স্নিগ্ধ সকাল। হাল্কা কুয়াশা ভেদ করে পুবের আকাশে সোনালি সূর্য উঁকি দিচ্ছে। গায়ে শার্ট জড়িয়ে উন্মুক্ত বাতাস উপভোগের জন্য বেরিয়ে পড়লাম রাস্তায়। হাঁটতেই পৌঁছে গেলাম নির্জন এক লেকের পাড়ে। লাল, সাদা শাপলায় ভরেছে পুরো লেক। এর পাশে ছোট একটা ঝোপ, কচুরিপানা শাপলার ঠিক মাঝখানে একটি খঞ্জনা ডেকে চলছে। এর পর আস্তে আস্তে পাখির কলকাকলিতে ভরে ওঠে পুরো লেক। দৃশ্যটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। হৃদয়ে প্রশান্তি জাগে, মন ভরে যায়। অল্প সময়ের মধ্যেই আসতে শুরু করেন পাখিদর্শনার্থীরা। পাখির ডানা ঝাপটানো, কিচিরমিচির আর নানা রকম শব্দে মুখরিত হয়ে উঠে পুরো লেক। অনেক পাখিপ্রেমিকের হাতে দূরবীন, টেলিস্কোপ, কারো হাতে লম্বা লেন্সওয়ালা ক্যামেরা এবং ক্যামেরা মোবাইলতো আছেই। নিরবে নিঃশব্দে সবাই দেখছেন কোন কোন প্রজাতির পাখি এসেছে। কেউ কেউ হাতে থাকা বইয়ের ছবি দেখে মিলিয়ে নিচ্ছেন পাখির নাম, গায়ের রং ইত্যাদি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় শীতের মৌসুমে অসংখ্য অতিথি পাখি আসে। পাখির সাথে মানুষের নানা বিষয়ে মিল রয়েছে। মিলের মধ্যে রয়েছে পাখি মানুষের মতো মেরুদ-ী প্রাণী। পাখির কংকালের সাথে মানুষের কংকালের মিল এত গভীর যে ফরাসি বিজ্ঞানী পিয়ের বেলন তার পাঠকক্ষে মানুষ ও পাখির কংকাল ঝুলিয়ে রেখেছিলেন পাশাপাশি। শখ করে কেউ কেউ পাখি পুষে থাকেন। মানুষ নিজের মনের কথা পাখিকে বলে হাল্কা করেন।

অনেক সময় বলা হয়, পাখি না হলে বা না থাকলে মানুষ ধ্বংস হয়ে যেত। বলা বাহুল্য, এ কথা বহুলাংশ ঠিক। বিভিন্ন উদ্ভিদ, প্রজাতি সংরক্ষণে পাখির অনন্য অবদান রয়েছে। ফুলের পরাগায়ন থেকে শুরু করে বীজ, ফল এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নেয়াসহ অনিষ্টকারী পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে। বিনা পরিশ্রমে এবং বিনা পয়সায় ঘরে বসে একমাত্র পাখিকেই দেখা সম্ভব। পরিবেশবিদদের মতে, যে এলাকায় অধিক পাখির বাস সেখানকার পরিবেশও নাকি ভালো।

চার দেয়ালের মাঝখান থেকে বেরিয়ে চোখ, কান খোলা রাখলেই পাখি সম্পর্কে অনেক তথ্য জানা সম্ভব। আমাদের দেশে কোন কোন প্রজাতির পাখি আছে, কোথায় একং কখন এদের কী পরিমাণে দেখা যায় সেটা সুন্দর এবং অনুসন্ধিৎসু একটা মন থাকলেই জানা সম্ভব। শীতের ভোরে দেশের হাওর, বাওর, জলাশয়ে, বিলঝিলে চলে যেতে হবে। শীতের অতিথি পাখি এলেই প্রকৃতি ধারণ করে অপরূপ সাজে। সবাই ধরে নেয় শীত এসে গেছে। কিন্তু প্রকৃত ব্যাপারটি দেখলে বোঝা যায় শীত মৌসুম ছাড়াও অতিথি পাখিরা এদেশে এসে থাকে। অনেক পাখি স্থায়ীভাবে এদেশেই থেকে যায়। বাংলাদেশে শীতকালে এমন কিছু পাখি দেখা যায়, যা সচরাচর অন্য সময়ে দেখা যায় না। শীত মৌসুমে হিমালয় পবর্তমালা এবং সুদূর সাইবেরিয়া থেকে, কখনো কখনো উভয় মেরু থেকেও আমাদের দেশে পাখি এসে থাকে এবং শীত শেষে চলে যায়। এই যাওয়া আসাই হচ্ছে পাখির পরিব্রাজন, মাইগ্রেশন বা অভিপ্রায়ন। পাখি বিশারদ ও বার্ডওয়াচার এবং পাখিপ্রেমিকদের সাথে কথা বলে জানা গেছে, শীতের পাখি শুধুমাত্র পৌষ, মাঘ মাসে সাইবেরিয়া থেকেই আসে না। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আমাদের দেশে শীতের পাখি আসতে থাকে।

একসময় ‘চা’ পাখি, কমনস্যান্ডপাইপারসহ আবাবিল পাখি পৌঁছায়। আগস্ট মাসের মধ্যে চলে আসে। বাদামি কসাই, ব্রাউন, ¯্রাইখ, লালবুক, চটক, রেড ব্রেস্টেড, ফ্রাইক্যাচার, শীতের ভুবন চিল, পেরিয়া কাইট ইত্যাদি। সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে খঞ্জনা, চা, পাখি, কাদা মোঁচা, চ্যাগা, গুলিন্দা বাটাস, জিরিয়া, জল কবুতর, ওয়ার্বলার, চটক, বড় সরালি, ছোট সরালি, লেংজা, আঁখিভুত হাঁস, জলপিপি এসে থাকে। অতিথি পাখির মধ্যে ৮০ ভাগেরও ওপর পাখি আসে হিমালয় পবর্ত ও তার পাদদেশ থেকে। কেবল কিছু কিছু হাঁস, জিরিয়া আসে সাইবেরিয়ার উত্তর মেরু এবং ভারতের ত্রিপুরা এলাকা থেকে।

শীতের পাখিরা কেন বছরের একটা নির্দিষ্ট সময়ে আসে এবং ফিরে যায় বিষয়টির নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে পাখি বিশেষজ্ঞদের মতামত, শীতের শুরুতে হিমালয়ের তিন হাজার মিটার উচ্চতা থেকে এভারেস্ট পবর্তের চূড়া, সাইবেরিয়ার এবং উত্তর মেরু এলাকার দিনের তাপমাত্রা হ্রাস পায়। শীতের তীব্রতা বাড়ে। সেই সাথে খাদ্যবস্তু বরফের নিচে ঢাকা পড়ে। খাবার ঘাটতি দেখা যায়। ফলে পাখিরা দক্ষিণের সমভূমি এলাকায় নেমে আসে এবং প্রতিকূল আবহাওয়া থেকে নিজেদের আত্মরক্ষা করে। আমাদের দেশে দু’ধরনের শীতের পাখি আসে। এক ধরনের পাখি শুধু এ দেশেই আসে এবং অন্য দল বাংলাদেশ থেকে আরো দক্ষিণে যায়। এই চলাচলের পথে তারা কিছু সময় এদেশে কাটায়।

অনেকের মতে অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত খাদ্যের নিরাপত্তা ও নিশ্চয়তা এবং জুটি বাঁধাসহ প্রজননের জন্যও অতিথি পাখিরা এদেশে এসে থাকে। লেকের পানিতে খুব কাছ থেকে অতিথি পাখি দেখার অনুভূতিটাই অন্যরকম। অনেকে দূরবীন কিংবা টেলিস্কোপ, বাইনোকুলার দিয়েও পাখি দেখে থাকেন। চিনতে চেষ্টা করেন। পাখিদের বর্ণিল দেহ, চমৎকার সুরেলা কণ্ঠ আর স্বাধীন জীবনের আকর্ষণ মানুষকে মুগ্ধ করে। পাখি নিয়ে রচিত হয়েছে কত গান, কত কবিতা, কত গল্প। খুব ভোরে এবং বিকেলে পাখি দেখার প্রকৃষ্ট সময়। পাখি দেখার জন্য বাংলাদেশে বেশ কয়েকটি সংগঠন কাজ করে যারা পাখিদের রক্ষাসহ সচেতনতা বাড়াতে কাজ করে চলেছে। বাংলাদেশে তৈরি হয়েছে বার্ড ওয়াচার সমিতি। ব্যক্তিগত পর্যায়েও অনেকে পাখি দেখতে যেতে পারেন। পাখি প্রকৃতির অসম্ভব সুন্দর সৃষ্টি। নানাভাবে এরা আমাদের উপকার করে থাকে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখির ব্যাপক ভূমিকা রয়েছে। প্রকৃতির এই অপরূপ শোভাবর্ধনকারীদের নষ্ট করছে কতিপয় মানুষ। যারা ২০০-৩০০ গ্রাম বা তারও কম মাংসের লোভে নিষ্ঠুরভাবে হত্যা করে অতিথি পাখিদের। পাখি শিকার এবং পাখি বিক্রির মতো ঘটনা এখনো তাই অহরহ দেখা যাচ্ছে। শীতের পাখি হত্যা ও বিক্রি পুরোপুরি নিষিদ্ধ তা সত্ত্বেও সমাজেরই কিছু মানুষ দেশের বিভিন্ন রাস্তায় অতিথি পাখি বিক্রি করে থাকেন। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং পাখি নিধন বন্ধ করতে সরকার ও জনগণকে একযোগে এগিয়ে আসতে হবে। শীতের পাখিদের আবাসস্থল নিরাপদ করাসহ পাখিদের খাবার যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। লেখক: সাংবাদকি, কলামিস্ট ও পরিবেশকর্মী।