স্মার্টফোন ও ফিচার ফোন মিলিয়ে দেশে বছরে প্রায় পাঁচ কোটি মোবাইল হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। দেশীয় ও বহুজাতিক মিলিয়ে বর্তমানে মোট ১৭টি ব্র্যান্ড দেশেই মোবাইল হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদন করছে। ধারণা করা হয়, চাহিদার ৩০ থেকে ৪০ শতাংশ স্মার্ট ফোনসেট আমদানি করা হয়। সমস্যা হচ্ছে, আমদানির প্রায় পুরোটাই দেশের বাজারে ঢুকছে অবৈধ উপায়ে। বিটিআরসি বলছে, অবৈধভাবে আমদানি করা ফোনসেটের কারণে সরকার বছরে অন্তত ৫০০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এনইআইআর অবৈধ হ্যান্ডসেট বিক্রি বন্ধের পাশাপাশি টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে বিগত সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) প্রকল্প হাতে নেয়। ২০২১ সালের জুলাই মাসে এটি চালুর কথা থাকলেও অদৃশ্য কারণে সম্ভব হয়নি।
রাজস্ব ফাঁকি রোধসহ সিম সংক্রান্ত অপরাধ, আর্থিক লেনদেন, জুয়া, ফোন চুরি, ছিনতাই রোধসহ নানা ধরনের ডিজিটাল অপরাধ কমাতে ফের এনইআইআর কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারও। এটি বাস্তবায়িত হলে মোবাইল সিমের মতো হ্যান্ডসেটও নিবন্ধন করতে হবে। দেশে তৈরি এবং বৈধভাবে আমদানীকৃত হ্যান্ডসেটই কেবল নিবন্ধন করা যাবে। এ ব্যবস্থায় বৈধ হ্যান্ডসেট বিক্রির সময়ই আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করা হবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। ব্যবস্থাটি রাষ্ট্রীয় ও ব্যক্তি নিরাপত্তায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
উৎপাদক বনাম আমদানিকারক দেশের হ্যান্ডসেট নির্মাতারা চান এনইআইআর কার্যক্রমের দ্রুত বাস্তবায়ন। দেশের ক্ষুদ্র ও মাঝারি হ্যান্ডসেট বিক্রেতা ও আমদানিকারকদের দাবি, এনইআইআর চালুর পাশাপাশি বিটিআরসি ‘বেতার যন্ত্রপাতি আমদানি, ব্যবহার, বাজারজাতকরণ এবং তালিকাভুক্তি সনদ গ্রহণের নির্দেশিকা-২০২৪’এ আমদানির সুবিধা প্রায় সম্পূর্ণ সংকুচিত হয়েছে। নির্দেশিকা অনুযায়ী যেসব মডেলের ফোন দেশে তৈরি হবে সেগুলো বিদেশ থেকে আমদানি করা যাবে না। মোবাইল হ্যান্ডসেট আমদানির অনুমতি পেতে বিটিআরসিতে আবেদনের সঙ্গে মূল নির্মাতা কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র জমা দিতে হবে। তারা চান মোবাইল হ্যান্ডসেট আমদানির সম্পূর্ণ প্রক্রিয়াকে সহজ করে শুধু শুল্ক পরিশোধের নথিপত্র বিটিআরসিতে জমা দেওয়া সাপেক্ষে হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের সুবিধা দেওয়া হোক। ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদিত মডেলগুলোও আমদানি করা না গেলে নির্মাতা কোম্পানিগুলো বাজারের একচেটিয়া নিয়ন্ত্রণ পাবে। তারা ইচ্ছামতো উচ্চমূল্যে ফোন বিক্রি করতে পারবে। ব্যবসায়ীদের এমন আশঙ্কা কি একেবারে উড়িয়ে দেওয়া যায়?
মূল নির্মাতা কোম্পানি ছাড়া কোনো পরিবেশক থেকে ফোনসেট আমদানি করা যাবে না– এমন নিয়মের কারণে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা আমদানির কোনো সুযোগই পাবে না। ফলে হ্যান্ডসেট আমদানির বাজারটাও এক-দুটি বড় প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়তে পারে। বড় সমস্যা, ইতোমধ্যে দোকানে থাকা হ্যান্ডসেটগুলো ১৬ ডিসেম্বরের মধ্যে বিক্রি করা প্রায় অসম্ভব। আমদানির জন্য ইতোমধ্যে যেসব অর্ডার করা হয়েছে, শুল্ক পরিশোধ সাপেক্ষে সেগুলো বিক্রির সুযোগ না দেওয়া অন্যায্য হবে।
হ্যান্ডসেট আমদানির ওপর বর্তমানে ৫৭ শতাংশ শুল্ক প্রযোজ্য, যেখানে দেশীয় সংযোজন কোম্পানিগুলোর ক্ষেত্রে এই শুল্কহার ১৫ শতাংশ পর্যন্ত। আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ (উচ্চমূল্যের ফোন) দেশে এখনও তৈরি হয় না। শুল্ক পরিশোধ করে বৈধভাবে আমদানীকৃত আইফোনের মতো উচ্চমূল্যের ফোনের দাম হবে কয়েক গুণ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, হ্যান্ডসেটের বাজারমূল্য কমানোসহ উৎপাদন ও আমদানি পর্যায়ে কর কাঠামো পুনর্বিবেচনায় কাজ করবেন। কিন্তু বর্তমান সরকারের হাতে আছে মাত্র তিন মাস। এত অল্প সময়ে সব সমাধা করার আশ্বাস কতটুকু নির্ভরযোগ্য? তিনি গত এক বছরে বহুবার মোবাইল ইন্টারনেটের দাম কমানোর কথা বলেছেন; সেটা কতটুকু পেরেছেন?
মধ্যরাতের তুঘলকি কাণ্ড এনইআইআর প্রক্রিয়া সামনে রেখে যখন ব্যবসায়ীরা তাদের দাবিদাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করতে গেলেন, তখন ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেল ও ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে বুধবার গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। সোহেল এ সংবাদ সম্মেলন আয়োজনে কাজ করছিলেন। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে বিনা ওয়ারেন্টে আটকের ১০ ঘণ্টা পর সোহেল ও পিয়াসকে মুক্তি দেওয়া হয়। মিজানুর রহমান সোহেলের অভিযোগ, তাদের আটকের পেছনে আইসিটি ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর হাত রয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এ অভিযোগ অস্বীকার করলেও তাঁর ফেসবুকে সর্বশেষ কয়েকটি স্ট্যাটাসে এ ব্যবসায়ী গোষ্ঠীকে ‘লাগেজ পার্টি’ বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন।
ঘটনার পরম্পরা বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলকেই স্মরণ করিয়ে দেয়। হ্যান্ডসেট ব্যবসায়ীরা যখন সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে যৌক্তিক দাবি নিয়ে কথা বলতে গেল, তখনই রাতের অন্ধকারে দুজনকে তুলে নিয়ে যাওয়ার পেছনে কে বা কারা, সরকারকেই পরিষ্কার করতে হবে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এনইআইআর চালুর উদ্যোগ নিশ্চয় সাধুবাদযোগ্য। হ্যান্ডসেট উৎপাদন ও সংযোজনে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক, কে না চায়! বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে হ্যান্ডসেট রপ্তানি করতে মানের পাশাপাশি বাজারমূল্যেও প্রতিযোগিতামূলক হতে হবে। এ জন্য মনোপলি রোধে আমদানির পথও খোলা রাখতে হবে। সবকিছুর জন্যই আলোচনার টেবিল সবার জন্য উন্মুক্ত থাকতে হবে; ছোট ও মাঝারি মানের খুচরা বিক্রেতাদের আস্থায় নিয়ে সরকারকে আলোচনা করতে হবে। তার বদলে ক্ষমতার অযাচিত দাপট কেন?
হাসান জাকির: সহকারী সম্পাদক, সমকাল
