বাংলাদেশের আকাশ আজ মেঘাচ্ছন্ন, বাতাস ভারী হয়ে আছে লক্ষ-কোটি মানুষের দীর্ঘশ্বাসে। একটি যুগের অবসান ঘটেছে। দীর্ঘ লড়াই, চড়াই-উতরাই আর অদম্য সাহসের প্রতিচ্ছবি বেগম খালেদা জিয়া আজ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তিনি কেবল একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন না; তিনি ছিলেন কোটি মানুষের আশার বাতিঘর, জাতীয়তাবাদী আন্দোলনের অতন্দ্র প্রহরী এবং এক আপোসহীন সংগ্রামের নাম। তার প্রস্থানে বাংলাদেশের রাজনীতির মানচিত্রে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ হওয়ার নয়। গৃহবধূ থেকে রাজপথের সেনাপতি হয়ে ওঠা এই নারীর জীবন এক মহাকাব্য, যা যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়ে অমøান থাকবে। বিগত কয়েক দশকের বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক প্রদীপ্ত নক্ষত্র, বেগম খালেদা জিয়া। দীর্ঘ রোগভোগের পর তার চিরবিদায় কেবল একটি জীবনের অবসান নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বিশাল অধ্যায়ের পরিসমাপ্তি।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা এস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার একজন গৃহিণী। শৈশব থেকেই শান্ত ও ধীরস্থির স্বভাবের ছিলেন তিনি। দিনাজপুরের স্কুলেই তার শিক্ষা জীবনের হাতেখড়ি। উত্তরবঙ্গের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে বড় হওয়া এই মেয়ে যে একদিন পুরো দেশের হাল ধরবেন, তা হয়তো সেদিন কেউ ভাবেনি। বাল্যকালে তার জীবন সাদামাটা হলেও, পরবর্তী সময় তার বেড়ে ওঠার দিনগুলোতে ছিল আভিজাত্য এবং মমত্ববোধের এক অপূর্ব সংমিশ্রণ।
১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন সেনানিবাসে তার জীবন অতিবাহিত হয়। একজন সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে তিনি অত্যন্ত শৃঙ্খলিত জীবন যাপন করতেন। একজন সাধারণ আদর্শ গৃহিনী হিসেবে, সংসার এবং সন্তানদের লালন-পালনেই তিনি তখন মনোনিবেশ করেছিলেন। বেগম খালেদা জিয়া ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুই সন্তান-তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি সন্তানদের শিক্ষিত করার চেষ্টা করেছেন। সন্তানদের প্রতি তার মমত্ববোধ ছিল অসীম, যা পরবর্তী জীবনে তাদের রাজনৈতিক সংকটের সময় আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুতে তিনি ভেঙে পড়লেও, দেশ ও জাতির স্বার্থে নিজের শোককে শক্তিতে রূপান্তর করেছিলেন।
১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের না ফেরার দেশে চলে যাওয়ার পর, বিএনপির অস্তিত্ব যখন সংকটের মুখে, তখন দলের নেতাকর্মীদের চাপে এবং দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়া রাজনীতির আঙিনায় পা রাখেন। একজন অন্তর্মুখী গৃহবধূ থেকে মুহূর্তেই তিনি হয়ে ওঠেন রাজপথের লড়াকু সৈনিক। ১৯৮৪ সালে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। সেই থেকে তার আপসহীন অভিযাত্রার শুরু। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব ও দূরদর্শী সিদ্ধান্তের কারণে দলটি পুনরুজ্জীবিত হয়। তিনি গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়িয়েছেন, তৃণমূলের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তার কারণেই বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর একটিতে পরিণত হয়।
এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন প্রধান চালিকাশক্তি। বারবার গৃহবন্দি ও কারারুদ্ধ হলেও তিনি মাথা নত করেননি। এই আপসহীন মনোভাবই তাকে জনগণের কাছে দেশনেত্রী এবং আপোসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ১৯৯০-এর গণঅভ্যুত্থানে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়।
বেগম খালেদা জিয়া ১৯৯১ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার শাসনামলে বিনামূল্যে শিক্ষা, নারী শিক্ষার প্রসারে সাফল্য অর্জন করে। তিনি বাংলাদেশকে একটি আধুনিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। ক্ষমতায় থাকা অবস্থায় বা বিরোধী দলে-সব সময় বেগম খালেদা জিয়া নিজেকে জনগণের বৃহৎ অংশের অভিভাবক হিসেবে প্রমাণ করেছেন। তার শান্ত সৌম্য মূর্তির আড়ালে ছিল এক বজ্রকঠিন ব্যক্তিত্ব। জাতীয় সংকটে তার দেওয়া দিকনির্দেশনা জনগণের বড় অংশর কাছে ছিল পরম পাথেয়। তিনি কেবল একটি দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের কয়েক কোটি সাধারণ মানুষের আস্থার প্রতীক।
বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ দশকে নাজিমুদ্দিন রোডের কারাগারে নিঃসঙ্গ জীবন কাটাতে হয়েছে। বার্ধক্য এবং অসুস্থতা সত্ত্বেও তার ওপর চালানো আইনি ও মানসিক চাপ তাকে শারীরিকভাবে দুর্বল করে দিলেও মানসিকভাবে পরাজিত করতে পারেনি। কারাবন্দি অবস্থায়ও তিনি তার আদর্শে অটল ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, তিনি এদেশের মানুষের। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি নিজ দেশেই থাকতে চেয়েছেন।
বেগম খালেদা জিয়ার কিছু অনন্য বৈশিষ্ট্য তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে : ১. তিনি মুসলিম বিশ্বের অন্যতম প্রথম নারী প্রধানমন্ত্রী। ২. তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়ে সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করেছেন। ৩. তার শাসনামলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নারী শিক্ষার ইতিবাচক পরিবর্তন ঘটে। ৪. ক্ষমতার বাইরে দীর্ঘ সময় রাজপথে থেকেও তিনি দল ধরে রাখার বিরল সক্ষমতা দেখিয়েছেন। ৫.বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এবং নারী জাগরণের এক অপরাজেয় ও আপোসহীন প্রতীক। ৬. স্বামী হারানোর শোককে শক্তিতে পরিণত করে তিনি তার আদর্শে আপসহীন ভূমিকায় অবতীর্ণ হয়ে কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ৭.প্রতিকূল সময়েও মাথা নত না করার অদম্য সাহস নিয়ে তিনি এদেশের নারীদের দেখিয়েছেন কীভাবে আত্মমর্যাদার সাথে লড়াই করতে হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগে দীর্ঘ সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তাকে মাসের পর মাস যন্ত্রণার সাথে লড়াই করতে হয়েছে। বারবার লাইফ সাপোর্টে নেওয়া হলেও তিনি অদম্য জীবনীশক্তির পরিচয় দিয়েছেন। তার এই কষ্ট সাধারণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।
বেগম খালেদা জিয়ার বিদায়ে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। তার জন্য দোয়া ও মোনাজাতে শামিল হচ্ছে কোটি কোটি মানুষ। তার কর্মীবাহিনী তাকে নেত্রীর চেয়েও বড় ‘মা’ হিসেবে শ্রদ্ধা করত। তার প্রতিটি শব্দ ছিল কর্মীদের কাছে প্রেরণার উৎস। তার বিদায়ে আজ এতিম হয়ে পড়েছে লাখ লাখ দলীয় কর্মী। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হলো। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার মতো এমন বলিষ্ঠ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্ব বর্তমানে বিরল। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তার অভাব প্রতিটি মুহূর্তে অনুভূত হবে। জাতি আজ তার এক শ্রেষ্ঠ অভিভাবককে হারিয়ে হারালো।
লেখক: প্রাবন্ধিক, কথা সাহিত্যিক।
