ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের নাম শুধু একটি সময়কে নয়, একটি মানসিকতাকেও প্রতিনিধিত্ব করে। চাণক্য তেমনই এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি শুধু একজন পণ্ডিত ছিলেন না; তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন কূটনীতিক ও রাষ্ট্রনির্মাতা। প্রাচীন ভারতের রাজনৈতিক অস্থিরতার সময়ে তিনি বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সময় ছিল গভীর অস্থিরতায় পূর্ণ। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছোট ছোট রাজ্যের মধ্যে সংঘর্ষ চলছিল। রাজারা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ক্ষমতার লড়াই ছিল নিত্যদিনের ঘটনা। দেশের অভ্যন্তরে যেমন দ্বন্দ্ব ছিল, তেমনি বহিরাগত আক্রমণের আশঙ্কাও ছিল প্রবল।

প্রশাসনে দুর্নীতি, বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের জীবনকে অনিরাপদ করে তুলেছিল। অনেক শাসক রাজ্যশাসনের চেয়ে ব্যক্তিগত ভোগ-বিলাসে বেশি মনোযোগী ছিলেন। ফলে জনগণের আস্থা দুর্বল হয়ে পড়েছিল।\r\nএই প্রেক্ষাপটে চাণক্য উপলব্ধি করেছিলেন- শুধু নীতিকথা বা আদর্শের বুলি উচ্চারণ করে রাষ্ট্র টিকিয়ে রাখা যায় না। রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে প্রয়োজন শক্ত ভিত, সুশৃঙ্খল প্রশাসন, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং কঠিন সিদ্ধান্ত গ্রহণের সাহস। তিনি বুঝেছিলেন, শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্ব ছাড়া ছিন্নভিন্ন জনপদ কখনো নিরাপদ হতে পারে না। এই সময়েই তিনি এক প্রতিভাবান তরুণকে খুঁজে পান এবং ধীরে ধীরে তাঁকে যোগ্য নেতৃত্বে গড়ে তোলেন। সেই তরুণই পরে ইতিহাসে পরিচিত হন চন্দ্রগুপ্ত মৌর্য নামে।

চাণক্যের পরামর্শ, পরিকল্পনা ও কৌশলের ফলেই প্রতিষ্ঠিত হয় শক্তিশালী মৌর্য সাম্রাজ্য- যা দীর্ঘ সময় ধরে ভারতীয় উপমহাদেশে স্থিতিশীলতা ও প্রশাসনিক শৃঙ্খলার দৃষ্টান্ত হয়ে ছিল।\r\nচানক্যের দৃষ্টিভঙ্গি ছিল বাস্তবভিত্তিক। তিনি মানুষকে দেবত্বের আসনে বসাননি। বরং মানুষের স্বভাবকে যেমন, তেমন করেই দেখেছেন। তিনি জানতেন- মানুষের মধ্যে লোভ, ভয়, স্বার্থ ও দুর্বলতা আছে। তাই তিনি শাসকদের সতর্ক করেছিলেন, মানুষের প্রকৃতি বুঝে চলতে হবে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা বিপজ্জনক; যাচাই-বাছাই ও পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। আবেগে ভেসে নয়, বিবেচনা ও প্রজ্ঞার আলোকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি আরও শিক্ষা দিয়েছিলেন- শত্রুকে কখনো ছোট করে দেখা যাবে না। কারণ ছোট ভুলও বড় বিপর্যয়ের কারণ হতে পারে।

আবার বন্ধুকেও অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। স্বার্থের টান মানুষকে বদলে দিতে পারে। শক্তি থাকলে তা প্রয়োগ করতে জানতে হবে, কিন্তু অহেতুক শক্তিপ্রদর্শন শত্রুকে সতর্ক করে এবং বন্ধুকেও দূরে সরিয়ে দেয়। রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতাই ছিল তাঁর কাছে সর্বাগ্রে।\r\nচাণক্যের উপদেশ শুধু রাজা-বাদশাহদের জন্য সীমাবদ্ধ ছিল না। তিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়েও গভীরভাবে চিন্তা করেছেন। তাঁর বিশ্বাস ছিল, শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে সচেতন ও সুশিক্ষিত মানুষের হাতে। তাই তিনি মানুষের জীবনের ভিত মজবুত করার কথাই বলেছেন। তিনি মনে করতেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার জ্ঞান। ধন-সম্পদ আজ আছে, কাল নেই; ভাগ্যের পরিবর্তনে তা হারিয়ে যেতে পারে।

কিন্তু অর্জিত জ্ঞান মানুষের অন্তর্লোককে আলোকিত করে, তাকে শক্তি ও আত্মবিশ্বাস দেয়। শিক্ষিত মানুষ সংকটে পথ খুঁজে পায়, দিশা পায় অন্ধকারে। তাই জীবনের যে পর্যায়েই থাকি না কেন, শেখার অভ্যাস ত্যাগ করা উচিত নয়। তিনি এটিও বুঝতেন যে, মানুষ একা গড়ে ওঠে না; তার চরিত্র গড়ে ওঠে সঙ্গের প্রভাবে। সৎ মানুষের সান্নিধ্যে চিন্তা শুদ্ধ হয়, আচরণ মার্জিত হয়, লক্ষ্য সুস্পষ্ট হয়। বিপরীতে, অসৎ সঙ্গ ধীরে ধীরে মানুষকে ভুল পথে পরিচালিত করে। তাই বন্ধু নির্বাচনেও বিচক্ষণতা প্রয়োজন।\r\nসময় সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সুস্পষ্ট ও বাস্তবসম্মত। তিনি বলেছেন, যে সময়ের মূল্য বোঝে না, সে অজান্তেই জীবনের সুযোগ হারায়। সময় কারও জন্য অপেক্ষা করে না। অলসতা, অযথা বিলম্ব ও দায়িত্ব এড়িয়ে চলা মানুষকে পিছিয়ে দেয়।

প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোই সাফল্যের ভিত রচনা করে। মানুষের আবেগ নিয়েও তিনি সতর্কবার্তা দিয়েছেন। রাগ, লোভ ও অহংকার মানুষকে বিপথে নিয়ে যায়। রাগের বশে নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হয়; লোভ মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়; অহংকার মানুষকে অন্ধ করে। তাই আত্মসংযমই প্রকৃত শক্তি- যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই প্রকৃত অর্থে শক্তিমান।\r\nসংকটের সময় তিনি ধৈর্যের শিক্ষা দিয়েছেন। কঠিন সময় স্থায়ী নয়; ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এগোলে সমস্যার মধ্যেও সমাধানের পথ বেরিয়ে আসে। ঝড়ে যেমন গাছ নত হয়ে টিকে থাকে, তেমনি মানুষকেও প্রতিকূল সময়ে ধৈর্য ধারণ করতে হয়। চাণক্যের মতে, রাষ্ট্রের প্রকৃত শক্তি শুধু সেনাবাহিনীর সংখ্যা বা অস্ত্রশস্ত্রে নয়; তার আসল শক্তি মানুষের আস্থা ও বিশ্বাসে নিহিত।

জনগণ যদি শাসকের ওপর আস্থা হারায়, বাহ্যিক শক্তি দিয়েও রাষ্ট্রকে দীর্ঘদিন স্থিতিশীল রাখা যায় না। আবার শাসক যদি দুর্বল বা অদূরদর্শী হন, তবে শক্তিশালী বাহিনী থাকলেও রাষ্ট্র ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করে। তাঁর দৃষ্টিতে শাসকের দৃঢ়তা ও প্রজ্ঞা যেমন প্রয়োজন, তেমনি নাগরিকের দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। তিনি চেয়েছিলেন, শাসক হোক জ্ঞানী, বিচক্ষণ ও সাহসী; নাগরিক হোক সচেতন, নৈতিক ও কর্তব্যপরায়ণ। নেতৃত্বে আবেগ নয়, প্রয়োজন ঠান্ডা মাথার বিচক্ষণতা। জনপ্রিয়তার জন্য নয়, রাষ্ট্রের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হয়।\r\nআজ আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করি। রাজতন্ত্র নেই, কিন্তু নেতৃত্ব আছে; প্রশাসন, আইন ও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তবুও চাণক্যের শিক্ষা আজও প্রাসঙ্গিক।

দেশপ্রেম শুধু উচ্চকিত স্লোগানে নয়; তা প্রতিফলিত হয় দায়িত্ব পালন, আইন মান্য করা এবং নৈতিক আচরণের মাধ্যমে। নিজের কর্তব্য সততার সঙ্গে সম্পাদন করা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সামষ্টিক কল্যাণে অংশগ্রহণ করাই প্রকৃত দেশপ্রেম। দুর্নীতিকে প্রশ্রয় দিলে তা ধীরে ধীরে রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। ছোট অন্যায়কে উপেক্ষা করলে তা একসময় বৃহৎ আকার ধারণ করে। তাই সততা, জবাবদিহি ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা রাষ্ট্রের স্থিতিশীলতার পূর্বশর্ত। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে সামষ্টিক স্বার্থকে স্থান দেওয়া না গেলে সমাজে বিভাজন তৈরি হয়। আর বিভক্ত সমাজ কখনো শক্তিশালী রাষ্ট্র গড়তে পারে না।\r\nবাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সবচেয়ে বড় শিক্ষা হলো- বাস্তবতাকে অস্বীকার করে কোনো সংকটের সমাধান হয় না।

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক বিভাজন কিংবা সামাজিক অস্থিরতা- এসব সমস্যাকে ঢেকে রাখলে বা শুধু বক্তব্যের মাধ্যমে সামাল দিতে চাইলে পরিস্থিতি বদলায় না। কঠিন সত্যকে স্বীকার করতে হয়, তথ্য ও অভিজ্ঞতার আলোকে তা বিশ্লেষণ করতে হয়, তারপর বিচক্ষণতা ও দূরদৃষ্টির মাধ্যমে সমাধানের পথ তৈরি করতে হয়। আদর্শ ও প্রতিশ্রুতি অবশ্যই প্রয়োজন; কিন্তু তা বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে অর্থবহ হয়ে ওঠে। চাণক্য তাঁর সময়কে গভীরভাবে বুঝেছিলেন- এই কারণেই তিনি প্রাসঙ্গিক। তিনি জানতেন, ক্ষমতা টিকিয়ে রাখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ক্ষমতার সঠিক ব্যবহার। আজকের বাংলাদেশেও এই শিক্ষা সমান গুরুত্বপূর্ণ। ক্ষমতা যদি শুধু প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হয়ে ওঠে, তবে রাষ্ট্র দুর্বল হয়।

আবার নাগরিক যদি অন্ধ সমর্থন বা অন্ধ বিরোধিতায় বিভক্ত থাকে, তবে গণতন্ত্রের ভিত নড়বড়ে হয়ে যায়। তাই প্রয়োজন সমালোচনাকে শত্রু না ভেবে আত্মসমালোচনার সাহস রাখা। তিনি আমাদের মনে করিয়ে দেন, শুধু ভালো উদ্দেশ্য থাকলেই যথেষ্ট নয়; সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জ্ঞান, দক্ষতা ও সততা প্রয়োজন। আবেগ রাজনীতিকে উজ্জীবিত করতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হলে প্রয়োজন ঠান্ডা মাথা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। স্লোগান মানুষকে একত্রিত করতে পারে, কিন্তু উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে প্রশাসনিক দক্ষতা, জবাবদিহি ও স্বচ্ছতা অপরিহার্য।\r\nআজকের সাধারণ মানুষের জন্যও বার্তাটি স্পষ্ট। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। আইন মানা, কর প্রদান, দুর্নীতিকে না বলা, সৎভাবে নিজের দায়িত্ব পালন করা- এসবই রাষ্ট্রকে শক্তিশালী করে। পরিবার থেকে কর্মক্ষেত্র- প্রতিটি জায়গায় নৈতিকতার চর্চা সমাজকে সুস্থ করে তোলে। আমাদের দেশের রাজনীতির জন্য বার্তাটি আরও গভীর। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে স্থান দিতে না পারলে দীর্ঘমেয়াদে কেউই লাভবান হয় না। ক্ষমতা ক্ষণস্থায়ী; কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী। তাই প্রতিটি নীতি ও পদক্ষেপে জনগণের আস্থা অর্জনই হওয়া উচিত প্রধান লক্ষ্য। সবশেষে শিক্ষা একটাই- রাষ্ট্র কোনো অলৌকিক শক্তিতে গড়ে ওঠে না। তা গড়ে ওঠে সচেতন নাগরিক, দায়িত্ববান নেতৃত্ব এবং নৈতিক চর্চার ধারাবাহিকতায়। ব্যক্তি যদি নিজেকে শুদ্ধ করে, সমাজকে শক্ত করে, তবে রাষ্ট্রও দৃঢ় হয়। আর রাষ্ট্র দৃঢ় হলে তবেই গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।\r\nলেখক : আইনজীবী ও গবেষক \r\nsarkerjahangiralam78@gmail.com