স্কুলগুলোতে এখন চলছে ভর্তির মৌসুম। প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে নতুন ক্লাস ভর্তি এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির তোরজোর প্রায় সর্বত্রই। একইসঙ্গে অভিভাবকদের প্রবল উৎকণ্ঠ-উদ্বেগ ভর্তি ও পুনর্ভর্তির বিপুল টাকার যোগারযন্ত্র নিয়ে। দেশে প্রাথমিক শিক্ষা অবৈতনিক হলেও এখানেও ব্যয় কম নয়। সরকার থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হলেও খাতা, কলম, পেন্সিল, ইউনিফম সর্বোপরি বিদ্যালয়গুলোতে উন্নয়ন ফি, এটা সেটার নামে নানা অছিলায় অর্থ আদায় করা হয়। এক্ষেত্রে অভিভাবকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে এসবই মেনে নিতে বাধ্য হচ্ছেন নীরবে। আর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নামে-বেনামে ফি আদায়ের মহোৎসব। এ রকম একটি খাত পুনর্ভর্তি ফি।
\r\nসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এ ক্ষেত্রে একটি নিয়মনীতি থাকলেও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কোনো নিয়মনীতি মেনে চলার আদৌ কোনো বালাই নেই। কোথাও নেই জবাবদিহি। পুনর্ভর্তির নামে প্রতিবছর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ২ কোটি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আদায় করা হচ্ছে প্রতি বছর। এ নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবকমহলসহ শিক্ষাবিদদের মধ্যে। তাদের বক্তব্য, স্কুল একই, নিয়মিত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ, তারপরও কেন প্রতি বছর নতুন শ্রেণিতে ভর্তি, সেশন ও উন্নয়ন ফির নামে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। তাও এক এক স্কুলে এক এক রকম। কোথাও পুনর্ভর্তির নামে নেওয়া হচ্ছে ১২ হাজার, কোথাও ৭ হাজার আবার কোথাও ৫ হাজার টাকা।
ঢাকা ও বিভাগীয় শহরগুলোর বাইরে বিদ্যালয়গুলোতে এই ফি ন্যূনতম ৩ হাজার টাকা। এখানেই রয়েছে শুভঙ্করের ফাঁকি। \r\nপুনর্ভর্তি ফি নামে কোনো টাকা না নেওয়া হলেও এই ফর্ম পূরণ করতে হয় শিক্ষার্থীদের। এই ফর্মের মাধ্যমে সেশন ফি, উন্নয়ন ফিসহ বিভিন্ন নামে বড় অঙ্কের অর্থ আদায় করে নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অভিভাবকদেরও এ ক্ষেত্রে নীরবে অশ্রু বিসর্জন করা ছাড়া উপায় থাকে না। পুনর্ভর্তি ফি না বলে একে এক ধরনের চাঁদাবাজি বলে অভিহিত করেন কেউ কেউ। \r\nশিক্ষাবিদ, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে ২০২০ সালে এক বিদ্যালয় একবারই ভর্তি ফি শীর্ষক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে দীর্ঘ ৬ বছরেও তা কার্যকর হয়নি। অথচ এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমে আসত অনেকাংশে। কেননা, পুনর্ভর্তি ফি কোনো শিক্ষাগত প্রয়োজন নয়, কোনো প্রশাসনিক বাধ্যবাধকতাও নয়, এটি স্কুলগুলোর প্রাতিষ্ঠানিক আয়ের অপকৌশল, যা সময়ের সঙ্গে সঙ্গে নীরব চাঁদাবাজির রূপ নিয়েছে। সে অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের উচিত অগণিত শিক্ষার্থীসহ অভিভাবকদের দিকে চেয়ে অবিলম্বে এটি বন্ধের উদ্যোগ নেওয়া।
