বজ্রপাতে ১৫ বছরে দুই হাজার মানুষের মৃত্যুর পরিসংখ্যান বলছে, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এটি কতটা ভয়ংকর। আমাদের ঘরবাড়িতে যেখানে আমরা ২২০ ভোল্ট বিদ্যুৎ ব্যবহার করি, সেখানে বজ্রপাতে প্রায় ৩০ কোটি ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয়। সে জন্যই দেখা যায়, বজ্রপাতে একসঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়। মাটিতে বজ্রপাত হলে সেখানকার দীর্ঘ এলাকাজুড়ে বিদ্যুতায়িত হয় এবং তার স্পর্শে যারাই আসে, তাদের পুড়িয়ে ফেলে। বার্ষিক প্রাণহানির সংখ্যার বিচারে বজ্রপাতপ্রবণ দেশের তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে বাংলাদেশ।

বজ্রপাতে মৃত্যু থামাতে সরকারি নানা উদ্যোগ আছে। একে দুর্যোগ হিসেবেও ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকার এ লক্ষ্যে যেসব প্রকল্প নিয়েছে, সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। আমাদের পরিবেশবিরোধী কর্মকাণ্ডের কারণেও বজ্রপাত বাড়ছে। বড় গাছ কাটা বন্ধ না হওয়া এবং প্রয়োজনীয় সচেতনতা তৈরির চেষ্টা না থাকায় মৃত্যু রোধ করা যাচ্ছে না। বজ্রসহ ঝড়বৃষ্টির পেছনে নদী শুকিয়ে যাওয়া, বায়ুদূষণ, জলাভূমি ভরাট হওয়া আর গাছ ধ্বংস হওয়ার প্রভাবও অনস্বীকার্য। গবেষণা বলছে, যারা বজ্রপাতের আগাম বার্তা পান, তাদের মধ্যে উল্লেখযোগ্য মানুষই তা অগ্রাহ্য করেন। দেশে বজ্রপাতে মৃত্যুর দিক থেকে হাওরাঞ্চল এগিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবছর হাওরাঞ্চলের ৫২ দশমিক ৪ শতাংশ মানুষ বজ্রাঘাতে হতাহত হন। ১৭ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে মাঠের ফসল নষ্ট হয় বা গবাদি পশু মারা যায়।

২০১৬ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা দেওয়ার পর উল্লেখযোগ্য প্রকল্প গ্রহণ করলেও তার সুফল আসেনি। বজ্রপাত প্রতিরোধে তালগাছ গুরুত্বপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৭ সালে সারাদেশে ৪০ লাখ তালগাছের চারা লাগানোর উদ্যোগ নিলেও তা পরিকল্পিতভাবে শুরু করা যায়নি। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩০০ কোটি টাকা ব্যয়ে হাওরাঞ্চলের বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় বজ্রনিরোধক দণ্ডসহ বজ্রনিরোধক কংক্রিটের ছাউনি নির্মাণ করে কোনো প্রকার সমীক্ষা বা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই। এমনকি ২০১৭ সালে বজ্রপাতের পূর্বাভাসে ৬৮ কোটি টাকা ব্যয়ে দেশের আট স্থানে স্থাপন করা হয় লাইটনিং ডিটেকটিভ সেন্সর- এলডিএস, যার মাধ্যমে ১৫ মিনিট আগেই সংশ্লিষ্ট এলাকার মানুষকে বজ্রপাতের তথ্য জানার কথা থাকলেও বাস্তবে তা কাজ করেনি। এরপর ২০২৩ সালে সরকার ‘হাই ইমপ্যাক্ট ওয়েদার অ্যাসেসমেন্ট’ একটি প্রযুক্তি চালু করার সময়ই এর কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছিলেন। ২০২৪ সালে নতুন প্রকল্পের কথা শোনা গেলেও তার ফল আমরা জানি না। বাস্তবতা হলো, দুর্যোগে মানুষের মৃত্যু কমছে না। আমরা মনে করি, সচেতনতায় জোর দিতে হবে।

বজ্রপাত থেকে সুরক্ষায় সচেতনতাই সবচেয়ে কার্যকর অস্ত্র। আকাশে যখন কালো মেঘ জমে; মাঠে বা বাড়ির বাইরে থাকা মানুষের তখনই বাড়িতে বা নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। এপ্রিল থেকে মে মাসের মধ্যে বজ্রপাত বেশি হয়। এ সময়ে কেউ কৃষিকাজের জন্য বাড়ির বাইরে গেলে জুতা পরে যাওয়া উচিত। জুতা না থাকলে ভূপৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় তা শরীরে সরাসরি প্রভাব ফেলতে পারে। সে জন্য এ সময় জুতা ছাড়া যাওয়া যাবে না। বজ্রপাতের সময় উঁচু স্থান ও উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। খোলা জায়গা বা মাঠে থাকলে মাটির সঙ্গে যেন স্পর্শ কম হয়, এমনভাবে দুই হাত দিয়ে কান চেপে ধরে রাখতে হবে। এ সময় পানিতে থাকলে দ্রুত উঠে যেতে হবে। বজ্রপাতে মৃত্যুর মিছিল থামাতে এই সচেতনতার কাজই আগে করা জরুরি। তা ছাড়া প্রকৃতিবিনাশী সব কর্মকাণ্ড থামাতে হবে। আমাদের পরিবেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিশোধ শেষ বিচারে যে কতভাবে হতে পারে, বজ্রপাতে মৃত্যু তার অন্যতম উদাহরণ।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com