খাদ্যে ভেজাল আজ এক মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বাজারে এমন কোনো পণ্য নেই যেখানে ভেজালের ছোঁয়া পড়েনি- দুধ, তেল, মসলা থেকে শুরু করে ফলমূল পর্যন্ত। অথচ দুঃখজনকভাবে, অনেক সময় এই অপরাধের দায়ও চাপানো হয় কৃষকের ঘাড়ে। বাস্তবতা হলো, কৃষক নয়, খাদ্যে ভেজালের মূল দায়ী ব্যবসায়ী ও মজুদদার শ্রেণি। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষক। কৃষক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পরিশ্রম করেন, ফসল ফলান এবং তা বিক্রি করে পরিবার চালান। জমি থেকে ফসল ওঠার পরই কৃষকের কাজ শেষ। এরপর সেই ফসল চলে যায় পাইকার ও ব্যবসায়ীদের হাতে।
এখানেই শুরু হয় কারচুপি- ফল পাকাতে কার্বাইড, মাছ টাটকা রাখতে ফরমালিন, তেল ও মসলায় নানা কেমিক্যাল, দুধে পানি এসব অপরাধের সঙ্গে কৃষকের কোনো সম্পর্ক নেই।\r\nএভাবে লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী মানুষের স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করছে। শিশু থেকে বৃদ্ধ সবাই এর ক্ষতির শিকার হচ্ছে। শুধু তাই নয়, বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অথচ প্রকৃত কৃষক এখনো সৎভাবে মাটি খুঁড়ে জীবনযাপন করেন, তার ঘামে গড়ে ওঠে আমাদের খাদ্যনিরাপত্তা। কৃষকরা বরাবরই সৎ ও পরিশ্রমী। তাদের জীবন কষ্টে ভরা, কিন্তু তারা অসৎ পথে হাঁটেন না। তারা জানেন যে মাটিতে অন্যের খাবার ফলানো হয়, সেই মাটিকে অপবিত্র করা মানে নিজের আত্মাকে কলুষিত করা।
কৃষক তার ফসল ভালো রাখার জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করেন, কিন্তু বাজারে পণ্য যাওয়ার পর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। ভেজাল খাদ্য শুধু আইন ভঙ্গ নয়, এটি এক ধরনের মানবতার বিরুদ্ধে অপরাধ। এতে ধীরে ধীরে মানুষ অসুস্থ হয়ে পড়ে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়, নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়। হাসপাতালের সংখ্যা বাড়ছে, রোগের নাম বাড়ছে, অথচ সমস্যার মূল জায়গায় দৃষ্টি যাচ্ছে না। এই ভয়াবহ বাস্তবতার পেছনে রয়েছে সেই লোভী ব্যবসায়ী চক্র, যারা দ্রুত মুনাফার আশায় মানুষকে বিষ খাওয়াচ্ছে।\r\nপ্রশাসনের দায়িত্ব হচ্ছে সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। যাদের হাতে খাদ্যের পরবর্তী ধাপ-সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিক্রয় তাদের ওপর কঠোর নজরদারি প্রয়োজন।
ভেজালবিরোধী অভিযান একদিনের জন্য নয়, এটি হতে হবে নিয়মিত ও সর্বজনীন। একই সঙ্গে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। কারণ যখন কৃষক ন্যায্য দাম পান না, তখনই দালাল ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ে। তারা তখন মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, দাম বাড়িয়ে মানুষকে ঠকায়। ভেজাল রোধে শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা। পরিবার থেকে শুরু করে বিদ্যালয় পর্যন্ত শিশুদের শেখাতে হবে সৎ ব্যবসার মূল্যবোধ। গণমাধ্যম, নাগরিক সমাজ, প্রশাসন- সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মনে রাখতে হবে, একটি সমাজ তখনই সুস্থ থাকে, যখন তার মানুষ সুস্থ খাবার খায়।\r\nসবশেষে বলতে হয়, কৃষক আমাদের অন্নদাতা, অপরাধী নয়। ভেজাল খাদ্যের দায় তার নয়, বরং সেই ব্যবসায়ীর, যিনি মানবতার চেয়ে মুনাফাকে বড় মনে করেন। আমাদের দায়িত্ব হচ্ছে সেই অপরাধীদের বিচারের মুখোমুখি করা এবং কৃষকের সম্মান রক্ষা করা। খাদ্যে ভেজাল বন্ধ হোক এই হোক আমাদের প্রতিজ্ঞা। কারণ সুস্থ জাতি গঠনের প্রথম শর্তই হলো ভেজালমুক্ত খাবার, আর তার ভিত্তি রচিত হয় সেই মাটির মানুষ, সেই সৎ কৃষকের হাতেই।
