ঢাকা শহর ভূমিকম্পের ঝুঁকিতে বিশ্বের সবচেয়ে অরক্ষিত নগরীগুলোর মধ্যে অন্যতম। এটি এখন আর কেবল একটি অনুমান বা আঞ্চলিক উদ্বেগের বিষয় নয়; বরং বহু গবেষণা, আন্তর্জাতিক প্রতিবেদন, ভূতাত্ত্বিক মূল্যায়ন ও দীর্ঘদিনের নগর পরিকল্পনাগত বাস্তবতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি সত্য। বাংলাদেশের রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে রাজধানী ঢাকা কেবল জনসংখ্যার ঘনত্বে পরিপূর্ণ নয়, বরং দেশটির সামগ্রিক স্থিতিশীলতা ও বিপর্যয়-সহনশীলতার অন্যতম সূচকও এই শহর।
তাই ভূমিকম্প ঝুঁকির বিষয়টি শুধু ঢাকার মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা, উন্নয়ন এবং ভবিষ্যতে টিকে থাকারও প্রশ্ন।\r\nঢাকার ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার এমন এক ভূ-তাত্ত্বিক অঞ্চলে, যেখানে তিনটি টেকটনিক প্লেটের সংযোগ রেখা যুগ যুগ ধরে সক্রিয়। এর মধ্যে ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেট উল্লেখযোগ্য। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পূর্বাঞ্চলÑ বিশেষত মিয়ানমার-আরাকান ট্রেঞ্চ এবং সিলেট-মেঘালয় অঞ্চলÑ একটি দীর্ঘদিনের ভূ-সংঘর্ষ এলাকা। এই চাপ দীর্ঘ সময় ধরে মুক্ত না হলে এটি বৃহৎ মাত্রার ভূমিকম্পে রূপ নিতে পারে। ঢাকার ঝুঁকি এখানেই। কোনো বড় ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী থেকে কিছু দূরে হলেও এর প্রভাব সরাসরি পৌঁছাবে শহরে এবং জনঘনত্ব, অপরিকল্পিত বসতি, দুর্বল নির্মাণমান ও পুরানো ভবনসমূহের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।\r\nপরিসংখ্যান বলছে যে, ঢাকা পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে। ১৯৭১ সালে মাত্র ১.৬ মিলিয়ন মানুষের শহর বর্তমানে প্রায় ২২ মিলিয়নের আবাসস্থল। মাত্র কয়েক দশকের মধ্যে এত মানুষের আবাসন, কর্মসংস্থান ও চলাচল নিশ্চিত করতে গিয়ে শহরটি প্রায় সম্পূর্ণভাবে অপরিকল্পিত নগরায়ন -এর শিকার হয়েছে। শহরের প্রতিটি ইঞ্চি জায়গা ভবন দিয়ে ভরাট, খোলা স্থান সীমিত, রাস্তাঘাট সংকীর্ণ। এই শহরে জরুরি উদ্ধারযান পর্যন্ত দ্রুত চলাচল করতে পারে না।
