গত ২৭ এপ্রিল যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাসী খাল পুনর্খননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা ১৯৭১ সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ ৫০ বছরে তারা কোথায় চলে গিয়েছে! তারা যদি পারে, আমরা কেন পারব না? ইনশাআল্লাহ, আমরাও পারব। এই দেশের মানুষ পারবে।’

দেশের মানুষের শক্তির ওপর তারেক রহমানের এই আস্থা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। ঠিকই; বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে গত দুই দশকে রাজনীতিবিদরা বারবার সিঙ্গাপুরের উদাহরণ দিয়েছেন। লি কুয়ান ইউয়ের নেতৃত্বে একটি দরিদ্র, সম্পদহীন জনপদ থেকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার গল্প আমরা বহুবার শুনেছি। কিন্তু লি কুয়ান ইউ কীভাবে এই কঠিন কাজ সম্পন্ন করেছিলেন, সেই পথরেখা নিয়ে বিস্তারিত আলোচনা কমই হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর গত দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে প্রশংসিত। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তাও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে তাঁর রাজনৈতিক অবস্থানও শক্তিশালী। এ অবস্থায় তিনি যখন সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের উন্নয়নের কথা বলেন, সেটা বিশেষ গুরুত্ব বহন করে বৈ কি!

এই আত্মবিশ্বাসকে বাস্তবে রূপ দিতে হলে সিঙ্গাপুরের সাফল্যের গভীরে তাকাতে হবে। সিঙ্গাপুর গড়ার কারিগর লি কুয়ান একা নন; একটা ‘ফাউন্ডিং টিম’ কাজ করেছে। এ অনেকটা যুক্তরাষ্ট্র গঠনের কারিগর ‘ফাউন্ডিং ফাদার্স’ ধরনের। আমেরিকায় টিম সদস্য ওয়াশিংটন, জেফারসন, ম্যাডিসন সব বিষয়ে একমত ছিলেন না। তর্ক-বিতর্কের মাধ্যমেই একটি কাঠামো দাঁড় করিয়েছেন। সিঙ্গাপুরে একই বাস্তবতা ছিল। লি কুয়ানের সঙ্গে ছিলেন গোহ কেং সুই, এস. রাজরত্নম, তোহ চিন চায়ে এবং লিম কিম সান। তারা লি কুয়ানের সহযোদ্ধা ছিলেন; অধীনস্থ ‘ইয়েস ম্যান’ ছিলেন না। তারা ছিলেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম নীতিনির্ধারক।

যেমন গোহ কেং সুই অর্থনীতি ও প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছেন। রাজরত্নম আন্তর্জাতিক পরিসরে সিঙ্গাপুরের পরিচয় প্রতিষ্ঠা করেছেন এবং নতুন জাতীয় ধারণা নির্মাণে কাজ করেছেন। তোহ চিন চায়ে রাজনৈতিক সংগঠনকে সুসংগঠিত করেছেন। আর লিম কিম সান আবাসন বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন।

স্বাধীনতার পর সিঙ্গাপুরে বস্তি জীবন, সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা ছিল বড় সমস্যা। লিম কিম সান যে আবাসন প্রকল্প তৈরি করেছিলেন, সেটা ছিল সামাজিক শৃঙ্খলা তৈরি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নাগরিক আস্থা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র গঠনের কৌশল। অন্যদিকে সিঙ্গাপুরে বসবাসকারী চীনা, মালয়, ভারতীয়সহ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে অভিন্ন ‘সিঙ্গাপুরিয়ান’ পরিচয়ের মধ্যে আনার কঠিন কাজে নেতৃত্ব দিয়েছিলেন রাজরত্নম। অর্থাৎ সিঙ্গাপুরে রাষ্ট্র শুধু অবকাঠামো গড়ে তোলেনি; মানুষের আচরণ, পরিচয় এবং পারস্পরিক সম্পর্ককেও গড়ে তুলেছে।

এখানেই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে। বাংলাদেশে আমরা প্রায়ই রাজনৈতিক নেতৃত্ব দেখতে গিয়ে ব্যক্তিকে দেখি; টিম আলোচনার বাইরে থেকে যায়। অথচ দেশ চালানো এক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনা একটি জটিল প্রক্রিয়া, যেখানে প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি একযোগে কাজ করে এবং প্রতিটি ক্ষেত্রেই যোগ্য মানুষ দরকার। বিষয়টি আমাদের জানা থাকলেও বাস্তবে প্রয়োগ কম। ফলে দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ‘ইয়েস স্যার’ সংস্কৃতি গড়ে উঠেছে। যেখানে প্রশ্ন করাকে নিরুৎসাহিত করা হয়; ভুল ধরা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় এবং দক্ষতার চেয়ে আনুগত্য বেশি মূল্য পায়। এ ধরনের টিম রাষ্ট্র গড়তে সহায়ক নয়; বরং রাষ্ট্রকে ধীরে ধীরে দুর্বল করে।

লি কুয়ান ইউ রাষ্ট্র গঠনে আপস করেননি। তিনি দল ও দলের বাইরে থেকে কাজের লোক খুঁজে নিয়েছেন। তিনি জানতেন, আনুগত্য দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে দক্ষতা, সততা ও জবাবদিহির ওপর। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই এমনটা না ঘটায় স্বাধীনভাবে কর্মক্ষম টিম গড়ে ওঠেনি।

এই বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। আমরা খুব সহজেই বলে ফেলি– ‘আমাদের মানুষই খারাপ’। এই সহজ ব্যাখ্যা জটিল সমস্যাকে আড়াল করে। প্রশ্ন হলো, জনগণের এই আচরণ কি হঠাৎ তৈরি হয়েছে? নাকি দীর্ঘদিনের দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অস্পষ্ট রাষ্ট্রীয় নীতি এবং অস্থির প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে উঠেছে?

যদি আমরা সমস্যাকে কেবল মানুষের ওপর চাপিয়ে দিই, তাহলে সমাধানের পথ কখনোই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি বুঝি– আচরণ গড়ে তোলা যায়, তাহলে পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়। সে কারণেই সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও ব্যবহৃত।

অন্যদিকে সিঙ্গাপুর শুধু নিয়মনীতি ঠিক করেনি; নাগরিক আচরণকেও কাঠামোর মধ্যে এনেছে। মানুষ রাষ্ট্রের মধ্যে কীভাবে চলবে; নিয়ম ভাঙলে কী হবে; প্রশাসন কীভাবে কাজ করবে– সবকিছু শুরু থেকেই স্পষ্ট করা হয়েছিল।

বাংলাদেশ যদি সিঙ্গাপুর থেকে শিক্ষা নিতে চায়, তাহলে অন্তত তিনটি জায়গায় দ্রুত মনোযোগ দিতে হবে– মেধাভিত্তিক টিম গঠন, প্রশাসনে জবাবদিহি এবং নাগরিক আচরণ গঠনে দীর্ঘমেয়াদি নীতি।

প্রশ্নটি তাই এখন সরাসরি– আমরা কি একজন নেতাতেই তুষ্ট থাকব? নাকি একটি যোগ্য টিম গড়ে তুলব? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে– নেতা আন্দোলন শুরু করতে পারেন ঠিকই; টিম নেতার পাশে দাঁড়িয়ে আন্দোলনকে টেকসই রাষ্ট্রে রূপ দিতে পারে। সিঙ্গাপুর সেই উত্তর দিয়েছে। এখন সিদ্ধান্ত বাংলাদেশের।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন