বর্তমান সময়ে  বইয়ের প্রতি তরুণদের  অনীহা পুরো দেশ ও জাতির জন্য একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা একটা সময় যেই তরুণ  প্রজন্ম বই পড়া নিয়ে ব্যস্ত থাকত, বই পড়ে অধিকাংশ সময় কাটাত, সেই প্রজন্মই ধীরে ধীরে বই থেকে নিজেদের সরিয়ে জড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার অদৃশ্য জগতে আমরা সবাই অবগত যে বই হলো সেই ভাণ্ডার যেটা পড়ার মাধ্যমে আমরা নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করতে পারি। শুধু তাই নয়, বই আমাদের চিন্তাজগত এবং দৃষ্টিভঙ্গিকে ব্যাপকভাবে প্রসারিত করে। সেইসঙ্গে মন ও মননকে করে পরিশীলিত। কিন্তু বর্তমান সময়ে বইয়ের প্রতি তরুণসমাজ বিমুখ থাকায় চিন্তাজগতে দেখা দিয়েছে  জ্ঞানের শূন্যতা। এখন সবচেয়ে উদ্বেগের বিষয়  হলো আজকের এই বইহীন তরুণ প্রজন্ম কোন দিকে ধাবিত হচ্ছে?

আর যেখানে তরুণ প্রজন্মকে বলা হয় জাতির কর্ণধার, সেখানে এই বইহীন তরুণ প্রজন্ম কি আদৌ জাতিকে ভালো কিছু দিতে সক্ষম হবে?\r\nবইয়ের প্রতি তরুণদের বিমুখতার নেপথ্যে যে কারণগুলো মুখ্য ভূমিকা পালন করছে তার মধ্যে অন্যতম হলো মোবাইল ফোনে আসক্তি। এক সময় বই যেখানে মানুষের সর্বোত্তম বন্ধু  ছিল,  এখন তরুণদের হাতে থাকা মোবাইল ফোন সেই জায়গা দখল করে নিয়েছে। তরুণ প্রজন্মের ভাবনা এমন হয়ে দাঁড়িয়েছে যে শুধু হাতে একটা মোবাইল ফোন থাকলেই হবে, অন্য কিছুর কোনো প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত স্ক্রলিং,  ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখা এবং  চ্যাটিং করতে করতেই যেখানে তরুণ প্রজন্মের  মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে  বই পড়ে দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করা তাদের কাছে  নিছক বিলাসিতা ছাড়া কিছু না।

দ্বিতীয়ত, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা তরুণদের বই বিমুখতার আরেকটি অন্যতম প্রধান কারণ। পরীক্ষার আগের রাতে পড়ে শুধু পাস করা বা ভালো মার্কস  পাওয়ার জন্য পড়তে হবে এইটাই এখন তরুণ মনে বদ্ধমূল ধারণা হয়ে দাঁয়িয়েছে। তাদের কাছে সিলেবাসকেন্দ্রিক পড়াশোনাই একমাত্র পড়াশোনা। তাই এই নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে নারাজ তারা। অথচ যেখানে বই পড়া হওয়া উচিত ছিল মুক্তধারায়, সেখানে একাডেমিক চাপ এবং সিলেবাসের এই সীমাবদ্ধতা তরুণ মনকে আরও অনেক বেশি বইবিমুখ করে তুলছে। তাছাড়া  শিক্ষার্থীদের তুলনায় লাইব্রেরির সংখ্যা  অপ্রতুল হওয়া এবং পাঠচক্রের অভাবও তরুণদের বইয়ের প্রতি অনীহা সৃষ্টির পেছনে  উল্লেখযোগ্য কারণ হিসেবে ভূমিকা পালন করছে।

সেইসঙ্গে পরিবারের সদস্যদের উদাসীনতা তরুণদের মধ্যে বই বিমুখ মনোভাব  তৈরির পেছনে অনেকাংশেই দায়ী। কেননা যেখানে ছোটবেলা থেকেই একটা শিশুর হাতে বই তুলে দিয়ে বই পড়ার অভ্যাস গড়ে দেওয়া উচিত, সেখানে তারা বইয়ের পরিবর্তে শিশুকে সাময়িকভাবে আনন্দ দেওয়ার জন্য  হাতে তুলে দেয় স্মাট ফোন। ফলে তারা সেই মানসিকতা নিয়েই বেড়ে উঠতে থাকে এবং বইয়ের পরিবর্তে স্মাটফোন নিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। যেটা পরবর্তীতে তরুণদের বইবিমুখ হওয়ার জন্য উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করে।\r\nতরুণদের বইয়ের প্রতি এই অনীহার প্রভাব যে কতটা ভয়াবহ তা আমরা আজকের তরুণ প্রজন্মের দিকে তাকালেই  উপলব্ধি করতে সক্ষম হচ্ছি। বই বিমুখতার কারণে তাদের জ্ঞানের জগত প্রসারিত হওয়ার পরিবর্তে হয়ে যাচ্ছে সংকীর্ণ।

কল্পনাশক্তির পাশাপাশি  সৃজনশীলতাও উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। যার  ফলে তারা  উদ্ভাবনী  কোনো কাজে মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে  না। বইবিমুখতার কারণে তাদের মধ্যে  ধৈর্য ও মনোযোগের অভাব পরিলক্ষিত হচ্ছে। সেইসঙ্গে তাদের লেখায় দেখা দিয়েছে ভাষা ও শব্দভাণ্ডারের দরিদ্রতা। তাছাড়া বইয়ের প্রতি অনীহা  থাকায় তরুণদের মধ্যে দেখা দিয়েছে সামাজিক মূল্যবোধের  অভাব। যার ফলে তারা বোধশক্তি হারিয়ে নানা ধরনের অন্যায় ও নীতিবহির্ভূত কাজে জড়িয়ে  পড়ছে। \r\nএমতাবস্থায় তরুণদের বইয়ের পানে ফিরিয়ে আনা আমাদের জন্য অত্যাবশ্যক বিষয় হয়ে দাঁড়িয়েছে।  তার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

প্রথমত, মোবাইল  ফোনে সময় ব্যয় কমিয়ে তরুণদের বই পড়ায় অনুপ্রাণিত  করতে হবে।  দ্বিতীয়ত, পরিবারে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা উচিত যাতে সেটা দেখে শিশুরাও  বই পড়ায় উদ্বুদ্ধ হয়। কেননা আজকের শিশু  আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বইপ্রেমী করে তোলার মাধ্যমে  যেন আমরা পুরো জাতিকে সৃজনশীল, মানবিক মূল্যবোধসম্পন্ন  এবং বুদ্ধিবৃত্তিক তরুণ প্রজন্ম উপহার দিতে পারি। তৃতীয়ত,  শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লাইব্রেরি সংখ্যা  বৃদ্ধি করা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠকসমাবেশ ও পাঠচক্রের আয়োজন করতে হবে। এর মধ্যে  দিয়ে বই পড়ার সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। পরীক্ষায় পাস অথবা ভালো ফলাফলের জন্য সিলেবাসের গন্ডির মধ্যে থেকে পড়াশোনা করার মানসিকতা বাদ দিয়ে বৃহৎ অর্থে কোনো একটি দেশ ও জাতি সম্পর্কে  সামগ্রিক জ্ঞান অর্জনের জন্য  বই পড়ার  অভ্যাস গড়ে তুলতে হবে। তাছাড়া  ই-বুক,  অডিও বুক এবং অনলাইন  প্লাটফর্মকে কাজে লাগিয়ে তরুণদের বইয়ের সঙ্গে যুক্ত করতে হবে। সর্বোপরি, তরুণদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার যে সম্ভাবনার বীজ লুকায়িত  আছে,  একমাত্র  তরুণদের বই পড়ার মাধ্যমে সেই সম্ভাবনার প্রকৃত পরিস্ফুটন সম্ভব। তাই বইয়ের প্রতি বিমুখতা দূর করে তরুণদের বইয়ের জগতে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।