গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা শুরু করেছে। এই সংসদ স্বাভাবিক গণতান্ত্রিক ধারাবাহিকতার ফসল নয়। স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারি শাসনামল অতিক্রম করে এই সংসদের যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক সংসদের জন্য হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, শত শত রাজনৈতিক নেতাকর্মীকে গুমের শিকার হতে হয়েছে, লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছে। সর্বশেষ ’২৪-এর গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছে, প্রায় ত্রিশ হাজারের মতো আহত হয়েছে, যাদের অনেকে চিরতরে অন্ধ ও পঙ্গু হয়ে গেছে। গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে এবং জীবন নিয়ে ভারতে পালাতে হয়েছে।
লর্ড ক্লাইভ যেমন বাংলা দখল, শাসন, লুণ্ঠন, নিপীড়ন-নির্যাতন করে নিজ দেশে ফিরে গিয়েছিলেন, হাসিনার পলায়নকে দেশের মানুষ এভাবেই দেখে। বাংলার স্বাধীনতার জন্য মানুষকে যেমন ইংরেজের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন, সশস্ত্র সিপাহী বিপ্লব ইত্যাদি করতে হয়েছে, তেমনি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধেও তার শাসনামলে দেশের জনগণকে এর চেয়ে কম কিছু করতে হয়নি। হাজার হাজার মানুষকে রক্ত ঝরাতে হয়েছে। নান্দনিক সৌকর্য্যরে সংসদ ভবনটি যে স্বচ্ছ পানিরাশির উপর ভাসছে, তা দীর্ঘ প্রায় সতের বছরের রাজনৈতিক আন্দোলন এবং ’২৪-এর গণঅভ্যুত্থানে যেসব মানুষ অকাতরে প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের সেই ঘাম ও রক্তের উপর যেন দাঁড়িয়ে আছে। আমরা যারা বেঁচে আছি, এই সংসদের কাছে তাদের অনেক প্রত্যাশা। আমরা সকলেই সুখ-শান্তির জীবন চাই।
এই জীবন নিশ্চিতে এই সংসদ ভূমিকা পালন করবে, এটা জনগণের পরম আশা। দুই. দেশের মানুষ গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) দুই-তৃতীয়াংশ আসনে (২০৯) ভূমিধস বিজয় দিয়েছে। এ নির্বাচনে আরও প্রায় পয়ত্রিশ-চল্লিশটি দল অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে জনগণ নিঃসংকোচে নির্বাচিত করেছে বিএনপিকে। বিএনপির প্রতি তাদের কতটা প্রত্যাশা থাকলে এভাবে বিজয়ী করতে পারে, তা সহজে অনুমেয়। তারা আশা করে আছে, দলটি তাদেরকে সুখ-শান্তির জীবন দিতে পারবে। তাদের এই আশা সঞ্চারিত হয়েছে, সঞ্চারিত করা হয়েছে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন মানুষের জীবনে মৌলিক কিছু পরিবর্তন এনে দেয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি উপস্থাপন করেন।
এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে, চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষকদের সুদসহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মপুরোহিতদের জন্য মাসিক ভাতা ইত্যাদি। তারেক রহমানের এই প্রতিশ্রুতি মানুষের মধ্যে আশা জাগিয়েছে। তারা তার প্রতিশ্রুতির উপর আস্থা রেখেছে এবং তাকে ও তার দল বিএনপিকে বিপুলভাবে বিজয়ী করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের ঘোষণা দেন এবং মাত্র ২২ দিনের মাথায় গত ১১ মার্চ ৩৭ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়ে তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। তার আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের সুদসহ দশ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছেন।
গত ১৪ মার্চ তিনি ইমাম মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মের পুরোহিতদের পাঁচ থেকে তিন হাজার টাকার মাসিক ভাতা চালু করে দিয়েছেন। গত ১৬ মার্চ দিনাজপুরে খালকাটা কর্মসূচি উদ্বোধন করেছেন। আগামী বাংলা নববর্ষে (১৪ এপ্রিল) টাঙ্গাইলের ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবেন। এতে কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা ব্যাংকিং চ্যানেলে সহায়তা পাবেন। হেলথ কার্ড দেয়ারও প্রস্তুতি চলছে। অর্থাৎ প্রধানমন্ত্রী ভোটের কালি মোছার আগেই তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এবং করে চলেছেন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো সরকার কি আছে, নির্বাচিত হয়েই ভোটের কালি মোছার আগেই জনগণের জীবন বদলে দেয়ার মতো প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করেছে?
ইতিহাস পর্যালোচনা করলে, এমন সরকার আমরা দেখি না। তারেক রহমানের সরকারই একমাত্র সরকার, যে সরকার নির্বাচিত হওয়ার দুই মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নিয়েছে। তাও আবার এমন সময়, যখন দেশের অর্থনীতি শোচনীয় এবং প্রবল আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এর মধ্যে ইরানযুদ্ধ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। এই চরম সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছেন। জনগণকে দেয়া তার ওয়াদা পূরণে অর্থনৈতিক সংকটকে অজুহাত হিসেবে দেখাননি। অথচ খুবই যুক্তিসঙ্গত কারণ এবং মানুষের বোধগম্য অবস্থায় তিনি এই অজুহাত দিতে পারতেন। সকলে মেনেও নিতেন। অবশ্য মেনে নেয়ার কিছু ছিল না। প্রতিশ্রুতির কথা তাদের মনে থাকত কিনা, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।
কারণ, আমাদের দেশের মানুষ ভাল করে জানে, রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দেয়। বিজয়ী হলে সেগুলো বাস্তবায়নে গড়িমসি বা দীর্ঘসময় অতিবাহিত করে। ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দেখা যায় না। অথচ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই দুই মাসের মধ্যে তার প্রধান প্রতিশ্রুতিগুলো পূরণ করছেন। এটা দেশের মানুষের জন্য শুধু বিস্ময়ের নয়, কল্পনাতীতও বটে। একটা উদাহরণ দেই। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরুর প্রাক্কালে আমার পরিচিত আওয়ামী লীগের এক ঘোর সমর্থক সাংবাদিক জিজ্ঞেস করেন, ফ্যামিলি কার্ড কীভাবে করা যাবে? আমার পরিবারের একটা করা দরকার। এর অর্থ হচ্ছে, আওয়ামী লীগের সমর্থকরাও এই ফ্যামিলি কার্ডকে পছন্দ করেছে।
উল্লেখ্য করা প্রয়োজন, এই কার্ড দেশের মোট চার কোটি পরিবারের জন্য, যার মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কিংবা অন্য কোনো দলের মধ্যে বিভাজিত নয়। পর্যায়ক্রমে এই কার্ড দেশের সকল পরিবারের কাছে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সার্বজনীন কার্ডের সুফল ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি পরিবার পাচ্ছে। পর্যায়ক্রমে তা সকল পরিবার পাবে। প্রান্তিক, দরিদ্র ও নি¤œবিত্ত পরিবার ইতোমধ্যে মাসে আড়াই হাজার টাকা করে পাওয়া শুরু করেছে। তাদের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যে সামান্য অথচ অসামান্য অবদান হয়ে দেখা দিয়েছে ফ্যামিলি কার্ডের আড়াই হাজার টাকা। তারা যে শুধু এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ পাচ্ছে তা নয়, তাদের মধ্যে যারা কৃষিকাজ করে, তারা কৃষক কার্ডের মাধ্যমেও কৃষি খরচের সহায়তা পাবে।
এতে তাদের কৃষিতে যে অর্থ খরচ হবে, তার অনেকাংশ সাশ্রয় হবে। এছাড়া সুদসহ দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে, তার কিস্তিু পরিশোধে যে অর্থ পরিশোধ করতে হতো, সে অর্থও বেঁচে যাচ্ছে। এতে একটি প্রান্তিক, নি¤œবিত্ত এবং কৃষক পরিবার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফের মাধ্যমে কতভাবে আর্থিক সহায়তা পেয়েছে বা পাবে, তা বোধ করি অংক কষে বুঝিয়ে বলার কিছু নেই। তিন. প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই যে স্বল্প পরিসরে ভাষণ দিয়েছেন, তা শুনে মনে হয়েছে, এই ভাষণের মাধ্যমে তিনি বর্তমানের উপর দাঁড়িয়ে ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা এঁকেছেন। আগামীর বাংলাদেশ, ‘সবার আগে বাংলাদেশ’ কেমন হবে, অল্প কথায় অনেক কিছু তুলে ধরেছেন।
তিনি বলেছেন, জাতীয় সংসদই হবে রাষ্ট্রের সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দু। এই সংসদ জনগণের। অর্থাৎ, ন্যায্যতা, ন্যায়পারায়নতা, বৈষম্যহীনতা, সমতা, সুশাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা নির্মাণ ও বাস্তবায়নের কেন্দ্রস্থল হবে জাতীয় সংসদ। তার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি ভবিষ্যতের বাংলাদেশের চিত্র চোখের সামনে ভাসিয়ে ভাষণ দিয়েছেন। এ ভাষণে নেই কোনো অতীত চর্চা। নেই কারো প্রতি বিদ্বেষ, বিষোদগার। অতীতে অমুকে এই করেছে, তমুকে সেই করেছে, এমন কোনো কথা ছিল না। এক-দুই লাইনে যার যতটুকু অবদান, তা টাচ্ করে ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর ভাষণে বাহুল্য বা অতিবচন ছিল না। ছিল, অল্পকথায় দেশ গঠনের চিত্র।
প্রধানমন্ত্রী বরাবরই তার মা অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার মতো শোনেন বেশি, বলেন কম। যতটুকু বলেন, ততটুকুই এনাফ। তিনি কাজে বিশ্বাসী। এটা এখন সকলেরই জানা, তিনি প্রধানমন্ত্রীত্বের সময়টুকু পুরোপুরি কাজে লাগাতে সময়ের চেয়েও এগিয়ে থাকার মিশন নিয়ে নেমেছেন। নিজের প্রাপ্য ছুটির (শনিবার) একদিন কমিয়ে দিয়েছেন। ফলে ছুটির দিনেও তার সাথে সাথে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় জেগে উঠছে। সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে যে পরিশ্রম করতে হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মপরিধি বিস্তৃত করে বুঝিয়ে দিয়েছেন এবং দিচ্ছেন। একজন সাধারণ কর্মী যেমন ওভার টাইম করে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করার কাজ করে, তেমনি প্রধানমন্ত্রী শনিবার ওভার টাইম করে দেশকে এগিয়ে নেয়ার কাজ করছেন।
৯ টার ট্রেন কয়টায় ছাড়বে, এই অনিশ্চিত সময়কে তিনি সরকারের কর্মকর্তাদের ৯ টায়ই বেঁধে দিয়েছেন। ৯ টায়ই ট্রেন ছাড়বে, এর নড়চড় হবে না। নড়চড় হলে অ্যাবসেন্ট, ফাইন-জরিমানা ইত্যাদি গুণতে হবে। অর্থাৎ ৯ টার অফিস ৯ টায়ই আসতে হবে এবং যেতেও হবে নির্ধারিত সময়ে। আগেও না পরেও না। এ কারণে প্রধানমন্ত্রী প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েই নিয়মিত অফিস করেন। বলাবাহুল্য, অফিসের কর্তা অফিসে থাকলে, অন্যরাও সচেতন ও সতর্ক হয় এবং কাজে মনোযোগী হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান যে রকেট গতিতে এগিয়ে চলেছেন, তাতে তার সাথে তাল মিলাতে আমাদের প্রথাগত প্রশাসন এবং তার কর্মকর্তাদের শুরুতে সমস্যা হওয়ার কথা। হচ্ছেও কিছুটা। পরিচিত কর্মকর্তাদের অনেককে বলতে শুনেছি, তারা এখন আর রাত করে ঘুমাতে যান না। রাতের প্রথম প্রহরেই ঘুমিয়ে পড়েন।
সকালে উঠে ৯টায় অফিস পৌঁছার প্রস্তুতি নেন। অর্থাৎ তাদের কাজের গতি বেড়ে গেছে। কোনো ধরনের গড়িমসি করার সুযোগ নেই। চার. প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে সবসময় একজন কর্মী ভাবেন। সেটা দলে হোক, কিংবা সরকারে হোক। তার কর্মকা-ে একজন কর্মীর মতোই কাজের প্রতি একনিষ্ঠতার প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি যদি তার এই মনোভাব এবং কাজের ধারা ধরে রাখতে পারেন, তাহলে বাংলাদেশের যে ভবিষ্যত, তা যে আলোকিত হবে, সেটা নিশ্চিত করে বলা যায়। এখন পর্যন্ত তার কাজের গতিধারা সেই ইঙ্গিত দিচ্ছে। একজন সরকারি কর্মকর্তার সাথে কয়েক দিন আগে আলাপ হয়েছিল। তিনি নিজ থেকেই বললেন, ভঙ্গুর অর্থনীতি এবং অনিশ্চয়তায় ভরা আমাদের দেশ একজন ভালো প্রধানমন্ত্রী পেয়েছে। আমরাই তাকে নির্বাচিত করেছি। তিনিও সেই প্রতিদান দিতে দিনরাত কাজ করে চলেছেন। ওনাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের দেশ অনেক দূর চলে যাবে। দেশের খোলনলচ বদলে যাবে। বলার অপেক্ষা রাখে না, সরকারে থাকলে ভুল-ত্রুটি হবেই। বহু মন্ত্রী-এমপি এবং সরকারের প্রশাসন বচনে ও সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল করবেই। ইতোমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী বেফাঁস কথা বলে ফেলেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও হয়েছে। তাদের সেই ভুল-ত্রুটি ধরিয়ে দেয়ার দায়িত্ব বিরোধীদলেরও। জাতীয় সংসদে তারা এ নিয়ে যুক্তিসঙ্গত প্রতিবাদ ও প্রতিবিধানের ব্যবস্থা করবে, এটাই জনগণের প্রত্যাশা। জাতীয় সংসদকেই সকল সমস্যার সমাধান এবং সম্ভাবনার কেন্দ্রবিন্দু বানাতে হবে। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার পুরনো রাজনীতি এখন করলে চলবে না। দেশ এগুবে না। দেশ না এগুলে, সরকারের পাশাপাশি বিরোধীদলও তার দায়িত্ব এড়াতে পারবে না। darpan.journalist@gmail.com
