ভারতীয় আধিপত্যবাদী ন্যারেটিভের রাজনীতির আওতায় দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বড় সামাজিক-রাজনৈতিক ও মনোস্তাত্ত্বিক প্রভাব পড়েছিল এ দেশের যুব সমাজের উপর। সাধারণত যুব সমাজের প্রতিক্রিয়াশীল ভূমিকায় সমাজে ইতিবাচক পরিবর্তনের রূপান্তর ঘটে থাকে। কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদী দু:শাসনের বাস্তবতা ছিল অনেক বেশি গণবিধ্বংসী, ভয়ঙ্কর ও অপরিনামদর্শী। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে বহুমত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারাকে সঙ্কুচিত করে তোলা হয়েছিল। গণতন্ত্রের পক্ষে যে কোনো প্রতিক্রিয়া কিংবা সম্ভাব্য আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের মূল টার্গেট ছিল মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট এবং প্রগতিশীল যুব সমাজ।
টার্গেট কিলিং, গুম-খুন, আয়নাঘর ও সিস্টেমেটিক ক্র্যাক-ডাউনের স্বীকার হওয়াদের বেশিরভাগই ছিল যুব সমাজের সদস্য। বিতর্কিত ট্রাইবুনালের ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করে ফ্যাসিবাদ কায়েমে পথের কাঁটা দূর করতে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রযোজনায় শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চস্থ করে এ দেশের যুব সমাজের একটি অংশকে রাষ্ট্রীয় মদতে বিভ্রান্ত করা হয়েছিল। তবে গণজাগরণ মঞ্চের পাল্টায় হেফাজতে ইসলামের আহ্বানে যুব সমাজের অভাবনীয় প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শাহাবাগি গণজারণ মঞ্চের ফানুস কর্পূরের মত উবে গিয়েছিল। বিদ্যুৎ বন্ধ করে ব্ল্যাক-আউটের মধ্যে শাপলা চত্বরে লাখো মানুষের শান্তিপূর্ণ অবস্থানের উপর লক্ষ লক্ষ লাইভ বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও বুলডোজার চালিয়ে ২০১৩ সালের মে মাসে গণহত্যার পরও বাংলাদেশের যুব সমাজের প্রতিবাদী উত্থান ঠেকাতে পারেনি ফ্যাসিবাদি সরকার। সমাজের মূল ধারার মানুষের ধর্মীয়-রাজনৈতিক চেতনার তুমুল উত্থানের তোড়ে শাহবাগের কৃত্রিম গণজাগরণের ভুত রাতারাতি অনেকটা অন্ধকারের হাওয়ায় মিলিয়ে যায়। আঠারো সালে ছাত্র সমাজের কোটাবিরোধী আন্দোলন কিংবা চব্বিশের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক আগেই গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকাররা দেশ ছেড়ে পালিয়ে যায়। তাদের উপর ভর করে ভারতীয় মদতে হাসিনা তার ফ্যাসিবাদি ক্ষমতা পাকাপোক্ত করে চিরস্থায়ী আসন গেড়ে বসলেও গণজাগরণ মঞ্চের পরিচালকসহ তাদের সাঙ্গ-পাঙ্গ অনুসারিদের আর কোথাও দেখা যায়নি। লাখ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা, গুম-খুন, আয়নাঘরের নির্যাতন অব্যাহত থাকলেও বিরোধী দলের অভ্যন্তরে পেইড-এজেন্ট ও দালাল সৃষ্টি করে সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন দমন ও ভুয়া নির্বাচনের মাধ্যমে বার বার ক্ষমতার মেয়াদ নবায়নের ধারা সূচারুরূপে বাস্তবায়িত হয়েছিল।
বৃটিশ উপনিবেশোত্তর রাজনৈতিক ঘটনাক্রমের ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোই এ জাতির উত্তরণ ও বির্বতনের সূতিকাগার। ভারতীয় আধিপত্যবাদ প্রভাবিত সরকার ও দলীয় রাজনীতি প্রথমেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর লেখাপড়া ও গবেষণার সুষ্ঠু পরিবেশকে কলুষিত করে তোলে। বৃটিশ ও পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডের খেতাব ধরে রাখতে সক্ষম হলেও একাত্তরের স্বাধীনতাত্তোর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রভাবিত অপরাজনীতির প্রথম টার্গেট হয়ে দাঁড়ায় দেশের শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বিশ্ববিদ্যালয়ে শুধু দেশি-বিদেশি লেখক ও স্কলারদের বই ও গবেষণা কর্মেরই চর্চা হয়না; সেখানে গণতান্ত্রিক রাজনীতি, দর্শন, বহুমত ও পথের শান্তিপূর্ণ সহাবস্থান, দেশি-বিদেশি রাজনৈতিক নেতৃত্ব ও সমকালীন সমস্যা-সংকট নিয়ে ডিবেটসহ জনমত গড়ে তোলা হয়। বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী প্রতিভা নতুন নতুন প্রযুক্তি ও এন্ট্রেপ্রেনারশিপের বিকাশ ও অর্থনৈতিক সম্ভাবনাকে জাগিয়ে তোলতে অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। কিন্তু গত ৫৪ বছরে আমাদের আলোর প্রদীপ গর্বের একেকটি বিশ্ববিদ্যালয়কে ‘ডাকাতদের গ্রাম’ ও রক্তাক্ত সন্ত্রাসের ক্যাম্পাসে পরিনত করা হয়। তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে পরিবার ও সমাজের স্বপ্ন পুরণের প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কোমলমতি শিক্ষার্থীদের উপর শুরু হতো অমানবিক নির্যাতন ও ভয়ঙ্কর অভিজ্ঞতা।
ছাত্রলীগ নামের জম্বি ছাত্র সংগঠনের ভয়ঙ্কর ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলোকে নিজেদের জমিদারির খাস তালুকে পরিনত করেছিল। সেখানে মাদকের হাট-বাজার, গাঁজার চাষাবাদ, ধর্ষনের সেঞ্চুরি উদযাপন, গেস্টরুমে টর্চার সেল, টেন্ডারবাজি-চাঁদাবাজির সন্ত্রাসের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাফিয়া গ্যাংয়ে পরিনত করার সিস্টেমেটিক এজেন্ডা বাস্তবায়ন করা হতো। একচেটিয়া অথবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সন্ত্রাসকবলিত অপরাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থী কয়েক বছরের সেশন জটের সম্মুখীন হয়ে জীবনের মূল্যবান কয়েক বছরের অপচয় শেষে পাস করে বের হয়ে হতাশার সাগরে নিমজ্জিত হয় দেশের অধিকাংশ উচ্চশিক্ষিত যুবক। এরপর শুরু হয় চরম গ্লানিকর এক নতুন যুদ্ধ।
দেশের তৈরী পোশাক খাত, ওষুধ শিল্প, আইটি সেক্টরের মত শ্রমঘন ও কর্মসংস্থান বান্ধব সেক্টরগুলোকে ভারতীয়, শ্রীলঙ্কান ও চীনাদের জন্য উন্মুক্ত করে দিয়ে দেশের শিক্ষিত যুবকদের চাকরির সুযোগ সঙ্কুচিত করে তোলা হয়েছে। দেশে উপযুক্ত চাকরি বা কর্মসংস্থান না পেয়ে যুবকরা বিদেশে গিয়ে পরিবারের স্বপ্ন পুরণের পথ বেছে নিতে বাধ্য হয়। কিন্তু প্রতিযোগিতামূলক অর্থনীতির বিশ্বে লাখ লাখ শিক্ষিত যুবকের কর্মসংস্থানের সুযোগ কোথাও নেই। আমাদের তরুণরা মধ্যপ্রাচ্যে ঘাম ঝরানো শ্রম দিয়ে, ইউরোপ-আমেরিকায় অডজব করে দেশের জন্য যে রেমিটেন্স পাঠায়, তার একটা বড় অংশই রেজিস্ট্রেশন, টেক্সেশন, হিসাব-নিকাশ ও জবাবদিহিতার বাইরে থাকা ভারতীয় অবৈধ কর্মীরা নিয়ে যায়। পতিত ফ্যাসিস্ট রিজিম উন্নয়নের নামাবলির জিগির তুললেও দেশের লাখ লাখ তরুন যে কোনো উপায়ে দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়েছিল। সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মত যুদ্ধবিদ্ধস্ত দেশের নাগরিকরা যখন প্রাণ বাঁচাতে অবৈধভাবে ভূমধ্যসাগরে নৌকা ভাসিয়ে ইউরোপে আশ্রয়ের জন্য ছুটছে, তখন মাঝে মধ্যেই নৌকা ডুবে শত শত পরিযায়ী অভিবাসির করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। সে সব মর্মান্তিক খবরের শিরোনামে প্রায়শ উঠে আসে বাংলাদেশিদের ছবি।
জুলাই বিপ্লবের আগ পর্যন্ত এই হচ্ছে বাংলাদেশের উচ্চশিক্ষা ও মধ্যবিত্ত যুব সমাজের চরম বাস্তবতা। যুব সমাজের উদ্ভাবনী প্রতিভা, শ্রমসাধনা, ত্যাগী ও সংগ্রামি ভূমিকাই একটি রাষ্ট্র ও সমাজের এগিয়ে যাওয়ার সবচেয়ে মোক্ষম ও কার্যকর শক্তি। বঞ্চনা ও বৈষম্যের শিকার বিমর্ষ, আশাহত ও পলায়নপুর যুব সমাজ নিয়ে রাষ্ট্র তার অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারেনা। আওয়ামী দু:শাসনে ও দুবৃর্ত্তায়নে আমাদের যুব সমাজ রাষ্ট্র ও সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। তারা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে প্রবল রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল। ষাট, সত্তুর ও আশির দশক পর্যন্ত যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদের নির্বাচন ও নেতৃত্ব গ্রহণের সুযোগ পেয়েছিল, তারাই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলেন।
ভারতীয় আধিপত্যবাদী নীল নকশার রাজনীতি ও আওয়ামী ফ্যাসিবাদী দু:শাসন গত তিন দশক ধরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশই শুধু নষ্ট করেনি, সেই সাথে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার ছাত্র রাজনীতি চর্চার পথও রুদ্ধ করে দিয়েছিল। আমাদের জনগোষ্ঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে যুব-তরুন সমাজ। এ সমাজ যখন রাজনীতি বিমুখ হয়ে রাজনীতিকে ঘৃণা করতে শুরু করার পাশাপাশি হতাশ হয়ে দেশের সবকিছুকেই অবজ্ঞা ও অগ্রাহ্য করে বিদেশে পাড়ি জমানোর ধান্দায় ছুটতে থাকে, তখন জাতির সামনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জাগানিয়া আশাপ্রদ আর কিছুই অবশিষ্ট থাকে না। একটি জাতিকে ভেতর থেকে দুর্বল ও নি:শেষ করে দেয়ার এটাই মোক্ষম অস্ত্র। বাংলাদেশের পরজীবী, দুর্বৃত্তায়িত ফ্যাসিস্ট রেজিম দেড় দশক ধরে একাজটিই করেছে।
তবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বিদেশি প্রভুদের ক্রীড়নক দুর্বল রাজনৈতিক পরজীবীরা কখনোই রাষ্ট্রের অন্তর্নিহিত সম্ভাবনা ও সক্ষমতাকে দাবিয়ে রাখার শক্তি রাখেনা। চব্বিশের জুলাই অভ্যুত্থান যেন সেই ধ্বংসস্তুপ ও হতাশার অন্ধকার থেকে জেগে ওঠা আবাবিল কিংবা ফিনিক্স পাখির পুনরুত্থানের নতুন ইতিহাস। জন্মের পর থেকেই পাঠ্য বইয়ে, গণমাধ্যমে, রাজনীতির মাঠে, সাংস্কৃতিক অঙ্গনে এক ব্যক্তি ও একটি পরিবারকে ঘিরে গড়ে তোলার পলিটিক্যাল মিথ ও মিথ্যা ন্যারেটিভ শুনতে শুনতে এই প্রজন্ম সেই রাজনীতি ও গল্পের অনুবর্তী হয়ে পরার কথা। যেখানে মূল ধারার রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেড় দশকে কোনো আন্দোলন-সংগ্রাম সফল করতে ব্যর্থ হয়ে কোনঠাসা হয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পরিত্যাগ করতে শুরু করেছিল; ঠিক তখনই অরাজনৈতিক মোড়কে ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈনিকরা নিজেদের জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদি রেজিমের বিরুদ্ধে এক দু:সাহসী ও দুর্ভেদ্য প্রতিরোধের মুখে রক্তপিপাসু স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রবল নিপীড়নের মুখেও বিএনপি-জামায়াতের পক্ষে এমন একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি। ৫ আগস্টে দেশ নতুন স্বাধীনতা লাভের পর বিএনপি-জামায়াতের নেতারা নিজেদের মুক্তি ও নতুন স্বাধীনতার জন্য জুলাই অভ্যুত্থানের তরুনদের অবদানের কথা আবেগি কণ্ঠে স্বীকার করেছিলেন।
রাজনীতি বিমুখ, হতাশ, ডিজিটাল গেজেটে আসক্ত জেন-জি প্রজন্ম মৃত্যুর ভয় উপেক্ষা করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। চব্বিশের ৫ আগস্টের পর থেকেই সেই প্রজন্মকে ডিমোরাল করার নানাবিধ উপায়-উপকরণ সক্রিয় রয়েছে। একদিকে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া মুখোশধারি ও ছদ্মবেশি দালাল ও দোসররা। অন্যদিকে ক্ষমতার মোহে অন্ধ রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজ-দুর্বৃত্তায়িত অংশের টার্গেটে পরিনত হয়েছে নতুন প্রজন্মের প্রত্যাশিত রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তার মানে হচ্ছে অস্ত্র দিয়ে কিংবা রক্ত দিয়ে যুদ্ধ জয়ের মধ্য দিয়ে দেশ স্বাধীন করা গেলেও স্বাধীনতার লক্ষ বাস্তবায়নে আরো সুদৃঢ় ও সুদীর্ঘ কর্মপন্থা ও বুদ্ধিবৃত্তিক সংগ্রামের প্রয়োজন হয়।
জেন-জি প্রজন্ম দেশকে আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক ফ্যাসিস্ট রেজিমের কবল থেকে মুক্ত করতে সক্ষম হলেও নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার মূল দায়িত্ব বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী বিদ্যমান রাজনৈতিক দলগুলোর। দেশের রাজনৈতিক দলগুলো পরিবর্তনের প্রত্যাশা অনুসারে রাজনীতির গতিপথ নির্ধারণের ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের অংশীদার যুব সমাজের প্রত্যাশা পুরনের পাশাপাশি রাজনীতিতে তাদের অংশগ্রহণের পথকে সহজ ও উন্মুক্ত করে দেয়াই ছিল প্রত্যাশিত।
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর টানপোড়েন, রশিটানাটানি, ব্লেইমগেম, অভ্যুত্থান পরবর্তী সরকারের অস্তিত্ব ও সংস্কারের প্রশ্নে গণভোটের ম্যান্ডেট নানা টালবাহানা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা মনোনয়নে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রমাণ বহন করছে না। বিগত ফ্যাসিস্ট রেজিমের রাবারস্ট্যাম্প সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য ছিল রাজনৈতিক দুর্বৃত্ত, মুনাফাবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ সামরিক-বেসামরিক সাবেক আমলা ও চিহ্নিত লুটেরা অলিগার্ক। জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুসারে প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপি যে সব প্রার্থীদের নাম ইতিমধ্যে প্রকাশ করেছে, তাতে নতুনত্বের কিছু নেই। বিএনপির মত জনপ্রিয় ও জনবান্ধব রাজনৈতিক দলে প্রতিটি আসনে একাধিক (৫-১০জন) সুশিক্ষিত ও সুযোগ্য প্রার্থী বাছাই করে মনোনয়ন দেয়া অসম্ভব নয়। কিন্তু তারা এবারো আগের মতই গতানুগতিক ও পুরনো রাজনৈতিক বৃত্তের বাইরে যাওয়ার চেষ্টা করেনি। অন্যদলগুলোর মধ্যেও ব্যতিক্রমী কিছু দেখা যায়নি। এনসিপি কিছুটা ব্যতিক্রমী অবস্থান গ্রহণ করলেও বড় দলগুলোর প্রচলিত রাজনৈতিক অবস্থানের কাছে তাদের ব্যতিক্রমী উদ্যোগ হালে পানি পাবে বলে মনে হয়না।
বিশ্বের দেশে দেশে রাজনৈতিক নেতৃত্বে নতুন ধারা ও সম্ভাবনার জানান দিচ্ছে। লন্ডন ও নিউইয়র্কের মত রাজনৈতিক-অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী মেট্রোপলিটান মেগাসিটির নেতৃত্বে পুরনো বড় রাজনৈতিক দলের বাঘা বাঘা নেতাদের পরাস্ত করে উপমহাদেশের বংশোদ্ভুত নতুন প্রজন্মের মুসলমান তরুণরা মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রায় এক দশক আগে ২০১৬ সালে লন্ডনের মেয়র নির্বাচনে পাকিস্তানি বংশোদ্ভুত সাদিক খান কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথম নির্বাচিত হওয়ার পর এখন তিনি তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনিই লন্ডনের প্রথম মেয়র জিনি রাজকীয় নাইটহুড সম্মান লাভ করেছেন।
অন্যদিকে উগান্ডা থেকে অভিবাসি আমেরিকান নাগরিক ভারতীয় বংশোদ্ভুত মাহমুদ মামদানি ও মিরা নায়ারের পুত্র জোহরান মামদানি এবার নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে নিউ ইয়র্কের সাবেক গবর্নর এন্ড্রু কুমোকে বেশ বড় ব্যবধানে হারিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। শত বছরের মধ্যে মামদানি নিউ ইয়র্কের সর্ব কনিষ্ট মেয়র এবং প্রথম মুসলমান ও আফ্রো-এশীয় বংশোদ্ভুত নাগরিক। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিরোধিতা ও হুমকি মোকাবেলা করে মেয়র নির্বাচিত হওয়ার দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প মামদানিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। গত ২২ নভেম্বর হোয়াইট হাউজে দুজনের মুখোমুখি সৌজন্য সাক্ষাৎ হয়। এটিই হচ্ছে মার্কিন গণতন্ত্রের সৌন্দর্য ও সহাবস্থানের প্রকৃষ্ট উদাহরণ। সাম্প্রতিক সময়ে মার্কিন নির্বাচনগুলোতে অন্তত ৫ জন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক মূল ধারার রাজনৈতিক নেতৃত্বে কংগ্রেস, সিনেট, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও কাউন্সিলর নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। আমাদের নতুন প্রজন্ম বিদেশে ইতিহাস সৃষ্টি করবে আর স্বদেশে গতানুগতিক দুর্বৃত্তায়িত রাজনীতির কাছে অবহেলিত থাকবে, এটা আর চলতে পারেনা। রাজিনৈতিক দলগুলোর অভ্যন্তরে নতুন চিন্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা না হলে রাষ্ট্রে ও সমাজে প্রত্যাশিত পরিবর্তন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা অসম্ভব।
bari_zamal@yahoo.com
