পরিবেশের ভারসাম্য রক্ষার প্রধান দায়িত্ব মানুষের ওপর। মানুষ তার নিজ চাহিদা মেটাতে পরিবেশ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকে। এ সকল সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সময়ে মানুষের দ্বারা পরিবেশ নানামুখী ক্ষতির সম্মুখীন হয়। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। কখনো কখনো ভারসাম্য হারিয়ে ফেলার কারণে পরিবেশের বাস্তুসংস্থানের ওপর বিরূপ প্রভাব পড়ে। এভাবে পরিবেশ থেকে বিভিন্ন ধরনের পশু-পাখি, পোকামাকড় ও বৃক্ষের বিলুপ্ত ঘটে। এতে বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যায়। পরিবেশ থেকে শিম্পাঞ্জি ও ডাইনোসর বিলুপ্তির ঘটনা আমাদের সকলেরই জানা। বিগত কয়েকবছর যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, পরিবেশে উপস্থিত থাকা জোনাকি পোকা রাতের অন্ধকারে বন-জঙ্গলের মধ্যে আর টিপটিপ মৃদু আলো ছড়াচ্ছে না।

যা মূলত পরিবেশ থেকে জোনাকি পোকার বিলুপ্তি হওয়াকে নির্দেশ করে। মূলত বনজঙ্গল ধ্বংস, অপরিকল্পিত নগরায়ণ, বৈদ্যুতিক আলোর উপস্থিতি ইত্যাদি বিষয়গুলো জোনাকি পোকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার প্রধান অন্তরায়। পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার মতো মনুষ্য সৃষ্ট এই সকল অপরিকল্পিত কর্মকাণ্ডগুলো প্রাণীজগতে সমস্যার সাথে মানুষের ওপরেও বিরূপ প্রভাব ফেলছে। এক্ষেত্রে পরিবেশ রক্ষায় ব্যক্তিপর্যায় থেকে শুরু করে পরিবেশবিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে এমনসব কর্মকাণ্ডে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেমিনার, লিফলেট বিতরণ ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমেও সর্বত্র সচেতনতা সৃষ্টি করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। কার্যকর পদক্ষেপই পারে নতুন করে রাতের অন্ধকারে বাসা-বাড়ির আঙিনায় জোনাকি পোকার টিপটিপ মৃদু আলো ছড়ানো দেখাতে।