পুরো পৃথিবীতেই অর্থনীতির ক্ষেত্রে জাতীয়তাবাদের প্রবণতা বাড়ছে। গুরুত্বপূর্ণ শিল্প, প্রযুক্তি ও সাপ্লাই চেইনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় শক্তিধর দেশগুলো ক্রমেই বেশি মনোযোগী হচ্ছে। এ পরিস্থিতিতে আসিয়ানের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বাধা বাড়লে প্রত্যেকের অর্থনৈতিক সম্ভাবনা সংকুচিত হবে। বরং আঞ্চলিক সংহতি বৃদ্ধি এবং বৃহত্তর অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে আসিয়ানকে আরো শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, ভূরাজনৈতিক অস্থিরতা ও ভূ-অর্থনৈতিক প্রতিযোগিতা প্রতিটি বিষয়ই দেশগুলোকে আত্মকেন্দ্রিক হওয়ার দিকে ঠেলে দিতে পারে। অথচ এসব প্রতিকূলতা মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বৃহৎ শক্তিগুলোর মধ্যকার মতপার্থক্য আসিয়ান দেশগুলোর নিয়ন্ত্রণে নেই। তবে এ বিভাজনের মধ্যেও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার সেতুবন্ধ হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এজন্য আসিয়ানকে অংশীদারদের আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য নীতিমালা প্রণয়ন, আইনের শাসন নিশ্চিত করা, প্রতিশ্রুতি রক্ষা এবং অনিয়মের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেয়া জরুরি। যুক্তরাষ্ট্র ও চীনসহ অন্যান্য অংশীদারের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক বাণিজ্য ও ডিজিটাল সংযোগ সহজ করার মধ্য দিয়ে আসিয়ানের অর্থনৈতিক বিকল্প ও সক্ষমতা বাড়াতে হবে।
[এশিয়া ফিউচার সামিটে দেয়া বক্তব্যে]
গ্যান কিম ইয়ং : সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী
