প্রবাসী বাংলাদেশিরা স্বচ্ছ ও সুন্দরভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এটি ছিল নিঃসন্দেহে স্বস্তি ও আনন্দের সংবাদ। কিন্তু বিদেশে পোস্টাল ব্যালেট পাঠানোর শুরতেই যে বিতর্ক জন্ম নিয়েছে, প্রশ্নের উদ্ভব হয়েছে সেটি অনাকাক্সিক্ষত। নির্বাচন কমিশন সতর্ক থাকলে এবং ভোটাররাও সচেতন হলে এটা নিশ্চয়ই এড়ানো যেত। \r\nবাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেক খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে মঙ্গলবার। এ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব। তিনি বলেছেন, সেখানে ১৬০টি ব্যালট ছিল। কোনো খাম খোলা হয়েছে, এ রকম কিছু ভিডিওতে দেখা যায়নি।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কি না, তা তদন্ত করে জানাবে বাহরাইনের ডাক বিভাগ (বাহরাইন পোস্ট)। ইসি সচিবের ভাষায়, পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখতে কেউ এটা ভিডিও করে পোস্ট করেছেন। তবে এটা করা উচিত হয়নি।\r\nএ ভাষ্য সত্ত্বেও বিষয়টির অন্যদিক রয়েছে। যেটির গুরুত্বও অনেক বেশি। বিএনপি অভিযোগ করেছে, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক এমনভাবে রাখা হয়েছে যাতে প্রতীকের মাঝখানে ভাঁজ পড়ে গেছে। এটা ইচ্ছাকৃত কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তিনি যতটুকু জানেন, তা হলো প্রতীকের যে গেজেট প্রকাশ করা হয়েছিল, তার ধারাবাহিকতায় পোস্টাল ব্যালটে প্রতীকের ক্রম সাজানো হয়েছে।

এই যুক্তির বিপরীতে লক্ষ্য করতে হবে অতীতের ব্যালট পেপারে একই নিয়ম অনুসরণ করা হয়েছিল কিনা। যদি তা না হয়ে থাকে তবে বর্তমান প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতেই পারে। দেশবাসী জানে দেশের প্রধান রাজনৈতিক দল কোনোগুলো। নির্বাচনে কাদের ভেতর প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই সব দলের প্রতীক ব্যালট পেপারে ওপরের দিকে থাকাই তো বাঞ্ছনীয়। এর ব্যতিক্রম হলে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। \r\nগত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রাথমিক পদ্ধতি তুলে ধরেছিলেন ইসি সচিব। তখন জানা যায়, নিবন্ধিতরাই পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। কোনো প্রবাসী নিবন্ধন করে দেশে এসে ভোট দেওয়ার সুযোগ নেই। নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে অ্যাপ তৈরি হচ্ছে। নিবন্ধিত প্রবাসীর কাছে কীভাবে খাম ও নির্দেশনা যাবে এ প্রসঙ্গে জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না। শুধু থাকবে প্রতীক এবং প্রতীকের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন।\r\nআমরা বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন যে কোনো ধরনের ভুল শুধরে নেবে, বিভ্রান্তি কাটাতে আন্তরিক হবে। ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ দলের প্রতীক ব্যালট পেপারে নিয়মবহির্ভূতভাবে অগ্রহণযোগ্য অবস্থানে রাখা হবে না, এটাই কাম্য। বাহরাইনে পোস্টাল ব্যালেটের ভিডিও ভাইরাল হওয়ায় যেসব জিজ্ঞাসার উদ্ভব হয়েছে সেসবের সদুত্তর ইসিকেই দিতে হবে। এবং সেটি ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে, এমনটাই প্রত্যাশা।