বাংলা ভাষার লোককথা ‘রাজা ও বানরের গল্প’ স্মরণে রেখে বলা যায়, আরাকান আর্মি কোল থেকে কাঁধে উঠেছে মাত্র। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এতে বলা হয়– ‘আরাকান আর্মির স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত তিনজন সদস্য উদ্দেশ্যমূলকভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে তিন রাউন্ড গুলি ছোড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই। একটি বুলেট আমাদের সীমান্ত চৌকিতে লাগার ঘটনা তাদের বৈরী উদ্দেশ্যই ইঙ্গিত করে; যা স্পষ্টতই উস্কানিমূলক। তথাপিও বিজিবি সদস্যরা ধৈর্য ধারণ এবং এক রাউন্ড সতর্কতামূলক ফাকা গুলি করায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি (ইউএনবি, ৮ নভেম্বর ২০২৫)।
বিবৃতিতে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়, এর আগেও আরাকান আর্মি সদস্যদের বুলেট সীমান্ত এলাকার বেসামরিক নাগরিকের বাড়িঘর, দোকানপাটে আঘাত হেনেছে এবং কখনও কখনও বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে; আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে অতীতে বেসামরিক নাগরিক ও বিজিবি সদস্যও নিহত হয়েছেন।
বিবৃতিতে আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লিগ অব আরাকানের এসব ‘ভিত্তিহীন অভিযোগ’ ও ‘অপতথ্য’ অস্বীকার করা হয় যে, বিজিবি আরসা, আরএসও প্রভৃতি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনকে সমর্থন দিচ্ছে এবং রাখাইন সীমান্তে অভিযান চালাচ্ছে। যেমন আরাকানের রাজধানী সিত্তয়েভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম ‘নারিনজারা নিউজ’ জানিয়েছিল, ৫ নভেম্বর বিকেল ৫টায় আরাকান আর্মি নয়, বিজিবিই রাখাইনের ‘আপার কিগিয়ুন’ নিরাপত্তা চৌকিতে চার রাউন্ড গুলি করে।
প্রসঙ্গত, বিজিবি ও আরাকান আর্মি বর্ণিত ঘটনাস্থল প্রায় অভিন্ন। আমরা জানি, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরেখা হিসেবে প্রবাহিত নাফ নদ থেকে উৎপন্ন পালংখালী নদী কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলাকে আলাদা করেছে। নাফ-পালংখালী সংযোগস্থলেই অবস্থিত পালংখালী সীমান্ত ফাঁড়ি। এর ভাটিতে নাফ নদ তিন ভাগে বিভক্ত হয়ে আবারও মিলিত ধারা হিসেবে প্রবাহিত হয়েছে। সর্বপশ্চিমের ধারাটিই সীমান্তরেখা; আর এর ওপারেই দুই ধারার ‘ব্র্যাকেটবন্দি’ রাখাইনের ‘আপার কিগিয়ুন’ সীমান্ত ফাঁড়ি। রাজ্যটিতে জান্তার পতনের পর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ওই ফাঁড়ি এখন আরাকান আর্মির দখলে।
ওদিকে, রাখাইন ও রোহিঙ্গাবিষয়ক গবেষক ও লেখক আশফাক রনি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন– বান্দরবানের আলীকদম উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে পোওয়ামুহুরী প্রকল্প এলাকায় ৫৫ ও ৫৬ নম্বর সীমান্ত পিলারের কাছে আরাকান আর্মি বাংলাদেশের দুটি ইন্টারনেট টাওয়ার ধ্বংস করে দেয়। তিনি ওই স্থানে দুটি আলোকচিত্র পোস্ট করেছেন; প্রথমটিতে পাহাড়চূড়ায় টাওয়ারটি দেখা যাচ্ছে, আর দ্বিতীয়টিতে পাহাড় চূড়ার ওপর শূন্য দিগন্তরেখায় সাদা মেঘের ভেলা ছাড়া কিছু নেই।
আরাকান আর্মি যে উস্কানিমূলক আচরণ করছে, সেটি কেবল পালংখালীর বিজিবি চৌকিতে ৫ নভেম্বরের হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়নি। একই দিন মাছ ধরা শেষে ফেরার পথে নাফ নদ মোহনায় একটি ট্রলারসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। আগের বুধবারও সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। বস্তুত, সম্প্রতি সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল–‘টেকনাফ সীমান্তের নাফ নদের জলসীমায় হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি’ (৩০ আগস্ট ২০২৫)।
রাখাইন রাজ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এ ধরনের অঘটন কার্যত অনিবার্যই ছিল। প্রায় ১১ মাস আগে গত বছর ডিসেম্বরেই লিখেছিলাম, “আগে তো বটেই, ২০১৭ সালের পর থেকেও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার গৃহীত নীতি ও কৌশল ব্যর্থ প্রমাণিত হয়েছে। ‘মানবতা’ প্রদর্শনে সীমান্ত খুলে দেওয়া, বেইজিংয়ের মধ্যস্থতায় ঢাকা-নেপিডো প্রত্যাবাসন চুক্তি, নিরাপত্তার অজুহাতে রোহিঙ্গা সংগঠনগুলোকে ‘বসিয়ে’ রাখা, দিল্লির দাওয়াই মতে আরাকান আর্মির সঙ্গে দূরত্ব রাখা, পালিয়ে আসা জান্তা সেনাদের ধরে রেখে দরকষাকষির বদলে জামাই আদরে ফিরিয়ে দেওয়া–সবই বাংলাদেশের জন্য ‘ব্যাকফায়ার’ করেছে” (‘স্বাধীন’ রাখাইন রাষ্ট্রে রোহিঙ্গাদের ভবিষ্যৎ, সমকাল, ২৯ ডিসেম্বর ২০২৪)।
প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের কী করণীয়? ‘বেপরোয়া’ আরাকান আর্মি আমরা সামলাব কীভাবে? প্রথমত, মনে রাখতে হবে, মিয়ানমারের সামরিক বা বেসামরিক সরকার তো বটেই, রাখাইন রাজ্যে সক্রিয় আরাকান আর্মি কিংবা তাদের উত্তরসূরি সশস্ত্র বা নিরস্ত্র গোষ্ঠীগুলো বরাবরই প্রতিশ্রুতি ভঙ্গের ওস্তাদ। এমনকি অং সান সু চিও রোহিঙ্গা প্রশ্নে তাঁর পশ্চিমা পৃষ্ঠপোষকদের সঙ্গে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন নির্বিকার চিত্তে। খোদ সু চিও মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মিয়ানমারের জান্তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বারবার ঠকেছেন।
রাখাইন রাজ্য যে ক্রমেই মিয়ানমার জান্তার হাতছাড়া হয়ে আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেল, এর নেপথ্যেও ছিল প্রতিশ্রুতিভঙ্গের কাহিনি। মিয়ানামার জান্তার সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে ২০২৩ সালের ২৭ অক্টোবর শান স্টেটের বিদ্রোহী গোষ্ঠী এমএনডিএএ ও টিএনএলএ এবং রাখাইন স্টেটের আরাকান আর্মি মিলে গঠিত ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ বা ভ্রাতৃজোট ‘অপারেশন ১০২৭’ শুরু করেছিল। এক জান্তা তিন দিকে সামাল দিতে গিয়েই মূলত জমি হারাতে থাকে। আবার গত সপ্তাহে সেই টিএনএলএ ‘চীনের পরামর্শে’ জান্তার সঙ্গে যুদ্ধবিরতিতে গিয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে রাখাইনেও; গত কয়েক দিনে জান্তার বিমান হামলা বেড়েছে।
বস্তুত, বার্মিজ রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জেনারেল অং সানসহ এনএলডি নেতৃত্বকে বিশ্বাস করা কতটা বোকামি ছিল, রোহিঙ্গারাও গত সাড়ে সাত দশক ধরে জীবন, সম্ভ্রম, জীবিকা ও ভবিষ্যৎ বিসর্জন দিয়ে বুঝতে পারছে। মিয়ানমার বা রাখাইনের অভ্যন্তরীণ পরিস্থিতি যখন এই, তখন এমন কী পুণ্যের কারণে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে যাবে আরাকান আর্মি?
দ্বিতীয়ত, বরং প্রথম থেকেই ঢাকার বোঝা উচিত ছিল যে রাখাইনের আরাকান আর্মির নিয়ন্ত্রণ বজায় রাখার প্রশ্নে বাংলাদেশই সবচেয়ে বড় ফ্যাক্টর। কারণ, রাজ্যটির সঙ্গে বাংলাদেশ ছাড়া আর কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। রাখাইন প্রশ্নে চীন, ভারত, যুক্তরাষ্ট্র–যারাই যে অবস্থানই গ্রহণ করুক, বাংলাদেশই একমাত্র ভৌগোলিক করিডোর। আরাকান আর্মিরও বাংলাদেশকে ছাড়া গতি নেই।
দুর্ভাগ্যবশত, আওয়ামী লীগ সরকার তো বটেই, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেও আরাকান আর্মিকে সর্বাত্মক সহযোগিতার পথ বেছে নিয়েছিল এই আশায় যে, তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করবে।
বাস্তবে, সশস্ত্র গোষ্ঠীটি যতদিন জান্তার আক্রমণের মুখে বেকায়দায় ছিল, ততদিন মাত্র বাংলাদেশের কথায় তাল দিয়ে গেছে। এমনকি সংগঠনটির খোদ সামরিকপ্রধান তোয়াই ম্রাত নাইং বলেছিলেন, রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। সেই কথায় ভুলে চলতি বছরের এপ্রিল-মে মাসে অন্তর্বর্তী সরকারের কর্তারা ‘মানবিক করিডোর’ নিয়ে কতটা জল ঘোলা করেছিলেন, এখনও মনে আছে।
এখন পরিস্থিতি ভিন্ন। আগে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন দূরে থাক, আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে গত এক বছরে আরও দুই লক্ষাধিক বাংলাদেশে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদিও ‘ঈদের পর’ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা করেছিলেন, সেটি ক্রমেই ফিকে হয়ে গেছে। আরাকান আর্মিপ্রধান সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের ‘শত্রু’ এবং বাংলাদেশকে ‘প্রতিপক্ষ’ আখ্যা দিয়েছেন। আর, সর্বশেষ, বাংলাদেশের সীমান্ত স্থাপনায় হামলার ঘটনা ঘটল।
যদিও যথেষ্ট দেরি হয়ে গেছে, রাখাইন ও রোহিঙ্গা ইস্যুতে সতর্কতার এখনও সময় ফুরিয়ে যায়নি। এই দুই ইস্যুতে বিদ্যমান ঢাকঢাক গুড়গুড়ও সংকট বাড়াবে বৈ কমাবে না। সরকারের উচিত হবে, বিষয়টি নিয়ে নাগরিক সমাজের সঙ্গে খোলামেলা আলোচনা; কেবল কতিপয় কর্তাব্যক্তির ওপর ভরসা না করে।
শেখ রোকন: লেখক ও নদী-গবেষক skrokon@gmail.com
