বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) দেশের সর্ববৃহৎ বহুফসলভিক্তিক গবেষণা প্রতিষ্ঠান। কৃষি মন্ত্রণালয়ের অধীন গবেষণা প্রতিষ্ঠানটি ১৯৭৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বনামধন্য এ গবেষণা প্রতিষ্ঠানটি ফসলের উৎপাদনশীলতা ও সামগ্রিক উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ২১১টি ফসল নিয়ে বহুমুখী গবেষণা পরিচালনা করে থাকে। উল্লেখিত ফসলের মধ্যে ডাল ও তেল জাতীয় ফসল, সব্জি, ফল, কন্দাল ফসল, মসলা জাতীয় ফসল, অপ্রধান দানা জাতীয় ফসল ও ফুল অন্তর্ভুক্ত। বিজ্ঞানীদের নিরলস কর্মপ্রচেষ্টা ও সকলের ঐক্যান্তিক সহযোগিতা এবং সরকারের নীতি-সহায়তায় বারি এ যাবৎ ৬৭৭টি উচ্চ ফলনশীল ফসলের জাত (হাইব্রিডসহ) ও ৬৭২টি উৎপাদন প্রযুক্তিসহ মোট ১৩৪৯টি প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এসব প্রযুক্তিসমূহ দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বিশাল অবদান রেখে চলেছে।

গত ৫ নভেম্বর, ২০২৫ তারিখে বারি, গাজীপুরে অনুষ্ঠিত বাৎসরিক ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা এবং কর্মসূচি প্রণয়ন কর্মশালা ২০২৫-এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘দেশের কৃষক লাভবান হবে এই বিষয়টি মাথায় রেখে গবেষণা কর্মসূচী প্রণয়ন করতে হবে। এর ফলে পযায়ক্রমে সবাই উপকৃত হবে।’ বিশেষ অতিথি হিসাবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বিজ্ঞানীদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক-নির্দেশণা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ কর্তৃক দেওয়া এক সারগর্ভ ও তথ্যবহুল মূল উপস্থাপনা থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।

উক্ত তথ্যমতে, উদ্ভাবিত জাতসমূহের মধ্যে মেগা ভ্যারাইটি হিসাবে গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টমেটো-৮ দেশের বেশকিছু অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষকরে সাতক্ষীরার কলারোয়া, যশোর ও ব্রাক্ষ্মণবাড়িয়া উল্লেখযোগ্য। এ জাতের টমেটোর ফলন প্রতিহেক্টরে ৪০-৪৫ টন। এছাড়াও মেগা ভ্যারাইটি হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছে বারি মিষ্টিকুমড়া-২, বারি সীম-১, বারি মূলা-১ এবং বারি লালশাক-১। ফলের মধ্যে জনপ্রিয় জাতের মধ্যে বারি আম-৪ (হাইব্রিড), বারি মাল্টা-১ যা সবুজ মাল্টা হিসাবে পরিচিত। তেলজোতীয় ফসলের মধ্যে স্বল্পকালীন (৭৫-৮০ দিন) জাত হিসাবে বারি সরিষা-১৪ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। যার বদৌলতে আমদানি নির্ভরতা উল্লেখযোগ্য পরিমান কমেছে।

বারি সরিষা-১৪ জাত পুরনো বিধায় বিকল্প হিসাবে নতুন জাত বারি সরিষা-২০ কে চাষাবাদের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। যার ফলন বারি সরিষা-১৪ এর চাইতে ১০-১৫ গুণ বেশি। ক্যানোলা টাইপ বারি সরিষা-১৮ যার ইরোসিক এসিড এর মাত্রা কম (১.০৬%) এবং তেলের পরিমাণ ৪০-৪২%। এ জাতটির ফলন বেশি হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। সূর্যমূখী তেল গুণে-মানে বেশ সমৃদ্ধ। বারি সূর্যমুখী-৩ একটি খাটো জাতের (গাছের গড় উচ্চতা ৭৬ সে.মি.) উচ্চ ফলনশীল জাত যা উপকূলীয় এলাকায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এ জাতে তেলের পরিমান ৪০-৪২%। দেশে তেলের উৎপাদন চাহিদার মাত্র ১২% পূরণ করে থাকে। তাই তেলজাতীয় ফসলের আবাদবৃদ্ধির মাধ্যমে চাহিদার ৪০% পযর্ন্ত পূরণের লক্ষ্যমাত্রা রয়েছে। ডাল পুষ্টিসমৃদ্ধ খাবার। পুষ্টি নিরাপত্তা ও আমদানিনির্ভরতা কমাতে ডালজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির বিকল্প নেই। ডাল ফসলের জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে বারি মুগ-৬ এবং বারি মসুর-৮। যদিও ৭টি ডালজাতীয় ফসলের ৪৩টি বারি উদ্ভাবিত জাত রয়েছে। এসব জাত দেশে ডালের চাহিদার প্রায় ৪০% পূরণ করে থাকে।

গতবছর আলুর অতিরিক্ত উৎপাদন হওয়ায় আলুর দাম বেশ কম। আলু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানির ব্যবস্থা করা গেলে কৃষক অধিক মূল্য পাওয়ার নিশ্চয়তা থাকে। বারি এ যাবত ১০৬টি উচ্চ ফলনশীল আলুর জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। তার মধ্যে অধিক জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে বারি আলু-৭ (ডায়মন্ট), বারি আলু-২৫ (এসটেরিক্স), বারি আলু-২৮ (লেডি রোজেটা) ও বারি আলু-২৯ (কারেজ)। এছাড়া বেশ জনপ্রিয় আলুর জাতের মধ্যে রয়েছে বারি আলু-৬২, যা সাধারণ তাপমাত্রায় ৬-৭ মাস পর্যন্ত ঘরে সংরক্ষন করা যায়। তাপসহনশীল জাতের মধ্যে রয়েছে বারি আলু-৭৩ এবং শূন্য চাষে লবণাক্ততা সহনশীল জাতের মধ্যে রয়েছে বারি আলু-৭২। স্বল্পকালীন (৬০-৬৫ দিন) জনপ্রিয় আলুর জাতের মধ্যে রয়েছে বারি আলু-৭৯ ও বারি আলু-৮৬ (৫৫-৬০ দিন)। আলুর লেইট-ব্লাইট রোগ একটি মারাত্বক রোগ। এ রোগ সহনশীল জাতের মধ্যে বারি আলু-৯০ (এলোয়েট) দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিটা ক্যারোটিন সমৃদ্ধ বারি মিষ্টি আলু-১৬ এবং এ্যান্থোসায়ানিন সমৃদ্ধ বারি মিষ্টি আলু-১৭ বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

বারি উদ্ভাবিত মসলাজাতীয় উচ্চ ফলনশীল জাতসমূহ আভ্যান্তরীণ উৎপাদন বাড়িয়ে ক্রমান্বয়ে আমদানিনির্ভরতা কমিয়ে আনতে ভূমিকা রাখছে। মসলাজাতীয় ফসলের অনেকগুলি জাতের মধ্যে বারি পেঁয়াজ-৫ (গ্রীষ্মকালীন), বারি পেঁয়াজ-৬ (শীতকালীন), বারি রসুন-২ এবং বস্তায় আদা চাষ প্রযুক্তি দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে, দেশে ফুলের রয়েছে বেশ কদর। বিভিন্ন উৎসব উৎযাপনে এর মূল্য বহুগুণ বেড়ে যায়। এটি শুধু সৌন্দযের প্রতীক নয়, বরং এর রয়েছে অর্থনৈতিক মূল্য। বারি উদ্ভাবিত ফুলের জাতের মধ্যে বারি লিলিয়াম-১, বারি লিলিয়াম-২ এবং বারি লিলিয়াম-৩ কৃষক পর‌্যায়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

ফসলের অপচয়রোধ ও মূল্য সংযোজনের জন্য বারি’র বেশ কিছু উল্লেখযোগ্য প্রযুক্তি রয়েছে, যা উদ্যোক্তাদের জন্য উৎসাহ যোগায়। যেমন কাঁঠালের চিপস, ক্যান্ডি, আনারসের জেলি, পেয়ারার জেলি, বেগুনের আচার, টমেটো কেচাপসহ আরো অনেক। বারি নিরাপদ খাদ্য উৎপাদনে বেশ গুরুত্ব দিয়ে থাকে। এর রয়েছে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি, সেক্স ফেরোমেন ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ, বিভিন্ন রকম বায়ো-পেস্টিসাইড। খামার যান্ত্রীকীকরণ ফসলের উৎপাদনশীলতা যেমন বাড়ায় তেমনি সময় ও খরচ কমায়। বারি’র বেশ উল্লেখযোগ্য সংখ্যাক খামার যান্ত্রীকীকরন প্রযুক্তি বিদ্যমান। তারমধ্যে জনপ্রিয়তা পেয়েছে বারি সোলার পাম্প, বারি রিপার, বারি সিডার (পিটিওএস), বারি মেইজ সেলার।

পাহাড়ি এলাকার উপযোগী বারি কফি-১ ও বারি কফি-২ ব্যাপক জনিপ্রিয়তা পাচ্ছে। ব্লু-ইকোনমিকে গুরুত্ব দিয়ে বারি সী-উইড-১ ও বারি সি-উইড-২ জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে যা চাষাবাদ করে কক্সবাজারে অনেক নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে ও কর্মসংস্থান বাড়ছে। ভাসমান বেডে কৃষি প্রযুক্তি ও উচ্চমূল্য ফসল চাষাবাদের জন্য বারি’র রয়েছে সংরক্ষণমূলক কৃষি পদ্ধতি যা যথাযথভাবে বিস্তার ঘটানো গেলে কৃষকের আয় বাড়বে। বারি কর্তৃক উদ্ভাবিত বসতবাড়ির আঙিনায় বছরব্যাপী বিভিন্ন সব্জি উৎপাদনের মডেল যেমন: কালিকাপুর মডেল, গয়েশপুর মডেল ইত্যাদি পারিবারিক পুষ্টি নিরাপত্তায় বেশ অবদান রাখছে। বারি’র এক অর্থনৈতিক গবেষণায় দেখা যায়, ডাল ফসলের বিনিয়োগ আয় অনুপাত ৯.২৫ যা তেল ফসলের জন্য ৩.১৫, সব্জি ফসলের জন্য ১০.৭৭ এবং গমের জন্য ১৭.০০ অর্থাৎ এসব ফসলে বিনিয়োগ অর্থনৈতিকভাবে লাভজনক। সুতরাং বারি’র উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ কৃষকের দোরগোড়ায় ব্যাপক আকারে বিস্তার ঘটাতে পারলে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরো বেগবান হবে এবং দেশ অর্থনৈতিকভাবে আরো সুদৃঢ় হবে।

লেখক: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি। jamaluddin1971@yahoo.com