গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নতুন সরকারকে। বিশেষ করে দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করাই এখন বড় চ্যালেঞ্জ। ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলন করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেখানেও দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ চড়া মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনা, রাজস্ব ঘাটতি, নিম্নমুখী রপ্তানি আয়, ব্যাংকিং খাতের সংকট, শেয়ারবাজারের ধস, বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় এবং শিল্প খাতকে চাঙা করতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
অর্থনীতির প্রধান সূচকগুলোর চাপে পড়ার সঙ্গে নতুন সরকারের সামনে যোগ হয়েছে বিনিয়োগ। দীর্ঘদিনের অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বিনিয়োগ প্রবাহেও কোনো সু-খবর নেই। বর্তমানে নতুন ব্যবসা বা প্রকল্প শুরু কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ করছেন না কেউ। গত এক থেকে দেড় বছরে প্রায় প্রতিটি সূচকের অবস্থান দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। সব মিলিয়ে অর্থ সংকটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এখন হুমকির মুখে। দেশি-বিদেশি বিনিয়োগের অবস্থা নাজুক। তাই এসব থেকে দেশকে উত্তরণে চতুর্মুখী চাপে পড়বে নতুন সরকার। স্বৈরাচারি হাসিনা সরকার গত ১৬ বছরে যেসব অনিয়ম-দুর্নীতি করেছে অন্তর্বর্তী সরকারের সময়ে এ নিয়ে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। যদিও তার বাস্তবায়ন হয়নি কিছুই। অর্থনীতি পুনরুদ্ধারে কি করতে হবে সে বিষয়ে করণীয় ঠিক করতে হবে।
একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গন থেকে অনিশ্চয়তা কেটেছে কিছুটা। তবে অর্থনীতিতে পূর্ণ গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে শুধু নির্বাচনই যথেষ্ট নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা অপরিহার্য । \r\nনতুন সরকারের প্রথম এবং প্রধান কাজ হতে হবে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোকে মেরামত করা। দীর্ঘদিনের লুণ্ঠনমূলক অর্থনীতি আর সুশাসনের অভাব বিনিয়োগকারীদের মনে যে গভীর আস্থাহীনতা তৈরি করেছে, তা দূর করাই হবে প্রধান চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের মনে এই বিশ্বাস জন্মানো জরুরি যে, বিনিয়োগ সুরক্ষিত থাকবে এবং আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে তারা ব্যবসা পরিচালনা করতে পারবেন।\r\nএকটি দেশের চালিকাশক্তি হলো অর্থনীতি।
অর্থনীতি না বাঁচলে দেশ বাঁচে না। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, দুর্নীতিমুক্ত সমাজ না হলে মানুষ ভালো থাকতে পারে না। কোনো সরকারই মানুষের এই সামান্য মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি। জনগণ দীর্ঘদিন থেকে আশাহত। এবারে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। নতুন সরকারের ওপর অর্থনৈতিক দৈন্যদশা নানা চাপ সৃষ্টি করবে। বাধ্যবাধকতা না থাকলেও এক ধরনের চাপ তৈরি হবে।
তা পূরণের পর্যাপ্ত রশদ থাকছে না নতুন সরকারের কাছে।\r\nনতুন সরকারকে ঋণের সুদহার কমানো, ডলারের জোগান বাড়িয়ে টাকার মান ধরে রাখা, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, রাজস্ব আয় বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রপ্তানি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, উন্নয়ন ও চলমান সংস্কার এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে দর কষাকষির মাধ্যমে দেশের মানুষের অনুকূলে পদক্ষেপ নেওয়া। যদিও আইএমএফ বিগত অন্তর্বর্তী সরকারের নানাবিধ ব্যর্থতার কারণে নির্বাচনের আগেই দেশের অর্থনীতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। তাদের মতে, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী নতুন সরকারের সামনে কাঠামো ও নীতিগত অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
আইএমএফের ২০২৫ সালের আর্টিকেল-ফোর (সদস্য দেশ পর্যালোচনা) রিপোর্টে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, ঝুঁকির উৎস এবং দুর্বল খাতগুলোর সার্বিক চিত্র তুলে ধরে বলা হয়েছে, সংস্কার ত্বরান্বিত না হলে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হবে। মূল্যস্ফীতি ও বৈদেশিক খাতের চাপ দীর্ঘায়িত হতে পারে। আইএমএফ বলেছে, নতুন সরকারের প্রথম ১২ থেকে ১৮ মাস হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নির্বাচনের দুই দিন আগে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সতর্ক করে বলেছেন, নতুন যে সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে, অর্থনীতি স্থিতিশীল রাখতে তাদের নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।\r\nএদিকে রোজায় সবারই প্রত্যাশা থাকে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে থাকবে। যদিও ইতোমধ্যে সকল পণ্যের দাম বেড়েছে।
এখনো বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আওয়ামীপন্থি। এই সিন্ডিকেটকে অপসারণ করে বাজারকে স্থিতিশীল করাও নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে রমজানে সবার প্রত্যাশা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। ইতোমধ্যে শীত চলে গেছে। গরমের মৌসুম শুরু হচ্ছে। পাশাপাশি বোরো মৌসুম শুরু হয়েছে। এই সময়ে সেচের মাধ্যমে ইরি ধান চাষ করা হয়। যেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাও সরকারের চ্যালেঞ্জ। এছাড়া রয়েছে আদানি-সামিট-এস আলমের সঙ্গে সরকারের হাজার হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিলের দায়। এই তিন কোম্পানিরই ১৪ হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে।\r\nরমজান শেষ হতে না হতেই শুরু হচ্ছে হজ ও কোরবানির ঈদ। নতুন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা। রমজান শেষেই নতুন বাজেট প্রনয়ণে হাত দিতে হচ্ছে সরকারকে।
তাই সরকারকে নানামুখী চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব শুরু করতে হচ্ছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করার ওপরই নতুন সরকারের ওপর মানুষের আস্থা নির্ভর করছে।\r\nঅর্থনৈতিক ক্ষেত্রে নতুন সরকার কেমন নীতি গ্রহণ করে এবং দেশের অর্থনীতিকে তারা কিভাবে এগিয়ে নিতে চায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিকে টেনে নিতে যা দরকার তার কিছুই রেখে যাচ্ছে না বিদায়ী অন্তর্বর্তী সরকার। চলমান অর্থ সঙ্কটের পাশাপাশি আগামী সরকারের কাছে নানা বকেয়া রেখে যাচ্ছে। এর মধ্যে রয়েছে- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুপারিশকৃত দ্বিগুণ বেতনের বোঝা এবং স্বৈরাচার হাসিনার আদানি-সামিট-এস আলম গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অসম চুক্তির ঘানি টানা।
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বেতনের চাপ এবং অন্তর্বর্তী সরকার শেষ সময়ে দেদারছে নিয়োগ প্রদান করছে- তাদের বেতনের চাপ। এছাড়া অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে নতুন ৮৫৬টি উন্নয়ন প্রকল্পের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এসব প্রকল্প চলতি অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলো অনুমোদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সবুজ পাতায় বরাদ্দ ছাড়াই অনুমোদনহীন এসব প্রকল্পকে যুক্ত করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিলে বাস্তবায়নের জন্য ৬৬৮টি, বৈদেশিক ঋণে ১৫৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ৩২টি। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৮৭২ কোটি ৮৯ লাখ টাকা।
এর মধ্যে সরকারি তহবিলে সাত লাখ ৩৬ হাজার ৮২৫ কোটি এবং বৈদেশিক ঋণে প্রায় পাঁচ লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে। নির্বাচিত সরকারের ওপর প্রকল্পগুলো অনুমোদনের চাপ সৃষ্টি করবে। শুধু প্রকল্প ব্যয়ই নয়; অর্থ সংকটে সরকার এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) কর্মরতদের বেতন গত ৪ মাস ধরে বন্ধ রয়েছে। অন্যান্য দাতা সংস্থায় কর্মরতদের বেতনও কয়েক মাস ধরে বন্ধ। \r\nঅর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক হিসাব মতে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছর শেষে সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। অবশ্য এই হিসাব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঋণ ও বাজেট সহায়তার ঋণকে অন্তর্ভুক্ত করে।
সরকারের গ্যারান্টি দেওয়া ঋণ এতে ধরা হয়নি। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেওয়া ঋণও এই হিসাবে অন্তর্ভুক্ত নয়। একই সঙ্গে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের শত শত প্রকল্পের বকেয়া হাজার হাজার কোটি টাকার বিল না পাওয়ায় ঠিকাদাররা চলমান হাজার হাজার কোটি টাকার কাজ খোড়া-খুড়ি করে রেখে দিয়েছে। শুধু স্থানীয় সরকারই নয়, সড়ক ও জনপথ, স্বাস্থ্যসহ সকল কাজেরও বড় বড় বিল বকেয়া রয়েছে। বকেয়া না পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বেড়েছে নাগরিক ভোগান্তি। পাশাপাশি নতুন সরকারকে দায়িত্ব নিয়েই এগুলোর সামাধান করতে হবে। ফলে চতুর্মুখী চাপে পড়তে যাচ্ছে নতুন নির্বাচিত সরকার।\r\nনতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতির ক্ষেত্রে সুখকর কোনো পরিস্থিতি পাচ্ছে না।
নতুন সরকারের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। বর্তমানে টানা ৬ মাস ধরে রপ্তানি আয় নিম্নমুখী। এসব পরিস্থিতি মোকাবিলা করে এ খাতকে চাঙা করাটাও নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ। এজন্য কূটনৈতিক তৎপরতার পাশাপাশি শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের জোগান বাড়াতে হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাটাও জরুরি। অপরদিকে নতুন কর্মসংস্থানও একটি বড় চ্যালেঞ্জ। এটি বাড়াতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। এটি নতুন সরকারকে করতে হবে। এজন্য দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিল্পে গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা, ঋণের সুদের হার কমানো, ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ জরুরি। পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে আস্থার সঞ্চার করতে হবে, যাতে তারা বিনিয়োগে উৎসাহিত হন।\r\nনতুন সরকারের জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ হবে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিগত সরকারের সময়ে লুটপাটের অর্থ এখন খেলাপি হচ্ছে। খেলাপি ৬ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাড়তি খেলাপির কারণে ব্যাংক খাতের সব সূচক নিম্নমুখী। খেলাপির চাপ কমানো হবে বড় চ্যালেঞ্জ। ঋণ বিতরণে শৃঙ্খলা না রাখলে ব্যাংক খাত আবারও সংকটে পড়বে। একই সঙ্গে একীভূতকরণের নামে ব্যাংকখাতকে সংকটে ফেলা হয়েছে। প্রায় ১ ডজন ব্যাংকে বাইরে থেকে পরিচালক ও চেয়ারম্যান বসিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এ থেকে উত্তরণ ও বড় ধরনের চ্যালেঞ্জ সরকারের জন্য। সব মিলিয়ে নতুন সরকারকে আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।\r\nলেখক : সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-ন্যাশনাল এফ এফ ফাইন্ডেশন
