বাংলাদেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারজনিত কারণে মারা যায় (টোব্যাকো অ্যাটলাস, ২০২৫) এবং প্রায় ১৫ লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত (টোব্যাকো অ্যাটলাস, ২০২২)। অন্যদিকে বর্তমানে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে তামাকজাত দ্রব্য ব্যবহারের হার ৩৫ দশমিক ৩ শতাংশ (গ্যাটস, ২০১৭)। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে হৃদরোগ, রক্তনালির রোগ, স্ট্রোক, পেরিফেরাল আর্টারি ডিজিজ, ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ, প্রজনন ক্ষমতা হ্রাস ইত্যাদি রোগের সৃষ্টি হয়।
এই বিশাল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে স্বাস্থ্য খাতের ওপর ব্যাপক চাপ পড়ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যও একটি বড় বাধা। তামাকজনিত রোগে চিকিৎসা ব্যয় দেশের স্বাস্থ্য খাতে এক বিশাল বোঝা তৈরি করেছে। অনেক ক্ষেত্রেই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে চিকিৎসা ব্যয়ের কারণে ঋণের ফাঁদে পড়তে হচ্ছে, যা দারিদ্র্য চক্রকে আরও গভীর করছে। ফলে তামাক শুধু স্বাস্থ্য নয়, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথেও বড় অন্তরায়।
এই প্রেক্ষাপটে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৫ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু পুরোনো আইনের সংশোধন নয়, বরং নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জনস্বাস্থ্য সুরক্ষার একটি শক্ত ভিত্তি গড়ে তোলার প্রয়াস। তাই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৫-কে স্থায়ী আইনে পরিণত করা অপরিহার্য। একটি অধ্যাদেশ সাময়িক সমাধান। সংসদ শুরু হওয়ার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি আইনে রূপান্তরিত না হলে এর কার্যকারিতা হারাবে। সংসদের প্রথম অধিবেশনেই যদি এটি আইনে পরিণত না হয়, তবে জনস্বাস্থ্যের এই সুরক্ষা কবচটি দুর্বল হয়ে পড়বে। জনস্বাস্থ্য রক্ষা কোনো দলীয় বিষয় নয়; এটি জাতীয় স্বার্থ।
প্রস্তাবিত অধ্যাদেশে জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত। এর মধ্যে অন্যতম হলো অধূমপায়ীদের রক্ষায় সব পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করার বিধান। এতে পরোক্ষ ধূমপানের ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে চলাচল করতে পারবে।
দ্বিতীয়ত, প্যাকেটে বড় আকারের (৭৫ শতাংশ) রঙিন স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক করা। গবেষণায় দেখা গেছে, দৃশ্যমান ও বাস্তবধর্মী সতর্কবার্তা তামাক ব্যবহার কমাতে কার্যকর ভূমিকা রাখে। তৃতীয়ত, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও স্পন্সরশিপ বন্ধ করার উদ্যোগ। তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে নানা কৌশলে বিশেষ করে তরুণদের লক্ষ্য করে প্রচারণা চালিয়ে আসছে। এই বিধান কার্যকর হলে সেই প্রভাব উল্লেখযোগ্যভাবে কমবে।
চতুর্থত, ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্যের নিষিদ্ধকরণ। এসব পণ্যকে অনেক সময় ‘কম ক্ষতিকর’ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এগুলো তরুণদের নিকোটিন আসক্তিতে ঠেলে দিচ্ছে। অধ্যাদেশে এসব পণ্যের নিষেধাজ্ঞা ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে সুরক্ষার এক শক্তিশালী পদক্ষেপ।
নতুন সরকারের সামনে এটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত। সরকার যদি সত্যিকার অর্থে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে চায়, তবে এ অধ্যাদেশ দ্রুত পাস ও কার্যকর করা তার একটি সুস্পষ্ট প্রমাণ হবে। সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নয়ন রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই দায়িত্ব পালনের বাস্তব প্রতিফলন ঘটাতে হলে তামাক নিয়ন্ত্রণে শক্ত অবস্থান নিতে হবে।
তামাক শিল্পের সম্ভাব্য চাপ ও বিভ্রান্তিকর প্রচারণা উপেক্ষা করে জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে একটি সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত। কারণ, তামাক শিল্পের অর্থনৈতিক অবদান যতটা প্রচার করা হয়, বাস্তবে তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতার ক্ষতি তার চেয়ে বহু গুণ।
বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক কনভেনশনের সদস্য রাষ্ট্র। এই অধ্যাদেশ সেই আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের পথ সুগম করবে। একই সঙ্গে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে লক্ষ্য-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একটি তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা মানে শুধু রোগ প্রতিরোধ নয়; এটি উৎপাদনশীল জনশক্তি গড়ে তোলা, স্বাস্থ্য ব্যয় কমানো এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের দিকে অগ্রসর হওয়া। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৫ বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় ও ইতিবাচক পদক্ষেপ। এই অধ্যাদেশটি পাস ও কার্যকর করা মানে লাখো প্রাণ রক্ষা, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখা এবং একটি সুস্থ জাতি গঠনের পথে দৃঢ় অগ্রযাত্রা।
সীমা দাস সীমু: পরিচালক, উবিনীগ
