টরন্টোতে শুরু হয়েছে বিবর্ণ পাতা ঝরার দিন। সত্য বলতে কী, পাতা ঝরা প্রায় শেষ হয়ে এসেছে। সময়েও পিছিয়ে দেয়া হয়েছে নিয়ম করে। যাতে করে সকালে কাজে যাবার সময় মানুষকে অন্ধকারে ঘর ছাড়তে না হয়। বৃষ্টি ঝরছে প্রায় প্রতিদিন। উঠোনের ঝরাপাতাগুলো বাহাত্তর ঘণ্টা পেরুতে না পেরুতেই পচে গিয়ে কাদা হতে শুরু করে। এখানে বৃষ্টির তেজ কম থাকলেও, বাতাসের গতি তীব্র। হাইওয়েতে ১১৯ কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময় মাঝে মাঝে মনে হয় লেকের ধার থেকে ধেয়ে আসা প্রচণ্ড বাতাসের ধাক্কায় গাড়ি ছিটকে যাবে অন্য লেনে। যদিও যায় না শেষ পর্যন্ত। এমন দিনগুলো বড্ড বিষণ্ন হয়। যদিও আমার ভালো লাগে। অন্ধকার ঘনিয়ে আসে, বাতাসে নিস্তব্ধতার গন্ধ। ফায়ারপ্লেসের আগুনে উষ্ণতা নিয়ে গুটিমুটি মেরে শুয়ে থাকে মিকি ভাই।

ওদিকে আমি চিন্তা করি আমার প্রিয় কাঠবেড়ালি তুলুবোন এই শীতে কোথায় থাকবে, কী করবে? ইদানীং আবার সে সঙ্গীসাথী নিয়ে আসে। প্রতিদিন সকালে আমার প্রথম কাজ না চেনা বুনো কাঠবেড়ালি আর পাখিদের খাবার ছড়িয়ে দেয়া। আস্তে আস্তে বেলা বাড়লে তারা খাবার খুঁজতে ভিড় জমায়। মিকিভাইয়ের জন্য এ যেন লাইভ টিভি শো। হোম অফিসের দিনগুলো তাই এদের চিন্তায় কেটে যায়। \r\nইদানীং টিভিতে দেখার কিছু পাই না। পৃথিবীতে কি উত্তেজনা কমে এসেছে? ফিলিস্তিন ইসরাইলের শান্তিচুক্তি কি টিকবে? রাশিয়া ধ্বংস করে দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেন কি ওই কমেডিয়ান নির্বোধটার নেতৃত্বেই ধ্বংস হতে থাকবে? ট্রাম্পের সঙ্গে কার্নি, মোদি, শি পিন এদের এই ট্রেড ট্যারিফ নিয়ে প্রতিদিনকার নাটকও কেমন যেন ফিকে হয়ে এসেছে।

গুগল আর্থ থেকে সুদানের মাটি লাল দেখেও বুক কাঁপে না আবদুর রহমানের। ওদিকে মাছ খাবার অপরাধে মানুষ নামের পশু গলা কেটে হত্যা করে বেড়ালকে। বেড়াল কি তবে বাজারে গিয়ে দুপায়ে দাঁড়িয়ে দরদাম করে মাছ কিনবে মানুষের মতো? মানুষ কি তার সৃষ্টিকর্তাকে মাত্র এতটুকুই চিনল এতদিনে? জেলে মৃত্যু হয় ডজন ডজন কয়েদির, খালে জঙ্গলে পাওয়া যায় শত লাশ। এ কোন পৃথিবীতে আবাস আমাদের? এ কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামের সঙ্গে টিকে আছি আমরা! মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনটাই পরাবাস্তব। হয়তো আমরাই কোন এক উন্নত প্রজাতির ভিডিও গেমের চরিত্র। \r\nজীবনের সমস্ত অনুপ্রেরণা হারিয়ে ফেলতাম আমি যদি না টরন্টোর লাইব্রেরিগুলোতে থরে থরে সাজানো না থাকত হাজার হাজার বই। আহা বই!

আমার প্রিয় শহর ঢাকায় মধ্য নব্বই দশকে দু টাকা ভাড়া দিয়ে বই নেয়া যেত দিন সাতেকের জন্য বোধহয়। ওভাবেই তো বই পড়তাম আমরা। বিশ টাকা দিয়ে বই কিনবার টাকা কোথায় পাব আবার! বইয়ের চরিত্রের সঙ্গে সারা বিশ্বে ঘুরে বেরিয়েছি, প্রতিটি লাইন কল্পনায় এঁকেছি– তবেই না আজ ঘুরেফিরে মানুষকে স্বপ্ন দেখানোর চেষ্টাটা অন্তত করতে পারছি। ছাত্রদের বলতে পারছি এ জীবন মোটেই নিজের উৎসবের জন্য নয়, বরঞ্চ অন্যকে সুখ বিলানোর জন্য। আমি নিশ্চিত আমরা জাতিগতভাবে যেই বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি, সেটির অন্যতম কারণ বই না পড়া। পাঠাগার না থাকা। মানুষ বই না কিনলে, পাঠাগারগুলো বই সংগ্রহ না করলে শিশুরা লেখক হবার স্বপ্ন দেখবে কীভাবে? ফলে রেডিও জকিরা বই লিখে বাংলাদেশে। সেইসব ছাইপাশ গিলে তরুণ সমাজ যায় বিপথে।

সারা বিশ্বে সবচেয়ে বেশি বই পড়া জাতির মধ্যে বাংলাদেশ সবচেয়ে নিচের দিকে আছে। অন্যদিকে আমাদের প্রতিবেশী ভারত সম্ভবত এই তালিকায় এক কিংবা দুই নাম্বার অবস্থানে জেঁকে বসেছে। \r\nআমরা বই পড়ব না, পাঠাগার গড়ব না, ভালো সিনেমা বানাব না, মঞ্চ নাটক করব না, ফোরাম থিয়েটার প্রসার করব না, পথ নাটক হারিয়ে যাবে– তবে আর বাঙালি বাঙালি থাকবে কী করে? বহুদিন পরে বাংলাদেশ টেলিভিশনে আবার নতুন কুঁড়ির অডিশান হচ্ছে দেখে বুকটা ভরে গেছে। এসব শিশু বড় হয়ে সুকুমার বৃত্তির চর্চা করবে, করাতে সাহায্য করবে তাদের পরবর্তী প্রজন্মকে। আমরা থাকব না, কিন্তু বাংলাদেশ থাকবে। ওদিকে আবার অর্থাভাবের অজুহাত দেখিয়ে স্কুলে সংগীত শিক্ষার শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয়া হয়েছে। এ যে কোন কলিকালে পৌঁছুচ্ছি আমরা খোদাই জানেন! মানুষ করবেটা কী?

দিনের পর দিন বিনোদনের জন্য রেস্তোরাঁয় গিয়ে বস্তাপচা খাবার গিলে শরীর ধ্বংস ছাড়া বাঙালির আর বিনোদনের আছেটা কী? পূর্বাচলে ঘুরতে গিয়ে ৩০ লাখ টাকার গাড়ি থেকে এটা-ওটা ছুঁড়ে রাস্তা নোংরা করা, কুকুর বেড়ালকে ঢিল ছুড়ে মারা– আমাদের শিশুদের আমরাই ফ্রাঙ্কেস্টাইন বানাচ্ছি! এর শেষ কোথায় হবে জানি না। \r\nএরই মধ্যে আমার টরোন্টোর জীবন ভরিয়ে রাখে সাহিত্য। মাত্রই শেষ করলাম মেঘা মজুমদারের বই A Burning. বহুদিন এমন চিত্তাকর্ষক, মন মাতানো উপন্যাস পড়িনি। কী সুন্দর সাবলীল ভাষায় মেঘা লিখেছেন বইটি। তার পরবর্তী বই ইতোমধ্যে সাড়া ফেলেছে। অপরাহ উইনফ্রে তার বুক ক্লাবে মেঘার দ্বিতীয় বই A Guardian and A Thief নিয়ে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সারা বিশ্বের সাহিত্যিকরা অপরাহ উইনফ্রের বুক ক্লাবে ডাক পাবার জন্য এখন মুখিয়ে থাকে! এছাড়া উপন্যাসটি আমেরিকার খুবই সম্মানজন ন্যাশনাল বুক এওয়ার্ড ২০২৫ এবং Kirkus প্রাইজ ২০২৫ এর জন্য শর্টলিস্টেড হয়েছে। মনে হচ্ছে ,আমার পাঠকদের জন্য এই বইটি নিয়ে দুটো কথা বলাই যায়। উপন্যাসটির ভাষা এত প্রাঞ্জল বলার নয়। পড়তে শুরু করেই নিজের অজান্তে বলে উঠেছি, বাহ! খুব অল্প কয়েকটি চরিত্র নিয়ে বইটি সাজানো হয়েছে। জিভান নামের কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে, তার স্কুলের পিটি স্যার আর এক হিজড়া যাকে সে ইংরেজি পড়াত, মূলত তাদের কেন্দ্র করেই ঘটনার গড়াতে থাকে। শুরুর দিকে বোঝাই যায় না উপন্যাসটির শেষ কোথায় হবে। মাঝামাঝি বোঝা গেলেও সেই কাক্সিক্ষত পরিণতিতে নিতে মেঘা ভাষার কারুকার্য দেখিয়েছেন।

তার উপন্যাসের চরিত্রগুলো রেললাইনের মতো সমান্তরালে এগোলেও কোথায় গিয়ে যেন মিলে যাচ্ছিল বাস্তবের মতোই। \r\nএ মাসের শেষে টরন্টোর একটি সাহিত্য সংগঠন আমাকে একটা বক্তৃতা দিতে বলেছে। ভাবছি সাহিত্যে রাজনীতির প্রভাব নিয়ে কথা বলব। সেখানে নিঃসন্দেহে মেঘা মজুমদারের উপন্যাসগুলোর কথা চলে আসবে। মেঘা, যিনি হার্ভার্ড ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন (হ্যাঁ, স্বীকার করি সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি নিজস্ব একটি পক্ষপাত রয়েছে), উপন্যাসটিতে ফুটিয়ে তুলেছেন তার তীক্ষè পর্যবেক্ষণ শক্তি, যা সম্ভবত কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক আবহে জড়িয়ে থাকা তার যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে আহরিত।

যে শহরে তিনি তার প্রথম উপন্যাসটির প্রেক্ষাপট স্থাপন করেছেন, কলকাতা, সেখানে ইতিহাস-বিবিধ, আধুনিকতা-দ্বন্দ্বগ্রস্ত এবং সামাজিক উত্তেজনা– তুমুল, প্রবল! তাই অবাক হচ্ছি না যে গল্পের খাতিরে তিনি তার চিরচেনা এই শহরটিকেই বেছে নিয়েছেন। তার গল্পের প্লট শুধু চরিত্রগুলোর ব্যক্তিগত আশা-নিরাশাকেই নয়, বরং স্পর্শ করেছে রাজনৈতিক প্রতিশ্রুতি, ধোঁকাবাজি আর কীভাবে সংখ্যালঘুর জীবনের ওপর তা কাজ করে- সেটিও। উপন্যাসের সূত্রপাত জিভানকে দিয়ে। কলকাতার এক বস্তিবাসী মুসলিম যুবতী, যার বাবা পুলিশের হাতে নির্মমভাবে নির্যাতিত হবার পরে স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে যায়, আর তাদের বাড়ি হারাতে হয় উন্নয়নের নামে।

এই মর্মান্তিক প্রেক্ষাপটে মেঘা মজুমদার দেখিয়েছেন, কীভাবে মধ্যবিত্ত জীবনের স্বপ্ন- একটি ছোটখাটো ঘুণে ধরা ফ্ল্যাট, চলনসই একটা ভালো চাকরি, আহত পিতার চিকিৎসার সুযোগ, সামাজিক অভিগম্যতার অভাবে ধ্বংস হয়ে যেতে পারে। জিভান পড়াশোনা ছেড়ে দেয় তার পরিবারকে সাহায্য করার জন্যে। শুরুতে স্কুলের জিম শিক্ষক পি-টি স্যার তাকে সাহায্য করে, যিনি তার ক্রীড়া প্রতিভায় আশা দেখেছিলেন। লাভলি- একজন হিজড়া জিভানের কাছে ইংরেজি শেখে, যাতে বলিউডে ভাল করতে পারে সেই আশায়। এই চরিত্রগুলো আশা নিয়ে শুরু করে; কিন্তু সামনে আসতে থাকে অন্ধকার অধ্যায়। \r\nকাহিনী এগিয়ে যায়। কলকাতার এক ট্রেন জ্বলে যায় সন্ত্রাসীদের হাতে।

জিভান সে দৃশ্য দেখে, ফেসবুকে সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে, আর খুব শীঘ্রই অভিযুক্ত হয় সে নিজে ওই ঘটনা ঘটানোর সন্দেহে। মেঘা এ ঘটনার মাধ্যমে দেখিয়েছেন কীভাবে ক্ষমতাধররা ক্ষমতাহীনদের ওপর অত্যাচার করে, তাদের কণ্ঠরোধ করে। মেঘা দেখিয়েছে কীভাবে ক্ষমতাহীন জিভানকে রাজনৈতিক কারণে খুব সহজে বলি দেওয়া যায়। এদিকে পিটি স্যার ও লাভলির পথ ভিন্ন রূপ নেয়। পিটি স্যার এক স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে ক্যারিয়ারের উদ্দেশ্যে যুক্ত হন। লাভলি শুরুতে সৎ থাকলেও নিষ্ঠা বনাম তার রুপালি স্বপ্ন এই দ্বৈরথে স্বপ্নের কাছে হেরে যায়। উপন্যাসটি দেখায় কীভাবে উচ্চাকাক্সক্ষা ও টিকে থাকা কখনো কখনো অবিচারকে প্রতিষ্ঠিত করে। নৈতিক সাহসের ভঙ্গুরতা মেঘা মজুমদারের গল্পের কেন্দ্রে তাই শক্ত করেই জায়গা করে নিয়েছে।

উপন্যাসের চরিত্রগুলোর বলয় বিভিন্ন হলেও, গেঁথে রয়েছে একই ধরনের শোষণের চিত্রে- শ্রেণি, ধর্ম, লিঙ্গ, রাজনীতির খেলায়। \r\nমেঘার ভাষা সহজ ও সাবলীল, কিন্তু শক্তিশালী। তিনি মেলোড্রামায় আকৃষ্ট হননি: তার সৃষ্ট চরিত্রসমূহ মানবিক, ত্রুটিপূর্ণ এবং মানবিকতায় বন্দি। কেউ হয়তো বলবেন, মেঘার গল্পে খুব বেশি আশার আলো নেই। সত্যিই তাই, কিন্তু জীবনেও কি আশার আলো আদৌ আছে? উপন্যাসটি সমাজের বৈষম্য গেড়ে বসা সিস্টেমকে সঠিকভাবে দেখালেও সেখান থেকে উত্তরণের জায়গা অতটা দেখায়নি। এই জায়গাটা নিয়ে অনেক সমালোচক মুখ খুলেছেন। তবে আমি যুক্তি দিই এটি কোনো দুর্বলতা নয়। সহজ সমাধানের অভাব পাঠককে সেই বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ দেয়, যেখানে অনেকেরই কোনো রূপান্তরের সুযোগ নেই।

এই অর্থে উপন্যাসটি রাজনৈতিক ও নৈতিকভাবে হৃদয়ঙ্গম করা জরুরি। শেষ পর্যায়ে জিভানের ফাঁসি হয়। পিটি স্যার রাজনৈতিক অনুগ্রহে শিক্ষাবিভাগীয় সচিব পদ লাভ করেন। আর লাভলি অর্জন করেন সিনেমার মূল চরিত্র, যদিও ব্যক্তিগত আদর্শের জলাঞ্জলি দিয়ে। মেঘা মজুমদার দেখিয়েছেন, যেসব সমাজে শক্তির বণ্টম অসম, সেখানে যারা টিকে থাকে, তারা শোষণ করে টিকে থাকে, আর যারা ঝরে যায়, তাদের খুঁজে পাওয়া যায় না। \r\nবিশেষভাবে মুগ্ধ হয়েছি উপন্যাসের এক অংশে- জিভান তার মৃত্যুর পর যেখানে তার মায়ের সঙ্গে কথা বলছে- মা, তুমি কি বেদনার্ত? জানো আমি তোমার কাছে ফিরে আসব। তুমি যেখানে বসো সেখানকার ওপরে যেসব গাছের পাতা সেইখানে আমি ঝাপটে বেড়াব।

...আমি হয়ে যাব সেই এক অলক্ষ্য মেঘ, যা তোমাকে রোদ থেকে ঢেকে রাখবে, বাজারে চলার পথে আমি মাটিতে তোমার পদচিহ্ন হয়ে ফিরে আসব... রাত হলে তুমি চোখ বন্ধ করো, শিয়রে শুয়ে আমি তোমার বিছানায় ছাপ হয়ে আসব। এই মুহূর্ত, সূক্ষ্ম ও ভয়ানক, পাঠকের মনকে শেষ পৃষ্ঠা ওল্টানোর পরও ধরে রাখে। এটি দেখায়, এমনকি আতঙ্কে, জীবনকে মুছে ফেলার মুহূর্তেও, মানবিকতা ঝরে ঝরে পড়ে, উড়ে উড়ে বেড়ায়। আমার জন্য, A Burning বাংলাদেশি সংস্কৃতিক সময়ের সেইসব মুহূর্তকে মনে করিয়ে দেয়, যখন হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক কোথাও কেউ নেইর প্রধান চরিত্রের যাতে ফাঁসি না হয়, সেজন্য গণ আন্দোলন শুরু হয়েছিল। সেখানেও আমরা দেখেছি নির্দোষ বাকের ভাই ফাঁসিতে ঝোলে, মুনা ছাড়া কেউ তার অপেক্ষায় থাকে না। কী আশ্চর্য সেই বাকের ভাই আজ বাস্তব জীবনেও কয়েদি! \r\nশেষে বলতে পারি, এই উপন্যাস আপনাকে একটা তীব্র ধাক্কা হয়তো দেবে না, কিন্তু মনে করিয়ে দেবে সমাজে বিদ্যমান অন্যায়-অবিচারের কথা। যে কোনো সময়, যে কোনো দিন আপনি নিরপরাধ হয়েও আদালতের চোখে দোষী হয়ে যেতে পারেন। ঝুলে যেতে পারেন ফাঁসিকাষ্ঠে। জীবন তাই বিস্ময়করভাবে সুন্দর, বিব্রতকরভাবে কুৎসিত। \r\nসেই জীবনে পাঠক, আপনাকে লড়াই করবার আহ্বান জানাচ্ছি।