বাংলাদেশের উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রাম– ভূরাজনৈতিক ও মানবিক অভিঘাতের এক জ্বলন্ত উপত্যকা। মৌসুমী বর্ষায় বন্যার কড়ালগ্রাস, নদীভাঙনের নির্মমতায় সর্বহারা জীবন, কর্মসংস্থানের তীব্র সংকট এবং কৃষিনির্ভর নিম্ন-মধ্যবিত্ত জীবিকায়ন চক্রে এই জেলার প্রতিটি জীবনের এক অনিশ্চিত যাত্রা। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তের আরেকটি দৃশ্যমান ঘাতক- ভারতীয় বিএসএফের সার্চলাইট কৃষিকে তিলে তিলে ক্ষয় করছে। তীব্র সার্চলাইটের আলোয় সীমান্তের মানুষদের চোখ ধাঁধিয়ে যায়, দৃষ্টি বিভ্রাট ঘটে, যার শারীরিক ও মানসিক প্রভাব অত্যন্ত ক্ষতিকর ও দীর্ঘমেয়াদি। সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক আলো পড়লেই কি গুলি আসবে?

– এহেন অমানবিক আচরণে নিজ দেশে আপন ঘরে থেকেও মানুষ নিজেদের মনে করছে অপরাধী।\r\nবাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত প্রায় ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ। স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে বন্ধুপ্রতিম এ দেশের সীমান্ত কখনই আমাদের জন্য নিরাপদ ছিল না। প্রতি বছরই বাংলাদেশি নিরীহ কৃষকদের নির্মমভাবে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। এমনকি ১৫ বছরের কিশোরী ফেলানীও তাদের আগ্রাসী আক্রমণ থেকে বাঁচতে পারেনি। তার বুক ঝাঁঝড়া করেছে বিএসএফের রাইফেল, ২০১১ সালের ৭ জানুয়ারি এমন ঘটনা ঘটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আনন্দপুর সীমান্তে তাকে গুলি করে হত্যার পর সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখে। একটুও মানবিক হয়নি এই পাশবিক হায়েনাকুল-সন্তানতুল্য কিশোরীর প্রতি।

গত অর্ধশতাব্দীকালের ইতিহাসে বাংলাদেশ ভারত সীমান্ত কখনই প্রীতিপূর্ণ ছিল না। সীমান্ত হত্যা, চোরাচালান, বাংলাদেশিদের গবাদিপশু দিনেদুপুরে চুরি করে নিয়ে যাওয়া বিএসএফের রুটিন ওয়ার্ক। এই ক দিন আগেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে দুই বিএসএফ জোয়ান তাদের কাঁটাতারের বাইরে এসে বাংলাদেশি ছাগল ধরে নিয়ে যায়। সামান্য ছাগলের লোভও তারা সামলাতে পারে না। যদিও চোরাকারবারে ভারতীয়দের সঙ্গে কিছু বাংলাদেশীও জড়িত, তবুও সীমান্ত হত্যার মতো জঘন্য কাজে আমাদের বিজিবির ন্যূনতম সম্পৃক্তি নেই। \r\n১৯৪৭ সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই আমরা ইতিহাসের পাতায় ভারতীয় আগ্রাসনের ছোবল দেখে আসছি।

মানবাধিকার সংগঠন অধিকার, হিউম্যান রাইটস ওয়াচ, ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়– ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে মোট নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে। অনেক গবেষকের মতে, ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন। প্রতি মাসেই বাংলাদেশ-ভারত সীমান্তের কোন না কোন অংশে বিএসএফের হাতে বাংলাদেশি নিহত হচ্ছেন। \r\nসম্প্রতি রাত্রিকালীন সীমান্ত সুরক্ষার নামে এই নতুন উপসর্গ যোগ হয়েছে কুড়িগ্রাম সীমান্তে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ শক্তিসম্পন্ন সার্চলাইট সন্ত্রাস। যা রাতের নজরদারি অস্বাভাবিক বৃদ্ধি করেছে। কৃষির উৎপাদন কমিয়েছে উচ্চ হারে।

কৃষকের নির্ঘুম রাতের কারণে কৃষিশ্রম হ্রাস, সকল সম্ভাবনাকে সংকটে ঠেলে দিচ্ছে। \r\nসীমান্তের ওপার থেকে রাত্রিকালীন সার্চলাইটের ঝলকে চাষির চোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রম। শিশুদের আতঙ্কে সময়পার। গবাদিপশু ভয় পায়, মাঠে চলাচল কঠিন হয়ে পড়ে, এমনকি রাতের বেলা কৃষক পানির পাম্প চালাতেও ভয় পান। অথচ সার্চলাইটের এই আলো শুধু শরীরকে অস্বস্তিতে ফেলে না, এটি অস্তিত্ব সংকটও তৈরি করছে প্রতিনিয়ত। অনবরত সার্চলাইটের তীব্র আলো যতটা সীমান্তরক্ষার কাজে ব্যবহৃত- তার চেয়ে বেশি সীমান্তবাসীর নিরাপত্তাহীনতা, মানসিক চাপ ও কৃষির উৎপাদন হ্রাসে প্রভাব বিস্তার করছে। কৃষিকাজের চক্র, বিশেষ করে বোরো ধানের সেচ বা শীতের সবজি তোলা- এই রাতকেন্দ্রিক শ্রমের ওপরই নির্ভর করে।

অথচ অনেক কৃষক অন্ধকার নেমে আসার পরও মাঠে যেতে সাহস পান না-গুলির ভয়ে।\r\nচোরাচালান- শব্দটি বহুদিন ধরেই সীমান্তবাসীর অভিধানে রয়েছে। কিন্তু গত এক দশকে ভারত-বাংলাদেশ সীমান্তে যে কঠোর নজরদারি, বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা ও আলো-আঁধারের ভীতিকর খেলায় বিএসএফ মেতে উঠেছে- তা সাধারণ কৃষকের জীবন-জীবিকা কুড়ে কুড়ে খাচ্ছে। ইদানিং কুড়িগ্রামের সীমান্তজুড়ে রাতের অন্ধকার ভেদ করে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইটের তীব্র সাদা, নীলাভ আলো ছুটে বেড়ায় কৃষির মাঠে। এ সব আলোচনা খুব কমই এসেছে জাতীয়- আন্তর্জাতিক গণমাধ্যমে। কুড়িগ্রামের এই কঠিন বাস্তবতা পুরো উত্তরাঞ্চলের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। \r\nকুড়িগ্রামের সীমান্তজুড়ে রাতের অন্ধকার ভেদ করে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইটের তীব্র সাদা বা নীলাভ আলো ছুটে বেড়ায়।

লক্ষ্য- সীমান্তপথে চোরাচালান কিংবা অনুপ্রবেশরোধ। কিন্তু বাস্তবতা হলো- কৃষিই এখানে রাতের অর্থনীতি। বোরো মৌসুমে গভীর রাত পর্যন্ত সেচ দিতে হয়। আমন মৌসুমে রাতে মাঠ পাহারা দিতে হয় গবাদিপশু বা বন্যপ্রাণীর আক্রমণ থেকে। সবজি চাষিরা রাতেই বাজারে পাঠানোর জন্য ফসল তোলেন। এ বাস্তবতা বিবেচনা না করেই ভারতীয় বিএসএফ সীমান্তের ওপার থেকে আলোর অত্যাচার চালাচ্ছে, যা সীমান্তবাসীর জীবন-জীবিকা চরম হুমকির মধ্যে ফেলছে। নিকট ইতিহাসে দেখা যায়- বিএসএফ একাধিকবার কৃষকদের ওপর চোরাকারবারি সন্দেহে গুলি করেছে এবং নিরীহ মানুষ আহত ও নিহত হয়েছে। যদিও তাাদের সবাই মাঠে কৃষি কাজ করছিলেন।\r\nআলোচ্য উপসম্পাদকীয়তে আমরা সীমান্তে কৃষি উৎপাদনের তিনটি মাত্রা বিশ্লেষণ করব- এক.

কোন বাস্তবতায় কুড়িগ্রামের সীমান্ত কৃষি- সার্চলাইটের নজরদারির শিকার হচ্ছে। দুই. আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবস্থান। তিন. সম্ভাব্য নীতি, সমাধান ও প্রস্তাবনা, যা বাংলাদেশ-ভারতের পারস্পরিক নিরাপত্তা বিঘ্নিত না করে মানুষের মানবিক অধিকারকে অগ্রাধিকার দেবে।\r\nসার্চলাইট ফসল নষ্টের পরোক্ষ কারণ। কৃষকরা রাতে মাঠে যেতে না পারায় সেচ চক্র বিঘ্নিত হচ্ছে ফলে উৎপাদন কমে যায়। সার্চলাইটের উজ্জ্বল আলোয় কীটপতঙ্গের উপদ্রব বেড়ে যায়। গুলির আতঙ্কে কৃষক রাতে কৃষিখেত পাহারা দিতে পারে না। দিনের বেলা কৃষকের চাপ বেশি থাকায় বেড়ে যায় সেচ বিল। একজন কৃষক গড়ে প্রতিদিন ১ থেকে ১.৫ ঘণ্টা অতিরিক্ত সময় হারাচ্ছেন। মনে হতে পারে এই ক্ষতি পরোক্ষ, কিন্তু বার্ষিক হিসেবে ফসল-সমষ্টিতে তা উল্লেখযোগ্য ক্ষতি।

এছাড়া পারিবারিক ঐতিহ্য ছেড়ে অনেকেই ঢাকা, চট্টগ্রামের পোশাক কারখানায় কাজে ঢুকছে। ফলে কৃষি শ্রমিকের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। যারা পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন, তারা রাতে ক্ষোতে কাজ করতে ভয় পাচ্ছেন। যারা সাহস করে যান- তাদের মাঠে যেতে দেরি হয়ে যায় এতে সেঁচে খরচ বাড়ে, উৎপাদন কমে। একটি জেলা যেখানে কৃষিই মূল ভরসা, সেখানে রাতের সার্চলাইট মানুষের শ্রমের প্রাকৃতিক সময়চক্র ভেঙে চুরমার করে দিচ্ছে।\r\nআমরা জানি, জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার চুক্তির আলোকে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার মানদণ্ড ভূরাজনৈতিক পরিপ্রেক্ষিতে নির্ণিত। যেখানে থাকবে প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য। সীমান্ত সুরক্ষা হতে হবে পারস্পরিক স্বার্থের নিরিখে।

ভূ-অনুপাতিক এবং প্রতিবেশী দেশের নাগরিকদের জীবনমান ব্যাহত না করে এমন কৌশলের আলোকে। দ্বিপক্ষীয় নিরাপত্তা রক্ষায় সার্চলাইট বা নজরদারি প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিকভাবে নতুন নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এমনটি রয়েছে। আমাদের প্রশ্ন কেন ভারতের সীমান্তরক্ষা কৌশল প্রতিবেশী বাংলাদেশের নাগরিকদের কৃষি ও দৈনন্দিন জীবনের জন্য হুমকি হবে?\r\nচোরাচালান রোধে সীমান্তজুড়ে সারারাত তীব্র আলোকবোমা জ্বালিয়ে রাখাই কি একমাত্র সমাধান? বিএসএফের সার্চলাইট ব্যবহারে আন্তর্জাতিক নীতি লঙ্ঘনের বিষয় তোলাও একটু কঠিন, কারণ ভারত তার নিজ দেশের নিরাপত্তার যুক্তি তুলে ধরবে। প্রশ্ন হলো, আন্তর্জাতিক আইন মেনে সমতার ভিত্তিতে আনুপাতিকতাকে মানদণ্ড ধরে উভয় দেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কোনো উদ্যোগ কি নিয়েছে ভারত? জবাব হলো, না।

\r\nকুড়িগ্রামের কৃষকের সমস্যা দ্বিপক্ষীয় টেবিলে খুব কম উঠে আসে। কারণ এটিকে স্থানীয় ইস্যু হিসেবে দেখা হয়। অথচ বাংলাদেশ-ভারত সীমান্তে প্রতি বছর যেসব ঘটনা ঘটে, তা দ্বিপক্ষীয় আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে যুগ যুগ ধরে। বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুস্তরীয়– অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত-নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক কৌশলের ওপর নির্ভরশীল।\r\nবাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি বারবার বলেছে, সীমান্ত এলাকায় চাষিদের মাঠে চলাচল সীমাবদ্ধ করা যাবে না। কিন্তু বিএসএফের স্থানীয় কমান্ড কখনো আমলে নেয়নি। ফলে স্থানীয় টানাপোড়েনই ভূরাজনৈতিক সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদে কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। বিএসএফের সার্চলাইট নিছক কোনো আলো নয়, এটি একটি হুঁশিয়ারি, একটি ধমক, একটি বিগব্রাদার সুলভ আচরণ এবং সন্দেহ ও শত্রুতার প্রতীক।

\r\nবৈশ্বিক মানবাধিকার আইন বলে, কোনো দেশের নাগরিকদের স্বাধীন চলাচল ব্যাহত করা যাবে না, ভয়ের পরিবেশ তৈরি করা যাবে না। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যাতে নাগরিকদের শারীরিক ও মানসিক ক্ষতি সাধন হয়।\r\nভারতীয়দের সার্চলাইটের অপব্যবহার এই মানদণ্ডে প্রশ্নের মুখে পড়ে। বাংলাদেশের সীমান্তবাসীরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত না হয়েও এমন একটি ভারতীয় নিরাপত্তা-ব্যবস্থার শিকার, যা মনস্তাত্ত্বিক সন্ত্রাসের পর্যায়ে পড়ে। সেচ নির্ভর কৃষির জন্য রাতই উত্তম সময়। কুড়িগ্রামের এই রাতের কৃষি যদি সার্চলাইটে আক্রান্ত হয়, তবে সেটি কেবল সীমান্তব্যবস্থার ব্যর্থতা নয়, রাষ্ট্রীয় কৃষিনীতিরও অবক্ষয়। আমাদের কৃষিশিল্পে দেশের ৪ কোটি মানুষ সরাসরি যুক্ত।

সেই দেশের একটি জেলার কৃষিকাজকে প্রতিবেশী দেশের কথিত নিরাপত্তা কৌশল ব্যাহত করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুলে গেলে চলবে না খাদ্যশৃঙ্খলা ভেঙে গেলে আমাদেরই সর্বনাশ। \r\nবাংলাদেশ সরকার সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ– সীমান্ত নিরাপত্তা, কৃষির উন্নয়ন ও সুরক্ষায়। তবুও কেন কুড়িগ্রামের কৃষকের জীবন-জীবিকা বিএসএফের সার্চলাইট ও বন্দুকের নলের মুখে আতঙ্কে? ঢাকায় কিংবা দিল্লিতে এসি রুমে বসে বাংলাদেশ- ভারত দ্বিপক্ষীয় বৈঠক ঠিকই হয়, কিন্তু সীমান্তের ক্রন্দন তাদের কর্ণকুহরে প্রবেশ করে না।\r\nআলোচনা হয় না কুড়িগ্রামের রাতের কৃষি, নদীভাঙনে খেত হারানো সর্বহারা মানুষের জীবন ও সার্চলাইটে আতঙ্কগ্রস্ত প্রান্তিক মানুষদের নিয়ে, এসব বোঝার জন্য প্রয়োজন মাঠপর্যায়ের অভিজ্ঞতা।

দুই দেশের কূটনৈতিক আলোচনায় এটি অনুপস্থিত।\r\nঅভিযোগ রয়েছে, রাতে একজন কৃষক তার প্রয়োজনে নির্বিঘ্নে কৃষি খেতে প্রবেশের করতে পারবেন– এমন অধিকার ও নিরাপত্তার বিষয়টি নিয়ে কখনো বিজিবি-বিএসএফের আলোচ্য সূচি সাজানো হয়নি। এছাড়া রয়েছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর নীতিনির্ধারণ ও কৌশলগত সীমাবদ্ধতা। অনেক সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা সমস্যাটি জানেন, কিন্তু কূটনৈতিক পর্যায়ে কথা বলার সুযোগ তাদের নেই। সীমান্তের সকল সমস্যাই মোকাবিলা করতে হয় বিজিবিকে, তারা সবকিছুই জানেন, কিন্তু তাদেরও ক্ষমতা সীমিত। একমাত্র রাষ্ট্রীয় নীতিনির্ধারক ফোরামের পক্ষেই সম্ভব সমস্যার আশু সমাধান করা। সীমান্তরক্ষা অবশ্যই প্রয়োজন।

কিন্তু সার্চলাইটের মতো অযৌক্তিক নজরদারির বদলে দুই দেশই আরও আধুনিক প্রযুক্তিনির্ভর, মানবিক ও কৌশলগত পদ্ধতি অনুসরণ করতে পারে।\r\nবিকল্প নিরাপত্তায় সমাধান পাওয়া যেতে পারে, থার্মাল স্ক্যানার- অনেক আধুনিক দেশে এটি সার্চলাইটের বিকল্প। আলো ছাড়াই নড়াচড়া শনাক্ত করতে পারে। সারারাত নয়, প্রয়োজনভিত্তিক নিরাপত্তা ড্রোনের ব্যবহার, যা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায় নজরদারি করবে। ইন্টেলিজেন্স-বেইজড প্যাট্রোলিং- যেখানে চোরাচালানের ঝুঁকি বেশি, সেখানে টার্গেটেড মনিটরিং করা যাবে। এছাড়া জয়েন্ট বর্ডার টাস্কফোর্স গঠন করা যেতে পারে। দুই দেশের স্থানীয় কমান্ডারদের যৌথ মাঠপরিদর্শন।\r\nসর্বোপরি কৃষকদের উদ্বেগ শোনা এবং কূটনৈতিক আলোচনায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া।

বাংলাদেশ-ভারতের মধ্যে প্রতি বছর অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য, ট্রানজিট- এসব নিয়ে আলোচনা হয়, কিন্তু সীমান্তবাসীর মানবিক আবেদন নিয়ে কখনো কোন জোড়ালো কূটনৈতিক আলোচনা হয় না। এমনটিই দেখে আসছি আমরা বিগত অর্ধশতাব্দীকাল ধরে।\r\nআমরা মনে করি, সমাধান হতে পারে এই পথে- দুই দেশের সীমান্তরক্ষীদের সম্মতির ভিত্তিতে সার্চলাইট ব্যবহারের সময়সীমা নির্ধারণ, দিকনির্দেশনা ও শক্তি সীমাবদ্ধ রাখা। রাতে কৃষকের মাঠে যাতায়াত সুরক্ষিত অঞ্চল চিহ্নিত করা। মানুষের নিরাপত্তা আগে, তারপর রাষ্ট্রের নিরাপত্তা, এটি ধ্রুব সত্য।\r\nযে কর্মকৌশল মানুষের জীবনকে বিপন্ন করে, সেটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে কখনোই শক্তিশালী করতে পারে না। সীমান্তে আস্থা বাড়ানো গেলে চোরাচালান কমে যায়- এটি বহু দেশের অভিজ্ঞতায় প্রমাণিত।

আরও ফলপ্রসূ হতে পারে, বাংলাদেশ–ভারত বর্ডার এগ্রিকালচার সেফটি প্রটোকল বাস্তবায়নের মাধ্যমে। স্থানীয় পর্যায়ে জরুরি আলোচনার জন্য ফোরাম গঠন করে প্রতি মাসে বিজিবি, পুলিশ, স্থানীয় সিভিল প্রশাসন, কৃষি অফিস, কৃষক প্রতিনিধি, একত্রে বসে পরিস্থিতি মূল্যায়ন করলে ইতিবাচক প্রভাব পরবে। ক্ষয়ক্ষতি ও মৃত্যুর হার কমে যাবে।\r\nবাংলাদেশ শুধু প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে থাকতে পারে না। অভ্যন্তরীণ নিজস্ব নীতি ও নিরাপত্তার কৌশলে আনতে হবে পরিবর্তন। রাষ্ট্র আরো উদ্যোগ নিতে পারে– সীমান্তের কৃষি অর্থনীতির জন্য বিশেষ বরাদ্দ ও পৃথক ভর্তুকি দেওয়া। রাতে সেচের জন্য নিরাপত্তা-সহায়ক সুবিধা প্রদান। আমাদের সীমান্তরক্ষী বিজিবি-কৃষক যোগাযোগ কেন্দ্র প্রতিষ্ঠা করে, তথ্য আদান-প্রদানের জন্য হটলাইন সেবা চালু করা।

সীমান্তে হাট বৃদ্ধির মাধ্যমে সীমান্ত-অর্থনীতির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এর মাধ্যমে বৈধ কৃষিপণ্য রপ্তানি সহজ করা। এভাবে চোরাচালান মোকাবিলা করা সম্ভব।\r\nকুড়িগ্রামের কৃষক জানেন, নদীভাঙন তারা রুখতে পারবেন না, বন্যার স্রোত আটকাতে পারবেন না, দরিদ্রতা জাদুর কাঠিতে শূন্যে নামাতে পারবেন না। কিন্তু নিজদেশের কৃষি খেতে কাজ করতে গিয়ে যদি ভারতীয় সৈন্যের সন্দেহের সার্চলাইট পড়ে-তখন তিনি শঙ্কাগ্রস্ত হন- এই জমি কি তবে আর আমার নেই? আমরা মনে করি, যে দেশের খাদ্যনিরাপত্তা কৃষকের কাঁধে, তাদের নিরাপত্তাহীন রেখে সীমান্তে শান্তি নিশ্চিত করা যায় না। কৃষকের এই বেদনা রাষ্ট্রের জন্য বিপজ্জনক।

সার্চলাইটের ধ্বংস থেকে, কৃষকের চোখের আলো বাঁচানো জরুরি।\r\nসার্চলাইটের বেপরোয়া ব্যবহার, মানুষের ওপর সন্দেহের নজরদারি, কৃষির রাত-দিনের চক্র ভেঙে দেওয়া– এসব কোনো স্থায়ী সমাধান হতে পারে না। কূটনীতি যদি সত্যিই মানুষের কল্যাণে ব্যবহৃত হয়– তবে উভয় দেশকেই বুঝতে হবে, সীমান্ত রক্ষার সর্বোত্তম উপায় হলো সীমান্তবাসীর জীবনকে রক্ষা করা। সীমান্ত একটি ভূরাজনৈতিক সীমারেখা মাত্র–জীবন তার ওপরে চলতে পারে না, জীবনের রয়েছে প্রকৃতি প্রদত্ত নির্দিষ্ট ছন্দ ও গতি। কুড়িগ্রাম তার জ্বলন্ত উদাহরণ। আমরা মনে করি, ভারত-বাংলাদেশ সম্পর্ক যত সমতা ও মর্যাদার ভিত্তিতে ঘনিষ্ঠ হবে, সীমান্তের নিরাপত্তাও তত মানবিক হয়ে ফুটে উঠবে। কুড়িগ্রামে আমাদের কৃষককুল সূর্যের আলো চায়, জমির উর্বরতা আশা করে। কিন্তু বিএসএফের সার্চলাইটের উৎকট আলো যেন তার সর্বনাশ না করে, তার জীবন-জীবিকা কেড়ে না নেয়। আলো কমিয়ে আস্থা বাড়াতে হবে। এই অনিরাপত্তা ও আতঙ্ক দূর করার দায়িত্ব বাংলাদেশ-ভারত উভয় রাষ্ট্রের। যদি কুড়িগ্রামের কৃষি বাঁচে, তবে সীমান্তের স্থিতিশীলতাও বজায় থাকবে। আমরা আশা করব, আগামী দিনে ভারত বিগব্রাদার সুলভ আচরণ বন্ধ করে মানবিক আচরণে অগ্রগামী হয়ে উভয় দেশের জন্য শান্তি ও নিরাপত্তা টেকসই করবে।