বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথে এক নাম বারবার উচ্চারিত হয়, বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন নেতা নন; সংগ্রামী এক মা, দৃঢ় মনোবলের নারী, ইতিহাসের নির্মাতা এবং কোটি মানুষের ভালোবাসা-আস্থার প্রতীক। সময়, পরিস্থিতি ও কঠিন বাস্তবতার সাথে লড়াই করে আজও তিনি মানুষের হৃদয়ে অমলিন।

১৯৪৫ সালে দিনাজপুরের পীরগঞ্জে জন্ম নেওয়া খালেদা জিয়া একটি সুশিক্ষিত ও মূল্যবোধসমৃদ্ধ পরিবারে বেড়ে উঠেন। ১৯৬০ সালে তিনি বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং শুরু হয় সংসার জীবন। তখন কেউ ভাবতেই পারেনি, শান্ত স্বভাবের এই তরুণী একদিন দেশের নেতৃত্ব গ্রহণ করবে।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক শাহাদাতের পর তাঁর জীবনের গতি বাতাসের দিক বদলের মতো পাল্টে যায়। পরিবারের করুণ শোক, দু’সন্তানের দায়িত্ব এর মাঝেই বিএনপির নেতাকর্মীরা তাঁকে নেতৃত্ব গ্রহণে আহ্বান জানান। শুরু হয় দেশের গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ছিলেন পথের আলো, নারী নেতৃত্বের এক যুগান্তকারী প্রতীক। ১৯৯০ সালের গণআন্দোলনের উত্তাল স্রোতে মানুষ দেখেছিল তাঁর সাহস, জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ়তা। সামরিক শাসনের অবসান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয়।

১৯৯১ সালে তিনি ইতিহাসের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বারবার কারাবরণ এবং শারীরিক জটিলতার কারণে আজ তিনি গুরুতর অসুস্থ। হাসপাতালের সাদা বিছানায় নিঃসঙ্গ লড়াই করছেন জীবন মৃত্যুর সীমান্তে। অতীতের উচ্ছ্বাসে ভরা জনসভা, মিছিলে দাবানলের মতো জেগে উঠা মানবসমুদ্র, আজ স্মৃতি হয়ে ফিরে আসে।

মানুষ রাজনীতিতে বিভক্ত হতে পারে, কিন্তু অসুস্থতার সামনে সবাই একই মানবতার জায়গায় দাঁড়ায়। আজ রাজনীতির দলমত ভুলে সবাই একক কণ্ঠে বলছে, "বেগম জিয়া সুস্থ হোন, ফিরে আসুন।"

আজ দেশের মানুষ, কর্মী-সমর্থক, সাধারণ জনগণ, সবাই চোখে অপেক্ষা আর হৃদয়ে প্রার্থনা করে, আল্লাহ তাঁকে আরোগ্য ও দীর্ঘ জীবন দান করুন। গণতন্ত্রের সংগ্রামী এই নেত্রীকে আবার সুস্থ দেখতে চায় বাংলাদেশ।

বেগম খালেদা জিয়ার জীবন শুধু রাজনীতির ইতিহাস নয়। এটি সংগ্রাম, সাহস, ত্যাগ ও দায়িত্ববোধের গল্প। গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী। যাত্রাপথটি এক অনন্য উদাহরণ।

আজ তিনি শয্যাশায়ী কিন্তু দেশের কোটি মানুষের ভালোবাসার ভিতরে আজও অটল দাঁড়িয়ে আছেন।

আমরা সবাই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করি। মানবতার দৃষ্টিকোণ থেকে এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের শ্রদ্ধা।

লেখক: শরিফুল রোমান