বাংলাদেশের পররাষ্ট্রনীতির সামনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে, যখন একটি ছোট কূটনৈতিক মন্তব্যও বড় কৌশলগত প্রশ্নের জন্ম দেয়। মক্কায় সউদী আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ তেমনই একটি মুহূর্ত। ২৪ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ঢাকা এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং এতে আগ্রহ প্রকাশ করেছে। ২৭ আগস্ট জাতীয় সংসদে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো আলোচনায় আসেনি; বরং সদস্যদেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিনি মনে করেন, চুক্তিটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে এবং সে অর্থে এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয় ও অন্যদের উদ্বেগের অবকাশ নেই। ঘটনাটির তাৎপর্য আরও বেড়ে যায় যখন এটিকে বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতার সঙ্গে পাশাপাশি দেখা হয়। একদিকে দেশে জ্বালানি ও গ্যাসের সংকট; অন্যদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হত্যাকা-ে শেখ হাসিনার বিচার ও প্রত্যর্পণ নিয়ে ঢাকা-দিল্লি টানাপোড়েন অব্যাহত। একই সময়ে বাংলাদেশ ভারত, চীন, সউদী আরব, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন শক্তির সঙ্গে তার সম্পর্কের পরিসর পুনর্বিন্যাস করছে; কোথাও অর্থনৈতিক অংশীদারিত্ব, কোথাও জ্বালানি, কোথাও অবকাঠামো ও করিডোর, আবার কোথাও প্রতিরক্ষা ও কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে। ফলে প্রশ্নটি কেবল মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, তা নয়। আসল প্রশ্ন হলো, বাংলাদেশ কি তার কৌশলগত স্বায়ত্তশাসন বাড়াতে চাইছে, নাকি এক ধরনের নির্ভরতা থেকে বেরিয়ে অন্য ধরনের নির্ভরতার দিকে যাচ্ছে? কারণ, এখানে একসঙ্গে চারটি প্রশ্ন এসে মিলেছে; নিরাপত্তা, জ্বালানি, সার্বভৌমত্ব এবং বিদেশি শক্তির ওপর নির্ভরতা।

৭ আগস্ট মক্কায় সউদী আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মূল ধারণা হলো, এক সদস্যের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এটিকে প্রযুক্তিগত অর্থে ন্যাটোর আর্টিকেল ৫-এর সঙ্গে তুলনা করেছেন। তবে গুরুত্বপূর্ণ পার্থক্যও আছে: ন্যাটোর মতো সমন্বিত সামরিক কমান্ড ও স্বয়ংক্রিয় সামরিক প্রতিক্রিয়ার পূর্ণাঙ্গ কাঠামো এখনো গড়ে ওঠেনি। বরং একটি মন্ত্রী পর্যায়ের কমিটি ও একটি সচিবালয়ের মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক কাঠামো এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তিন রাষ্ট্রের শক্তির ধরনও ভিন্ন।

পাকিস্তানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা, তুরস্কের ন্যাটো-অভিজ্ঞতা ও প্রতিরক্ষা শিল্প, আর সউদী আরবের আর্থিক ও কূটনৈতিক শক্তি; এই তিন ধরনের পরিপূরক ক্ষমতা এক বিন্যাসে এসেছে। কিন্তু এখানেই সতর্ক থাকা দরকার। সামরিক সক্ষমতার সমন্বয় মানেই একটি নতুন ‘ইসলামিক ন্যাটো’ তৈরি হয়ে যাওয়া নয়। এটি একটি নতুন যৌথ নিরাপত্তা কাঠামো; এর প্রকৃত কার্যকারিতা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সংকটের সময় সদস্যদের বাস্তব প্রতিশ্রুতির ওপর। বিষয়টি এখনো চূড়ান্ত যোগদানের সিদ্ধান্ত নয়; কিন্তু এই আগ্রহের রাজনৈতিক অর্থ অস্বীকার করার উপায়ও নেই। এই নতুন ব্যবস্থায় বাংলাদেশের আগ্রহ দেখানোর বিষয়টিও তাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমন্ত্রণ, রাজনৈতিক আগ্রহ এবং আনুষ্ঠানিক সদস্যপদ; এই তিনটি এক নয়।

এই পার্থক্যই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৌশলগত বাস্তবতায় ভারতকে পাশ কাটানোর সুযোগ নেই বাংলাদেশের। প্রায় ৪,১০০ কিলোমিটার সীমান্ত, বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, আন্তঃসীমান্ত নদী এবং আঞ্চলিক যোগাযোগ দুই দেশকে গভীরভাবে পরস্পরনির্ভর করেছে। তাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বাংলাদেশের জন্য প্রয়োজনীয়; কিন্তু ভারতের পছন্দের সঙ্গে বাংলাদেশের নীতি অভিন্ন হতে পারে না। কারণ, এক পক্ষের বিকল্প কমে গেলে আন্তঃনির্ভরতা ধীরে ধীরে প্রভাবে পরিণত হতে পারে। ফলে আসল প্রশ্ন সম্পর্কের ঘনিষ্ঠতা নয়, বাংলাদেশের দর-কষাকষির ক্ষমতা কতটা অটুট। এই দ্বৈত বাস্তবতা আরও প্রকট হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকা- প্রশ্নে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ- দেয়। ফলে তাঁর প্রত্যর্পণ এখন শুধু আইনি বিষয় নয়; এটি বাংলাদেশের বিচারিক সার্বভৌমত্ব, জবাবদিহি এবং ঢাকা-দিল্লি সম্পর্কের আস্থার প্রশ্নও। তবে মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহকে শেখ হাসিনা ইস্যুর সরাসরি ফল বলা যাবে না। বরং দুটি ঘটনা একই সময়ে বাংলাদেশের কৌশলগত পরিবেশে নতুন চাপ ও বিকল্প তৈরি করছে। তাই মক্কা চুক্তিকে সম্ভাব্য ভারসাম্য-রক্ষার কৌশল হিসেবে পড়া যায়। কিন্তু ঝুঁকি এড়ানোর পররাষ্ট্রনীতি বা হেজিং তখনই সফল, যখন অংশীদার বাড়ে অথচ নির্ভরতার কেন্দ্র বদলে গিয়ে নতুন একাধিক নির্ভরতাই তৈরি হয় না। অর্থাৎ সম্পর্কের বহুমুখীকরণ যেন নির্ভরতার বহুমুখীকরণে পরিণত না হয়।

জ্বালানি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বৈত বাস্তবতাগুলোর একটি। সংকটের সময় বাংলাদেশকে ভারতীয় জ্বালানি সরবরাহের দিকে তাকাতে হয়েছে; একই সঙ্গে চীনসহ একাধিক উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা হয়েছে। অর্থাৎ জ্বালানি নিরাপত্তার শিক্ষা হলো কোনো একটি উৎসকে আরেকটি উৎস দিয়ে প্রতিস্থাপন করা নয়; বরং সরবরাহের বৈচিত্র্য, মজুত, অবকাঠামো এবং দেশীয় সহনশীলতা তৈরি করা। এদিকে ১৯ আগস্ট কাতারও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের সামনে একটি কৌশলগত সুযোগও তৈরি হয়েছে; ভারত, চীন, উপসাগরীয় দেশ এবং অন্যান্য সরবরাহকারীর মধ্যে বাস্তব বৈচিত্র্য তৈরি করা। অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন এখন শুধু যুদ্ধজাহাজ, বিমান বা সীমান্তরক্ষী বাহিনী দিয়ে মাপা যাবে না।

শিল্পকারখানা সচল রাখার গ্যাস, আমদানি করার জ্বালানি, বৈদেশিক মুদ্রা, খাদ্য ও সরবরাহব্যবস্থাও জাতীয় নিরাপত্তার অংশ। অন্যের সাহায্য নেওয়া স্বায়ত্তশাসনের বিপরীত নয়; অন্যের সাহায্য ছাড়া নিজের সিদ্ধান্ত নিতে না পারাই সমস্যা। বাহ্যিক সম্পদ বা নিরাপত্তা-সহযোগিতা কখনো সরাসরি জাতীয় শক্তিতে পরিণত হয় না; মাঝখানে থাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক ক্ষমতা ও সম্পদ বণ্টনের কাঠামো। বিদেশি অংশীদারিত্বের সুফল তখনই জাতীয় স্বায়ত্তশাসনে রূপ নেয়, যখন তা শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সক্ষমতার মাধ্যমে জাতীয় মূল্য আহরণে পরিণত হয়; কিন্তু দুর্বল প্রতিষ্ঠান ও অলিগার্কিক মধ্যস্থতার মধ্যে একই অংশীদারিত্ব বিদেশি প্রভাব ও নির্ভরতার নতুন পথ তৈরি করতে পারে।

দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিদেশি অংশীদারিত্ব অনেক সময় সরাসরি রাষ্ট্রের সঙ্গে কাজ করে না; বরং স্থানীয় রাজনৈতিক, আমলাতান্ত্রিক বা ব্যবসায়িক ক্ষমতাকেন্দ্রের মাধ্যমে প্রবেশ করে। তখন বিদেশি সম্পদ জাতীয় সক্ষমতা বাড়ানোর বদলে অভ্যন্তরীণ অলিগার্কিক দখলকে শক্তিশালী করতে পারে। ফলে সমস্যাটি শুধু ‘বিদেশি প্রভাব’ নয়; বিদেশি প্রভাব কীভাবে অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাংলাদেশের করিডোর ও অবকাঠামো সহযোগিতার ক্ষেত্রেও একই প্রশ্ন প্রযোজ্য। একটি করিডোর বাংলাদেশকে শুধু ট্রানজিটনির্ভর রাষ্ট্র বানাবে, নাকি উৎপাদনভিত্তিক রাষ্ট্রে উন্নীত করবে; তা নির্ধারণ করবে দেশের নিজস্ব শিল্প, প্রযুক্তি, মানবসম্পদ ও প্রতিষ্ঠান। মক্কা চুক্তির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

বিদেশি নিরাপত্তা সহযোগিতা বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ও রাষ্ট্রীয় সক্ষমতার বিকল্প হতে পারে না। তুরস্কের সঙ্গে সহযোগিতা হলে শুধু অস্ত্র কেনা নয়, প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় উৎপাদন, রক্ষণাবেক্ষণ সক্ষমতা ও দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশকে অগ্রাধিকার দিতে হবে; নইলে প্রতিরক্ষা সহযোগিতাও প্রকিউরমেন্ট নির্ভরশীলতায় পরিণত হতে পারে। নির্ভরশীলতা ভাঙে তখনই, যখন অংশীদারিত্বের ফল হিসেবে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বাড়ে। সউদী আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব শুধু ধর্মীয় আবেগে সীমাবদ্ধ নয়। শ্রমবাজার ও প্রবাসী আয়ও এখানে বড় বাস্তবতা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে সউদী আরব থেকে বাংলাদেশে ৪.২৬ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে; মোট রেমিট্যান্সের ১৪.০৬ শতাংশ এসেছে দেশটি থেকে।

একই সময়ে গালফ দেশগুলো সম্মিলিতভাবে মোট রেমিট্যান্সের প্রায় ৪৫ শতাংশ দিয়েছে। কিন্তু সউদী সম্পর্কের শক্তি যেমন বাংলাদেশের জন্য লিভারেজ তৈরি করতে পারে, তেমনি অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে সেটিও লিভারেজের উৎস হতে পারে। তাই সউদী অংশীদারিত্বকে অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা দরকার, নিরাপত্তা গ্যারান্টির বিকল্প হিসেবে নয়। তুরস্ক বাংলাদেশের জন্য প্রতিরক্ষা প্রযুক্তি, শিল্প সহযোগিতা ও কূটনৈতিক বৈচিত্র্যের অংশীদার হতে পারে। পাকিস্তানের ক্ষেত্রে বর্তমান ভূরাজনীতিরও বাস্তবতা আছে। বাংলাদেশের উচিত তাকে কাজে লাগানো। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রতিরক্ষা অংশীদার।

২০২৬ সালের আগস্টেই চীনা জে-১০সিই যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিক আলোচনার দিকে এগোচ্ছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। এটি দেখায়, বাংলাদেশের নিরাপত্তা বৈচিত্র্য ইতোমধ্যেই কেবল কূটনৈতিক ভাষার বিষয় নয়; প্রতিরক্ষা সক্ষমতার বাস্তব ক্ষেত্রেও তা বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় ভুল হবে যদি সে মনে করে, একটি শক্তিশালী বিদেশি জোট তার নিজের রাষ্ট্রীয় সক্ষমতার বিকল্প। ভারতের সঙ্গে সম্পর্ক দরকার, কিন্তু ভারতনির্ভরতা নয়। চীনের সঙ্গে অংশীদারিত্ব দরকার, কিন্তু চীননির্ভরতা নয়। সউদী আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক দরকার, কিন্তু আর্থিক নির্ভরতা নয়। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা দরকার, কিন্তু নিরাপত্তা-নির্ভরতা নয়। পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু কোনো নতুন অক্ষের অংশ হওয়া বাংলাদেশের জাতীয় স্বার্থ নয়। এখানেই বাংলাদেশের প্রয়োজন জোটের রাজনীতির চেয়ে সক্ষমতার রাজনীতি। এর সঙ্গে যুক্ত হতে হবে বিকল্পের সক্ষমতা; কোনো অংশীদারের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও যেন বাংলাদেশ জ্বালানি, বাজার, প্রযুক্তি, অর্থ বা নিরাপত্তার সংকটে না পড়ে। এই বহুমুখী বিকল্পই কৌশলগত স্বায়ত্তশাসনের বাস্তব ভিত্তি। লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী Email: hhafij@yahoo.com