রাষ্ট্র সংস্কারের তুমুল ব্যস্ততার মধ্যেই নীরবে ফিরে এলো ৩ নভেম্বর। বেদনাবিধুর ও কলঙ্কময় জেলহত্যা দিবস। যাদের সুনিপুণ পরিচালনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই মহান নেতাদের ১৯৭৫ সালের এই দিনে কারাপ্রকোষ্ঠে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।
‘নীরবে ফেরার’ কথা বলছি এ জন্য, এমন একটি দিবস– অথচ কোনো কর্মসূচি নেই; সামান্য একটি প্রেস বিজ্ঞপ্তি পর্যন্ত নেই। না রাজনৈতিক দলগুলোর, না রাষ্ট্র– কারোরই কোনো বক্তব্য নেই! যাদের দুঃসাহসিক নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাদের এভাবে অবজ্ঞা করা বোধহয় শুধু বাংলাদেশ বলেই সম্ভব! এ জন্যই হয়তো শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর মতো তেজস্বী নেতার এ দেশে আর দেখা মেলেনি।
মহান মুক্তিযুদ্ধের কাণ্ডারিরা এই রাষ্ট্রে অনেকটাই বিস্মৃত। তাদের মর্মান্তিক মৃত্যুও ততটা আলোচিত নয়। রাষ্ট্রীয়ভাবে কখনোই জেলহত্যা দিবস পালন করা হয়নি। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলও দিবসটি পালন করে না। অবশ্য দলটিও যে উল্লেখযোগ্য কিছু করত, তা নয়। তারা সরকার গঠন করে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও দিবসটি সরকারিভাবে যথাযথ মর্যাদায় পালনের উদ্যোগ নেয়নি। যদিও বারবার দাবি উঠেছে। কেন তারা তাদের প্রয়াত নেতাদের এভাবে অনালোচিত রাখতে চায়? দলটি এদিন সকালে জাতীয় চার নেতার কবরে ফুল দিত, বিকেলে আলোচনাসভা করত। এখন সে সুযোগও নেই।
অবশ্য চব্বিশের গণঅভ্যুত্থানের পর প্রথম যে ৩ নভেম্বর আসে, সেদিন আওয়ামী লীগের কর্মীরা ব্যক্তি উদ্যোগে দিনটি স্মরণ করেছিলেন। লুকিয়ে ফুল দিয়েছিলেন কবরে। অনেকের নিন্দামন্দ সয়েও ফেসবুকে সরব ছিলেন শোক জ্ঞাপনে।
রাজনৈতিক পট পরিবর্তন হলে বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসের অনেক কিছু নতুন করে আলোয় চলে আসে, অনেক কিছু অন্ধকারে আত্মগোপন করে। ব্যতিক্রম কেবল মুক্তিযুদ্ধের মহান চার নায়ক। কোনোকালে তারা যোগ্য সম্মান পেয়েছেন– এমনটা বলা যাবে না। এমনকি এই রাষ্ট্র সংস্কার তথা নতুন বাংলাদেশ গড়ার কালেও তারা বিস্মৃত! রাষ্ট্র প্রতিষ্ঠার কারিগরদের আড়ালে রেখে এগোনো কীভাবে সম্ভব? অথচ নানা দিক থেকেই জাতীয় চার নেতার জীবন ও কর্ম সারাবছরই আলোচনায় থাকার যোগ্য। রাজনৈতিক শিক্ষার পাঠ হওয়ার কথা। কি নিষ্ঠা, কি দক্ষতা, অর্জন, আনুগত্য এবং শেষ ক্ষণ পর্যন্ত আদর্শে অটল থাকার এর চেয়ে বড় কোনো উদাহরণ এই দেশে আর নেই।
মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। যদিও এটিও খুব একটা আলোচিত বিষয় নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তাঁরই নামে তাজউদ্দীন আহমদরা মুজিবনগর সরকার গড়ে ৯ মাস যে মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, সেটি আকস্মিক বা কাকতালীয় কিছু ছিল না। নেতার যোগ্য শিষ্য হওয়া, শিষ্যদের নেতা করে তোলার চর্চা ছিল। রাজনৈতিক দল শুধু পদ-পদবি বা ক্ষমতার সিঁড়ি নয়– দেশপ্রেম, আদর্শ ও নেতৃত্ব শেখারও প্রতিষ্ঠান ছিল। এরই ধারাবাহিকতায় দেশের প্রয়োজনে তারা জীবন বাজি রাখতে পেরেছিলেন। নেতার অনুপস্থিতিতে হাল ধরে নৌকা বন্দরে ভেড়াতে সফল হয়েছিলেন।
একটি দেশকে স্বাধীন করার মতো এত বড় সাফল্যের পরও সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীনদের অহংকার কাবু করেনি। মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গিয়ে ভেতরে-বাইরে নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে তারা নিজেরাই একেকজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। অথচ দেশে ফিরে তারা ক্ষমতার লোভ করেননি; দলে কোন্দল তৈরি করেননি। দেশ, দল ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখেছেন শেষ দিন পর্যন্ত। নেতার হাতে দায়িত্বভার ফেরত দিয়েছেন। ফিরে গেছেন তাঁর বিশ্বস্ত সহযোগীর ভূমিকায়। আমরা, এই বাংলাদেশ রাষ্ট্র কি বিশ্বস্ত থাকতে পেরেছে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনা জাতীয় চার নেতার প্রতি?
আদনান মনোয়ার হুসাইন: সহকারী বার্তা সম্পাদক, সমকাল adnanshovon@gmail.com
