প্রায় দেড় যুগ ধরে মোটরসাইকেলে চলাফেরা করি। এই বাহনে অনেক সুবিধা। জ্যামের শহরে এক দেড় হাত জায়গা পেলে একেবেঁকে অনেকদূর পর্যন্ত চলে যাওয়া যায়। সময় বাঁচে। বৃষ্টিবাদলের দিন অফিসে যেতে আসতে বাস বা অন্যকোনো যানবাহনের জন্য অপেক্ষা করতে হয় না। ফেরার টেনশনও থাকে না। একটা রেইনকোর্ট বা বর্ষাতি হলেই নিশ্চিন্ত থাকা যায়। বিশ্বের সবচেয়ে অসভ্য নগরী ঢাকার মধ্যে (ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের র্যাঙ্কিং অনুযায়ী) দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য মোটরসাইকেল খুবই উপযুক্ত। যদিও যেসব মানুষ রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবীকা নির্বাহ করেন, প্যাসেঞ্জার নিয়ে তাদের দ্রুত গন্তব্যে যাওয়ার তাড়ায় অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। রাজধানীতে দুর্ঘটনার হার এই বাইক শেয়ারিংয়ে বেশি। অনেকে একে নগরের উৎপাত মনে করে।
তবে জ্যাম এড়িয়ে সময়মতো গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে এর জুড়ি নেই। একারণে এখনও এই মোটরসাইকেল আমার নিত্যসঙ্গী হয়ে আছে। তবে এত বছরের মধ্যে এই বাহনটির খাদ্যÑ জ্বালানি তেল নিয়ে কখনো বিপাকে পড়তে হয়নি। ইরানযুদ্ধ শুরু হওয়ার পরদিন থেকেই জ্বালানি তেল পাওয়া নিয়ে এক তেলেসমাতি কারবার শুরু হয়ে যায়। তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন। কখনো কখনো এ লাইন এক-দুই কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হয়। গাড়ি-মোটরসাইকেল সবাই আর ‘তেল পাওয়া নাও যেতে পারে’, এমন শঙ্কায় ট্যাঙ্কি ফুল করে তেল নেয়া শুরু করে। মানুষের জ্ঞানবুদ্ধি দেখে একটু হতবাক হতে হলো। কারণ, এই এক ট্যাঙ্কি তেলে তারা কয়দিন চালাতে পারবে? গাড়ির তেল শেষ হওয়ার পর কি করবে? আবার কি নিতে হবে না? নিতে তো হবে।
তাহলে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে ট্যাঙ্কি ভরে লাভ কি? স্বাভাবিক নিয়মে তেল নিলেই তো আর এই দীর্ঘ লাইন ধরতে হয় না। তেল নেয়ার জন্য লবিংও করতে হয় না। সমস্যা হচ্ছে, আমরা ‘হুজুগে বাঙালি’ অপবাদ থেকে এখনো বের হতে পারিনি। হুজুগের মধ্যে পড়ে এমন একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করা হলো যে, দেশে এই শেষবারের মতো তেল পাওয়া যাবে, আর পাওয়া যাবে না। এই হুজুগের মধ্যেও যে সূক্ষ্ম রাজনীতি রয়েছে, সচেতন ব্যক্তিমাত্র খেয়াল করলে বুঝতে পারার কথা। কারা এই হুজুগ তৈরি করল? এর পেছনে কি কেউ নেই? আছে। সমাজিক যোগাযোগ মাধ্যমে কে বা করা ছড়িয়ে দিয়েছিল, ইরান যুদ্ধ লাগায় তেলের লিটার প্রতি দাম দ্বিগুণ হয়ে যাবে। একে তো যুদ্ধ, তার উপর দাম বাড়ার শঙ্কাÑএ দুইয়ে মিলে তেল না পাওয়ার গুজবে হুজুগে মেতে উঠল মানুষ। অথচ সরকার ঘোষণা দিয়েছে, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুত রয়েছে। কোনো সংকট নেই। কে শোনে কার কথা! সরকারের কথা পাত্তা না দিয়ে সবাই তেলের পাম্পের দিকে ছুটে চলে। এটার পেছনের রাজনীতিটা সরকার বুঝতে পেরেছে কিনা জানি না। তবে সরকারের বিরোধীপক্ষ ঠিকই মানুষকে উত্তেজিত করার খেলাটা খেলে দিয়েছে। সরকার তেল দিতে ব্যর্থ এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে জনগণের প্রতি সরকারের ভয়েসটা তেমন জোরালো ছিল না। অনেকটা মিনমিন করে বলেছে, দেশের তেলের মজুত যথেষ্ট। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারের এই নিচুস্বরের আওয়াজ দেশের মানুষের কানে পৌঁছেনি। ফলে তেলশঙ্কা এবং হুজুগ বহমান থাকে।
দুই. এটা সকলেই জানে, বিএনপি সরকার নানা বাধা-বিপত্তি এবং অত্যন্ত প্রতিকূল পথ পাড়ি দিয়ে নির্বাচিত হয়েছে। এমন সময় নির্বাচিত হয়েছে, যখন দেশের অর্থনীতি খুবই ভঙ্গুর। হালকা টোকা লাগলেই ঝুরঝুর করে ভেঙে তলানিতে চলে যাওয়ার অবস্থা। এই পরিস্থিতি এবং রোজার শুরুতেই সরকারের যাত্রা শুরু। আর রোজার সময় এমনই সংবেদনশীল, যখন ধর্মপ্রাণ মুসলমানরা আরামে রোজা পালন করতে চায়। জিনিসপত্রের দাম সহনশীল, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আনন্দময় ঈদযাত্রা ও নিরাপত্তা চায়। বাস্তবতা হচ্ছে, এই সময়েই মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়। অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। বিষয়টি এমন হয়ে দাঁড়ায়, সারা বছরের ব্যবসা তাদের এই একমাসে করতে হবে। বিএনপির দায়িত্ব নেয়ার সময়টা এমনই কঠিন।
তার জন্য এক তপ্ত কড়াইয়ের মতো। চেয়ারে বসতে না বসতেই কিংবা বুঝে উঠতে না উঠতেই দুনিয়ার সমস্যা এসে হাজির। নিঃশ্বাস নেয়ার মতো ফুরসত পায়নি। চলমান এবং ধাবমান সকল সমস্যা সমাধানে উদ্যোগী হতে হয়। এর মধ্যে ইরানযুদ্ধ শুরু হয়ে যায়। এটা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্য মরাত্মক হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিকে ভয়াবহ মন্দাবস্থার দিকে ঠেলে দিয়েছে। অর্থনীতির ব্লাডলাইন জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে। পুরো বিশ্ব এক নতুন পরিস্থিতির মুখোমুখি। এর গতিপত কী হয় এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশকেও সেদিকে দৃষ্টি রাখতে হচ্ছে। বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার ঘোষণা দিয়েছে দেশে দাম বাড়াবে না। এটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।
সমস্যা হয়ে দাঁড়িয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানো অনিবার্য হলেও সরকার বাড়াতে পারছে না। কারণ, সরকার ক্ষমতায় এসেই যদি তেলের দাম বাড়িয়ে দেয়, তাহলে সকলে একবাক্যে ধরে নেবে, ক্ষমতায় আসতে না আসতেই তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আর তেলের দামের সাথে সব ধরনের পণ্যমূল্যের বাড়ার সম্পর্ক রয়েছে। তখন জিনিসপত্রের দামও বেড়ে যাবে। নতুন সরকারের জন্য এটা অনেক বড় বদনাম। ফলে সরকার তেলের দাম না বাড়িয়ে রেশনিং সিস্টেম করে দিয়েছে। মোটর সাইকেলের জন্য দিনে ২ লিটার, আর গাড়ির জন্য ১০ লিটার। ইতোমধ্যে জ্বালানি তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। মালামাল খালাস করা হচ্ছে। ফলে সংকট দ্রুত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় বুঝতে হবে, জ্বালানি তেলের এই সংকট বিএনপি সরকারের দশ-পনের দিনে তৈরি করেনি।
এ সংকট তৈরি করে গেছে অন্তর্বর্তী সরকার। সে দেড় বছরে জ্বালানি তেলের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ ক্রাইসিস তৈরি হলে যাতে দ্রুত ট্যাকেল করা যায়, এ ব্যবস্থা করে যায়নি। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস এই তিনটি অতি জরুরি বিষয়ের কোনো উন্নতি করেনি। কেন করেনি? এ প্রশ্নের উত্তর সহজ। এ সরকার দীর্ঘকাল ক্ষমতায় থাকতে চেয়েছিল। পাঁচ বছর, দশ বছর, পনের বছর। এমন বয়ানও তৈরি করা হয়েছিল। কিন্তু বিএনপি তাতে বাধ সাধে। অনির্বাচিত সরকার দীর্ঘকাল ক্ষমতায় থাকতে পারে না। দেশের জন্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার দরকার। বিএনপি নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে বারবার তাকিদ দিতে থাকে। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল এবং দেশি-বিদেশি গণতন্ত্রকামীরা দ্রুত নির্বাচন চাচ্ছিল। অন্তর্বর্তী সরকারের এটা পছন্দ হচ্ছিল না।
আবার এ দাবি এড়িয়েও যেতে পারছিল না। ফলে সরকারের সব গোস্যা গিয়ে পড়ে বিএনপির ওপর। নির্বাচন যেহেতু দিতেই হবে এবং যতই চালাকি করা হোক না কেন, বিএনপির ক্ষমতায় আসা ঠেকানো যাবে না, তাই ক্ষমতায় এসে যাতে সে স্বস্তিতে না থাকতে পারে, এমন ব্যবস্থা করে যেতে হবে, এমন প্রবণতা অন্তর্বর্তী সরকার দেখায়। সে হাসিনার ফোকলা করে যাওয়া অর্থনীতিকে মিনিমাম লেবেলে আনতে পারেনি। অর্থনৈতিক কোনো সংস্কার করতে পারেনি। বসে বসে বিতর্কিত কাজ করেছে আর বেতনভাতা ও সুবিধা নিয়েছে। না মানুষের জীবনমানের উন্নয়ন করতে পেরেছে, না দেশের অর্থসম্পদ বাড়াতে পেরেছে। কিছুই করে যেতে পারেনি। উল্টো ঋণ করে ঘি খেয়ে গিয়েছে। এই ঋণ পরিশোধের দায়িত্ব নতুন সরকারের জন্য রেখে গেছে। এই যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কি কোনো উদ্যোগ ছিল? ছিল না। থাকলে চলমান জরুরি পরিস্থিতি ঠেকানো যেত। উল্টো পর্যাপ্ত তেল আছে বলে ফলস্ রিজার্ভ দেখিয়েছে। গ্যাস-বিদ্যুতের জন্যও কিছু করে যায়নি। উল্টো জ্বালানিখাতে ৭৬ হাজার কোটি টাকার বিল বকেয়া রেখে গেছে। দেশিবিদেশি মিলিয়ে বিএনপি সরকারের উপর মোট ২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছে।
তিন. বিএনপি সরকার শুরুতেই বেশ চাপের মুখে পড়েছে। এ চাপ কমানোর যথাযথ পরিকল্পনা ও পদক্ষেপ না নিলে চাপ বাড়বে বৈ কমবে না। বিশেষ করে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন কাজটি করতে হবে। হাসিনার দেড় দশকসহ অন্তর্বর্তী সরকারের দেড় বছরের অর্থনীতির ভারি বোঝা হালকা করতে হবে। এটি দীর্ঘ মেয়াদি বিষয়। তবে বিএনপির অতীতে সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকায়, এ পরিস্থিতি উত্তরণে সক্ষম হওয়া অসম্ভব নয়। তবে সরকারকে শুরুতেই দুটি বিষয়ের দিকে নজর দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। প্রথমত খাদ্য নিরাপত্তা। দ্বিতীয়ত জ্বালানি নিরাপত্তা। এ দুটোর নিশ্চয়তা থাকলে দেশের প্রায় নব্বই ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে এবং জনগণও ভালো থাকবে। ইরানযুদ্ধের কারণে বিশ্বে জ্বালানিসহ খাদ্যের দাম হু হু করে বাড়ছে।
এর প্রভাব অনিবার্যভাবে বাংলাদেশের ওপর পড়বে। ফলে শুরুতেই সরকারকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষির বাম্পার ফলনসহ সরবরাহ ও মজুতের ব্যবস্থা করতে হবে। খাদ্য উৎপাদনে কৃষককে সব ধরনের সহযোগিতা দিতে হবে। মানুষ যাতে দুবেলা দুমুঠো নিশ্চিন্তে খেতে পারে, তা সরকারকে নিশ্চিত করতে হবে। আবার এটাও দেখতে হবে, বাম্পার ফলন ফলিয়ে কৃষক যাতে তার ন্যায্যমূল্য পায়। আমরা দেখেছি, কৃষক শ্রম দিয়ে অর্থ খরচ করে ফসল ফলায়। কিন্তু দাম পায় না। তার খরচের অর্থ ফসল বিক্রি করে উঠে না। এতে সে হতাশ হয়। হতাশ হয়ে ফসল উৎপাদনে নিরুৎসাহী হয়ে উঠে। এটি যাতে না হয়, সরকারকে তা দেখতে হবে। কৃষক যাতে ফসল উৎপাদন করে তার ন্যায্য ও লাভজনক মূল্য পায়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। এতে দেশে খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে। কৃষি উৎপাদনের সাথে জ্বালানি তেল ও বিদ্যুতের পুরোপুরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে সেচ কাজে জ্বালানি ও বিদ্যুৎ অপরিহার্য। অধিকাংশ গভীর নলকূপ বিদ্যুৎচালিত। কিছু আছে ডিজেলচালিতি। এই দুই ক্ষেত্রেই জ্বালানি ও বিদ্যুতের বিকল্প নেই। ফলে সেচ মৌসুমে সরকারকে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সময়মতো সার সরবরাহ করতে হবে। জ্বালানি সংকটের কারণে এখন সার কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। ইরানযুদ্ধের কারণে সরকারকে বাধ্য হয়ে এ কাজ করতে হয়েছে। এতে সার উৎপাদন ব্যাহত হচ্ছে। বোরো মৌসুম চলছে, এ সময় সার সংকট হওয়া ঝুঁকিপূর্ণ। খাদ্যনিরাপত্তার জন্য বোরোর বাম্পার ফলন হওয়া অপরিহার্য। সরকারকে এ বিষয়টি ভেবে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
চার. সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের পর্যাপ্ততার ওপর মানুষের সন্তুষ্টি নির্ভর করে এবং সরকারের ভাবমর্যাদা নির্ভর করে। এই যেমন আমাকে মোটর সাইকেলের তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটতে হয়েছে। ছুটতে গিয়ে বাইকের বাকি তেলও ফুরিয়ে গিয়েছে। ফুরিয়ে গেলে বাইক চলে না। ঠেলে ঠেলে নিতে হয়। এটা যে কত বড় যন্ত্রণার, তা বুঝিয়ে বলা যাবে না। সাধারণ মানুষ এ যন্ত্রণায় কেন ভুগবে? এর দায় কার? এ ক্ষোভ কার উপর গিয়ে পড়বে? গত সোমবার (৯ মার্চ) দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল শাপলা চত্ত্বর যাওয়ার পথে হাতের বাঁ দিকে একটি পেট্রল পাম্পে তেল নিতে লাইন ধরে আছি। এর মধ্যে এক প্রাইভেট কারের ড্রাইভার বেশ হইচই বাঁধিয়ে দিল। তিনি গাড়ি থেকে নেমে অন্য ড্রাইভারদের বলছে, ঢাকা থেকে ভোলা গিয়ে কষ্ট করে ভোট দিয়ে আসছি। এতে যেতে আসতে তিন-চার হাজার টাকা খরচ হয়েছে। এখনো ভোটের কালির দাগ মুছে নাই। আর এখনই তেল পাচ্ছি না। আগামীতে কি আর ভোট দেব! সরকারকে জ্বালানি তেলের সংকটে মানুষের কি প্রতিক্রিয়া এবং এর গুরুত্ব কত, তা বুঝতে হবে। এটা থেকে সরকারের শেখার এবং ভবিষ্যতের সংকট মোকাবেলায় সতর্ক হওয়ার বিষয় আছে। ফলে সরকারের ইমেজ ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে হলে উল্লেখিত দুটি বিষয় নিশ্চিত রাখতে হবে।
darpan.journalist@gmail.com
