না, বরং কেবল অ্যাপ্লিকেশন সার্ভারের নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে সংযোগ গ্রহণ করে। এর ফলে হ্যাকার বা অননুমোদিত ব্যবহারকারী সরাসরি ডাটাবেসে প্রবেশ করতে পারে না। এই স্তরভিত্তিক নিরাপত্তা কৌশল থ্রি-টিয়ার আর্কিটেকচারকে আধুনিক সাইবার নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডাটা সুরক্ষার পাশাপাশি থ্রি-টিয়ার আর্কিটেকচার কার্যক্ষমতা ও স্কেলযোগ্যতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু প্রতিটি স্তর আলাদা সার্ভারে বা আলাদা পরিবেশে পরিচালিত হতে পারে, তাই সিস্টেমের চাহিদা বাড়লে নির্দিষ্ট স্তরটি সহজেই আপগ্রেড করা যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো ই-কমার্স ওয়েবসাইটে হঠাৎ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যায়, তবে প্রেজেন্টেশন লেয়ারের জন্য অতিরিক্ত ওয়েব সার্ভার যুক্ত করা যায়, ডাটাবেসে পরিবর্তন না করেই। একইভাবে, যদি ডাটা প্রসেসিংয়ের চাপ বাড়ে, তবে অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভার সংখ্যা বৃদ্ধি করা যায়। এই স্কেলযোগ্যতা সিস্টেমকে দীর্ঘমেয়াদে টেকসই করে তোলে। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও এই আর্কিটেকচার সুবিধাজনক। একটি স্তরে পরিবর্তন বা আপডেট করলে অন্য স্তরগুলোর ওপর তার প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে।

উদাহরণস্বরূপ, ইউজার ইন্টারফেসের নকশা পরিবর্তন করতে হলে শুধু প্রেজেন্টেশন লেয়ারেই কাজ করলেই চলে, ডাটাবেস বা বিজনেস লজিক পরিবর্তনের প্রয়োজন হয় না। এই পৃথকীকরণ ডেভেলপারদের কাজকে সহজ করে এবং ত্রুটি খুঁজে বের করাও দ্রুততর হয়। নিরাপত্তার দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ, কারণ কোনো দুর্বলতা চিহ্নিত হলে নির্দিষ্ট স্তরেই তা সমাধান করা যায়। ফলে পুরো সিস্টেম বন্ধ না করেই নিরাপত্তা আপডেট প্রয়োগ সম্ভব হয়। এই বৈশিষ্ট্যগুলো থ্রি-টিয়ার আর্কিটেকচারকে বড় প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। ডিজিটাল বিশ্বের ভবিষ্যৎ আরও বেশি ডাটানির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডাটার মতো প্রযুক্তির বিস্তারের ফলে তথ্যের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সাইবার হুমকির ঝুঁকিও। এই প্রেক্ষাপটে থ্রি-টিয়ার আর্কিটেকচারের মতো কাঠামোবদ্ধ ও নিরাপত্তা-কেন্দ্রিক মডেল আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। ভবিষ্যতে এই আর্কিটেকচারের সঙ্গে উন্নত এনক্রিপশন, স্বয়ংক্রিয় হুমকি শনাক্তকরণ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণ যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

এতে সিস্টেম নিজেই সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। শিক্ষাক্ষেত্রে থ্রি-টিয়ার আর্কিটেকচারের ধারণা অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা শুধু প্রযুক্তির ব্যবহারই নয়, বরং এর নিরাপত্তা ও নৈতিক দিক সম্পর্কেও সচেতন হবে। অর্থাৎ থ্রি-টিয়ার আর্কিটেকচার শুধু একটি প্রযুক্তিগত নকশা নয়, বরং এটি একটি দর্শন, যেখানে সংগঠন, স্বচ্ছতা ও নিরাপত্তাকে সমান গুরুত্ব দেয়।

লেখক : অধ্যাপক ও আইটি গবেষক, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়