ইরানের হামলায় আরব দেশগুলোতে বাংলাদেশের অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে বলে সংবমাধ্যমে এসেছে, এর মধ্যে ১১ জন প্রবাসী শ্রমিক। উপসাগরীয় ছয়টি দেশে তাদের মোট জনসংখ্যার চেয়ে শ্রমিক বেশি। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান বাহরাইনে বিদেশি শ্রমিক আছে ৩.৫ কোটি। আর তাদের নিজস্ব জনসংখ্যা ২.৭ কোটি। যুদ্ধের সময় স্থানীয় আরবরা সুরক্ষিত ও নিরাপদ স্থানে থাকলেও শ্রমিকরা অসহায় অবস্থায় পড়ে। এসব শ্রমিকদের রক্ত ও ঘামে গড়ে উঠেছে আরবের বিশাল বিশাল ইমারাত।

দুবাই, দোহা, রিয়াদ শহর অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এসব শহর গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ার শ্রমিকদের হাতে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন প্রভৃতি দেশের শ্রমিক সেখানে বেশি। বাংলাদেশের প্রবাসী শ্রমিক আছে প্রায় ৫০ লাখ। এর মধ্যে সৌদিতে আছে ২৬ লাখ, আরব আমিরাতে সাড়ে ৮ লাখ, ওমানে ৭ লাখ, কাতারে ৪ লাখ, কুয়েতে সাড়ে ৩ লাখ, বাহরাইনে ১ লাখ। তারা বছরে প্রায় ৩ হাজার কোটি ডলার রেমিট্যান্স পাঠান।

এসব দেশে তারা কাজ করেন নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মী, গৃহকর্মী, ড্রাইভার, নিরাপত্তাকর্মী ইত্যাদি ক্ষেত্রে। যুদ্ধের সময় ধনীরা দ্রুত দেশ ছাড়তে পারে বা নিরাপদ জায়গায় বাড়িতে আশ্রয় নিতে পারে। গরিব শ্রমিকদের সেই সুযোগ সীমিত। সবচেয়ে ঝুঁকিতে থাকে কম আয়ের শ্রমিকরা; যেমন ডেলিভারি কর্মী, দোকানের কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী, নির্মাণ শ্রমিক। কারণ তারা বাইরে কাজ করে, হঠাৎ আশ্রয় নেওয়ার সুযোগ কম। তারা থাকে ঘনবসতিপূর্ণ শ্রমিক আবাসনে। তাদের কাজের জায়গা শ্রমিক ক্যাম্প, শিল্প এলাকা, বন্দর, তেল স্থাপনার কাছাকাছি। তাই দূরে থেকে কাজ করার সুযোগ নেই।

আবার কেউ যদি যুদ্ধপরিস্থিতে দেশ ছাড়তেও চায়, সেটাও সম্ভব হয় না। কারণ পাসপোর্ট থাকে মালিকের কাছে। দেশে ফেরার মতো টাকাও কাছে থাকে না। সব হলেও আবার বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে। দেশে ফিরলে পরে আবার কাজ হারানোর আশঙ্কা থাকে। বাধ্য হয়ে যুদ্ধের মধ্যেও কাজের জায়গায় থাকা লাগে।

যুদ্ধ দীর্ঘায়িত হলে নানারকম সমস্যা দেখা দিতে পারে। লাখ লাখ শ্রমিক আটকে পড়া, কাজ বন্ধ হয়ে যাওয়া, রেমিট্যান্স বন্ধ হওয়া, খাদ্য ও নিরাপত্তা সংকট দেখা দিতে পারে। এসব শ্রমিকের পরিবার আবার তাদের আয়ের উপরে নির্ভরশীল। কাজ বন্ধ হলে, বেতন না পেলে তারা অসহায় হয়ে পড়বে।

যুদ্ধের মধ্যে আতঙ্কে দিন কাটছে প্রাবাসী শ্রমিকদের। যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা ছাড়া আপাতত কিছু করার নেই। জাতিসংঘ সতর্ক করেছে, এই যুদ্ধের কারণে বড় মানবিক সংকট হতে পারে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের সমস্যায় সহযোগিতা করতে কন্ট্রোল রুম চালু করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকার শ্রমিকদের কল্যাণে আরও এগিয়ে যাবে-এটাই প্রত্যাশা। সরকারেই তাদের সহায় হতে হবে।

তানিম ইশতিয়াক: কবি ও রাজনৈতিক বিশ্লেষক