বৈদেশিক মুদ্রা অর্জনের উপর নির্ভর করে একটি রাষ্ট্রের অর্থনৈতিক অস্তিত্ব টিকে থাকে। বৈদেশিক বিনিময়ের জন্য আন্তর্জাতিক মুদ্রা বা ডলারের প্রয়োজন হয়। ডলার আসে প্রধানত রপ্তানি ও রেমিটেন্স এর উপর ভর করে। রপ্তানি খাতে বাংলাদেশের প্রধান পণ্য হচ্ছে পোশাক শিল্প। চামড়াজাত দ্রব্য, পাটজাত দ্রব্য ইত্যাদি। বৈদেশিক মুদ্রার বর্তমানে প্রধান খাত হচ্ছে প্রবাসী আয়। প্রবাসীরাই মূলত বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের সহিত টিকিয়ে রেখেছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ১ কোটি ৫৫ লক্ষ প্রবাসী রয়েছে। বিভিন্ন সরকারি সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের গণনা পদ্ধতি ও সংজ্ঞার পার্থক্যের কারণে বর্তমানে মোট প্রবাসী বাংলাদেশীর সংখ্যায় তারতম্য দেখা যায়। তবে সরকারি এবং আন্তর্জাতিক সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় ৮৭ লাখ থেকে ১ কোটি ৫৫ লাখের মধ্যে।
উৎস ও ডাটা সংগ্রহের ভিন্নতা অনুযায়ী পরিসংখ্যানে দেখা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় : জাতীয় সংসদে দেওয়া সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মোট বাংলাদেশী প্রবাসী কর্মীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৪৬০ জন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET): বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিদেশে যাওয়া মোট নিবন্ধিত কর্মীর সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার ৫৭৪ জন। বাংলাদেশ ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে সোয়া কোটি বাংলাদেশী নাগরিক কর্মরত আছেন।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS): বিবিএস-এর সর্বশেষ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, প্রবাসীর সংখ্যা ৫০ লাখ ৫৩ হাজার ৩৫৮ জন। তবে বিবিএস কেবল ৬ মাসের বেশি সময় ধরে বিদেশে অবস্থানরত এবং পরিবার বা আত্মীয়ের মাধ্যমে তথ্য পাওয়া গেছে এমন ব্যক্তিদের হিসাব করেছে। আন্তর্জাতিক সংস্থার হিসাবে, আইওএম (IOM) ও জাতিসংঘ (UN DESA): ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) দ্বারা প্রকাশিত বাংলাদেশ মাইগ্রেশন স্ন্যাপশট রিপোর্ট ২০২৪ অনুযায়ী, বিশ্বজুড়ে বাংলাদেশী আন্তর্জাতিক প্রবাসীর সংখ্যা প্রায় ৮৭ লাখ।সবচেয়ে বেশি প্রবাসী রয়েছেন সৌদি আরব ৪০ লাখের বেশি, সংযুক্ত আরব আমিরাত ১৫ লাখ ৮৯ হাজার, মালয়েশিয়া ১১ লাখ ৮৯ হাজার, যুক্তরাজ্য ৯ লাখ ৮৫ হাজার, যুক্তরাষ্ট্র ৯ লাখ ৯০ হাজার, ওমান ৬ লাখ ৮০ হাজার, কাতার প্রায় ৫ লাখ, কুয়েত ৪ লাখ ৫০ হাজার। উল্লেখ্য যে, প্রবাসীদের একটি বড় অংশ প্রায় ৯০ শতাংশ মূলত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫টি দেশে কর্মরত আছেন।
প্রবাসীরা দেশের মায়া কাটিয়ে দেশকে সমৃদ্ধ করার জন্য পরিবার-পরিজন ত্যাগ করে বিদেশের মাটিতে অবস্থান করে রেমিটেন্স পাঠায়। সেই রেমিটেন্সে সমৃদ্ধ হয় পরিবার পরিজন ও রাষ্ট্র। রেমিটেন্স যোদ্ধাদের জন্য রাষ্ট্র কতটুকুই বা সুযোগ-সুবিধা প্রদান করে? এর সহজ উত্তর অনেকের কাছে জানা নাও থাকতে পারে। তবে এসব সুযোগ সুবিধার তোয়াক্কা না করে প্রবাসীরা নিরবচ্ছিন্নভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তাদের চাওয়া পাওয়া অত ব্যাপক নয়। তারা চায় তাদের যাতায়াত হোক নির্বিঘœ ও সম্মানের।
দীর্ঘদিন ধরে প্রবাসীদের অভিযোগ ছিল বিমানবন্দরে অব্যবস্থাপনার কারণে প্রবাসীদের হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে বিমানবন্দরের কর্মকর্তাদের অসৌজন্য আচরণ, ট্রলি ব্যাগ যথাযথভাবে না পাওয়া, ট্রলি ব্যাগ কেটে সরঞ্জামাদি চুরি হয়ে যাওয়া, অতিরিক্ত চার্জ আদায় ইত্যাদির কারণে দেশের মাটিতে এসেই প্রবাসীদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাটা ছিল দীর্ঘদিনের। বিভিন্ন সরকার আসলেও প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা বিবেচনায় নেয় নি। যথাযথ সুযোগ সুবিধার কথা বললেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন নি কোন সরকারই।
বেশ কয়েকটি খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও রেমিটেন্স যোদ্ধারা তার উল্লেখযোগ্য পরিমাণ অবদান রেখে আসছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য ও বিভিন্ন অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় অংশ আসে রেমিটেন্স বা প্রবাসী আয় থেকে। জিডিপির তুলনায় অনুপাত: ২০২৫-২৬ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার, যা মোট দেশজ উৎপাদনের প্রায় ৬.৯৬ শতাংশ। রপ্তানি আয়ের তুলনায় অনুপাত: গবেষণালব্ধ তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের তুলনায় রেমিটেন্সের পরিমাণ প্রায় ৫৮.৫৯ শতাংশ।
বিভিন্ন খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের চিত্র : বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুটি স্তম্ভ হলো পণ্য রপ্তানি এবং প্রবাসী আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশের বেশি আসে এককভাবে তৈরি পোশাক খাত থেকে।
বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান প্রধান খাতগুলোর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো: ১. তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় এবং প্রধান উৎস হলো তৈরি পোশাক খাত। মোট পণ্য রপ্তানি আয়ের ৮০.৭ শতাংশ আসে এই খাত থেকে। প্রধান বাজার: মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন এবং ফ্রান্স। ২. প্রবাসী আয় বা রেমিটেন্স। দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখার অন্যতম চালিকাশক্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় সোয়া কোটিরও বেশি প্রবাসী ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠান। সদ্য সমাপ্ত অর্থবছরে রেকর্ড ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশে। প্রধান উৎস: সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও মালয়েশিয়া। ৩. চামড়া ও চামড়াজাত পণ্য। এই খাত থেকে বার্ষিক ১ বিলিয়ন ডলারের বেশি আয় হচ্ছে। ৪. পাট ও পাটজাত পণ্য। এ খাতে রপ্তানি আয় প্রায় ৮৮ কোটি মার্কিন ডলার। ৫. তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাত। সফটওয়্যার তৈরি, আইটি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং থেকে প্রতিবছর প্রায় ১ বিলিয়নেরও বেশি ডলার আয় হচ্ছে। ৬. অন্যান্য গুরুত্বপূর্ণ খাত: ওষুধ শিল্প, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য, হিমায়িত মৎস্য ও প্লাস্টিক ও হালকা প্রকৌশল শিল্প।
বিশ্ব পরিস্থিতির কারণে বর্তমানে রপ্তানিতে এক প্রকার টানাপোড়েন চলছে। এই অবস্থায় রিজার্ভকে টিকিয়ে রাখার অন্যতম মাধ্যম হলো রেমিটেন্স। বর্তমানে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, মোট গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ ৩১.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ এবং লাগেজকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত একটি ঘটনার জন্ম দিয়েছে। এই ঘটনায় দুই বারের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। মূলত মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীদের মালামাল খালাসে দীর্ঘসূত্রতা ও বিমানবন্দরের কিছু চিরন্তন অব্যবস্থাপনার প্রতিবাদ করতে গিয়েই এই ঘটনার সূত্রপাত ঘটে। মেজর (অব.) আখতারুজ্জামান এবং সেখানে উপস্থিত ভুক্তভোগী যাত্রীদের পক্ষ থেকে বিমানবন্দরের যেসব প্রধান প্রধান অব্যবস্থাপনার অভিযোগ তোলা হয়েছিল: ১. লাগেজ বা ব্যাগেজ পেতে চরম বিলম্ব। মদিনা থেকে আসা ফ্লাইটের যাত্রীদের মূল ক্ষোভের কারণ ছিল দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরও তাদের লাগেজ বেল্ট থেকে না পাওয়া। ২. তীব্র ট্রলি সংকট। বিমানবন্দরে পর্যাপ্ত ট্রলি না থাকায় সাধারণ যাত্রীদের ভারী মালামাল নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। ৩. প্রবাসীদের প্রতি অবহেলা ও হয়রানি। রেমিটেন্স যোদ্ধা বা বিদেশফেরত সাধারণ বাংলাদেশিরা বিমানবন্দরে এসে প্রতিনিয়ত যে অবহেলা, অবজ্ঞা এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হন, মেজর আখতারুজ্জামান সেটির বিরুদ্ধে সোচ্চার হন।
এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় মেজর আখতারুজ্জামান এর বিরুদ্ধে একটি মামলা করেন। দুইবারের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে ২ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যায় গ্রেফতার করা হয় এবং আদালত তাঁর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
যে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স আয় করেন সেই রেমিটেন্সের উপর ভিত্তি করে দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়। তাদের উপর হয়রানি কোনক্রমে কাম্য নয়। এ বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয় নি। আশা করি সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে আখতারুজ্জামানের বিষয়টা যথাযথভাবে নিরপেক্ষ তদন্ত করে সুরাহা করার জন্য সংশ্লিষ্ট মহলের দাবি ও প্রত্যাশা। আশা করি সরকার বিমানবন্দরের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।
লেখক : কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
