বাংলাদেশে উচ্চ শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রথমটি এইচইকিউইপি (হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যানচমেন্ট প্রজেক্ট), যা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২ হাজার ১৭০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হয়েছে। দ্বিতীয়টি এইচইএটি (হায়ার এডুকেশন একসিলেরেশন অ্যান্ড ট্রান্সফরমেশন) প্রজেক্ট, যা ২০২৩ সালের জুলাই থেকে ২০২৮ সাল পর্যন্ত চলবে এবং এর বরাদ্দ প্রায় ৪ হাজার ১৭ কোটি টাকা। এ অর্থ বৈদেশিক ঋণ হিসেবে আসে, যা শেষ পর্যন্ত দেশের জনগণকেই পরিশোধ করতে হয়। এত বিশাল বিনিয়োগ থেকে দেশের অর্থনীতিতে আদৌ কতটুকু প্রভাব পড়েছে—এ প্রশ্নের উত্তর খোঁজার এখনই সময়।
প্রকল্প দুটির বাস্তবতার দিকে তাকালে কিছু অস্বস্তিকর সত্য সামনে আসে। বিশ্বব্যাংকের নিজস্ব ইমপ্লিমেন্টেনশন কমপ্লিশন অ্যান্ড রেজাল্টস রিপোর্ট (আইসিআর, ২০১৯) স্বীকার করেছে এইচইকিউইপি বাস্তবায়নে শুরু থেকেই জনবল সংকট, ক্রয়-প্রক্রিয়ায় বিলম্ব এবং আর্থিক প্রতিবেদনে অনিয়ম ছিল। এআইএফ অর্থায়িত ৪৩৯টি সাব-প্রজেক্টের আওতায় চার শতাধিক ল্যাবরেটরিতে যন্ত্রপাতি কেনা হয়েছে এবং ১৩ হাজার ৪৯৪টি গবেষণা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারের নিজস্ব পোস্ট-প্রকিউরমেন্ট পর্যালোচনায় যে চিত্র উঠে এসেছে, যেখানে সরকারি হাসপাতালে ক্রয়কৃত ৫২ শতাংশ ডায়াগনস্টিক যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থাকে, সে একই সংস্কৃতি বিশ্ববিদ্যালয় খাতেও বিদ্যমান বলে আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
আরো গভীর সমস্যা হলো টেকসই পরিকল্পনার অনুপস্থিতি। বিশ্বব্যাংকের আইসিআর রিপোর্টেই স্বীকার করা হয়েছে যে ইউজিসি ডিজিটাল লাইব্রেরিতে ৩৭ হাজার জার্নালের লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ২৪ হাজার ৩০০টি অ্যাকসেসযোগ্য হয়েছে, যার কারণ সচেতনতার অভাব এবং রক্ষণাবেক্ষণের দুর্বলতা। যন্ত্রপাতি কেনার পর তা পরিচালনার দক্ষ জনবল এবং রক্ষণাবেক্ষণের বাজেট নিশ্চিত না করায় বিনিয়োগের সুফল টেকসই হয়নি। বিদ্যুৎ এবং স্বাস্থ্য, সব খাতেই একই দুর্বলতার ছবি বারবার উঠে এসেছে; উচ্চ শিক্ষা খাত এর ব্যতিক্রম হওয়ার কারণ নেই।
এ প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে দ্বিতীয় ধাপের ভবিষ্যৎ নিয়ে। এইচইএটি প্রকল্পের এটিএফ সাব-প্রজেক্টের জন্য এরই মধ্যে ২০২৫ সালের আগস্টে ৪৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১৫১টি সাব-প্রজেক্টের চুক্তি স্বাক্ষর হয়েছে। দ্বিতীয় ধাপের প্রস্তাব আহ্বানও শুরু হয়েছে। কিন্তু প্রথম ধাপের কার্যকারিতার কোনো প্রকাশিত মূল্যায়ন এখনো সামনে আসেনি। পরবর্তী ধাপের কল-ফর-প্রপোজাল দেয়ার আগে একটি স্বাধীন ও বিস্তারিত প্রভাব মূল্যায়ন (ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট) করা অপরিহার্য। শুধু কত টাকা খরচ হয়েছে তা নয়, জানতে হবে ক্রয়কৃত যন্ত্রপাতির কত ভাগ এখনো সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে, এইচইকিউইপির ৭৭৮টি গবেষণাপত্রের মধ্যে কতটি দেশের নীতিনির্ধারণে বা শিল্পে প্রয়োগ হয়েছে, বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতার আওতায় যে ১০টি পেটেন্ট দাখিল হয়েছিল সেগুলোর বাণিজ্যিক পরিণতি কী এবং এইচইএটির প্রথম ধাপের ১৫১টি সাব-প্রজেক্টের অগ্রগতির স্বাধীন মূল্যায়ন কী বলছে। এ মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী প্রকল্পের প্রস্তাব আহ্বান করা উচিত, আগে নয়। অন্যথায় দ্বিতীয় ধাপও একই পথে হাঁটবে।
তবে শুধু সমালোচনাতেই থামলে চলবে না, ভিন্নভাবে ভাবার সুযোগও আছে। গবেষণা তহবিল যদি শুধু শিক্ষার উন্নয়ন হিসেবে না দেখে জাতীয় শিল্প বিকাশের হাতিয়ার হিসেবে দেখা যায়, তাহলে পুরো কাঠামোটাই বদলে যায়। উদাহরণ হিসেবে অটোমোবাইল শিল্পের কথা ভাবা যাক। আগামী ১০ বছরে যদি বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে গাড়ি উৎপাদন করতে চায়, তাহলে এখনই দরকার ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প-যন্ত্রাংশ উৎপাদন, সাপ্লাই চেইন, কারখানা ব্যবস্থাপনা। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো এ সক্ষমতা তৈরিতে কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারে; শর্ত হলো, তাদের গবেষণার বিষয়গুলো সেই লক্ষ্যের সঙ্গে সংযুক্ত করতে হবে।
ইন্টেল বা টেসলা যাদের দিয়ে কাজ করাচ্ছে, তারা বাংলাদেশেরই মেধাবী সন্তান। তারা বিদেশে যাচ্ছেন কারণ দেশে তাদের মেধা কাজে লাগানোর সুযোগ নেই। এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সরকার যদি সেই সুযোগ তৈরি করে দেয়, তাহলে এ মেধাশক্তি দেশেই থাকবে এবং দেশ গড়বে।
এ লক্ষ্যে পৌঁছতে হলে কিছু কাঠামোগত পরিবর্তন জরুরি। কল-ফর-প্রপোজালের আগে পূর্ববর্তী প্রকল্পের স্বাধীন প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করতে হবে। সরকার, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় গবেষণা অগ্রাধিকার কমিটি গঠন করতে হবে, যারা জাতীয় শিল্প কৌশলের সঙ্গে সংযুক্ত; বিমূর্ত বিষয় নয়, সমস্যাকেন্দ্রিক গবেষণার বিষয় নির্ধারণ করবে। প্রতিটি প্রস্তাবে রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিচালনার পরিকল্পনা বাধ্যতামূলক করতে হবে এবং শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পের মধ্যে কাঠামোগত সহযোগিতার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এইচইকিউইপিতে বিশ্বব্যাংকের মোট বিনিয়োগ ছিল প্রায় ২০৬ মিলিয়ন ডলার; এইচইএটিতে সেটা প্রায় ৩৬০ মিলিয়ন ডলার। এ অর্থ বৈদেশিক ঋণ, রাষ্ট্রকেই তা সুদসহ পরিশোধ করতে হবে। অথচ বিশ্বব্যাংকের নিজস্ব রিপোর্টেই স্বীকার করা হয়েছে, এইচইকিউইপির আর্থিক অভ্যন্তরীণ রিটার্ন রেট (আইআরআর) ছিল ৫২ দশমিক ৮ শতাংশ। কিন্তু এ হিসাব মূলত উচ্চ শিক্ষাসম্পন্নদের ভবিষ্যৎ আয় বৃদ্ধির আনুমানিক হিসাবের ওপর দাঁড়িয়ে, বাস্তব শিল্প-অর্থনৈতিক প্রভাবের ওপর নয়। গবেষণা তহবিল বিতরণের সংস্কৃতি বাজেট খরচ থেকে জাতীয় প্রভাব তৈরিতে রূপান্তরিত হোক, এটাই এখন জোর দাবি।
ড. একেএম মাসুদ : অধ্যাপক, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
