দেশের প্রধান খাদ্যশস্য চাল। সে কারণেই মানুষের প্রধান খাদ্যশস্য চালের সরবরাহ স্বাভাবিক রাখা খুবই জরুরি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মাথাপিছু দৈনিক চাল গ্রহণের পরিমাণ ৩২৮ দশমিক ৯ গ্রাম। ১৭ কোটি মানুষের প্রতিদিনের হিসাব ধরে বছরে প্রয়োজন হয় প্রায় ২ কোটি ৬০ লাখ টন চাল। শুধু ভাত হিসেবে এ চাল মানুষ গ্রহণ করে। এর বাইরে বিভিন্ন পোলট্রি ফিড, বীজসহ অন্যান্য প্রয়োজনে চাল ব্যবহার হয় আরও এক কোটি টন। সব মিলিয়ে প্রয়োজন ৩ কোটি ৬০ লাখ টন।
গত বছরে উৎপাদন হয়েছে ৪ কোটি ১৩ লাখ টন। তার পরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি আমন মৌসুমে ৫৯ লাখ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। বন্যায় কিছু এলাকার জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ফের আবাদ করা যায়নি। এতে আবাদ হওয়া ৫৬ লাখ হেক্টর জমির মধ্যে ৫৩ লাখ হেক্টরের ধান কাটা হয়েছে। উৎপাদন হয়েছে ১ কোটি ৬৫ লাখ টন ধান, যদিও উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৭৮ লাখ টন। তবে সেই তুলনায় এবার উৎপাদন কম হয়নি। তারপরও চালের ক্রমাগতভাবে মূল্যবৃদ্ধি কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের স্বস্তি যা কাম্য নয়।
চালের বাজার পরিস্থিতি
আমনের ভরা মৌসুমেও চালের চড়া দর নিয়ে খুচরা ও পাইকারি বিক্রেতা এবং মিলাররা দোষারোপ করছেন একে অপরকে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ভরা মৌসুমেও ধানের সংকট দেখিয়ে দর বাড়াচ্ছেন মিলাররা। মিল পর্যায়ে সরকারের নজরদারি না থাকার সুযোগটাই নেওয়া হচ্ছে। মিলারদের দাবি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষক ধানের দাম বাড়িয়েছে। পাশাপাশি একশ্রেণির ব্যবসায়ী কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করে এখন ইচ্ছামতো দর বাড়াচ্ছে। বাজারে সব ধরনের চালের দর বেড়েছে যেমনÑ খুচরা পর্যায়ে প্রতি কেজি মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকায় এবং নাজিরশাইল ৮০ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে, যা মাসখানেক আগেও ছিল ৬৮ থেকে ৭৫ এবং নাজিরশাইল ৭০ থেকে ৭৮ টাকা।
সেই হিসাবে দ্ইু জাতের চালের কেজিতে বেড়েছে যথাক্রমে ৫ থেকে ৮ এবং ৮ থেকে ১০ টাকা। এক মাস আগে মাঝারি মানের, অর্থাৎ বিআর-২৮ জাতের চালের কেজি ছিল ৫৮ থেকে ৬০ টাকা। সেই চাল ২ থেকে ৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। এ ছাড়া এই সময়ে মোটা চালের (গুটিস্বর্ণা) কেজিতে বেড়েছে ১ থেকে ৪ টাকা। এক মাস আগে ৫০ থেকে ৫৫ টাকা কেজির মোটা চালে এখন গুনতে হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা। আমদানি করা ভারতীয় চালও বেচাকেনা হতে দেখা গেছে। খুচরা ব্যবসায়ীরা মিনিকেট নামে এ চালের কেজি বিক্রি করছেন ৭৬ থেকে ৭৮ টাকায়। সরকারি সংস্থা টিসিবির তথ্যমতে, গত এক মাসে সরু চালের দর ৪ শতাংশ, মাঝারি চালে আড়াই এবং মোটা চালের দর ৭ শতাংশ বেড়েছে। তবে এক বছরের ব্যবধানে গড়ে সব ধরনের চালের কেজিতে বেড়েছে ১৬ শতাংশ।
বিশ্ব বাজারে চাল
বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কমে গেলেও দেশের বাজারে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। দেশে চাল উৎপাদনে ঘাটতি না থাকলেও দাম বাড়ার পেছনে উৎপাদন খরচ ও ব্যবসায়ী সিন্ডিকেটকে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে প্রতীয়মান। দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৩১ মিলিয়ন মেট্রিক টন হলেও উৎপাদন হচ্ছে প্রায় ৪৪ মিলিয়ন মেট্রিক টন। অর্থাৎ, উৎপাদনে কোনো ঘাটতি নেই। এরপরও চালের দাম বাড়ছে, যা বাজার ব্যবস্থাপনার বড় দুর্বলতার ইঙ্গিত দেয়। উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাজারে শক্তিশালী ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় থাকায় ভোক্তারা সুফল পাচ্ছেন না। আন্তর্জাতিক বাজারে চালের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
কিন্তু দেশের বাজারে সেই প্রভাব নেই। একই চিত্র চিনি ও ভোজ্যতেলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে দাম না কমা বাজারে প্রতিযোগিতা ও নজরদারির অভাবকে সুস্পষ্ট করে। ২০২৩ সাল থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি চলমান রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও সেই গতি খুব ধীর। ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৪৯ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশে রয়ে গেছে।
ফলে চালের মতো প্রধান খাদ্যপণ্যের দামের সঙ্গে অন্যান্য পণ্যের মূল্যস্ফীতির যোগসূত্র আরও দৃঢ় হচ্ছে। বাজারে কার্যকর প্রতিযোগিতা নিশ্চিত না করা গেলে এবং সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফল দেশের ভোক্তারা পাবেন না। এজন্য চালসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার করা এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা উচিত।
মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান
বিবিএসের তথ্য অনুযায়ী, বছরে দেশে চার কোটি টনের মতো চাল উৎপাদিত হয়। এর মধ্যে দেড় কোটি টন আসে আমন মৌসুমে। দেশের দ্বিতীয় বৃহত্তম ফসলের ফলন কমে যাওয়ায় চালের দাম যেন আর বেড়ে না যায় সে জন্য অন্তর্বর্তী সরকার শুল্ক কমিয়ে আমদানিকে উৎসাহিত ও স্থানীয় মজুদ বাড়ানোর চেষ্টা করছে। ব্যবসায়ীদের অভিযোগ, মিলার বলছেন কৃষকের কাছ থেকে ধান পাচ্ছেন না। এখন সরকারের মিলে গিয়ে দেখা দরকার আসলে ধান আছে কিনা। সরকার উৎপাদন এলাকার মিলগুলোতে তদারকি করছে না। এই সুযোগে মিলাররা দাম বাড়াচ্ছেন।
তবে মিলারদের ভাষ্য, গত বছরের তুলনায় এবার ৭৫ কেজির প্রতি বস্তা ধানের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা। গত বছর যে ধানের বস্তা কেনা গেছে ২ হাজার ২০০ টাকায়, এবার তা কিনতে খরচ হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫৫০ টাকায়। কৃষক বাজারে দর বেশি পাওয়ায় সরকারকে ধান দিচ্ছে না। এ ছাড়া মজুদদারদের সংখ্যা বেড়েছে অস্বাভাবিকভাবে। তারা কৃষকের কাছ থেকে ধান কিনে এখন নিজেদের মতো দাম বাড়িয়ে বিক্রি করছে। আর মিলাররা ভুগছে ধানের সংকটে। মজুদদারদের কাছে কী পরিমাণ ধান রয়েছে, তা তদন্ত করলেই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।
চালের বাজারে সিন্ডিকেট সক্রিয়। সংশ্লিষ্টরা মনে করেন, চালের বাজারে অস্থিরতার পেছনে কাজ করছে মিল মালিকদের কারসাজি। নানা অজুহাতে তারাই বাড়াচ্ছেন চালের দাম। বাজার স্থিতিশীল রাখতে শুল্ক প্রত্যাহার, বিপুল পরিমাণ চাল আমদানির পরও বাজারে দামের প্রভাব নেই। প্রতি বস্তা চালের দাম ১৫ দিনের ব্যবধানে বেড়েছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। সূত্র বলছে, বস্তুত সিন্ডিকেটের কারণেই চালের বাজারের অস্থিরতা দূর হচ্ছে না। ক্ষমতার পালাবদলের পরও চালসহ নিত্যপণ্যের দূর হচ্ছে না বাজারের অস্থিরতা।
অভ্যন্তরীণ সংগ্রহ ও মজুদ পরিস্থিতি সরকার কৃষকের কাছ থেকে ধান ও মিলারদের কাছ থেকে সিদ্ধ ও আতপ চাল কিনে থাকে। বাজার থেকে এবার প্রতি কেজি ৩৩ টাকা দরে সাড়ে ৩ লাখ টন ধান, ৪৭ টাকা দরে সাড়ে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধ চাল ও ধান কেনা অব্যাহত থাকবে ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর আতপ চাল সংগ্রহ করা হবে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত। গত ৭ জানুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ৯ হাজার ১১৭ টন, সিদ্ধ চাল ২ লাখ ২৯ হাজার ৬৮২ টন এবং আতপ চাল ৩৮ হাজার ২৫১ টন।
মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৯৯৩ টন। সরকারের কেনা এসব চাল, গম ও ধান ওপেন মার্কেট সেলের (ওএমএস) মাধ্যমে বিক্রি করা হয়। ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বিক্রি করা হয়। বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তরে খাদ্যশস্যের মজুদ রয়েছে ১২ লাখ ২৪ হাজার ৮৪৫ টন। তার মধ্যে চাল আছে ৮ লাখ ৩ হাজার ২৫ টন, গম আছে ৪ লাখ ১৫ হাজার ৮৯৪ টন ও ধান আছে ৮ হাজার ৯১৭ টন।
শুল্ক ছাড়ের পর বাজারের পরিস্থিতি
গত ২০ অক্টোবর বাজারে সরবরাহ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাল আমদানির ওপর তিন ধরনের শুল্ক কমায়। আগের ৫০ শতাংশের জায়গায় শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়। বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করা হয়। ২৫ শতাংশ রেগুলেটরি শুল্কের মধ্যে ২০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়। তা ছাড়া ৫ শতাংশ হারে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। ৫০ শতাংশ শুল্ক কমিয়ে রাখা হয় মাত্র ২০ শতাংশ।
এ সময় এনবিআর জানিয়েছিল, শুল্ক কমানোর কারণে চালের আমদানি মূল্য কেজিতে ১৪ টাকা ৪০ পয়সা কমবে। এদিকে চালের আমদানি বাড়লেও কমছে না দাম। এক মাসের ব্যবধানে গত ডিসেম্বরে ৬৪৫ শতাংশ বেড়েছে চালের আমদানি। আর বছরের ব্যবধানে বেড়েছে ৩১ হাজার ৩২৬ শতাংশ। তার পরও বাজারে চালের দাম চড়া বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে। কয়েক বছর ধরেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্ধেকও অর্জন করা সম্ভব হচ্ছে না। এবার যেহেতু আমনের ফলন কম হয়েছে, তাই সরকারের লক্ষ্যমাত্রা পূরণ করাও কঠিন হবে। চালের বাজারের অস্থিতিশীলতা কমাতে সরকারকে আমদানির মাধ্যমে সরকারি মজুদের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। ফলন কম হওয়ায় কৃষকরাও চাল মজুদ করবেন। পাশাপাশি আড়তদার ও মিল মালিকরাও চাল মজুদ করবেন। এতে বাজারে কৃত্রিম সরবরাহ সংকট প্রকট হবে। তাই আগের ব্যর্থতা পর্যালোচনা করে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারকে আমদানির মাধ্যমে চালের মজুদ বাড়াতে হবে।
উল্লেখ করা দরকার বাজার নিয়ন্ত্রণ এবং খাদ্যসম্পর্কিত নীতি প্রণয়নে যথাযথ তথ্য-উপাত্ত খুব গুরুত্বপূর্ণ। সরকারি মজুদের পরিমাণ জানা গেলেও বেসরকারি খাতে চালের মজুদ কত আছে, তার পরিসংখ্যান জানা নেই। এ-সম্পর্কিত তথ্য প্রথমে সংগ্রহ করতে হবে। সঠিক তথ্যের মাধ্যমে ঘাটতি নির্ণয়পূর্বক আমদানি করতে হবে। সরকার শুল্ক কর তুলে নিয়ে প্রায় ১৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়। যদিও এটি দিয়ে মজুদ পরিস্থিতির খুব উন্নতি করা যাবে কিনা এবং বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ঠিক কী পরিমাণ চাল আমদানি করা প্রয়োজন, তা নিরূপণ করা জরুরি। বিশ্ববাজার ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় আমদানির মাধ্যমে চালের মজুদ বৃদ্ধির পাশাপাশি চালের বাজারের অস্থিরতা রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবেÑ এটিই প্রত্যাশা।
লেখক : অধ্যাপক (অর্থনীতি), সাবেক ডিন (ব্যবসায় প্রশাসন অনুষদ) ও সিন্ডিকেট সদস্য, সিটি ইউনিভার্সিটি
