কী উচিত আর কী অনূচিত তা নির্ধারণ করা বেশ জটিল বিষয় বটে। পাঠক, জানি আপনি চমকে উঠেছেন। অনেকেই বলে উঠবেন, ন্যায়-অন্যায়কে কেন্দ্র করে নির্ধারণ হয় উচিত-অনূচিত! তবে এখানে আর জটিলতা কিংবা অনিশ্চয়তার কী আছে? জানি আপনার প্রশ্ন যৌক্তিক। ইতিহাসের পথ ধরে হাঁটতে হাঁটতে থাকলে আমরা বুঝতে পারব যে, উচিত আর অনূচিত আদতে খুবই নড়বড়ে ধারণা। যে কাজ এক সময় মহৎ বা স্বাভাবিক বলে বিবেচনা করা হতো, পরে সেটি বিবেচিত হয়েছে সম্পূর্ণ অনৈতিক কাজ হিসেবে। আবার যে বিষয়টিকে সমাজ একসময় ভয়ংকর অপরাধ বা নীতিবিরুদ্ধ বলে বিবেচনা করত, সময়ের প্রবাহে সেটি পরিণত হয়েছে অত্যন্ত স্বাভাবিক ও গ্রহণযোগ্য বাস্তবতায়।
এই রূপান্তর কখনো ঘটে ধর্মীয় ব্যাখ্যার আদলে, কখনো রাষ্ট্রীয় আচারের সংশোধনে, আবার কখনো ঘটে দর্শন বিজ্ঞান ও মানবাধিকারের ভিন্ন পথ গ্রহণে। ধরা যাক, দাসপ্রথার কথা। একসময় অনেক সভ্যতার চোখে এটি ছিল স্বাভাবিক সামাজিক ব্যবস্থা। দাস কিনে রাখা বা শ্রমে নিযুক্ত করা ছিল একটি স্বাভাবিক প্রথা। অথচ আধুনিক মানবাধিকার, সামাজিক সমতা ও আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর প্রমাণিত হয়েছে এটি ছিল চরম বর্বরতা ও মানবমর্যাদার নির্মম লঙ্ঘন। একইভাবে ইউরোপীয় উপনিবেশবাদও শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা বিস্তারের মহৎ দায়িত্ব হিসেবে বিবেচিত হতো। কিন্তু স্বাধীনতা আন্দোলন এবং ইতিহাসের নৃশংসতা উন্মোচিত হওয়ায় এখন স্পষ্ট, সেই নীতি ছিল লুণ্ঠন দমন আর বৈষম্যের প্রাতিষ্ঠানিক কাঠামো।
সমাজ ধর্ম আর আতঙ্ক মিশিয়ে মানুষকে উইচ হান্ট নামে নিষ্ঠুরভাবে আগুনে পোড়ানোও অতীতে ছিল গ্রহণযোগ্য শাস্তি। এসব প্রথা সময়ের গতিপথে বর্বর ও অমানবিক হিসেবে চিহ্নিত হয়েছে। ভাবুন, বাল্যবিয়ে কিংবা সতীদাহের কথা, যা বহু সমাজে ছিল খুব স্বাভাবিক রীতি। যা আজ আইনের চোখে চরম নিষ্ঠুরতা ও মানবিক দৃষ্টিভঙ্গিতে অন্যায্য কাজ। \r\nকিন্তু একই ইতিহাস আমাদের দেখায় যে অনেক বিষয়, যেগুলোকে একসময় অনূচিত বা অস্বাভাবিক ভাবা হতো, সেগুলো আজ বিশ্বজুড়ে নৈতিকতার প্রধান স্তম্ভ। নারীর ভোটাধিকার, রাজনৈতিক অংশগ্রহণ, এমনকি কর্মক্ষেত্রে নেতৃত্ব- একসময় এসবের বিরুদ্ধে ছিল ধর্মীয় ব্যাখ্যা, সামাজিক প্রথা এবং পুরুষতান্ত্রিক নীতি। এখন এগুলো স্বাভাবিক, রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত এবং মানবাধিকারের কেন্দ্রবিন্দু।
একইভাবে বর্ণ বা জাতিগত ভিন্নতার সঙ্গে বিবাহকে একসময় মনে করা হতো সমাজদ্রোহী কাজ। আজ অধিকাংশ দেশে এটি ব্যক্তির পছন্দের স্বাধীনতা হিসেবে স্বীকৃত। জন্মনিয়ন্ত্রণ একসময় ধর্ম ও সংস্কৃতির চোখে ছিল কঠিন পাপ, আজ জনস্বাস্থ্যের অপরিহার্য অংশ। ভ্যাকসিনও প্রথমে ছিল ভয়ের বিষয়, পরে তা সভ্যতার অন্যতম সেরা বৈজ্ঞানিক সাফল্যে পরিণত হয়েছে। শ্রমিক সংগঠন বা ধর্মঘট, যা একসময় কারখানা মালিকদের ভাষায় ছিল রাষ্ট্রবিরোধী বা অনৈতিক, আজ শ্রমিক অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। এসব উদাহরণ দেখিয়ে দেয় যে, উচিত আর অনূচিতকে আমরা যতটা সহজ মনে করি, আসলে তা ততটা সহজ নয়। নৈতিক ধারণাগুলো সময়ের সঙ্গে বদলায়। কারণ সমাজ বদলায়, বিজ্ঞান এগোয়, ধর্মীয় ব্যাখ্যা রূপান্তরিত হয়, আর সংবিধান নতুন বাস্তবতার সঙ্গে খাপ খায়।
যার ফলে নৈতিকতা হয় এক চলমান নদী- কখনো স্রোত বদলায়, কখনো পথ। তাই কোনো বিষয়কে তড়িঘড়ি উচিত বা অনূচিত বলে চিহ্নিত করার আগে ইতিহাসের আয়নায় একটু তাকানোই হয়তো বেশি বিচক্ষণতার কাজ।\r\nযেমনটা বলছিলাম মানুষ সাধারণত মনে করে ভালোমন্দ খুব সহজে চেনা যায়। যেন পৃথিবীতে জন্মেই আমরা নৈতিকতার জিপিএস নিয়ে আসি। কিন্তু ইতিহাসের ভেতরে একটু হাঁটলে বোঝা যায় বিষয়টি আসলে কত জটিল, কত রকমের ভুল ধারণা আর সান্ত্বনাদায়ক অভ্যাসে ভরা। যে কাজ একসময় সম্মানের সঙ্গে উচিত বলে গৃহীত হয়েছিল, পরে তা প্রকাশ পেয়েছে ভয়ংকর অনৈতিক হিসেবে। আবার যাকে একসময় সমাজ চোখ তুলে তাকাতেও চাইত না, সেটিই সময়ের স্রোতে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। সক্রেটিস অনেক আগেই সতর্ক করেছিলেন যে, আসল জ্ঞান হলো এটা বুঝতে পারা যে আমরা কিছুই জানি না!
সেই বিনয়ই আমাদের বলে যে তাড়াহুড়ো করে নৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। স্বাভাবিকতার কারণে ভালো ভাবি সেটিই হয়তো ইতিহাসের বিচারে বড় ভুল। তবে প্রগতিও কম বিস্ময়কর নয়। অনেক কিছু একসময় অনুচিত মনে করা হলেও আজ তা সমাজের গ্রহণযোগ্য বিষয়। নারীর ভোটাধিকার, কর্মজীবনে অংশগ্রহণ ও রাজনৈতিক নেতৃত্ব একসময় অনেকের কাছে অগ্রহণযোগ্য মনে হতো। বহু বছর ধরে সংগ্রাম এবং বিচারব্যবস্থার সংশোধন না হলে সম্ভবত পরিবর্তন আসতো না। আজ নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণকে যে কেউ ন্যায়ের অংশ হিসেবে দেখে। একইভাবে বর্ণভেদে বিয়ে একসময় সামাজিকভাবে তিরস্কৃত হলেও এখন অধিকাংশ দেশে এটি ব্যক্তিস্বাধীনতার বিষয়। জন্মনিয়ন্ত্রণ একসময় ধর্মীয়ভাবে বিতর্কিত ছিল। আজ তা পরিবার ও সমাজের জন্য অপরিহার্য বিষয়।
ভ্যাকসিন যেমন একসময় মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করেছিল, পরে মানবজীবন রক্ষায় তা যুগান্তকারী হিসেবে প্রমাণিত হয়েছে। \r\nদার্শনিক, কবি ও রাজনৈতিক নেতৃত্ব যারা বহু আগে এসব বলেছিলেন তাদের কথা এখানে প্রাসঙ্গিক। রুমি বলেছিলেন যে, ন্যায় আর অন্যায়ের বাইরেও এমন এক মাঠ আছে, যেখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, সত্য ধীরে ধীরে উন্মোচিত হয়, তবে অনেকটা ভোরের আলোর মতো। বাকি সবাই দেখবার অনেক আগেই। গান্ধী বলেছিলেন যে, বিবেকের বিষয়ে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের কোনো ওজন নেই। মার্টিন লুথার কিং স্মরণ করিয়েছেন, যে সঠিক কাজ করার জন্য সঠিক সময়টা এখনই। এ সব কথাই বলে দেয় যে, নৈতিকতা একটি চলমান আলোচনা। এটি শুধু তাত্ত্বিক বিতর্ক নয়, বাস্তব জীবনের কার্যকর নীতি এবং মানুষের দায়িত্বের প্রতিফলন।
অতএব যে কোনো ঘটনা বা সিদ্ধান্তকে ঝটপট উচিত বা অনূচিত বলে চিহ্নিত করার আগে ইতিহাসের আঙিনায় একবার নাড়া দেওয়া বুদ্ধিমানের কাজ। নৈতিকতা নদীর মতো, বাঁকে বাঁকে বয়ে চলে। যে বাঁকগুলো আমাদের এখন অস্বাভাবিক মনে হয়, ভবিষ্যৎ হয়ত সেগুলোকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করবে। আর যে স্থিরতার দাবি আমরা আজ করি, কাল তা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই নৈতিক সিদ্ধান্ত নিতে গেলে সাহস, দ্বিধা এবং ইতিহাসের শিক্ষাকে সঙ্গে নিতে হবে। নীতিবাক্যে এক কথায় বললে- বুদ্ধিমত্তা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে আগে ভাবা, আর এর জন্য সময় নিতে ভুল নেই।\r\nনীতি-নৈতিকতা ও ঠিক-বেঠিকের আলোচনায় যদি বিবেককে টেনে-আনা যায়, তবে আলোচনা নতুন দিকে মোড় নেয়। যেমন, বিবেককে আমি সবসময় মানুষের ভিতরের নীরব শিক্ষক হিসেবে দেখি।
সে শিক্ষক কখনো কোমল, কখনো কঠোর, আবার কখনো দ্বিধায় ভোগে। আমরা যে ভুল ও সঠিক, সত্য ও মিথ্যা নিয়ে খুব দৃঢ় ধারণা রাখি, অভিজ্ঞতায় দেখেছি যে, বিবেক এগুলোকে স্থির কোনো কাঠামো হিসেবে ধরে না। পরিস্থিতি, অভিজ্ঞতা, ভয়, লোভ, জ্ঞান, শিক্ষা, সামাজিক চাপ- সবকিছুর প্রভাবে বিবেকের অবস্থান বদলায়। দর্শনের দৃষ্টিতে এটি অনেকটা বহমান নদীর মতো, যেখানে একই পানিতে দুইবার নামা রাখা যায় না। সক্রেটিস বিশ্বাস করতেন ভুলের মূল কারণ অজ্ঞতা। যখন তার লেখাগুলো পড়েছি, মনে হয়েছে তিনি যেন বলতে চাইছেন, মানুষ সঠিক বুঝলে ভুলের আর কোনো জায়গা থাকে না। কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে দেখেছি বিষয়টা এতটা সরল নয়। মানুষ অনেক সময়ই জানে কী সঠিক, তবু ভুল করে।
কারণ বিবেক শুধু যুক্তিতে চলে না, এতে ভয় কাজ করে, স্বার্থ কাজ করে, কখনো কাজ করে ব্যক্তি আকাক্সক্ষা আবার কখনো সামাজিক চাপ। নীৎশে তো আরও নির্দিষ্টভাবে বলেছিলেন নৈতিক সত্য সর্বজনীন নয়। সমাজ তার স্বার্থে নৈতিকতার ধারণা সাজিয়ে নেয়। ফলে যা এক যুগে অপরাধ, অন্য যুগে তা মর্যাদার প্রতীক হয়ে দাঁড়ায়। যতই ইতিহাস পড়েছি, ততই বুঝেছি, বিবেক এখানে সমাজের পরিবর্তনের ভাষা মাত্র। সমাজ যখন পালটায়, বিবেকও পাল্টে যায় মুহূর্তেই। \r\nফুকোর বক্তব্য আমাদের বিবেক সম্পর্কে ধারণাকে আরও শাণিত করে। তিনি দেখিয়েছেন ক্ষমতাই অনেক সময় সত্যকে তৈরি করে। যে শক্তি আধিপত্য বিস্তার করতে পারে, তার কথাই সত্য হয়ে ওঠে। আমরা ছোটবেলায় যা শিখি, সমাজ যেমন সত্যের ভাষা আমাদের শেখায়, বড় হয়ে বিবেকও সেই ভাষাকেই সত্য ধরে নেয়।
যেন বিবেক নিজের আলোর উৎস অন্য কারো হাতে ছেড়ে দিয়েছে। ইতিহাসে অসংখ্য মুহূর্ত আছে যেখানে বিবেকের এই লড়াই সত্যকে পুনরুদ্ধার করেছে। সক্রেটিসের বিষপান, গ্যালিলিওর দণ্ডাদেশ, গান্ধীর অহিংস প্রতিরোধ, কিংবা শেখ মুজিবের ডাকে আমাদের মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থান- সবকটিতেই আমি দেখি সত্য কখনো কখনো হয়ত মুহূর্তের জন্য পরাজিত হতে পারে, কিন্তু বিবেকের গভীরে তা টিকে থাকে। সময় প্রস্তুত হলে সত্য আবার মাথা তুলে দাঁড়ায়। যেন দীর্ঘ ঘুম থেকে জেগে ওঠে। এসব ভাবলে বোঝা যায় সঠিক আর বেঠিক; উচিত আর অনূচিত কোনো স্থির বিষয় নয়। আমরা আজ যেসব নৈতিকতার বিষয়ে খুব নিশ্চিত, ভবিষ্যৎ হয়তো সেগুলো নিয়েই মানুষ হাসবে। দর্শন আমাদের শিখিয়েছে যে, সত্য খোঁজা মানে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো নয়, বরং একটানা অনুসন্ধান করে যাওয়া। আমার ব্যক্তিগত বোধে, বিবেক হলো সেই নির্জন অন্দরমহল যেখানে আমি নিজেই নিজের বিচারক। সেখানে সত্য আসে শান্ত আলো হয়ে, ভুল আসে নানা অজুহাত নিয়ে। আর আমি প্রতিনিয়ত শিখতে পারি যে, সত্য ও মিথ্যা, ঠিক ও বেঠিক আসলে চলমান এক প্রক্রিয়া। বিবেক জাগ্রত থাকলে মানুষ সময়ের ধুলো সরিয়ে শেষ পর্যন্ত চিনে নেয় সত্যকেই।
