বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর সার্বিক সংস্কারের অঙ্গীকার নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের এ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বীমা খাত এক গুরুত্বপূর্ণ রূপান্তর পর্বের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ প্রেক্ষাপটে বর্তমান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের পর সুশাসন জোরদার, আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বীমা খাতকে আধুনিকায়নের লক্ষ্যে একটি সার্বিক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় মোট ৭৫টি সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন কাজ চলমান এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির পথে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করছে।
চলমান এসব উদ্যোগের মূল লক্ষ্য বীমা গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করা, শেয়ারহোল্ডারদের সুরক্ষা দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএর নিয়ন্ত্রক সক্ষমতা বৃদ্ধি করা এবং একটি আস্থাপূর্ণ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর বীমা বাজার গড়ে তোলা। আইডিআরএ প্রশাসনিক সংস্কার, আইনি সংস্কার ও ডিজিটাল সংস্কার– এ তিন ভাগে ভাগ করে বিরাজমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এর সংস্কার কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
আইনি সংস্কার এ লক্ষ্যে বীমা আইন, ২০১০ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর, সময়োপযোগী, অংশীজনবান্ধব এবং আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। পাশাপাশি বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬ প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে দুর্বল বা সংকটাপন্ন, ধ্বংসপ্রায় বীমা প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং পলিসি হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশ চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অধ্যাদেশ, ২০২৬ ও বাংলাদেশ অ্যাকচুয়ারি অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে পেশাগত উন্নয়ন ও বীমা খাতে পেশাদারিত্ব সৃষ্টির পথ সুগম হচ্ছে।
এ ছাড়া সলভেন্সি মার্জিন, ব্যবস্থাপনা ব্যয়, করপোরেট গভর্ন্যান্স, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ, এজেন্ট, জরিপকারী ও উপদেষ্টা সংক্রান্ত একাধিক বিধি ও নির্দেশিকা সংশোধন বা নতুনভাবে প্রণয়ন করা হয়েছে। জাতীয় বীমা নীতি ২০১৪ পরিবর্ধন ও পরিমার্জনপূর্বক ‘জাতীয় বীমা নীতি, ২০২৫-৩০’ প্রণয়ন করা হয়েছে। এসব সংস্কারের মাধ্যমে লাইফ ও নন-লাইফ উভয় বীমা খাতে আর্থিক সক্ষমতা, জবাবদিহি ও পেশাগত মান উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে বলে আশা করা যায়।
ডিজিটাল রূপান্তর/ সংস্কার আইডিআরএর সংস্কার কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অর্জন হলো ডিজিটাল গভর্ন্যান্সে অগ্রগতি। রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স, ২০২৩-এর সংশোধন, রেগুলেটরি টেকনোলজি ও সুপারভাইজরি টেকনোলজি বাস্তবায়নের মাধ্যমে তাৎক্ষণিক তদারকি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বেড়েছে। আগের ইউনিফায়েড মেসেজিং প্ল্যাটফর্মকে উন্নীত করে ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে, যা একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম হিসেবে কাজ করছে।
এই সিস্টেমের আওতায় পলিসি হোল্ডার পোর্টাল, মোবাইল অ্যাপ, এজেন্ট লাইসেন্সিং, ই-কেওয়াইসি, ইলেকট্রনিক রিপোর্টিং, সেন্ট্রাল ডেটা ওয়্যারহাউস, বিজনেস ইন্টেলিজেন্সসহ বিভিন্ন সেবা একীভূত করা হয়েছে। ফলে সেবা প্রদান, স্বচ্ছতা ও অংশীজনের প্রবেশগম্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ ছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ শেষ পর্যায়ে, যা আইডিআরএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনে ২০২৬ সালে চালু হবে। ইআরপি সিস্টেম, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজাস্টার রিকভারি অবকাঠামো, সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি), ডিজিটাল পে-রোল ও অ্যাকাউন্টিং সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কার্যক্রম আধুনিকায়ন করা হচ্ছে।
প্রাতিষ্ঠানিক সংস্কার সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থাপনা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক প্রতিযোগিতার জন্য আইডিআরএ বীমা কোম্পানিগুলোর জন্য গ্রেডিং ব্যবস্থা চালুর সঙ্গে নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম শক্তিশালী করেছে। ঝুঁকিভিত্তিক দায় মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানে বিশেষ নিরীক্ষা পরিচালনা করছে। একই সঙ্গে যোগ্য ও দক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করতে মানসম্মত চেকলিস্ট ও পুলভিত্তিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আবেদনের প্রেক্ষিতে নন-লাইফ সেক্টরের শৃঙ্খলা বজায় রাখতে কমিশন প্রথা স্থগিত করা হয়েছে।
পলিসি হোল্ডার সুরক্ষা পলিসি হোল্ডারদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে অফসাইট সুপারভিশন জোরদার করা হয়েছে; ডিজিটাল বীমা দাবি নিষ্পত্তি অ্যাপ্লিকেশন উন্নয়নের উদ্যোগ চলছে এবং গ্রাহকদের অভিযোগ ও জিজ্ঞাসা নিষ্পত্তির জন্য একটি বিশেষায়িত কল সেন্টার স্থাপিত হয়েছে। বিরোধ নিষ্পত্তি কমিটিগুলোও পুনর্গঠন করা হয়েছে। এ ছাড়া ন্যাশনাল কোর ইন্স্যুরেন্স সলিউশন (এনসিআইএস) সিস্টেম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সব বীমাকারী একই প্ল্যাটফর্মের আওতায় আসবে এবং সব ধরনের দুর্নীতি, সম্পদ আত্মসাৎ ও অনিয়ম স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ হবে।
সাইফুন্নাহার সুমি: মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কনসালট্যান্ট, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)
