আগামী মাসে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বন প্রতিরোধে নির্দেশনা দিতে গিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলেও সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে।’ যদিও নকলের ক্ষেত্রে টয়লেট এখন খুব বেশি নজরদারির জায়গা নয়। প্রযুক্তির কারণে নানাবিধ উপায়ে এখন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা যায়। অন্তত সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের যেসব বিষয় সামনে এসেছে, তার বহুলাংশ জুড়েই ছিল প্রযুক্তি। ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করতে গিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষায় অনেকে ধরাও পড়েছে। যে কারণে নকল কিংবা অসদুপায় ঠেকাতে শিক্ষা প্রশাসনকে বরং প্রযুক্তির দিকে নজর দিতে হবে।

একটা সময় যখন কাগজের নকল বেশ প্রচলিত ছিল, তখন পরীক্ষাকেন্দ্রের টয়লেটে সে নকল পাওয়া যেত। অবশ্য এই নকল প্রতিরোধে দেশব্যাপী আলোড়ন তুলেছিলেন (তৎকালে) বর্তমান শিক্ষামন্ত্রী। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পরীক্ষায় নকল রোধে নানা কৌশল নিয়েছিলেন। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেও তাঁর সে সময়ের তৎপরতা উল্লেখযোগ্য। এখন সময় যেহেতু পাল্টেছে, একইভাবে কৌশলও বদলাতে হবে। নকলের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ।

তবে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধের কথা বলেছেন। একই সঙ্গে তিনি পরীক্ষা চলাকালে সামাজিক মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্নপত্র কিংবা প্রশ্ন-সংক্রান্ত কোনো ভুয়া কনটেন্ট আপলোড করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। বর্তমান সময়ের জন্য এটি জরুরি। অনলাইনে প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পরীক্ষায় অভিনব কৌশল অবলম্বন করা হয়। কানের ভেতরে ডিভাইস লুকিয়ে নকলের ঘটনা ইতোমধ্যে ধরা পড়েছে। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের তল্লাশির যে কথা বলেছেন, সেখানে এটিও মাথায় রাখতে হবে। নকল প্রতিরোধে প্রযুক্তির সম্ভাব্য সব বিষয়ে সজাগ থাকা দরকার। তার চেয়ে শিক্ষার্থীদের মধ্যে নকলবিরোধী মানসিকতা গড়া বেশি জরুরি। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা অনৈতিক ও বেআইনি। নকল করে পাস করার মধ্যে কোনো বাহাদুরি নেই। এতে সাময়িক কিছু অর্জন থাকলেও দীর্ঘ মেয়াদে ব্যক্তিরই ক্ষতি। নকলের মাধ্যমে জ্ঞান অর্জন ও শেখায় সময় নষ্ট হয়। তা ছাড়া নকল করে ধরা পড়ার শাস্তি অবর্ণনীয়। পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করে ধরা পড়লে পরীক্ষা বাতিল, বহিষ্কার, এমনকি কয়েক বছরের জন্য পরীক্ষা থেকে নিষিদ্ধ হওয়ার শাস্তিও হয়। যে শিক্ষার্থী নকল করে ধরা পড়ে, সে তাৎক্ষণিক সহপাঠীদের মুখ দেখায় কীভাবে?

শিক্ষামন্ত্রী অবশ্য নকল ঠেকাতে আইন আরও কঠোর করার কথা বলেছেন। বিশেষ করে প্রযুক্তির মাধ্যমে যে ডিজিটাল নকল করা হয়, সে বিষয়টি বিদ্যমান পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৯২)-তে নেই। সে জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এ আইন সংশোধন করতে চাইছেন শিক্ষামন্ত্রী। ২১ এপ্রিল থেকে যেহেতু এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে, তার আগেই সরকার এই আইন সংশোধনে হাত দিলে শিক্ষার জন্য একটি বড় কাজ হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এসএসসি, এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য পাবলিক পরীক্ষা আইন, আইসিটি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ২০০ মামলা করা হয়। এর মধ্যে ৪৫টি মামলার নিষ্পত্তি হলেও সাজা হয়েছে মাত্র একটিতে। ভুল আইনে মামলার কারণেও অনেকে পার পেয়ে গেছে।

ছাত্রজীবনে শিক্ষার্থীদের কাজ কেবল পড়াশোনা। পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন হয়। এই মূল্যায়ন যথাযথ হওয়ার জন্য পরীক্ষা পদ্ধতি যেমন যথার্থ হওয়া জরুরি, তেমনি কেউ যাতে মূল্যায়নে ফাঁকি বা অসদুপায় অবলম্বন করতে না পারে, তার প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে। নকল প্রতিরোধে সেই কঠোর অবস্থান বোঝাতে শিক্ষামন্ত্রী হয়তো টয়লেটের কথা বলেছেন। তবে সময়ের কারণে প্রযুক্তির দিকে বেশি নজর দিতে হবে।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com