সাম্প্রতিককালে ‘ইতিহাস’ শব্দটি আমাকে মনোযোগ টেনেছে। আমার পড়াশোনায় এই বিষয়টি কেন এসেছে, তার কারণ আমি খুঁজে বেড়াচ্ছি এবং আগের চেয়ে অনেক গভীরভাবে ভাবছি। এখন ইতিহাস আমার কাছে বিশেষভাবে অর্থবহ হয়ে উঠেছে। কারণ ইতোমধ্যে আমি রাজনৈতিক কাঠামোর পরিবর্তন এবং সামাজিক কর্মকাণ্ডের তৎপরতা নিয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছি। ইতিহাসের প্রতি নেপালি দৃষ্টিভঙ্গির অনন্য দিক রয়েছে। ইতিহাসবিদ ঋষিকেশ শাহের বইয়ের শিরোনাম অনুযায়ী, ‘নেপালের নায়ক ও নির্মাতা’দের প্রতিচ্ছবি নির্মাণ করা এবং ভেঙে ফেলার দিক থেকেও আমাদের অনন্য পদ্ধতি রয়েছে।

আমি কিছুটা অবাক হয়েছিলাম যখন নেপালের কিছু রাজনীতিবিদ, সমাজকর্মী এবং সাধারণ নাগরিকরা প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে বিদায় জানাতে কয়েকটি সম্মানজনক কথা বলতেও কৃপণতা করেছিলেন, অথচ তিনি অত্যন্ত সফলভাবে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিয়েছেন। এই কৃপণতার কারণগুলো সুস্পষ্ট। প্রথমত, তিনি একজন নারী। দ্বিতীয়ত, তিনি দলীয় সংস্কৃতির কোনো ছাঁচে পড়েন না; যা তাঁর দুর্বলতা নয়, বরং শক্তি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতিহাস যেভাবে মোড় নিয়েছে, তাঁর প্রতি আমরা সঠিকভাবে সাড়া দিইনি।

আমরা ইতিহাসের এমন এক পর্যায়ে প্রবেশ করতে চলেছি, যা নতুন ধরনের প্রতিবন্ধকতার জন্ম দিয়েছে। পাশ্চাত্য দার্শনিক মার্টিন হাইডেগারের কথা স্মরণ করতে চাই, যার কথা আমার প্রায় সময়ই মনে পড়ে। ইতিহাসের এ ধরনের প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি বলেছেন, যখন কেউ সবকিছু অকৃত্রিমভাবে ঐতিহাসিক বলে মেনে নেয়, তখন তা এমন এক ‘অতীত’-এর উত্তরাধিকারের ভারে জর্জরিত হয়, যা অচেনা হয়ে পড়েছে। প্রচলিত ভাষায় বলতে গেলে, নেপালে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ধারা ও মুহূর্ত অচেনা হয়ে পড়েছে। ঘটনা ব্যাখ্যা এবং কর্মপরিকল্পনা গ্রহণের পদ্ধতিতেই তা সুস্পষ্ট।

যখন আমরা ঘটনাগুলো ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখতে ব্যর্থ হই, তখন সংকীর্ণ মতাদর্শ এবং দূরদৃষ্টিহীন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অগণতান্ত্রিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়াই ছিল পূর্ববর্তী শাসনব্যবস্থার পতনের কারণ। এগুলো রাজনৈতিক দলগুলোকে যে গুরুতর প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল, তার মূল কারণ। জেনজির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি দ্বিমুখী। একটি আন্তরিক ও যথাযথ গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং ঐতিহাসিকভাবে অসামঞ্জস্যপূর্ণ প্রথাগুলোর অবসান ঘটানো।

আমি তরুণ সমাজ এবং নেপালের ইতিহাসে তাদের বিভিন্নভাবে ব্যবহার ও অপব্যবহারের নানা পর্যায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই। এ বিষয়টি দীর্ঘ প্রাতিষ্ঠানিক গবেষণার একটি ক্ষেত্র এবং এ বিষয়ে কিছু উল্লেখযোগ্য কাজও হয়েছে। আমি কেবল এ ব্যবস্থার কয়েকটি পদ্ধতির ওপর আলোকপাত করতে চাই। যুব নেতৃত্বাধীন আন্দোলনগুলো এই ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জ করেছে, কিন্তু ইংরেজ কবি টিএস এলিয়টের ভাষায়, ‘ইতিহাসের মনগড়া পথ’ আজও আমাদের কার্যকলাপ এবং ইতিহাস সৃষ্টিকারী ঘটনাগুলোকে আমরা কীভাবে মোকাবিলা করি, তার ওপর প্রভাব ফেলে চলেছে।

বর্তমানে নেপালের তরুণদের সমস্যাগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। স্বৈরাচারী রানা শাসনের লক্ষ্যবস্তু ছিল তরুণরা। যখনই তারা নেপালে তরুণদের জন্য কিছু আধুনিক পরিবর্তন আনার পরিকল্পনা করত বা উদ্যোগ নিত, তখনই তারা এই পদক্ষেপ নিত। তারা দেশে রাজনৈতিকভাবে সচেতন তরুণ দেখতে চাইত না। কিন্তু রানা শাসকরা জানতেন, তরুণরা এক অপ্রতিরোধ্য শক্তি। তারা তরুণদের এবং স্বাধীনতার পক্ষে থাকা মানুষদের সঙ্গে অলিখিত চুক্তি করেছিলেন। প্রভাবশালী প্রধানমন্ত্রী চন্দ্র শামসের রানা অনিচ্ছাসত্ত্বেও ১৯১৮ সালে ত্রি-চন্দ্র কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কথিত আছে, শামসের তাঁর ভাই, পরিবারের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট অভিজাতদের বলেছিলেন, এরই মধ্য দিয়ে তিনি রানা শাসনের কবরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

ছাত্র-তরুণরা বিভক্ত হয়ে পড়েছিল। রাজনৈতিক দলগুলোর ঘনিষ্ঠরা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী হিসেবে কাজ করত। ভারত থেকে পরিচালিত দুর্বল সাংগঠনিক দলগুলো ছাত্র সংগঠনগুলোর মধ্যেই সবচেয়ে প্রয়োজনীয় সাংগঠনিক উপকরণ খুঁজে পেয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে ব্যানার, স্লোগান, জনসমাগম এবং প্রকাশ্য রাজনৈতিক স্লোগানসহ ছোট বা বড় বিরোধী সমাবেশ বের করার মতো দৃঢ়সংকল্প ও সাহস ছিল। রাজনৈতিক দলগুলো এই সংগঠনগুলোকে দলের ক্ষুদ্র ইউনিট হিসেবেই দেখত।

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দলগুলো ছাত্র সংগঠনগুলোকে দলীয় ইউনিট হিসেবে ব্যবহার করেছে। ছাত্র সংগঠনগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির জন্য তারা দলীয় নেতাদের দায়িত্ব দেয়। এই পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে আমি এমন মতামত তুলে ধরেছিলাম: ‘রাজনৈতিক দল ও তাদের ক্যাডারদের সুবিধার জন্য একাডেমিক কার্যক্রমের অপব্যবহার বন্ধ করুন। যোগ্য ব্যক্তিদের স্বাধীনভাবে কাজ করতে দিন।’

‘আপনাদের কার্যকলাপ স্বচ্ছ করুন এবং যোগ্য ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদদের প্রতি ন্যায্য আচরণ করুন।’ এটি ছিল সংসদ পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের আদেশের ঠিক পরের ঘটনা। কিন্তু সরকারের উচিত জোরজবরদস্তির মাধ্যমে নয়, বরং ঐকমত্যের ভিত্তিতে ছাত্রদের রাজনৈতিক সংশ্লিষ্টতার দিকে অগ্রসর হওয়া।

অভি সুবেদী: কবি, নাট্যকার ও কলাম লেখক; দ্য কাঠমান্ডু পোস্ট থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম