দেশে প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে অনিয়ম ও দুর্নীতি সর্বজনবিদিত। সরকারি কোনো প্রকল্পের প্রস্তাব তৈরি থেকে সেটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হওয়া পর্যন্ত বহু জায়গায় ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়। এর মধ্যে কিছু ইচ্ছাকৃত, অন্যটি কাঠামোগত ত্রুটি। প্রকল্পের কাজের দরপত্রেও দেখা যায় বড় অনিয়ম। সম্প্রতি ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নদীর তীররক্ষার কাজে। ৬৮০ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে প্রকল্পটিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু, ব্লক তৈরিতে বালুর অনুপাতে কম সিমেন্ট ও কম ওজনের জিও ব্যাগ। এসব অনিয়মের কারণে ইতোমধ্যে প্রকল্প থেকে একজন এসওকে প্রত্যাহার করা হয়েছে। বাতিল করা হয়েছে ব্লক তৈরির কাজে ব্যবহৃত বালু, জিও ব্যাগ ও ব্লক।
ব্যাগে মানসম্মত বালু না থাকা, বাতিল করা বালু এখনো ফিল্ড থেকে না সরানো এবং প্রকল্পের আওতাভুক্ত ঝুঁকিপূর্ণ জায়গায় জিও ব্যাগ না ফেলাসহ নানা অনিয়মে পুরো কাজের বাস্তবায়ন প্রক্রিয়া পড়েছে প্রশ্নের মুখে। \r\nউল্লেখ্য, সুগন্ধা নদীর ভাঙন হতে ঝালকাঠি জেলার সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা রক্ষার উদ্দেশ্যে গৃহীত প্রকল্পটির আয়তন ১৩ দশমিক ২১৫ কিলোমিটার। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে, শেষ হবে ২০২৭ সালের জুনে। সদর উপজেলায় ১৮টি এবং নলছিটিতে ১৬টিসহ মোট ৩৪টি প্যাকেজে এই কাজ হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র ১৭টির। বাকি প্যাকেজগুলোর এখনো কাজ শুরুই হয়নি। শুধু নদীরক্ষা প্রকল্পেই নয়, সরকারের অন্যান্য খাতেও এখনো প্রতিনিয়ত অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটছে।
এখন থেকে প্রতিটি প্রকল্পের সব ক টি ধাপের নথি অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে। এরপরও দুর্নীতির খবরে বলা যায় সরিষার মধ্যে ভূত রয়েছে।\r\nবিগত সরকারের সময় দৃশ্যমান অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যার কিছু শেষ হয়েছে। অধিকাংশই রয়েছে নির্মাণাধীন। বিশেষ করে সড়কপথের উন্নয়ন করতে গিয়ে দেশজুড়ে বিভিন্ন প্রকল্প বর্তমানে প্রায় স্থবির বা ধীরগতিতে চলছে। ফলে জনভোগান্তি পৌঁছেছে চূড়ান্ত অবস্থায়। স্বাধীনতার পর যুগ যুগ ধরে এমনটিই চলছে বাংলাদেশে, যেগুলো দেখার কেউ নেই। জুলাই-আগস্ট বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রকল্প ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা চিরতরে বন্ধে কঠোর জবাবদিহিমূলক আইনি কাঠামো দাঁড় করাতে হবে। আগামী দিনে যেন জাতীয় স্বার্থবিরোধী কোনো প্রকল্প কেউ প্রণয়ন করতে না পারে। প্রথাগত পদ্ধতির প্রকল্পগুলোয় অপচয় রোধে প্রয়োজন যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ, যা দুর্নীতি রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটি ধারাবাহিকতা তৈরি করবে। যে প্রক্রিয়া জাতির বৃহত্তর স্বার্থে ধরে রাখার পাশাপাশি আরও উন্নয়ন ঘটাবে পরবর্তী নির্বাচিত সরকার। ভুলে গেলে চলবে না, দেশটা আমাদের সবার। অংশীজনদের সম্মিলিত প্রয়াসই পারে নতুন বাংলাদেশ গড়তে।
