রাজনীতিতে মতাদর্শের লড়াই রাজপথ ছাড়িয়ে অনেক আগেই অন্দরমহলে প্রবেশ করেছে। কিন্তু সেই লড়াই যখন দীর্ঘ কয়েক দশকের সাজানো সংসারকে মুহূর্তের মধ্যে তছনছ করে দেয়, তখন তা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়; বরং সামাজিক ও মানসিক অবক্ষয়ের এক ভয়াবহ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। এটি আমাদের গণতান্ত্রিক চেতনার দৈন্যকেই প্রকট করে তোলে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্যক্তিগত পছন্দ ও নাগরিক অধিকারের চেয়ে অন্ধ দলীয় আনুগত্য অনেক সময় বড় হয়ে ওঠে। নিজের পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় বাড়িতে পায়েস রান্না করে সন্তানদের খাওয়ানোর ‘অপরাধে’ স্ত্রী তারাফুল খাতুনকে তালাক দিয়েছেন তাঁর স্বামী সইবুর রহমান। রাজনীতির মাঠের হার-জিত যখন শোবার ঘরের সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন মানবিকতা ও সম্পর্কের পবিত্রতা হার মানে দলীয় গোঁড়ামির কাছে।

ভুক্তভোগী তারাফুল খাতুন শিবগঞ্জ উপজেলার পনের রশিয়া গ্রামের লোকমান আলীর মেয়ে। তিন দশক আগে সইবুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। সংসারে দুই বিবাহিত মেয়ে এবং ১৮ বছর বয়সী এক ছেলে রয়েছে। সইবুর রহমান ও তারাফুল খাতুন পরস্পর বিপরীত রাজনীতি করার কারণ সইবুর রাগ গিয়ে ঝাড়েন জীবনসঙ্গীর ওপর। নির্বাচনের পরের দিন আনন্দিত হয়ে তারাফুল বাড়িতে পায়েস রান্না করলে তা সইবুরের রাজনৈতিক পরাজয়ের ক্ষতকে আরও বাড়িয়ে দেয়। রাগের মাথায় তিনি স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেন। ১৬ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে সমকালের ৪ নম্বর পাতায় খবর প্রকাশিত হয়।

অথচ এই সংসারের পরতে পরতে মিশে আছে তারাফুলের হাড়ভাঙা খাটুনির গল্প। সইবুর রহমান দীর্ঘ সময় ধরে বেকার থাকলেও তারাফুল অন্যের বাড়িতে কাজ করে এবং সেলাই মেশিনে কাপড় বুনে অভাবের সংসার টেনে নিয়েছেন। বছরের পর বছর স্বামীর বেকারত্ব সহ্য করে তিল তিল করে সংসার গড়েছেন। কেবল ভোট দেওয়া এবং মিষ্টিমুখ করার অপরাধে তাঁকে বিসর্জন দেওয়াটা এলাকাবাসীকেও স্তম্ভিত করেছে। তারাফুলের স্পষ্ট কথা, ভোট নাগরিক অধিকার, এতে হস্তক্ষেপ করে সইবুর যে আচরণ করেছেন তার সুষ্ঠু বিচার যেন হয়।

অনুরূপ এক বিয়োগান্তক চিত্র দেখা গেছে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায়, যা ১৪ ফেব্রুয়ারি সমকাল অনলাইনে প্রকাশিত হয়। সেখানে স্বামীর নিষেধ অমান্য করে জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়ায় বিবি জহুরাকেও মৌখিকভাবে তালাক দিয়েছেন স্বামী ইসমাইল হোসেন কাওসার। ফেনীর এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা জহুরার পাশে দাঁড়িয়েছেন এবং তাঁকে আইনি ও সামাজিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে এখানেও ফুটে উঠেছে নারীর দীর্ঘ লড়াইয়ের এক করুণ আখ্যান।

জহুরাও অন্যের বাড়িতে কাজ করে অভাবের সংসারে ভূমিকা রেখেছেন। এরপরও কাওসার প্রায়ই তাঁকে মারধর করতেন। তবে কাওসারের মা শরীফা খাতুন ছেলের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পুত্রবধূর পক্ষ নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, স্ত্রী-সন্তানের মর্যাদা না দিলে ছেলেকে ঘরে জায়গা দেওয়া হবে না। শিবগঞ্জ ও ফেনীর এ দুটি ঘটনা আমাদের সমাজকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে–গণতন্ত্রের অর্থ কি কেবল ব্যালটে সিল মারা, নাকি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা? একজন নারী, যিনি নিজের শ্রমে সংসার চালান, তাঁর ব্যক্তিগত পছন্দ ও মতপ্রকাশের স্বাধীনতা যখন পরিবারের প্রধানের দ্বারা লাঞ্ছিত হয়, তখন সেই সমাজ কতটা সভ্য–তা নিয়ে বিতর্কের অবকাশ থেকেই যায়। রাজনৈতিক মতাদর্শ যখন পরিবারের বাঁধন আলগা করে দেয়, তখন বুঝতে হবে আমাদের সামাজিক সহনশীলতা এখন খাদের কিনারায়।

রীমা ইসলাম: সাংবাদিক