বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে গভীর নগর সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। জনসংখ্যার অতিরিক্ত চাপ, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশ দূষণ, যানজট, আবাসন সংকট এবং নাগরিক সেবার সীমাবদ্ধতা- সব মিলিয়ে ঢাকা ক্রমেই বসবাসের অযোগ্য নগরের তালিকায় উঠে আসছে। এই বাস্তবতায় রাজধানীকে টেকসই, মানবিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নগরে রূপান্তরের জন্য নতুন নগর দর্শন ও বিকল্প কেন্দ্র গড়ে তোলা ছাড়া কার্যকর কোনো উপায় নেই। এই প্রেক্ষাপটে বৃহত্তর কেরানীগঞ্জ ঢাকা কেবল একটি সম্ভাবনা নয়, বরং এটি সময়ের অবধারিত দাবি।\r\nকেরানীগঞ্জ ও ঢাকার উৎপত্তির ঐতিহাসিক ধারাবাহিকতা-\r\nঢাকা অঞ্চলের নগরায়ণের সূচনা ঘটে ১৬০৮ খ্রিস্টাব্দে, যখন মুঘল সুবাদার ইসলাম খান চিশতি ঢাকাকে (তৎকালীন জাহাঙ্গীরনগর) বাংলার রাজধানী ঘোষণা করেন।
সেই সময় থেকেই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে ঢাকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ শুরু হয়। ঢাকার ইতিহাস কোনো একক তীরের ইতিহাস নয়; বরং এটি বুড়িগঙ্গার দুই তীর জুড়ে বিস্তৃত এক নদীকেন্দ্রিক সভ্যতার ফসল। কেরানীগঞ্জ সেই সভ্যতার অবিচ্ছেদ্য অংশ।\r\nযদিও প্রশাসনিকভাবে কেরানীগঞ্জ উপজেলা হিসেবে গঠিত হয় ১৯৮৫ সালে, বাস্তবে এটি শত শত বছর ধরে ঢাকার খাদ্য সরবরাহ, নৌ-বাণিজ্য, কুটির শিল্প ও শ্রমশক্তির প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে এসেছে। কাজেই কেরানীগঞ্জকে আলাদা কোনো প্রান্তিক অঞ্চল হিসেবে দেখার সুযোগ নেই; এটি ঢাকার ইতিহাস ও ভবিষ্যৎ উভয়েরই অংশ।\r\nবুড়িগঙ্গা অববাহিকা : নদীকেন্দ্রিক নগর পুনর্জাগরণের সুযোগ-\r\nবিশ্বের প্রায় সব সফল ও সভ্য নগর নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।
লন্ডন, প্যারিস, সিউল কিংবা সিঙ্গাপুর- সব নগরই এক সময় নদী দূষণের সংকটে পড়েছিল। কিন্তু পরিকল্পিত রাষ্ট্রীয় উদ্যোগে নদীকে তারা নগরের প্রাণকেন্দ্রে রূপান্তর করেছে। বুড়িগঙ্গাও সেই সম্ভাবনা ধারণ করে। কেরানীগঞ্জের সবচেয়ে বড় সম্পদ হলো বুড়িগঙ্গা নদীর বিস্তৃত দক্ষিণ তীর। পরিকল্পিত নদী শাসন, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ, নদী তীর উন্মুক্ত জনপরিসর, নৌ-পরিবহন এবং নদীকেন্দ্রিক পর্যটন কার্যক্রম চালু করা গেলে বুড়িগঙ্গা আবারও ঢাকার প্রাণরেখায় পরিণত হতে পারে। নদীকে দূষণের ভাগাড় নয়, বরং জনজীবন, সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্রে ফিরিয়ে আনার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওপর জনসংখ্যা ও প্রশাসনিক চাপ ইতোমধ্যেই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
এই চাপ কমাতে এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বৃহত্তর কেরানীগঞ্জকে স্বতন্ত্র মডেল সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা অপরিহার্য। বিকেন্দ্রীকৃত প্রশাসনভিত্তিক নির্বাচিত জনপ্রতিনিধি ও পেশাদার নগর ব্যবস্থাপক সমন্বিত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও জবাবদিহিমূলক কাঠামোসম্পন্ন এটি কেবল প্রশাসনিক সংস্কার নয়; এটি হবে ঢাকার সামগ্রিক নগর সংস্কারের ভিত্তি। কেরানীগঞ্জে এখনো পরিকল্পিত নগরায়ণের সুযোগ রয়েছে। এই সুযোগ নষ্ট না করে রাষ্ট্রীয়ভাবে-\r\nআবাসিক, শিক্ষা, শিল্প ও ঐতিহ্যভিত্তিক আলাদা অঞ্চল নির্ধারণ\r\nগণপরিবহনভিত্তিক নগর বিন্যাস\r\nপুরান ঢাকার ঐতিহ্যবাহী শিল্প, খাদ্যসংস্কৃতি ও হস্তশিল্প রক্ষায় গড়ে তুলতে হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
পুরান ঢাকার ঐতিহ্য ধ্বংস করে নয়, বরং সেই ঐতিহ্যকে আধুনিক অর্থনীতির সঙ্গে যুক্ত করেই কেরানীগঞ্জকে গড়ে তুলতে হবে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী আধুনিক নগরের ভিত্তি হলো পরিবেশগত ভারসাম্য ও মানবিক জনজীবন। কেরানীগঞ্জে-নদী দূষণ রোধ, সবুজ ও খোলা জায়গা, বন্যা ও জলাবদ্ধতা সহনশীল অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, নিশ্চিত করা গেলে এটি বাংলাদেশের প্রথম প্রকৃত পরিবেশবান্ধব নগরের উদাহরণ হতে পারে।\r\nশিক্ষা, ব্যবসা ও অর্থনৈতিক রূপান্তর-\r\nকেরানীগঞ্জের ভৌগোলিক অবস্থান এটিকে শিক্ষা, গবেষণা ও নদীভিত্তিক বাণিজ্যের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ দেয়।
এখানে-আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা কেন্দ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য শিল্পাঞ্চল, নদীকেন্দ্রিক পণ্য পরিবহন ও বাণিজ্য গড়ে উঠলে কেরানীগঞ্জ ঢাকার বিকল্প অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত হবে।\r\nএকটি নগরের সাফল্য পরিমাপ হয় সেখানে বসবাসকারী মানুষের জীবনমান দিয়ে। কেরানীগঞ্জে- নিম্ন, মধ্য ও উচ্চ আয়ের মানুষের জন্য সমন্বিত আবাসন, আধুনিক স্বাস্থ্যসেবা, নারী, শিশু ও প্রবীণবান্ধব নগর নকশা, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থাগার গড়ে তোলা গেলে এটি হবে মানবিক নগর জীবনের দৃষ্টান্ত।\r\nকেরানীগঞ্জের মতো রাজধানীর নিকটবর্তী, নদী, সড়ক ও নৌপথের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা, সাংস্কৃতিক ভিত্তি এবং উন্নয়নযোগ্য বিস্তৃত ভূমি। বাংলাদেশের আর কোনো অঞ্চলে একত্রে নেই।
তাই ঢাকার মান উন্নয়নে কেরানীগঞ্জই সবচেয়ে বাস্তবসম্মত ও টেকসই বিকল্প।\r\nকেরানীগঞ্জ কেবল একটি প্রশাসনিক এলাকা নয়, এটি ঢাকার অতীত, বর্তমান ও ভবিষ্যতের সংযোগস্থল। ১৬০৮ সালে ঢাকার জন্মের ইতিহাসে যেমন বুড়িগঙ্গা ও কেরানীগঞ্জ অবিচ্ছেদ্য ছিল, তেমনি আগামীর ঢাকাকে বাসযোগ্য, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন নগরে রূপ দিতে বৃহত্তর কেরানীগঞ্জকে মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলা ছাড়া আর কোনো উন্নত বিকল্প নেই। অতএব, আগামী নির্বাচিত সরকারের কাছে জোর দাবি জানাই বৃহত্তর কেরানীগঞ্জ ঢাকা মডেল সিটি করপোরেশন বাস্তবায়ন হোক রাষ্ট্রীয় অগ্রাধিকার। এটি কেবল একটি নগর প্রকল্প নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ নগর সভ্যতার দিকনির্দেশনা।
\r\nনীতি সংস্কার ও বাস্তবায়ন কাঠামোর চূড়ান্ত প্রস্তাব-\r\nবৃহত্তর কেরানীগঞ্জকে মডেল সিটি করপোরেশনে রূপান্তরের প্রথম ও মৌলিক শর্ত হলো একটি বিশেষ রাষ্ট্রীয় আইন প্রণয়ন। সাধারণ পৌরসভা বা সিটি করপোরেশন কাঠামোর মাধ্যমে কেরানীগঞ্জের মতো কৌশলগত ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলকে মডেল নগরে রূপান্তর করা সম্ভব নয়। এজন্য কেরানীগঞ্জ নগর উন্নয়ন আইন প্রণয়ন করে অঞ্চলটিকে জাতীয় কৌশলগত নগর অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। এই আইনের মাধ্যমে ভূমি ব্যবহার, নদী শাসন, পরিবেশ সংরক্ষণ ও শিল্প স্থাপনার ক্ষেত্রে কঠোর ও দীর্ঘমেয়াদি মানদণ্ড নির্ধারণ করা হবে এবং নগর কর্তৃপক্ষকে স্বতন্ত্র প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা প্রদান করা হবে।
এই আইনই হবে কেরানীগঞ্জের ধারাবাহিক উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে থেকে টেকসই নগর ব্যবস্থার মূল ভিত্তি।\r\nবাংলাদেশের নগর উন্নয়নের আরেকটি দীর্ঘদিনের সমস্যা হলো বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্ব বিভাজন ও সমন্বয়হীনতা। কেরানীগঞ্জের ক্ষেত্রে এই ব্যর্থতার পুনরাবৃত্তি হলে পুরো প্রকল্পই ঝুঁকির মুখে পড়বে। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি কেন্দ্রীয় নগর সমন্বয় পরিষদ গঠন করা জরুরি। যেখানে স্থানীয় সরকার, পরিবেশ, নৌপরিবহন, গৃহায়ন, শিক্ষা ও শিল্প খাতের প্রতিনিধিত্ব থাকবে।
এই একক সিদ্ধান্ত কাঠামোর মাধ্যমে প্রকল্প বিলম্ব, নীতিগত দ্বন্দ্ব এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দূর করা সম্ভব হবে।\r\nঅর্থনৈতিক দিক থেকে কেরানীগঞ্জকে কেবল কর আদায়নির্ভর সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলা হলে এটি কখনোই মডেল নগরে পরিণত হবে না। কেরানীগঞ্জকে হতে হবে একটি স্বনির্ভর ও উৎপাদনশীল নগর। নদীভিত্তিক বাণিজ্য ও পরিবহন, শিল্প ও উদ্যোক্তা অঞ্চলের উৎপাদন রাজস্ব, পর্যটন ও সাংস্কৃতিক অর্থনীতি এবং রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক উন্নয়ন তহবিল এই বহুমুখী অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে নগর উন্নয়ন অর্থায়ন করতে হবে। এতে নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়েই টেকসই উন্নয়ন সম্ভব হবে।\r\nবুড়িগঙ্গা নদী রক্ষা কেবল পরিবেশ সংরক্ষণের প্রশ্ন নয়; এটি সরাসরি মানবাধিকার ও নাগরিক অধিকারের সঙ্গে সম্পর্কিত।
দূষিত নদী মানে অসুস্থ জনগোষ্ঠী, বিপর্যস্ত অর্থনীতি ও বিলুপ্তপ্রায় সংস্কৃতি। তাই নদীকে আইনি সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া, নদী দূষণকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা এবং নাগরিকদের নদী ব্যবহারের পাশাপাশি রক্ষার অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা অপরিহার্য। এই দর্শন বাস্তবায়িত হলে বুড়িগঙ্গা কেবল একটি নদী নয়, বরং নাগরিক জীবনের কেন্দ্রীয় সম্পদে পরিণত হবে।\r\nকেরানীগঞ্জ উন্নয়নের নামে কোনোভাবেই দরিদ্র জনগোষ্ঠীকে উচ্ছেদ করা চলবে না। উন্নয়ন যদি মানবিক না হয়, তবে তা কখনোই টেকসই হয় না। তাই নদী তীর বা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের জন্য নিকটবর্তী ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের সঙ্গে পুনর্বাসনের সংযোগ এবং সামাজিক সুরক্ষা ও শিক্ষা সুবিধা নিশ্চিত করতে হবে।
উন্নয়ন মানে হতে হবে মানুষের জীবনমান উন্নয়ন, কেবল অবকাঠামো নির্মাণ নয়।\r\nগণপরিবহন ব্যবস্থায়ও কেরানীগঞ্জকে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ব্যক্তিগত যানবাহননির্ভর নগর নয়, বরং নদীপথভিত্তিক যাত্রী পরিবহন, গণপরিবহন অগ্রাধিকার এবং হাঁটা ও সাইকেলবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এতে যানজট কমবে, পরিবেশ রক্ষা পাবে এবং জনস্বাস্থ্য উন্নত হবে।\r\nমডেল নগর কেবল প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠে না; এটি নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের ফল। তাই নাগরিক পরামর্শ পরিষদ, উন্মুক্ত বাজেট ও প্রকল্প তথ্য প্রকাশ এবং সামাজিক নিরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
এতে দুর্নীতি কমবে, স্বচ্ছতা বাড়বে এবং নগর পরিচালনায় জনগণের আস্থা সুদৃঢ় হবে।\r\nএকইসঙ্গে কেরানীগঞ্জকে ঢাকার সাংস্কৃতিক আত্মপরিচয়ের পুনর্জন্মস্থল হিসেবে গড়ে তোলা জরুরি। পুরান ঢাকার খাদ্যসংস্কৃতি, ভাষা, উৎসব ও সামাজিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে নদীকেন্দ্রিক উৎসব, সাংস্কৃতিক আয়োজন, জাদুঘর ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে কেরানীগঞ্জ কেবল একটি নগর নয়, বরং ঢাকার সাংস্কৃতিক সম্প্রসারণে পরিণত হবে।\r\nসবশেষে বলা যায়, বৃহত্তর কেরানীগঞ্জ প্রকল্প কোনো বিচ্ছিন্ন নগর পরিকল্পনা নয়। এটি হতে পারে বাংলাদেশের নগর উন্নয়নের পরীক্ষাগার, অন্যান্য শহরের জন্য অনুকরণীয় কাঠামো এবং দক্ষিণ এশিয়ায় নদীকেন্দ্রিক মানবিক নগরের এক অনন্য উদাহরণ।\r\n১৬০৮ সালে ঢাকার জন্ম হয়েছিল বুড়িগঙ্গাকে কেন্দ্র করে। চার শতাব্দী পর আজও বুড়িগঙ্গা নদী দূষিত ও অবহেলিত। এই নদী ও এর দক্ষিণ তীর কেরানীগঞ্জকে বাঁচানো মানে ঢাকাকে বাঁচানো, রাজধানীকে বাঁচানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর নিশ্চিত করা। অতএব, আগামী সরকারের কাছে আবারও জোর দাবি, বৃহত্তর কেরানীগঞ্জ ঢাকা মডেল সিটি করপোরেশন ঘোষণা ও বাস্তবায়ন হোক জাতীয় অগ্রাধিকার। এটি কোনো দলের দাবি নয়; এটি ইতিহাসের দাবি, জনজীবনের দাবি এবং রাষ্ট্রের দায়িত্ব।\r\nলেখক : ব্যাংক কর্মকর্তা
