রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ - এটি আমাদের দেশের কারাগারের সেøাগান। আর এই বাতির নিচেই রয়েছে অন্ধকার। নিরাপত্তার সবচেয়ে সুরক্ষিত বেষ্টনীর ভেতরেই যখন অপরাধের নতুন কেন্দ্র গড়ে ওঠে, তখন তা শুধু কারা-ব্যবস্থাকেই বিব্রত করে না, বরং গোটা রাষ্ট্রের নিরাপত্তা ধারণাকেই করে প্রশ্নবিদ্ধ। ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেশের প্রভাবশালী ও দুর্ধর্ষ বন্দিদের রাখা হয় কড়া নিরাপত্তা ও কঠোর নজরদারিতে। অথচ দুই কারাগারের অনেক বন্দি অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে বাইরের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে, এমনকি খুনের নির্দেশও দেন। কেউ কেউ রাজনৈতিক নির্দেশনাও দিয়ে থাকেন।
দেশের সব কারাগারে অবাধে মুঠোফোন ব্যবহার চলছে দীর্ঘদিন থেকে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অশনিসংকেত। অপরাধীদের কারাগারে আটক রাখার উদ্দেশ্য বন্দিদের মাঝে শৃঙ্খলা বজায় রাখা, বন্দিদের সঙ্গে মানবিক আচরণ করা, যথাযথভাবে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করা এবং একজন সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান। সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) এক প্রতিবেদনে এমন ন্যক্কারজনক তথ্য উঠে এসেছে। তবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার সূত্র জানায়, চলতি বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত দুই ধাপে ১৬৭টি মুঠোফোন উদ্ধার করেছে তারা। দেশের প্রধান দুটি কারাগারের বন্দীরা অবৈধভাবে অন্তত ৩৬০টি মুঠোফোন ব্যবহার করছেন।
এর মধ্যে কেরানীগঞ্জে ৭৯টি ও কাশিমপুরে ২৮১টি। কারাগারে মুঠোফোন পাচারের প্রক্রিয়া শিউরে ওঠার মতো ঘটনা! পায়ুপথে বিশেষ কায়দায় ছোট আকারের মুঠোফোনগুলো কারাগারে নিয়ে আসেন বন্দিরা। এমন একটি ঘটনা জানা গেছে, যেখানে এক বন্দি একসঙ্গে দুটো মুঠোফোন পায়ুপথে নিয়ে এসেছেন। আবার একজন একই কায়দায় মুঠোফোন এনে সেটি বের করতে না পারায় পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে সেটি বের করতে হয়েছে চিকিৎসকদের। \r\nএসবির প্রতিবেদনে আরও বলা হয়, অসাধু কারারক্ষী ও কর্মচারীরা অর্থের বিনিময়ে খাবার, ওষুধ, জুতা বা উপহারের মধ্যে মোবাইল সেট ও সিম কৌশলে কয়েদিদের কাছে পৌঁছে দেয়। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দিদের নিরাপত্তা ও অন্যান্য কাজে ৩০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত, যাদের ৫০ জন বিভিন্ন ধরনের অপরাধ-অপকর্মে জড়িয়ে পড়েছেন। দীর্ঘদিনের অপরাধমূলক চর্চা ও অনৈতিকতার সংস্কৃতি এখন এতটাই প্রাতিষ্ঠানিক হয়ে গেছে যে, তা ভাঙতে কেবল নিয়মিত অভিযান নয়, প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। জ্যামার, উন্নত স্ক্যানার, সিসি ক্যামেরা এসব প্রযুক্তি অপরিহার্য। কিন্তু এগুলো তখনই কার্যকর হবে, যখন অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধ করা যাবে। নিয়মিত কারারক্ষীদের নজরদারি ও কঠোর শাস্তির প্রয়োগ এবং বিশেষায়িত স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। কারাগারে মুঠোফোন নিয়ন্ত্রণ আর শুধু প্রশাসনিক চ্যালেঞ্জ নয়, এটি এখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন এবং দ্রুততম সময়ের মধ্যে এর সমাধান জরুরি।
