সবচেয়ে বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পাঁচদিন পর দেশের অভিভাবক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। সন্তান হিসেবে তারেক রহমান তার মায়ের মৃত্যুর সময় পাশেই ছিলেন। মায়ের মৃত্যুর খবরটি তিনিই দলের একজন শীর্ষ নেতার মাধ্যমে দেশবাসীকে জানান। আমরা দেখেছি, ছেলের স্বদেশ প্রত্যাবর্তণ যেমন জনগণের বিপুল সংবর্ধণা ও সম্মানের মধ্য দিয়ে রাজকীয়ভাবে হয়েছিল, তেমনি বেগম খালেদা জিয়ার বিদায়ও দলমত নির্বিশেষে অতি সাধারণ মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসার মধ্য দিয়ে হয়েছে। স্বদেশে সন্তানের আগমনকে যেন মা স্বাগত জানিয়ে বলে গেছেন, ‘তোমার হলো শুরু, আমার হলো সারা’। আমি আমার দায়িত্ব শেষ করেছি, এখন তোমার দায়িত্ব পালন শুরু। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের দুঃখ, কষ্ট ও সংগ্রামের কথা এদেশের প্রতিটি মানুষ জানে। কীভাবে তিনি শুধুমাত্র দেশ ও দেশের মানুষের কথা ভেবে, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। নিজের জীবনের তোয়াক্কা করেননি। দেশ ও জনগণের জন্য নিজের জীবন বিপন্ন করে এমন ত্যাগ স্বীকারের নজির বিশ্বে বিরল। একটি পরিবার কীভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের কল্যাণের জন্য এত নিবেদিত হতে পারে, তা জিয়াপরিবারের দিকে না তাকালে বোঝা যাবে না। জিয়া পরিবারের অভিভাবক এখন একজনই রয়েছেন। তিনি হচ্ছেন, তারেক রহমান। মায়ের মৃত্যুর মধ্য দিয়ে তিনি পুরোপুরি এতিম হয়ে গিয়েছেন। তবে মায়ের মৃত্যুর পর তিনি জনগণকে তার পরিবার হিসেবে উল্লেখ করেছেন। এই পরিবার রক্ষা ও ভালো রাখার গুরু দায়িত্ব এখন তার। ক্ষমতায় গেলেও তাকে এই দায়িত্ব পালন করতে হবে, না গেলেও দায়িত্ব পালন করতে হবেÑতার মা বেগম খালেদা জিয়ার মতো।

দুই. দেশে ফিরে তারেক রহমান জাতির উদ্দেশ্যে কী বলেন, এ নিয়ে জনগণের মধ্যে কৌতুহল ছিল। আগেভাগে কারো কোনো ধারণাও ছিল না। এমনকি, বিএনপির পক্ষ থেকেও তখন কোনো কিছু বলা হয়নি। এটা একান্তই তারেক রহমানের জানার মধ্যে ছিল। তিনি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জন¯্রােত ঠেলে ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের পূর্বনির্ধারিত সংবর্ধনাস্থলে পৌঁছেন, তখন শীতের পড়ন্ত বিকেল। দীর্ঘ ভ্রমণ শেষে লক্ষ জনতার সামনে বক্তব্য দেয়া সহজ কোনো বিষয় ছিল না। অথচ তাকে বক্তব্য দিতে হবে। যখন বক্তব্য দিতে দাঁড়ান, তখন তাকে সজীব ও সপ্রতিভ দেখা যায়। ১৭ বছর পর দেশের মাটিতে দেশের মানুষের সামনে দাঁড়ানোর আবেগও ছিল। তবে সংযত অথচ দেশের ভবিষ্যত বিনির্মাণের পরিকল্পনা কোনো দ্বিধা ছাড়াই ১৬ মিনিটে তুলে ধরেন।

এই বক্তব্যের মধ্যে একটি বাক্যই ছিল, দেশের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাক্যটি হচ্ছে, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল। এই প্ল্যান বাস্তবায়নে আপনাদের সহযোগিতা দরকার।’ দেশের মানুষের জন্য তিনি কী প্ল্যান করেছেন, তা খোলাসা করেননি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গণ ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে ভাব সম্প্রসারণের মতো নানা ব্যাখ্যা-বিশ্লেষণ।

অনেকে অনুমান করছেন, তার প্ল্যানের মধ্যে তার ঘোষিত ৮টি কর্মসূচি যেমন, প্রতিটি পরিবারে প্রধান নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড চালু, কৃষকরা যাতে স্বল্প মূল্যে সার, উন্নত বীজ ও কৃষিপ্রযুক্তি পায় সেজন্য কৃষক কার্ড, সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ক্রীড়াকে শুধু শখ নয়, পেশা হিসেবে গ্রহণযোগ্য করতে সব স্তরে খেলাধুলার উন্নয়নকে অগ্রাধিকার দেয়া, পরিবেশ রক্ষা ও খাল খনন, কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী দেয়ার বিষয়গুলো রয়েছে। আবার কেউ বলেছেন, তার এই প্ল্যানে রয়েছে, দেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইনশৃঙ্খলাসহ সবকিছুর উন্নয়নের কথা। তবে বক্তব্যে তিনি যে বিষয়টির ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, তা হচ্ছে শান্তি। তিনি তিনবার শান্তি, শান্তি, শান্তি উচ্চারণ করেছেন।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর হাসপাতালে থেকেই এক ভিডিও বার্তায় বেগম খালেদা জিয়া এই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার সেই শান্তির কথাই দেশে ফিরে তারেক রহমান উচ্চারণ করেছেন। তার অপ্রকাশিত পরিকল্পনার কথা বলেছেন। শান্তি নামক ছোট্ট শব্দটির মধ্যেই মূলত তার প্ল্যানের মূল পরিকল্পনা লুকিয়ে আছে। আমরা জানি, শান্তির ধারণ ক্ষমতা অসীম। এই শান্তির মধ্যে মানুষের মৌলিক ও যৌগিক সব চাহিদা লুকিয়ে রয়েছে। সকলেই পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি চায়। শান্তিতে নিশ্চিন্তে জীবনযাপন করতে চায়। শান্তি স্থাপন করতে হলে, মানুষের নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে হয়।

মানুষের স্বচ্ছল জীবন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রফতানি বৃদ্ধি, বেকারত্ব নিরসন, রাজনৈতিক স্থিতিশীলতা, গঠনমূলক মত ও বাকস্বাধীনতা নিশ্চিত করা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ, দুর্নীতি ও অপরাধ নিয়ন্ত্রণ, পারস্পরিক মর্যাদারভিত্তিতে পররাষ্ট্রনীতি, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপ নিতে হয়। এগুলো নিশ্চিত করতে পারলে দেশে শান্তি স্থাপিত হবে। এ এক মহাপরিকল্পনার বিষয়। এ পরিকল্পনা বাস্তবায়ন কোনো একক দল বা নেতার পক্ষে সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তারেক রহমান তার পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, মানুষ ভিন্নমত পোষণ করবে, সমালোচনা করবে, তবে দেশের কমন ইস্যুÑ উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকলকে এককাতারে থাকতে হবে। গণতান্ত্রিক দেশে আমরা তাই দেখি। দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো ইস্যুতে সরকার ও বিরোধীদল এক হয়ে যায়। আমরা দেখেছি, ভারত সরকার বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের যে কথা বলছে, তার সাথে বিরোধীদলগুলো সুর মিলিয়েছে। এমনকি বাংলাদেশের হাইকমিশনসহ বিভিন্ন উপকমিশনের সামনে তারা একসাথে বিক্ষোভ করেছে। তাদের এই দাবি যতই ভুল ও বিভ্রান্তিকর হোক, তারা তাদের দেশের স্বার্থে এই ইস্যুতে এক সুরে কথা বলছে। আমাদেরকেও জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধীদলকে এক সুরে কথা বলতে হবে। তারেক রহমান যে ঐক্যের কথা বলেছেন, তা শুধু আভ্যন্তরীণ ইস্যুর ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ইস্যুতেও ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তিনি বিভেদ, হানাহানি, মারামারি, কাটাকাটির রাজনীতির অবসান ঘটাতে চান। আমরা এই পারস্পরিক বিবাদ-বিভেদ করতে করতেই স্বাধীনতার ৫৫ বছর পার করে দিয়েছি। এখন আর এই পুরনো ধ্যান-ধারণার রাজনীতি নতুন প্রজন্ম গ্রহণ করছে না। তারেক রহমান দেশের মানুষের এই পাল্স উপলব্ধি করেই নতুন ধারার রাজনীতির কথা বলেছেন। এখন আর মেঠো বক্তৃতার মাধ্যমে কথার কথা বলার রাজনীতি চলবে না, তা তিনি ভালোভাবে বুঝতে পারছেন। একজন সরকার প্রধান বা রাজনৈতিক নেতা যা বলবেন, তাই করতে হবে, এখানে গালভরা মেঠো বক্তৃতার কোনো সুযোগ নেই।

তিন. একজন রাজনৈতিক নেতার মধ্যে দেশের মানুষ ও তাদের বৈশিষ্ট্য থাকতে হয়, তাকে সেই বৈশিষ্ট্য ধারণ করতে হয়। সময়ের গতিপ্রকৃতি বুঝে সিদ্ধান্ত ও পরিকল্পনা করতে হয়। প্রগাঢ় দেশপ্রেম, ধৈর্য, সহনশীলতা, বিনয় এবং জনগণের প্রতি মমতাবোধ থাকতে হয়। তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখেন, সেই সময় থেকে বিগত এক সপ্তাহে তার কার্যক্রম অবলোকন ও পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার অসীম টান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় খালি পায়ে যখন তিনি দেশের মাটিতে পা রাখেন এবং এক টুকরো মাটি হাতে তুলে নেন, তখন তার সংবরিত আবেগ ও আনন্দ বুঝতে অসুবিধা হয়নি। লক্ষ মানুষের সামনে দাঁড়িয়েও তার মনের ভাব উপলব্ধি করতে কষ্ট হয়নি।

বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জেয়ারতে গিয়ে মোনাজাত ও নীরবে দাঁড়িয়ে অশ্রুসজল হওয়া, সন্ত্রাসীদের গুলিতে শাহাদাতবরণ করা শরিফ ওসমান হাদি ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জেয়ারত করার সময় তাকে একজন সাধারণ মুসলমানের মতোই আবেগ-আপ্লুত হতে দেখা গেছে। একজন সাধারণ মানুষের মায়ের মৃত্যুর মতোই তার আচরণ ও অবয়ব ছিল বিষণœ ও দুঃখ ভারাক্রান্ত। জানাজার নামাজের আগে সকলের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন, মায়ের কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিতে বলেছেন, মা কারো কাছে ঋণী থাকলে তা তিনি পরিশোধ করে দেবেন বলে বলেছেন। এটাই আমাদের দেশের একজন সাধারণ মানুষের স্বাভাবিক ও ধর্মীয় বৈশিষ্ট্য। তারেক রহমান যখন জাতীয় পরিচয়পত্র করতে নির্বাচন কমিশন অফিসে যান, তখন তার আচরণে ছিল বিনয় ও ন¤্রতা।

প্রত্যেকের সাথে তিনি সালাম ও কুশলাদি বিনিময় করেন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে পরিদর্শন খাতায় যখন নিজের পরিচয় লিখেন ‘রাজনৈতিক কর্মী’, তখন বুঝতে বাকি থাকে না, তিনি নিজেকে অতি সাধারণ নেতাকর্মী ও মানুষের কাতারে ভাবেন। দেশের বৃহত্তম দলের নেতৃত্বে থাকলেও ‘ডাউন টু আর্থ’ মানসিকতা ধারণ করেন। তার পা মাটিতে রয়েছে। তার বাবা জিয়াউর রহমানও নিজেকে ‘ডাউন টু আর্থে’ নিয়ে গ্রাম-গঞ্জের অতি সাধারণ মানুষের কাছে ছুটে গেছেন। সেই বাবার সন্তান তারেক রহমানের ভেতরে জিনগতভাবেই এই বৈশিষ্ট্য থাকা স্বাভাবিক।

শুধু তাই নয়, বিমানবন্দর থেকে নেমে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়তে থাকা দেশের অবিসংবাদিত ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আগে দেখতে না গিয়ে লাখো মানুষের সমাবেশে হাজির হয়ে বলেছেন, এখান থেকে আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাঁদের জন্য জীবন উৎসর্গ করেছেন, অর্থাৎ আপনারা, এই মানুষগুলোকে, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সে জন্যই আজ হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি, টেলিভিশনগুলোর মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা আমাকে দেখছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। এখানেই তার ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানের প্রতিফলন ঘটেছে।

তার মা দেশের অভিভাবক বেগম খালেদা জিয়াও জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা আমাকে ছেড়ে গেলেও আমি আপনাদের ছেড়ে যাব না। আপনারাই আমার আত্মীয়সজন, পরিবার। তারেক রহমান দেশে আগমন করে মায়ের সেই কথারই প্রতিধ্বণি করেছেন। মায়ের এই নীতি তারেক রহমানকে ধরে রাখতে হবে। তাকে এই চেতনা ধারণ করতে হবে, তার বাবা, তার মা দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। তার বাবা-মা জীবনভর নিজেদেরকে ‘ডাউন টু আর্থে’ রেখে সাধারণ মানুষের কাতারে থেকেছেন। তারেক রহমানও নিজেকে সেভাবে রাখবেন বলেই আশা করি। তবে তিনি দেশের মাটিতে পা রাখার পর থেকে যেভাবে বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেল তাকে নিয়ে তেলবাজিতে নেমেছে, বন্দনা গাওয়া শুরু করেছে, তা খারাপ লক্ষণ। প্রায় সবগুলো মিডিয়া যেন তারেক রহমানকে তেলমারার প্রতিযোগিতায় নেমেছে। ঠিক যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে মিডিয়াগুলো এ কাজ করেছে। মনে রাখা দরকার, ওয়ান-ইলেভেন সরকারের সময় এই মিডিয়াই তারেক রহমানের চরিত্রহরণ করে তার বদনাম করেছিল। ফলে এখন যেসব মিডিয়া তার জন্য তেলের ড্রাম নিয়ে নেমেছে, এদের ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে। শুধু মিডিয়া নয়, তেলবাজ ব্যক্তির কাছ থেকেও তাকে দূরে থাকতে হবে। মনে রাখা দরকার, তেলবাজিতে তেলবাজদের উপকার হয়, আর যাকে তেল দেয়া হয়, তার হয় সর্বনাশ। তারেক রহমানকে এটাও মনে রাখতে হবে, ১৭ বছর পর যে বিমানবন্দর থেকে বের হয়ে লাখ লাখ মানুষের সংবর্ধণা ও ভালবাসা পেয়েছেন, সেই একই বিমানবন্দর দিয়ে ১৭ বছর আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে যখন এক-এগারোর সরকার মিথ্যা অভিযোগে তাকে দল ও মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে কড়া পাহারায় বিমানে তুলে দিয়েছিল, তখন তার আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন ছাড়া আর কেউ ছিল না।

চার. দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপির নেতা-কর্মীসহ রাজনৈতিক পর্যবেক্ষকরা শুধু একটি দলের শীর্ষ নেতার দেশে ফেরা নয়, এটি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন যাত্রার সূচনা হিসেবে দেখছে। নিশ্চিতভাবেই এই যাত্রা সহজ নয়। তিনি যে প্ল্যানের স্বপ্ন দেখিয়েছেন, তাতে জনগণের মধ্যে বিপুল প্রত্যাশা সৃষ্টি হয়েছে। এই প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ তার ওপর হিমালয়সম হয়ে রয়েছে। এই ভার বহন এবং তা কমানোর কঠিনতম দায়িত্ব নিয়ে তারেক রহমানকে এগিয়ে যেতে হবে। এর বিন্দুমাত্র বিচ্যুতি ঘটলে ইংল্যান্ডের বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিংয়ের ‘দ্য প্যাট্রিয়ট’ কবিতার সেই দেশপ্রেমিকের মতো পরিণতি ভোগ করতে দেরি হবে না, যেখানে একবছর আগেও মানুষ তাকে ভালবাসার শিরোমণি করেছিল, আর একবছর পর তার পেছনে কেউ নেই। আমরা আশা করি, তারেক রহমান যেভাবে নিজেকে স্ট্যাটসম্যান বা জাতীয় নেতা হিসেবে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে গিয়েছেন, তা তিনি পূরণ করতে সক্ষমতার পরিচয় দেবেন। darpan.journalist@gmail.com